Showing posts with label কারিগর. Show all posts
Showing posts with label কারিগর. Show all posts

Friday, April 10, 2020

শাহজাহানের দরবারে বিশ্ব কারিগর

আমরা যারা কারিগর ব্যবস্থা নিয়ে আলোচনা করি, তারা জানি মুঘলেরা কারিগরদের সমর্থন করতেন এবং কারখানাও চালাতেন। কিন্তু মুঘল দরবারে বিশ্বেজোড়া কারিগরেরা উপস্থিত থাকতেন, এমন একটা তথ্য দিচ্ছেন কিন্তু চন্দর ভান।
তিনি চাহার চমন বইতে লিখছেন, ‘[শাহজাহানের ] দরবারে উপস্থিত থাকতেন শ্রেষ্ঠত্ব এবং নিখুঁততার প্রতীক, জ্ঞান বুদ্ধি দক্ষতার শ্রেষ্ঠ প্রতিনিধিরা, কমনীয় এবং বাগ্মিতাসম্পন্ন লেখক, অন্যান্য ধরণের শিল্পী এবং কারিগর এবং সভ্য বিশ্বের(অজ মামুরা-ইয়ি আলম) দক্ষ কারিগররেরা - ছিলেন ইস্তাম্বুল, আলেপ্পো[হালাব], মিশর, বসরা, বাগদাদ, হামাদান, শিরওয়ান, শামাখি, গিলান, মাজান্দারান, তেহরান, ইয়াজদ, ইস্ফাহান, সিমনন, দামঘান, বস্তাম, শবজওর, নিশপুর, মেরভ, মশদ, তুস, তাবাস, কাইন, তুন, ইসফ্রাইন, জাম, হেরাট, খফ, বখতাবর, সিস্তান, ফারওয়ান, কান্দাহার, বলখ, বুখারা, সমরখন্দ, আন্দিজান, তিব্বত, কাশগর, তুর্কিস্তানের নানান অঞ্চলের এবং অন্যান্য প্রান্তিক এলাকার প্রতিনিধিরা'।

ইতিহাসকে নতুনভাবে দেখার কাজ শুরু করতে হবে

প্রকাশিতব্য শাহজাহানের ব্রাহ্মণ সচিব চন্দর ভান - জীবন ও সময় বই থেকে

Sunday, March 29, 2020

সারনামেইহুমায়ুন থেকে অটোমান পারস্যে উৎসবে বিভিন্ন কারিগর সংঘের মিছিলে অংশ গ্রহনের ছবি

 কফি হাউসের কারিগরেরা মিছিলে অংশ নিত। তারা তাদের দোকানের মডেল নিয়ে হাঁটত। তামা কারিগর, স্বর্ণকার, দর্জিরা থাকত। কারিগর প্রধানেরা সামনে থাকতেন। বিভিন্ন মডেল নিয়ে হাঁটত কারিগরেরা। কারিগরদের সঙ্গে হাঁটত সোনা রূপা ইত্যাদি পরিধান করে শয়ে শয়ে শিক্ষানিবিশীরা।

Saturday, November 30, 2019

কারিগরদের থাকবন্দী


কারিগরদের থাকবন্দী, ব্রিটিশ মিথ উভয়েই সত্য। দিনাজপুরের কুমোরদের গোটা গ্রাম রাজবংশী সমাজের, পালেরা প্রায় ব্রাত্য। আরও উদাহরণ চাই?

Tuesday, October 15, 2019

কারিগর সমাজ বিবাহ এবং জ্ঞান-দক্ষতার প্রবাহ

সোমনাথ আপনি অবশ্যই বুঝবেন যন্ত্রের যুগ যেহেতু কারিগরদের সমাজ/গোষ্ঠী/গুরু/পরিবার বা স্বঅর্জিত ব্যক্তি/সমাজ/গোষ্ঠী/পারিবারিক জ্ঞান দক্ষতা ধ্বংস করে বিকাশ হয়েছে, তাই তাদের কাছে কারিগরদের বিদ্যুতবিহীন পরিবেশে বিশ্বের যে কোনও যায়গায় উতপাদন করার অনায়াসলব্ধ দক্ষতা আর জ্ঞান খুবই ঈর্ষার বস্তু। কোনও বাস্তবিক সমস্যা কারিগরেরা যে সরল সাধারণ উপায়ে সমাধান করে - এবং তার ফলে উদ্ভূত জ্ঞান আর প্রযুক্তি বাধাহীন থাকে জন ব্যবহারের জন্যে, সেই সমাধানটাই বিদ্যুৎনির্ভর প্রযুক্তিবিদেরা সমাধান করলে তা অবশ্যই জটিল হবে এবং এই কাজে ব্যবহৃত শক্তি কেন্দ্র-নিয়ন্ত্রিত বলে সেটা গণব্যবহার যোগ্য হওয়া সমস্যার। মাছের পিন সহ ম্যাটাডোর বাহিত হয়ে কলকাতায় নদিয়া থেকে আসছিলাম। তাঁরা পা দিয়ে জল ঝাঁকাচ্ছিলেন, এবং যে পিনগুলি মরে ভেসে উঠছিল সেগুলি সংগ্রহ করছিলেন গামছা পাকিয়ে জলে ঘুর্ণি তৈরি করে। কোনও বিদ্যুতনির্ভর প্রযুক্তিবিদদের যদি এই মরা মাছ সংগ্রহ করার যন্ত্র বিকাশের কাজ দেওয়া হত, সেটা কী ধরণের যন্ত্র হত জানি না।
কারিগরদের এক সমাজে ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকায় ভিন্ন ভিন্ন ধরণের উতপাদন হত এবং তাদের ব্যবহৃত যন্ত্রেরও কিছুটা সূক্ষ্ম পার্থক্য থাকত। ফলে যে সমাজে সমাজ/গোষ্ঠী/গুরু/পরিবার ইত্যাদি পরম্পরা বাহিত জ্ঞান, দক্ষতা, বাজারের গুরুত্ব থাকত, তারা ভিন্ন ভিন্ন এলাকার একই গোষ্ঠীর মধ্যে বিবাহ হত জ্ঞান দক্ষতা এবং প্রযুক্তির পার্থক্য ইত্যাদি আদান-প্রদানের জন্যে - এমন কি এটা হত একই ভৌগোলিক সমাজের নানান পরিবারের মধ্যেও - তাতে আদানপ্রদান চলত মহিলাদের হাত ধরেই। এবং মহিলারা যেহেতু এই প্রযুক্তির দখলদার ছিলেন, তাই মহিলাদের হাত ধরেই এই প্রযুক্তির বিস্তার বিকাশ আর উদ্বর্তন ঘটত।
বড় পুঁজি আর বড় সামরিক পুঁজি আর জ্ঞানজাত পশ্চিম আর তার ঔপনিবেশিক অনুগামীদের কাছে পুঁজির তৈরি সামাজিক সত্য যতটা কদরের, ততটাই পরম্পরার বর্জনীয়। সেই জন্যে অপরম্পরার মানুষদের আধুনিকতা নামক একটা হাতিয়ার ধরিয়ে দিয়েছেন পুঁজির তাত্ত্বিকেরা, যা দিয়ে পরম্পরার দক্ষতাকে নানানভাবে দুচ্ছাই করার সুযোগ মিলে যায়। অথচ পামেলা স্মিথের বডি অব দ্য আর্টিজান পুঁজি নির্ভর সামরিক প্রযুক্তিকে কারিগরেরা কীভাবে প্রভাবিত করেছিল তার বিশদ বর্ণনা আছে।

Thursday, July 11, 2019

বিদ্যালয় ছুট বনাম মেধাবী - কারিগরদের ভাবনা

বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রিভূত কাঠামোয় চলে সেখানে শহুরে আনন্দবাজারী ইংরেজি শিক্ষিত ঔপনিবেশিক ইওরোপমন্য উচ্চবর্নিক ভদ্রছানার বাইরে গ্রামীনদের প্রবেশ দুস্কর, যে জন্যে ২৫ লক্ষ প্রাথমিকে ভর্তি হলেও মাত্র ৮০ হাজার স্নাতক পরীক্ষায় বসে, স্নাতকোত্তরে কত কৃতকার্য হয় সে হিসেব কষা হয় নি। বাকি সব স্তরে স্তরে বিপুলাকারে খসে যায়। কেন? নিজেকে প্রশ্ন করুন যারা পেরেছেন আর যারা পারেন নি তারাও - আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করি আর শিখি হকার আর কারিগরদের জ্ঞান, জীবন আর কর্ম দক্ষতা থেকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা ব্যবস্থায় ছাত্রদের ঔপনিবেশিক পাঠের ছাঁকনিতে ছেঁটে ফেলে যে আনন্দবাজারী ইংরেজি শিক্ষিত ঔপনিবেশিক ইওরোপমন্য উচ্চবর্নিক মাঠাদের পাওয়া যাচ্ছে তারাই কি মেধাবী?
উদ্দীপন নাথ চাইছেন/ভাবছেন এই ছেঁটে যাওয়া গাঁইয়াদের একাংশ কারিগরদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে।এটা করতে গেলে শুধু ঔপনিবেশিক পড়াশোনার কাঠামোর তাত্ত্বিক অবস্থান বিরোধিতা করলে হবে না অথবা পাঠ্যক্রমও বদল করলে হবে না, গোটা পাঠ ব্যবস্থাপনায় কেন্দ্রবিরোধিতা জরুরি। বিদ্যালয়কে মানসিকভাবে সমস্ত গুমোর ছেঁটে ফেলে যেতে হবে পড়ুয়ার কাছে তবেই সে পড়তে পারবে - ছাত্রদের চারদিকের চারটে দেওয়াল সরিয়ে দিতে দিতে হবে। গ্রামীন কারিগর পরীক্ষা দেয় রোজ, তার ক্রেতার কাছে, সমাজের কাছে। সে পাঠ নেয় সমাজ, পরিবার, গুরুর কাছে, তার মত করে। তাকে সিলেবাস গিলিয়ে দেওয়া হয় না। এই যে ঔপনিবেশিক কেন্দ্রিভূত পাঠ ব্যবস্থা তার জীবনের সঙ্গে কোন সম্পর্ক রাখে না, এটা বোঝা করুরি। পাঠ্যক্রমটা তৈরি হয়েছে কর্পোরেট বা রাষ্ট্রের কেন্দ্রবদ্ধতা মেনে নিয়ে চাকরি দালালি করার জন্যে, সামাজিকভাবে উদ্যমী হতে তাকে বিধিবদ্ধ পড়াশোনায় উতসাহ দেয় না।
এগুলি না হলে কোন গ্রামীন পড়ুয়ার প্রাতিষ্ঠনিক পড়াশোনা ব্যবস্থা ব্যর্থ হবে।
সে তার মত করে টিকে থাকবে অপ্রাতিষ্ঠানিক জ্ঞান দক্ষতা চর্চা নিয়ে। আর শহুরেরদের জন্যে থাকবে বর্তমান ইওরোপিয় ব্যবস্থা।

Monday, July 23, 2018

বড়পুঁজির উৎপাদন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ালেই - মৌলবাদী, প্রিমিটিভ, অনাধুনিক ছাপ পড়বে

আমরা বড়পুঁজির লুঠেরা, খুনি, অত্যাচারী, কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থার, দখলদারি জ্ঞানচর্চার অপচয়ী জীবনযাত্রার যতটা পারা যায় অংশ হতে চাই না।
কোন দর্শনের মূলানুগ থাকা যে খারাপ কাজ, কে দাগিয়ে দিল? মনে আছে স্যাটানিক ভার্সেসের বিতর্কের সময় মরহুম মুস্তাফা সিরাজ মশাই এই কথাটি দ্বর্থহীনভাবে জানিয়েছিলেন।আমার সমাজের জীবনধারণের উৎপাদন ব্যবস্থার মৌল দর্শনে যদি আমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, বড়পুঁজির লুঠেরা প্রযুক্তির উৎপাদন ব্যবস্থার সঙ্গী না হই, তাকে মৌলবাদ, অনাধুনিক বলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং হচ্ছে ভবিষ্যতে আরও হবে।
গত ২৫০ বছর ধরে যেভাবে আমাদের আন্তর্জাতিক বাজার থেকে উপড়ে ফেলে, টেনে হিঁচড়ে, ভদ্রবিত্তের মত বড় পুঁজির দাস করার করার চেষ্টা হয়েছে, সেটাকে আমরা যতটা পারাযায় আটকানোর চেষ্টা করছি। আমাদের কয়েক হাজার বছরের অকেন্দ্রিভূর প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা, কৃষ্টি, দর্শনের অর্জনকে আধুনিকতা নানানভাবে প্রাচীনত্ব ইত্যাদি লব্জে দাগিয়ে দিয়ে লুঠেরা অত্যাচারী খুনি বৈচিত্র্যহত্যাকারী কেন্দ্রিভবনপুজ্য বড় পুঁজির অনুগামী করার চেষ্টা করে চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকাকে কেউ যদি 'আবদ্ধ' 'মৌলবাদ' 'পিছোনো' দাগিয়ে দেন, আমরা নাচার।
মুসলমান সমাজ সচেতনভাবে এই প্রচেষ্টাটা করছেন সেই ক্রুসেডের পর থেকে, এবং সেই লড়াই দিনের পর দিন আরও ঘনবদ্ধ হচ্ছে - ফলে তাদের শেকড়ে থাকার লড়াই অনেক বেশি পশ্চিমের রাজ অর্জন করেছে - তাই পশ্চিম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। তাঁদের প্রণাম। আমরা বাংলার শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের কারিগর, চাষী, হকার আমাদের মত করে কর্পোরেট বিরোধী লড়াই দিচ্ছি।
ভদ্রবিত্তরা যে ধরণের জ্ঞান আর দক্ষতা চর্চায় আছেন গত ২৫০ বছর ধরে, সেটা মূলতঃ বড় পুঁজি প্রযোজিত, তাতেও কিছু মানুষ, সংগঠন তাদের মত করে ব্যতিক্রমীভাবে চেষ্টা করতেন বিকেন্দ্রিভূতভাবে কাজ করতে - আজ সেই জ্ঞানচর্চাকে সরাসরি গিলে খেয়েছে বড়পুঁজির বিনিয়োগ, ব্যতিক্রম আজ উপে গ্যাছে যাদের প্রধান উদ্দেশ্য শ্রম/মনুষ্য স্থাপনকারী যন্ত্র বানানো তাদের দাপটে। এই গোটা দাসত্ব প্রক্রিয়ার বাহন হল খুনি অত্যাচারী, লুঠেরা প্রযুক্তি আর লোভের কৃষ্টি বাহিত আধুনিকতা।
এই ব্যবস্থা আম-গ্রামীনদের জন্যে ছিল না, আজও নয়, ভবিষ্যতেও থাকবে না। একে ভদ্রবিত্ত প্রাচীনত্ব, মৌলবাদ দাগিয়ে দিলেও মেনে নেব। এডিবির ৪৫০তার প্রকল্পের মধ্যে ৪২০টার কাছাকাছি প্রকল্প হয় বন্ধ না হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
কিন্তু বড় পুঁজি, তার দাসত্ব প্রকল্প আমার পরিচয় কেড়ে নেবার সব রকমের প্রচেষ্টার বিরুদ্ধে ফকির-সন্ন্যাসীরা যে লড়াই শুরু করেছিলেন, আজ ভারতের নানান অঞ্চলে যে লড়াই চলছে সেটা চলবে। তাকে প্রগতিবিরোধী বলে আটকানো যাবে না।

Saturday, July 14, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা, ব্রাহ্মণ্যবাদ ও ভদ্রবিত্ত - কারিগরদের চোখে ভদ্রবিত্তের কর্পোরেটিকরণ

আমরা কারিগরেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে ভদ্রবিত্ত ৪০০ বছর আগে সে সময়ের আরেক ভদ্রবিত্ত চৈতন্যের ডাকে ক্ষমতা বিসর্জন দিয়ে রাস্তায় মিছিল করেছিল, বাংলার ভাব সমাজে আলোড়ন এনেছিল, সেই সমাজ গত আড়াইশ বছর হেঁটমুণ্ডঊর্ধ্বপদ হয়ে ভদ্রবিত্তিয় ঔপনিবেশিক দাস সমাজে রূপান্তরিত হয়ে বর্তমান উত্তরপ্রজন্মকে বাধ্য করছে লুঠেরা ধ্বংস হতে বসা সাম্রাজ্যবাদী উপনিবেশের পদপ্রান্তে নমিত হতে।
জ্ঞানের সাথে ক্ষমতার যোগাযোগ প্রাচীন হলেও বাংলায় অন্তত ব্রিটিশ পূর্ব সময়ে ব্রাহ্মণ্যবাদ কর্পোরেট স্বার্থ ক্ষমতাকে পেড়ে ফেলতে পারে নি, যার জন্যে রাজা/পাদশা/নবাবেরা কারিগরদের চাষীদের যথাযোগ্য পৃষ্ঠপোষণা করতেন। তারা দাদন ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু কর্পোরেটেরা তাদের ওপর অত্যাচার করতে পারত না। সে স্বাধীনতা তার ছিল পলাশীর আগে। এ ধরণের হাজারো উদাহরণ দিতে পারি। সেই সংখ্যাগরিষ্ঠ জ্ঞানচর্চা ক্ষমতার কাছাকাছি না থেকেও সমাজ অর্থনীতিকে প্রভাবিত করতে পারত।
সেই প্রভাব দূর করতেই জোনস, কোলব্রুকদের আবির্ভাব এবং জোনসের হাত ধরেই ব্রাহ্মণদের ক্ষমতারোহন। কোম্পানির কর্পোরেটবাদ মেকলেবাদ মাথা নামিয়ে মান্যতা দেন ঔপনিবেশিক বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এবং অন্যান্য মহারথী। ব্রিটিশ লুঠের কাব্যকার রমেশ দত্ত শেষ জীবন কাটান কিন্তু সভ্য লন্ডনেই - শ্রমকে অবাঞ্ছিত হিসেবে ঘোষনা করা, লুঠেরা কর্পোরেটিয় কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিকে মাথা নামিয়ে আত্মীকরণ করাই ভদ্রবিত্ততার ভিত্তি।
যতদিন যাচ্ছে কর্পোরেট জ্ঞানচর্চা জাঁকিয়ে বসছে একটু একটু করেই। বিশ্ববিদ্যালয়গুলো আজ কর্পোরেট জ্ঞানচর্চার লীলাক্ষেত্র। অধিকাংশ স্নাতক চাকরিযোগ্য নয় এই ধুয়ো তুলে তারা পাঠ্যসূচীতে নাক গলাচ্ছে এবং পাঠ্যসূচীর যতটুকু সামাজিক রেণূ ছিল তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে।
এই পড়াশোনার জন্যে যোগ্য ভদ্রবিত্তরা। তাদের ছানাপোনারাও যোগ্য হয়ে ওঠার প্রাণপন চেষ্টা করছেন।
ফলে কি পড়াচ্ছি গুরুত্বপূর্ণ। যে পাঠ্যসূচী আজ পড়ানো হয় তার ভিত্তি মেকলে ট্রেভলিয়ন, এডমন্ড বার্কবাদ। সেটা মূলত ৬% ভদ্রবিত্ত নির্ভর। এটা আদতে হাতে কলমে কাজ না করা তাত্ত্বিকভাবে কাজ করা ভদ্রলোকিয় অকারিগরিয় পাঠ্যক্রমের ভিত্তি। এ বাংলায় তাদের যে সংখ্যা, সেটা বিশাল। ক্ষমতা ধরে রাখার জন্যে তার বাইরে এই পাঠ্যসূচীর যাওয়ার ইচ্ছেও নেই, দরকারই নেই।
মোদি থেকে মমতার মধ্যে থাকা কোটি কোটি পদাধিকারী যদি বিকেন্দ্রিকরণের ভাবনা ভাবেন তাহলে গোটা ঔপনিবেশিক ব্যবস্থাটাই ভেঙ্গে পড়বে। কর্পোরেট উপনিবেশটা দাঁড়িয়ে আছে কেন্দ্রিভবনের তত্ত্বের ওপর - তার মধ্যের এদিক ওদিক একটু ছাড় দেওয়া দেয়ি। সেই বাস্তবতা নিয়েই ব্যক্তিগত উদ্যোগে শ্বাসরোধকর উপনিবেশবাদের মধ্যে দাঁড়িয়ে যতটা জানালা খোলা যায়।

তার বাইরে আছেন বিপুল পরম্পরার কারিগর, যারা আদতে মূলতই উপনিবেশের বাইরে দাঁড়িয়ে আজও। কর্পোরেটের পায়ে আত্মদান আজকের ঔপনিবেশিক ইংরেজিশিক্ষিত, বুজের মধ্যে একটুকরো ইওরোপ আমেরিকা পুষে রাখা ভদ্রবিত্ত বাঙ্গালির একমাত্র উচ্চাশা।
এটাই ঐতিহাসিক বাস্তবতা।

Friday, July 13, 2018

প্রাতিষ্ঠানিক ঔপনিবেশিক জ্ঞানচর্চার বাইরের গুরুরা - হকার, কারিগর, কলিম খান - ছকে বাঁধা উপনিবেশের শেকড় উপড়োবার হাতিয়ার

গুরুপ্রতীম কলিম খানএর স্মরণ সভায় উদ্যোক্তারা আমায়(আদতে কারিগরদের) বলতে ডেকেছিলেন, তার জন্যে Narayan Chandra Das, Samik Saha Debasish Das এবং আরও অনেকেকে প্রতি কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে দুর্গাপুর থেকে এসেছিলেন Subhrajyoti Basu, খড়গপুর থেকে Somnath Roy Subhas Das Dhritiman Bhattacharjee এবং আরও অনেকে। দুএকজন আলাপও করলেন। সমস্যা হল আমি নতুন চেনা মানুষদের নাম মনে রাখতে পারি না। তাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একসঙ্গে বসব। আদান-প্রদান জরুরিতম কাজ।
---
আমরা কলিম খানকে দেখছি উপনিবেশ বিরোধী জ্ঞানচর্চার ক্ষেত্র থেকে। গোটা শিক্ষা জগত ছেয়ে আছে উপনিবেশিক জ্ঞানর্চায়। যারা প্রাতিষ্ঠানিকভাবে উত্তরউপনিবশিক জ্ঞানচর্চা আলোচনা করেন, তারাও এক পক্ষে মোটামুটি ঔপনিবেশিক পশ্চিমের কথাই বলেন, তাদের লেখায় পশ্চিমের পথেই মুক্তির তত্ত্ব উঠে আসে, উপনিবেশের ধারণা থেকে মুক্তির পথ নয়। পশ্চিমের উতপাদন ব্যবস্থা, লুঠেরা বড় পুঁজির বিনিয়োগ, তার কেন্দ্রিভূত জ্ঞানচর্চা, উপনিবেশ সম্পর্কে প্রাচ্যবাদীদের তত্ত্ব আর অপচয়ী জীবনযত্রাকে মান্যতা দিয়ে উপনিবেশ বিরোধী আন্দোলন লড়া যায় না, দেশের মানুষ আর তার দর্শনকেও বোঝা যায় না।
এখানেই কলিম খনের তত্ত্বের সঙ্গে আমাদের হকার কারিগরদের উতপদন কৃষ্টি আর দর্শনে মিল। তত্ত্ব এবং প্রয়োগে হাতে কলমে কাজ করে আমরা বুঝেছি আড়াইশ বছর ধরে আমাদের মনে যে ধারনাগুলোর চাষ হয়েচলেছে সেগুলো শেকড় গেড়ে বসেছে বংশ গুরু এবং রাষ্ট্র পরম্পরায়, সেই থানা গেড়ে বসে থাকা উপনিবেশের উতপাটন না হলে ওনার তত্ত্বে ঢোকা মুশকিল, আর উপনিবেশের নিগড় থেকে মুক্তি মুশকিল।
এই উপনিবেশিক তত্ত্ব আমাদের মনে প্রবেশ করিয়েছে কোম্পানির প্রথম দিককার ভারতে আসা প্রাচ্যবিদেরা। নম নম করে দেশিয় ভাষা এবং প্রায় সংস্কৃত না জানা, ভারতীয় সমাজ না জানা, বোঝা জোনস, কোলব্রুক, প্রিন্সেপ ভারতে এসে সংস্কৃত শিখেছেন কয়েক বছর মাত্র, তাদের লুঠের কাজ সম্পন্ন করেই( প্রাচ্য বিদদের সংস্কৃত জ্ঞান বিষয়ে আমাদের দলের সাথীর লেখাটা কৌলাল পত্রিকায় পড়তে পারেন koulal.com/2018/07/10/প্রশ্নঃ-ইংরেজ-আমলের-ইয়োর/)। যতটূকু হাতে বাড়তি সময় ছিল, সে সময়ে সংস্কৃত শিখে এবং সেই ভাষা জ্ঞান নিয়ে তারা নানান প্রাচীন বই অনুবাদ এবং সেই সঙ্গে আমাদের কৃষ্টিকে বিশ্লেষণ করেছেন। তাঁদের সেই বিশ্লেষণ অবলম্বন করে আজও প্রাচীন ভারত বিশ্লেষণের জ্ঞানচর্চা চলছে।
এই তত্ত্ব উপড়িয়ে ফেলার কাজে কলিমখানের তত্ত্ব আমাদের নির্ভরযোগ্য হাতিয়ার হতে পারে। কিছু কিছু বিষয়ে মতভেদ আছে। থাকুক। সেটা স্বাস্থ্যকর। তবে মতভেদ এমন নয় যে আমরা কিছুটাও একসঙ্গে হাঁটতে পারব না। একসঙ্গে হাঁটতে আমাদের হবেই।
বাংলার কারিগর হকার সংগঠন মনে করে ধরমপাল, চন্দ্র কান্ত রাজু, ক্লদ আলভারেজ, আশিস নন্দী, অনুপম মিশ্র, জয়া মিত্রদের সঙ্গেই উপনিবেশিক জ্ঞানচর্চা থেকে মুক্তির পথের অন্যতম দিশারী কলিম খান।
জয় বাংলা!

Sunday, July 8, 2018

মধ্যবিত্ত, কারিগর ও গাঁইয়া জীবনযাত্রা

শাহানদাদা নিচের নারানগঞ্জের অভিজ্ঞতার লেখাটা লিখেছেন।তাঁর লেখা পড়ার আগে আমাদের মন্তব্যটা পড়ে নিতে পারেন...
শহুরে চাকরি চাওয়া ভদ্রবিত্ত ছানাপোনাদের জগতের বাইরের জগত, কারিগরদের জগত।
মধ্যবিত্তের স্বপ্ন বড় পুঁজির মালিকদের তুল্য সম্পদশালী হওয়া। তার জন্য তাকে যা বলা হবে, সে করতে ইচ্ছুক।
চাষী, কারিগরের লক্ষ্য স্বাচ্ছন্দ আর সঙ্গে এক মাত্রা সুখ আর স্বস্তি। তাই দৈনিক ৫০০ টাকা রোজগার হলে সে বাড়িতে প্রাণভরে ঘুমায় - ওভারটাইম করে না - পরিবার সমাজকে সময় দ্যায়।
খাটনি তার নিজের, জীবনটাও নিজের - সে এই তত্ত্বটা হাড়ে হাড়ে জানে।তাইসে সম্ভাব্যভাবে ভুতের খাটনি খেটে, তার খাটনির রোজগার ভদ্রবিত্ত আর পুঁজিকে বেগার চুরি করতে দেয় না, নিজে আর পরিবারকে খাওয়ায়। আর আরাম করে।
জয় জীবন!
জয় চাষী কারিগর!
---
শাহানদাদার লেখা---
নারায়নগঞ্জের উকিল পাড়া এবং দেওভোগ এলাকায় দুইটা ছোট ছোট হোসিয়ারি কারখানায় গিয়েছিলাম ।
একটা কারখানায় মালিক সহ ৮ জন মিলে বাচ্চাদের জামা কাপড় বানায় । অন্যটায় দুইভাই ( হুজুর ) আর কর্মচারী মিলে ১০ জন - এরা শুধু মেয়েদের প্যান্টি বানায় ।
অভিযোগ একটাই , লেবার নাই ।
- আইচ্ছা বাই, কন ত দ্যাশে কি উন্নতি হইছে নাকি খারাপ হইছে ?
- উন্নতি তো হয়েছেই , না হলে দেশ চলছে কিভাবে ?
- তাইলে টিভির মদ্দে দিন রাইত হেরা কিল্লিগা কইতাছে উন্নতি হয় নাই ? এই যে দ্যাখেন, আমার এইহানে কাজ করে এক পুলা , ৩ ঘণ্টায় লেবেল লাগাইছে ১২ ডজন । কইলাম, এইভাবে কাম করলে কি কোম্পানি চলব ? ভাত জুটব ?
ব্যস ! পুলায় গেছে গা । ফুন ধরে না । কাম করব না ।
রিকশা ওয়ালা আগে হারাদিন রিকশা চালাইত । ওখন, আধাবেলা চালাইয়া ৫০০ টেকা নিয়া বাড়িত গিয়া ঘুমায় ।
একটা লেবার পাওন যায় না । তারপরো হালার ঘরের হালারা জমি বেইচ্চা, সুদে টেকা নিয়া বিদেশ যায়। হেইখানে গিয়া রাস্তা সাফ করে , বেতন ৭০০০ টেকা। হালারা কি মানুষ না গরু ?
গ্রামের কৃষক , ছোট ব্যবসায়ি আর পরিবহন খাতের সেবাদানকারি বিভিন্ন প্রতিষ্ঠান জানে দেশের কর্ম সংস্থান এর আসল ছবিটা কি রকম ।
দেশে ৫ কোটি বেকার । কিন্তু এই বেকারদের অনেকেই স্বেচ্ছায় বেকার - হয়ত ৩ বা ৪ কোটি বেকার চাইলেই নিজেদের ভাগ্য বদলাতে পারে ।
গ্রামে গঞ্জে ঘুরে, প্রান্তিক মানুষের সাথে মিশে এইটুকু বুঝেছি যে এইদেশের রাজনীতিবিদ, গবেষক , সাংবাদিক এবং বিশেষ করে টকমারানির দল দেশের বাস্তবতার বিন্দুমাত্র জানে না ।
ফলাফল , এরা যতই চেল্লাক , পাত্তা দেই না। মিথ্যুক গাঁজাখুরি গপ্পোওয়ালা একেকটা ।
সমস্যা হল সরকার এখনো বিদেশে লোক পাঠানোকে একটা কৃতিত্ব মনে করছে । আর বিরোধীরা বেকারদের ক্ষেপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে ।

Thursday, June 7, 2018

এই মানচিত্রটা কি উপমহাদেশের বিশিল্পায়নের আগের নয়া পরের

না, বেইলি কিছু স্পষ্ট করে বলেন নি।
কারিগরদের পক্ষে কয়েকটা কথা বলা দরকার, সাম্রাজ্য আর ভদ্রলোকের জোট কারিগরদের বিদেশের বাজার ধ্বংস করে দিয়েছিল এটা স্পষ্ট। কিন্তু কারিগরেরা মুলত কর্পোরেটদের মত বিদেশের বাজারের জন্যে পণ্য বানাতেন না,আজও বানান না।
মসলিনের মত কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে, অধিকাংশ নিজের বাজারের জন্যে উতপাদন ক'রে, বাকি সময়টা বাইরের বাজারের জন্যে উতপাদন করতেন। ফলে বিদেশের বাজার কেটে দিলেও, মসলিন, টিকা দেওয়া, ফুটি তুলো চাষ ইত্যাদি কিছু জ্ঞান দক্ষতা ধ্বংস করে দিলেও সামগ্রিকভাবে কারিগরদের স্থানীয় বাজার থেকে উচ্ছেদ করতে পারে নি - তার জন্যে প্রয়োজন ছিল বিপুল প্রচেষ্টা যেটা তারা করতে পারে নি - যেটা ইওরোপিয়রা নবজাগরণের আগের কয়েকশ বছর ধরে করে পাগানদের জ্ঞানচর্চা আর উতপাদন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কারিগরেরা যে অতিরিক্ত সময় খাটতেন সেটা উদ্বৃত্ত হয়ে গিয়েছে।
কারিগরেরা আজও তার নিজের বাজারে অপ্রতিদ্বন্দ্বী। আজও শান্তিপুরে তাঁত বোনা হয়, ছত্তিসগড়ে জং ছাড়া লোহা হয়, কুমোরেরা তৈজস বানান, ছুতোরেরা কাঠের কাজ করেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে সাম্রাজ্য বিশিল্পায়ন পুরপুরি করতে পারে নি। অবশ্যই যে মাত্রায় ছিল যে মাত্রায় শিল্প নেই - প্রচুর কারিগর উচ্ছেদ হয়ে খাটতে এদিক ওদিক ছিটকে গ্যাছেন, চাষে এসেছেন। কিন্তু আজও স্থানীয়দের চাহিদা মেটান কারিগরেরা।

Tuesday, June 5, 2018

সাদারাই তো দুই সমাজেরই ভদ্রদের বাপ মা - সামন্ততন্ত্র চাষী আর কারিগর-বন্ধু ছিল

ভদ্রবিত্তরা ব্রিটিশদের আগে খুব বেশি বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন না। নবাবেরা কথায় কথায় ভদ্রলোকেদের, সম্পদওয়ালাদের বৈকুণ্ঠ দেখাতেন। রাষ্ট্র কর্পোরেট অনুগামী ছিল না। রাজ দরবারে হিসেব করে কথা বলতে হত - কোন চাষা বা কারিগর যদি আমলা বা জমিদারদের বিরুদ্ধে দরবারে অভিযোগ করে তাহলে তাঁর বৈকুণ্ঠ দেখা নিশ্চিত ছিল। কোন দুঘটনা ঘটলে তাকাভি নামক বিনা সুদে ধার দেওয়া হত রাষ্ট্রের পক্ষে এবং তাঁর পরিমান সামগ্রিকভাবে বিপুল ছিল। আদতে সামন্ততন্ত্র চাষী আর কারিগর-বন্ধু ছিল। পুঁজি আর কর্পোরেটদের রমরমা বাড়াতে তাদেরকে খলনায়ক করে দেখাতে হয়েছে।
তারা অনেকেই ক্ষমতার কাছাকাছি ছিলেন ঠিকই কিন্তু শশাঙ্ক থেকে নবাব সিরাজ পর্যন্ত খুব বেশি ক্ষমতাকে প্রভাবিত করতে পারেন নি। ভারত জোড়া কারিগরেরা সাদা বণিকদের চোখে চোখ রেখে অগ্রিম ফিরিয়ে দিলেও তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় নি। ইওরোপে কারিগরেরা সওদাগর আর রাষ্ট্রের দাস ছিল। তাদের যে কোন সময়ে উচ্ছেদ করে দেওয়া যেত। বাংলা তথা ভারতে কারিগর আর চাষী স্বরাট ছিল। তাদের গায়ে হাত দেওয়া বাতুলতা ছিল। হাত কেটে নেওয়া হত।
পলাশীর পরে সব হেঁটমুণ্ডঊর্ধপদ হয়ে গেল। ছোটলোক চাষী কারিদরদের মাথায় পা রেখে সাম্রাজ্য আর ভদ্রলোকেরা তাদের বৈকুণ্ঠের প্রতিশোধ নিল। আজও সেই প্রতিশোধের পালা শেষ হয় নি।
সাম্রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলা হল উচ্চবর্ণকে।

Friday, March 16, 2018

জাগতিক সম্পত্তি নয় - জ্ঞান, দক্ষতা আর কুশলতাই - সম্পদ স্বচ্ছল পরম্পরার গ্রাম বাংলার অবলম্বন

শূদ্র-্মুসলমান-অন্যান্য কারিগরের ভিত্তি পরিবারের সম্পত্তি নয়, তার কারিগরি সমাজ, তার দক্ষতা, তার গ্রাম সমাজের স্বাধীনতা, তার গ্রাম সমাজের দেওয়া সামাজিক নিরাপত্তা, তার নিজস্ব কাঁচামাল এবং বাজার - যে সমাজকে ঔপনবেশিক বাবু সমাজ ব্রিটিশদের লব্জ ধার করে দলিত, প্রান্তিক, নিপীড়িত বলছে - এবং প্রাণপনে চেষ্টা করেছে কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে নিজের মত বড় পুঁজির দাসানুদাস তৈরি করা যায় - যাতে তার দালালি, চাকরি আর নেতৃত্ব বজায় থাকে। কারিগরের জ্ঞান, কারিগরের প্রযুক্তি, কারিগরের দক্ষতা, কারিগরের কুশলতা, কারিগরের বাজারকে সে স্বীকারই করে নি - তাতে কারিগরদের বয়েই গেছে। 
এই ব্যতিক্রমী কারিগরি উৎপাদন ব্যবস্থা জ্ঞান, দক্ষতা আর কুশলতা ভিত্তিক - শ্রম ভিত্তিক নয়। তাই বড় পুঁজির চক্ষুশূল - বাবুদের চক্ষুশূল বলে ভদ্রবিত্তেরও অপছন্দ। 
---
কুলে গোত্রে বিয়ে হওয়াকে ভদ্রজন বড় পুঁজির স্বার্থ অনুসারে রিগ্রেসিভ, জাতব্যবস্থা দেগে দিল, তাতে অন্তত বাংলার কারিগর সমাজের কিছু যায় আসে নি, আজও কারিগর অধিকাংশ নিজেদের পেশার মধ্যেই বিয়ে দেয়। পেটেন্টের জন্যে নয়, দক্ষতা আটকে রাখার জন্যে নয় অথবা সম্পত্তি রাখার জন্যে নয়, দক্ষতা আর জ্ঞানের আদানপ্রদানের জন্যে। 
সঙ্গঠন করতে গিয়ে দেখেছি, একটি কারিগর গ্রামে কারিগরদের পরিবারে পরিবারে নানান ধরণের জ্ঞান, কারিগরি, কুশলতার সূক্ষ্ম-ভিন্নতা থাকে থাকে যা আমরা বাইরে থেকে চট করে আলাদা করতে পারি না। যেমন - প্রত্যেক পট দেখলে বা ছো মুখোশ দেখলে যেন এক মনে হয় - কিন্তু ভেতরে ঢুকলে দ্যাখা যাবে পরিবারে পরিবারে এই কুশলতা আঙ্গিক দক্ষতা কিছুটা হলেও আলাদা। বাইরতের মানুষ, যে নিয়মিত দেখে তার চোখে ধরা পড়বে এটা নেপালদার মুখা, এটা হরিপ্রসাদের মুখা বা এটা রঞ্জিতের পট বা এটা রাণীর প্‌ এটা মধুদার মেল্লি ইত্যাদি। এটা প্রত্যেক কারিগরির জন্যে প্রযোজ্য। এই কাজের একটা বড় অংশ মেয়েরা করেন যাদের চোখের সামনে দ্যাখা যায় না।
কারিগর পরিবারের মেয়েরা বিয়ে হ'য়ে তাদেরই পালটি কারিগর ঘরে যায়। সে যে যৌতুক নিয়ে যায় সেটা অসামান্য - জ্ঞান, কুশলতা আর দক্ষতা। সে আরেকটি আঙ্গিকের কারিগরি, তার দক্ষতা, জ্ঞান নিয়ে শ্বশুর বাড়িতে যায়। সেটা সে সেখানে গিয়ে তার জ্ঞান দক্ষতা প্রযুক্তি কারিগরি আঙ্গিক মেলায় - নতুন ধরণের একটা কারিগরির সূক্ষ্মতম পরিবর্তন আসে। 
আইটিসি সোনারবাংলার কাজে বহু ধরণের কারিগর এসেছিলেন। প্রায় ১০ দিন একসঙ্গে কাজ করেছেন। ছো মুখা শিল্পীরা বুঝলেন তারা যে প্লাস্টিকের ফুল দিয়ে এখন মুখার মেড়ের সজ্জা করছেন সেটা পাল্টাতে পারে এবং আয়াসসাধ্য হিসেবে শোলার ফুল দিয়ে সজ্জা করলে। সেটা হয়ত বিক্রিও হবে ভাল। 
এই জ্ঞান প্রবাহ না থাকলে বড় পুঁজির লাভ। সে অজ্ঞান দায়বোধহীন শ্রমিক পায়। যার জ্ঞান আছে, দক্ষতা আছে, কারিগরি আছে, কাঁচামাল আছে, কারিগরি ভিত্তিক বাজার আছে সে কেন বড় পুঁজির খিদমত খেটে বামপন্থীদের লব্জে সর্বহারা শ্রমিক হতে যাবে? তার বিশাল কারিগরি পরম্পরা আছে, সেটা তার সামাজিক বৌদ্ধিক নিরাপত্তা।
আদতে এইভাবেই কারিগরির বিবর্তন হয়।
---
ভারতের অন্য যায়গার কথা জানি না, বাংলার কারিগরেরা সম্পত্তি আর্থিক স্বচ্ছলতার থেকে অনেক বেশি গুরুত্ব দেন দক্ষতা, জ্ঞান আর কুশলতা আদানপ্রদানে। 
অসাধারণ গবেষক ছো মুখা শিল্পী উদ্ভাবক নেপাল সূত্রধর বলেন আমাদের ওপর বাবা বিশ্বকর্মার অভিশাপ আছে যে আমরা কোন দিন বড়লোক হব না। যতই যাই করি। আমাদের হাতে টাকা থাকবে না। আমাদের কাজ করেই খেতে হবে। 
---
সম্পদ নয় আত্মিক সম্পদে সে অনেক বেশি আগ্রহী। 
ফলে এখানে অর্থনৈতিক বামপন্থা তার নানান আবেদন সত্ত্বেও নাক গলাতে, মূল ধারনাটি বুঝতে ব্যর্থ।

Friday, February 2, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - মুঘল সাম্রাজ্য কৃষক-কারিগরদের শেষ পালক - ফৌজদারের শপথেও কৃষক রক্ষার কথা

{সুবাদার শপথেও কৃষকদের পালনের কথা মনে করিয়ে দেওয়া হত With my good behaviour to the peasants I will try my best to increase the cultivation and population}
সুবার সুবাদার, উজির, বক্সীর পরের গুরুত্বপূর্ণ পদটি হল ফৌজদারের। মানুচির মতে সুবায় ফৌজদার দপ্তরের ভয়ে জমিদারেরা রাজস্ব দিত। ফৌজদারও পাদশাহ নিয়োগ করতেন এবং তার চাকরি যেত সম্রাটের ইচ্ছেয়। কখোনো কখোনো দেওয়ানকে ফৌজদারির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হত। অষ্টাদশ শতের প্রথম দিকে মুর্শিদিকুলিখাঁ একাধারে দেওয়ান অন্যদিকে ফৌজদারও।
ফৌজদারের দুটি দায়িত্ব, প্রাথমিকিভাবে ছোট সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে চাকলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা। দ্বিতীয় চাকলার খালসা জমির রাজস্ব আদায় নিশ্চিত করা। শেষের দায়িত্বে তার কাজ আমিলের আমলগুজারের সমান। চাকলার দায়িত্ব নেওয়ার আগে ফৌজদারকে শপথ বাক্য পড়ানো হত।
১১৩২ বাংলা সনে(১৭২৫ খ্রি) যশোরের জনৈক ফৌজদার মীর মহম্মদ মেহদি এই ধরণের শপথবাক্য পাঠ করেন Taking the charge and administration of chakla Jessore I confess and agree to take proper care of the above mentioned parganas (i.e. parganas included into the chakla Jessore) and would see them mostly populated and the revenues collected from the above mentioned places in conformity with the will of the peasants would be sent to the government treasury. With my good behaviour to the peasants I will try my best to increase the cultivation and population.
If I fail to do above mentioned duties I hold myself fully responsible for the consequences according to the laws
of the government।

Monday, December 4, 2017

বাংলার গ্রামীন উৎপাদনচর্চা - গ্রাম-উতপাদকেদের শিয়রে শমন

গ্রামে ছোট উত্পাদকের সংখ্যা কমিয়ে আনার প্রকল্প শুরু করেছে অল ইন্ডিয়া আর্টিজান এন্ড ক্রাফ্টওয়র্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। পেছনে ফ্যাব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান উইলিয়ম বিসল, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রতি বিনয় ঝা, দস্তকরের প্রধান লয়লা তয়বজী প্রমুখ। সংঘজুড়ে আছেন বিদেশে পড়াশোনা করে আসা যুবা, কর্পোরেটিয় কেষ্টুবিষ্টু আর ভারতের ব্যবসায়ী দালালেরা। সাহায্য আসছে ফোর্ড ফাউন্ডেশন, ইওরোপিয়ান ইউনিয়ন, ইবে ফাউন্ডেশন, ফ্যাবইন্ডিয়া, দোরাবজী টাটা ট্রাস্ট, দুর্ণীতিতে ডুবে থাকা রয়েল ব্যাঙ্ক অব স্কটল্যান্ডএরমত কর্পোরেট দাতাদের থেকে। শুরু হয়েছে ক্রাফ্টমার্ক প্রকল্প। কর্পোরেট স্বেচ্ছাব্রতীরা বড় পুঁজির স্বার্থ দেখে। টাকার বিনিময়ে সংঘের সইতে গ্রামশিল্পীদের ভবিষ্যত তৈরি হচ্ছে। এটি সরকারি প্রকল্প নয়। সামাজিক দায়বদ্ধতাও নেই। অর্থবলে আর ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করা এই সংঘটি প্রভাবিত করার চেষ্টা করছে সরকারগুলোকে। গ্রামশিল্পীদের উচ্ছেদ হওয়ার আশংকা বাড়ছে।
কারুশিল্পী সাহায্যের নামে চলছে একচেটিয়া ফাটকা পুঁজির অবাধে ঢোকার পরিবেশ তৈরি। আগামীতে গ্রামশিল্পীরা আর মাগনায় সরকারি মেলায় যায়গা পাবে না। জনগণের অর্থে তৈরি সরকারি হাট চলে যাচ্ছে শিল্প দালাল আর কর্পোরেটদের হাতে। সংঘের শিল্পীরা বুঝছেন সরকার-বেসরকারি উদ্যোগে তাদের সামাজিক অধিকার নষ্ট হতে বসেছে। একজোট হওয়া ছাড়া অন্য উপায় নেই।
গ্রামীণ উত্পাদকেদের সঙ্গে পথ ব্যবসায়ীদের সম্পর্ক বহু পুরোনো। পূর্ব মেদিনীপুরের রামনগরের ঠিকরায় চন্দনপুর গ্রামের কাঁসা-পেতল বৃহত বাঙলার প্রখ্যাত শিল্পককর্মগুলোর মধ্যে অন্যতম। রাণা, মহারাণা পদবীর শিল্পীরা সুদূর অতীত থেকেই পাইকারদের শিল্পদ্রব্য দিতেন। চন্দনপুরের উতপাদকেদের বন্ধু ছিলেন খুচরো বিক্রেতা সমাজ। তাঁরা ঝাঁকা নিয়ে বেরিয়ে পড়তেন ওড়িশা, বিহার, অসমের গাঁয়ে গাঁয়ে। কর্জ মেটাতেন কিছুটা টাকায়, কিছুটা অন্য পণ্যে। ভারতজুড়ে খুচরো ব্যবসায়ীরা বংশ পরম্পরায় আজও গ্রামীণ উত্পাদন বিক্রি করেন বিভিন্ন হাট, মেলা, উত্সব, পরব, পুজো, বাড়ির দরজায় পৌঁছে। বাণভট্টের হর্ষচরিতে উজ্জয়ণীর হোলি উত্সবে পথের দোকানের বর্ণনা রয়েছে, অস্থায়ী পথ দোকানদারদেরও উল্লেখ আছে। নির্ভরতাবোধ ছিল নানান সেবা দেওয়া সমাজ, উত্পাদক আর পণ্য বিক্রেতাদের মধ্যে। ইংরেজদের আগের শহরের প্রশাসনও এই অর্থনীতিকে বিকাশের পথ হিসেবে দেখতেন।
এই উতপাদন-বিক্রয়ের চক্র ধংস করা হল স্বাধীণতার পর। রাজ্যের সীমান্তে ঝাঁকাওয়ালাদের কাগজপত্রদেখতে চাওয়া হয়, হিসেব চাওয়া হয়, নানানভাবে হেনস্থা করা হয়। বাধ্যহয়ে বহু পথ ব্যবসায়ী পেশা ছাড়ছেন। গ্রামের উত্পাদক ব্যবসায়ীদের অধিকাংশ শহুরে ভাষায় নিরক্ষর(শহুরে ইংরেজি শিক্ষিতরা অশিক্ষিত শব্দটি কেটেকেটে উচ্চারণ করেন)। কাগজ না থাকলেই হয় জরিমানা, নয় পণ্য বাজেয়াপ্তি। যে সমাজে মুখের কথাই ছিল হাজার কাগজের সামিল, সে সমাজকে ধংস করে নতুন শর্ত চাপিয়ে দেওয়া হল। ওরাল হিস্ট্রি চর্চা গবেষণাতেই শেষ। ইতিহাস রাষ্ট্রনীতি নয়। অশিক্ষিত ফেরিওয়ালার ট্যাঁকে কাগজ না থাকলে সব ইতিহাস সব সামাজিক সম্পর্ক মিথ্যে। আর জণকল্যাণমুখী রাষ্ট্র এতসব জানতে চাইবেইবা কেন! বড় ব্যবসা-উতপাদকই-পুঁজি একমাত্র সত্যি আর সবাই অসংগঠিত। রাষ্ট্রদ্বারা বধ্য, নইলে নিয়ন্ত্রণযোগ্য। উত্পাদক-ফেরিওয়ালারা বলছেন ভিক্ষে চাই না মা, কুকুর সামলাও। গ্রামীণ উত্পাদকেদের বিক্রি কমছে, গ্রামের অর্থনীতি মারাযাচ্ছে। রাষ্ট্রের মদতে লুঠ হয়ে যাওয়া গ্রামের বাজার দখল করছে বড় পুঁজি। কার মাথাব্যথা! হয়ত সেইটাই লক্ষ্য।

Saturday, November 25, 2017

বাংলার মরশুমি কারিগরি - বিরাটির রথের পুতুল - বাংলার কারিগর আরতি পাল

আমাদের বাংলার কৃষ্টি, উৎপাদন, উৎসব, পুজা, আচার মূলত মৌসম বা বছরের নির্দিষ্ট সময় ভিত্তিক।
এখনও সারা বাংলার কুমোরেরা রথ যাত্রা, রাস এবং অন্যান্য উতসবে বিচিত্র সব পুতুল তৈরি করেন। সারা বছর পাওয়া যায় না বলেই বিশেষজ্ঞরা এগুলিকে লুপ্তপ্রায় ধরে নিয়েছেন।




এখন যে বছরভর সবকিছুই পাওয়া যাওয়ার সংস্কৃতি চালু হয়েছে, বাংলার গ্রামীন পরম্পরার মানুষ সেই সংস্কৃতির বাইরের অংশ - তারা সারাবছরের উতপাদনের বিশ্ব লুঠের অংশ নন, হতেও চান না।
ফলে বহু উৎপাদন বছরভর পাওয়া যায় না। তাই সেগুলি লুপ্ত হয়ে গিয়েছে ধুয়া তুলে আমাদের মত ভদ্রবিত্তদের কাজের সুযোগ করেদিয়েছে।
এই সংগঠনের সঙ্গে থেকে অনেক কিছু আমি শিখছি, প্রতিষ্ঠান সূত্র যা শিখেছি ছোটবেলা থেকে তা ভুলেছি - এই কাদা ছানা, ধুলিতে পা দিয়ে হেঁটে ধুলিকে সোনা বানানো মানুষেরা আজ আমার শিক্ষক পথ প্রদর্শক।
Soma এঁদের উল্টোডাঙ্গার মেলায় আবিষ্কার করেন। এঁরা থাকেন বিরাটি কুমোর পাড়ায়।
প্রনাম এঁদের।

Thursday, November 9, 2017

দূষণ, প্রযুক্তি, পরিবেশ আন্দোলন এবং কারিগর - একটা চিঠি

বাংলাদেশের পরিবেশ সংগঠন বাপা(BAPA) ডেকেছিল আলোচনা সভায়। আমাদের উত্তর ছিল

মাননীয়,
এ বাংলার কারু, বস্ত্র ও অভিকর শিল্পীদের শুভেচ্ছা গ্রহণ করুন। বাপা পরিবেশ সম্মেলনের সংবাদ প্রদানের জন্য উদ্যোক্তাদের এ-বাংলার গ্রামীণ বঙ্গীয় পারম্পরিক কারু, বস্ত্র ও অভিকর শিল্পী সঙ্ঘ, এবং কলাবতী মুদ্রার পক্ষ থেকে আন্তরিকতম ধন্যবাদ জানাই। দেশজ আন্দোলনের একজন হিসেবে, এই সম্মেলনে যোগদান করতে সংগঠন দুটি আন্তরিকভাবে ইচ্ছুক।

পশ্চিমবাংলা, ভারত এবং দক্ষিন-পুর্ব এশিয়ার বিভিন্ন আন্দোলনের সঙ্গী হিসেবে বাপার কাজকর্ম এবং তার তৈরি নানান আন্দোলন সম্পর্কে সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা অবহিত। তারা মনে করে বাপা এবং তার সঙ্গী সাথীরা বাংলাদেশে যে দুর্বার পরিবেশ আন্দোলন, আন্দোলন চিন্তা, তত্বের ভিত গড়ে তুলেছেন, তার প্রভাব বাংলাদেশের সীমান্তের গণ্ডী ছাড়িয়ে পড়ছে এশিয়ার নানান দেশে। বিশেষ করে ভারতে। যখন বিশ্বজুড়ে কিছু মানুষের লোভ, আগ্রাসন এবং ক্ষমতা মদমত্ততা অতীতের সমস্ত উদাহরণ ছাড়িয়ে বিশ্বকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে, দক্ষিণ পুর্ব এশিয়ায় বাপার এই আন্দোলন, নতুন পথ খুঁজতে শুধু পথপ্রদর্শন করবে তার নয়, ধংসন্মুখ শহুরে মানব সভ্যতাকে নিজের ভেতরের ঝুঁকে দেখতে প্রনোদিত করবে।

বাংলা, ভারত এবং দক্ষিন-পুর্ব এশিয়ার নানান আন্দোলনের সাথী হিসেবে, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ এবং এশিয়ার পারম্পরিক জ্ঞান ভাণ্ডার, মানুষের ইতিহাস খোঁজা, গ্রামীণ মানুষের আন্দোলনের খবর, তাদের জোরের জায়গাগুলি প্রচারের অন্যতম সাথী-সংগঠন কলাবতী মুদ্রা এ প্রসঙ্গে কয়েকটি কথা শুধু উথাপন করতে চায়। এই দুটি সংগঠন বেড়ে উঠেছে বাংলা, ভারত তথা এশিয়ার পারম্পরিক কারু, বস্ত্র আর অভিকর শিল্পীদের উদ্যমে। এই দুটি সংগঠনের মূল উদ্দেশ্য এশিয়ার পারম্পরিক শিল্পীদের অবস্থানকে আরও যথাসম্ভব দৃঢ় করা, তাদের সুকৃতিগুলি গ্রাম-শহরের সামনে তুলে ধরা, এবং পুর্বজরা যে পথ দেখিয়ে গিয়েছেন তাকে নতুন প্রজন্মের সামনে উপস্থিত করা।

সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা মনেকরে সাম্প্রতিক সময়ের আমেরিকা এবং ইয়োরোপের প্রযুক্তির আগ্রাসনের দিকটির প্রতি দৃষ্টিপাত না করলে পরিবেশ আন্দোলনের একটি বড় অংশ অধরা রয়ে যেতে পারে। শিল্পবিপ্লবের নতুন, তথাকথিত আধুনিক, কেন্দ্রীভূত প্রযুক্তির বাজারী আগ্রাসনে গ্রামীণ অর্থনীতি আক্রান্ত। কর্পোরেটদের বাজারী লোভে, সম্পদ আগ্রাসনের চক্রান্তে বিশ্ব আজ ধ্বংসের মুখোমুখি। সেই সময় এশিয়ার কারু, বস্ত্র ও অভিকর শিল্পীদের বয়ে নিয়ে চলা হাজার হাজার বছরের পৃথিবী রক্ষাকারী প্রমাণিত এবং অর্থসাম্য তৈরি করার প্রযুক্তি বিশ্বকে বাঁচাবার পথ দেখাচ্ছে। এবং এই পরিবেশ আন্দোলনে এই বিষয়টি অন্যতম আলোচ্য হোক এই আমাদের আশা।

সুধি, আমরা মনে করি আজ যে অসম্ভব ক্রাইসিসের মুখোমুখি আমরা, তা থেকে বাঁচতে আমাদের নতুন করে নিজেদের সমাজের নানান জোরের দিকগুলির দিকে তাকাতে হবে। আমরা যেন মনেরাখি, শিল্পবিপ্লবের অন্যতম ফলশ্রুতি, ইয়োরোপের(আর আমেরিকার) বাইরে বিকশিত জ্ঞান, প্রযুক্তি, ইতিহাস ধংস করা, ন্যুন দেখাবার উদ্যম। ল্যাটিন আমেরিকা, কিছুটা আফ্রিকার পারম্পরিক প্রযুক্তি যখন আজ শুধুই মিউজিয়ামে সাজিয়ে রাখার, সেখানে এশিয়ার গ্রামাঞ্চলে এই প্রযুক্তি আজও জীবন্ত, আজও কয়েক কোটি মানুষ এক্কেবারে নিজ উদ্যমে এটিকে বাঁচিয়ে রেখেছেন, সরকারি, বেসরকারি, কর্পোরেট আগ্রাসন সত্বেও। ইংরেজি শিক্ষিত শহুরেদের উপেক্ষা সত্বেও গ্রামের হাট একে নিজ উদ্যমে একে লালন পালন করে চলেছে আজও।

বিগত ২৫০ বছর ধরে কেন্দ্রীভূত, সম্পদ অপচয়ী প্রযুক্তি নিয়ে গ্রামীণদের আক্রমণ করতে উদ্যত ইয়োরোপ আমেরিকা। যদিও এই প্রযুক্তির দূষণ ছড়ানোর চরিত্র আজ সব্বার সামনে উন্মোচিত। তবুও এশিয়ার প্রত্যেকটি সরকার, অসরকারি সংগঠন এই প্রযুক্তি তৃণমূলস্তরে পৌঁছে দেবার জন্য অসম্ভব উদগ্রীব। তার জন্য ঋণ, দানে সকলকে সজ্জিত করা হচ্ছে। অথচ বিগত ২৫০ বছরে এই প্রযুক্তি অবলম্বন করে দক্ষিণ পুর্ব এশিয়ার অধগতি প্রমাণিত। সে আরও ঢালু পথে গড়িয়ে পাতালে প্রবেশ করতে চলেছে। ১৭৫৭য় অবিভক্ত ভারতের জিডিপি ছিল ২৫, ব্রিটেনের ১, আজ ঠিক উল্টো। এর ফল পৃথিবী ব্যাপী দূষণের মাত্রা বেড়ে চলা। তবুও সেই ইয়োরোপীয় প্রযুক্তির আনুগত্যময় অনুগমন চলছেই।

অথচ এশিয়ার পারম্পরিক গ্রামীণ শিল্প আজও নতুনের পথ দেখায়। কৃষি, খাদ্য, লোহা, বয়ন, কাঠ খোদাই ইত্যাদি গ্রামীণ প্রযুক্তির নানান দিককে আজও অতিক্রম করতে পারে নি নতুন স্বঘোষিত আধুনিক সর্বশক্তিমান ইয়োরোপীয় প্রযুক্তি। ইয়োরোপীয় প্রযুক্তির ঘায়ে বিশ্ব ধ্বংসের মুখোমুখি। আজ আর এই প্রযুক্তির তৈরি দূষণ স্থানীয় অঞ্চলে আবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রত্যেকটি কোনায়, আঘাত করছে যে মানুষটি এই কাজের জন্য বিন্দুমাত্র দায়ি নয় তাকেও, তার অঞ্চলকেও।

অথচ সুদূর অতীত থেকে গ্রামীণ প্রযুক্তি সচেতনভাবে জানত, কিভাবে ন্যুনতম সম্পদ ব্যয় করে, যথা সম্ভব কম শক্তি প্রয়োগ করে, যথা সম্ভব কম স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে মানুষের ন্যুনতম চাহিদা পূরণ করা যায়। এদেরই শহুরেরা অজ্ঞ, পিছিয়ে পড়া, অশিক্ষিত বলে আজও গালি দিই। এই মানুষেরা যে প্রযুক্তি ব্যবহার করেন, তা দার্শনিকভাবে যথাসম্ভব গণতান্ত্রিক। সেটি লক্ষ লক্ষ উৎপাদক, বিক্রেতাকে লালন পালন করে। অন্যের উৎপাদন ব্যবস্থা দখল করে লভ্যাংশ বাজারকে কন্সোলিডেসনের কাজ করে না। এই প্রযুক্তি কয়েক জনের হাতে লভ্যাংশ না জমতে দিয়ে, ছড়িয়ে দেয় তৃণমূলের মানুষদের হাতে। শুধু অর্থ সাম্য বজায় থাকে তাই নয়, পরিবেশ দূষণ যতসম্ভব কম ঘটে, এবং যে সমস্যা দেখাদেয় তা স্থানীয়ভাবে সামলে নেওয়া যায়। এশিয়ায় নুন, নীল, লোহা, আফিম ইত্যাদি পণ্য বিশ্বের বাজারে কয়েক হাজার বছর একচেটিয়া ব্যবসা করলেও, ইয়োরোপীয়রা এশিয়ার আসার পরে এগুলি মানুষ মারা শিল্পে, ব্যবসায় রূপান্তরিত হয়।

আমরা যারা আজ এশিয়ায় এই প্রযুক্তি, প্রযুক্তির ধারক বাহকদের সংগঠনের সঙ্গে জুড়ে থেকে, নিজেদের তৈরি, বিকশিত, লালিত-পালিত প্রযুক্তিকে বাঁচাতে চাইছি, তাদের কাছে পরিবেশ দূষণ, পরিবেশ ধ্বংস একটি বড় ইস্যু। এবং এশিয়া তথা বিশ্বের প্রত্যেকটি দেশের সরকার এর জন্য সক্রিয়ভাবে দায়ি। শুধু ভারত-বাংলাদেশের সম্পর্ক নয়, ইওরোপ-আমেরিকার এই চাপিয়ে দেওয়া অর্থনীতি, সমাজনীতি, প্রযুক্তি বিষয়ে একটি নির্দিস্ট অবস্থান নিতে সরকারগুলির ওপরে চাপ বাড়াতে হবে। আমাদের বিশ্বাস, যতদিন না, আমরা নিজেদের প্রযুক্তি, যে ব্যপ্ত সম্পদ আমাদের হাতে আছে, সে বিষয়ে আবহিত না হব, সেটাই যে মূল স্রোত, এটি বিশ্বাস করব, তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে আনব, ততদিন পরিবেশ আন্দোলন ইয়োরোপের দেখানো কানা গলিতে ঘুরপাক খাবে, দূষণ রোধে সরকারের খামতিগুলিই শুধু চোখের সামনে প্রতিভাত হবে, জীবন জীবিকা, অর্থনীতি ইত্যাদির মূল প্রশ্নগুলি অধরা রয়ে যাবে।

ঠিক এই জন্য সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা একটি মাসিক পত্রিকা, পরম প্রকাশ করছে, যেটি এই মানুষদের বয়ে নিয়ে চলা প্রযুক্তিকে জানাতে, চেনাতে, তাদের ইতিহাস নতুন করে বোঝাতে সাহায্য করবে। এছাড়াও কয়েকটি পুস্তকও প্রকাশ করেছে।

আমাদের বিশ্বাস বাপার এই সম্মেলন আমাদের নতুন পথ দেখাবে নতুন ইতিহাস তৈরিতে সাহায্য করবে।
সম্মেলনে সক্রিয় অংশগ্রহনের আবেদনে, নতুন দেশজ শুভেচ্ছায়,
বিশ্বেন্দু নন্দ
বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ


কলাবতী মুদ্রা

Friday, October 20, 2017

কালিপুজোর শুভেচ্ছা

আমাদের বাংলা
আমাদের অসামান্য কারিগর বাংলা
আমাদের অসাধারণ কারিগর উদ্যমী বন্ধু, Mahuaর হাস্নুহানার কাঁথা ফোঁড়ের মেয়েদের কাঁথার কাজের ছবি থেকে টোকা।এর বেশি একটি ভদ্রলোকের ছা আর কিইবা করতে পারে।
কালীপুজোর বর্ষা মুখর ব্যতিক্রমী রাতে সকলে আনন্দে থাকুন।
মহুয়াদের মত হাজারো উদ্যমে আজও বুকে বল জাগে, মনে হয় বেঁচে থাকা সার্থক।
কারিগর অর্থনীতি সবল হোক।
আমরা ১৭৫৭র আগের অর্থনীতিতে ফেরত যেতে চাই।

Saturday, October 14, 2017

বাংলার দেশিয় উৎপাদন - মালাকার পরিবারের তৈরি তাজিয়া

***না প্রত্যাশিতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই লেখাটা নয়। কারণ চূড়ান্তভাবে সাম্প্রদায়িক ভদ্রদের এটা জ্বলন্ত ইস্যু কিন্তু একসঙ্গে সাত আটশ বছর একসঙ্গে মিলেমিশে থাকা গাঁইয়াদের এটা কোন বিষয়ই নয়।***
গত ছয় প্রজন্ম ধরে(ছেলে ভাস্তা ভাস্তিকে নিয়েই) দক্ষিণ দিনাজপুরের মুষ্কিপুরের মালাকার পরিবার দিনাজপুরের প্রায় সব সম্প্রদায়ের নানান পুজা, উৎসব, আচার, উপাচারের নানান অর্ঘ্য তৈরি করেন।
মুষ্কিপুরকে ঘিরে যে ৫০ ক্রোশ ব্যসার্ধ ধরে যে এলাকা, সেই এলাকায় প্রায় সব ধরণের সমাজের চাহিদা পূরণ করেন মুধুমঙ্গল আর তাঁর ভাই গুরু কিঙ্কর এবং তাঁদের পরবর্তী প্রজন্মের কারিগরেরা।
এর আগে আমরা দেখিয়েছি মালাকার পরিবারের মুসলমান এবং সাঁওতাল পরবে ব্যবহৃত ঘোড়া(মুসলমান পরবে দুলদুল আর সাঁওতালদের বিয়ের প্রয়োজনে) তৈরির পদ্ধতি।
আজ দেখাব মহরমের তাজিয়া তৈরির কাজ।
এই বাজার ধরে প্রজন্মের পর প্রজন্ম টিকে আছেন নিজের শেকড়ে কারিগরেরা। মধুমঙ্গল ১১বার বিদেশ গিয়েছেন। ভদ্রপরিবারের গাঁইয়া কেউ ১১বার বিদেশ গেলে তাকে গাঁয়ে টিকিয়ে রাখা মুশকিল ছিল এ কথা স্বতঃসিদ্ধ(ব্যতিক্রম নিয়মকে প্রমান করে)। মধুমঙ্গল আজও সেই গ্রামে টিকে থাকেন, পরের প্রজন্মের কারিগর তৈরি করেন, কারিগরদের সংগঠিত করেন।
বাংলা জোড়া কারিগর হাজারো মধুমঙ্গলদের জন্যই কর্পোরেটরা এত বিপুল অর্থব্যয় সত্ত্বেও বাংলার গ্রামে পা জমাতে পারছে না।