Showing posts with label গুরুকিঙ্কর. Show all posts
Showing posts with label গুরুকিঙ্কর. Show all posts

Sunday, February 12, 2017

দেশজ পরম্পরার গ্রামীন উতপাদন - ঘোড়া নাচের ঘোড়া তৈরি আর একটি প্রশ্ন















এই ছবিগুলি মধুমঙ্গল মালাকারের ভাই গুরুকিঙ্কর আর তার পুত্র গৌরবের। ছবিগুলি গৌরবের কল্যানে পাওয়া। সে সাম্মানিকস্তরে পড়ছে - কিন্তু বাপ-দাদার কয়েকশ বছরের কাজ ছাড়ে নি। বরং কোথাও কোথাও মনে হয় সে হয়ত তার বাপ-দাদকে ছাড়িয়ে যাবে আগামী দিনে, যদি লেগে থাকে, যদি তার কাঁধের ওপর মাথাটা ঠিক থাকে।

দিনাজপুর!
একদা, খুব বেশি দূর যেতে হবে না, মাত্র শ'সাতেক বছর, বাংলার শিল্প-বাণিজ্য-উতপাদনকর্মে ছিল অগ্রগণ্য। বাংলার ইতিহাসে পুণ্ড্রবর্ধনের স্থান আজও সম্ভ্রম জাগায়। ইংরেজদের লুঠেরা ব্যবসায় দিনাজপুর ছিল প্রথম সারিতে। বাঙলা-বাঙালি বিদ্বষী কেরির কর্মস্থল দিনাজপুর। আজও ইতিউতি দিনাজপুরে নীলকুঠির ভাঙ্গাবাড়ি চোখে পড়ে। ঠাকুরদের জমিদারিও ছিল দিনাজপুরে।

গৌড় নামে যে ভূখণ্ডটি বিশ্বে পরিচিত, তার ভৌগোলিক বিস্তৃতি ছিল মুর্শিদাবাদ-মালদা-দিনাজপুর।

তো দিনাজপুর-গৌড় ছিল বিশ্ববাণিজ্যকেন্দ্র। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ঘোড়া বাণিজ্যে গৌড়ের স্থান ছিল অনতিক্রম্য। শুধু গৌড় শহরেই একসঙ্গে তিনটি টাঁকশাল চলত।

তুর্কি দেশের তাতারি ঘোড়া(অশিক্ষিত ব্রিটিশদের উচ্চারণে টাট্টু ঘোড়া), ইরাকি ঘোড়া বা মধ্য এশিয়ার ঘোড়া চিন সহ দক্ষিণ এশিয়ায় যেত এই গৌড়বঙ্গ হয়েই। দিনাজপুরের কুনোরের পোড়ামাটির কারিগরদের ঘোড়া বিষ্ময় জাগায়। পীরের সমাধিতে আজও প্রত্যেক ধর্ম্নসম্প্রদায় এই ছলন ঘোড়া মানত করেন।

মুদ্রা বিশেষজ্ঞ, সৈয়দ এজাজ হুসেইন Silver Flow and Horse Supply to Sultanate Bengal with special Reference to Trans-Himalayan Trade (13th-16th Centuries) প্রবন্ধে বলছেন উচ্চ দামের যুদ্ধ ঘোড়া দক্ষিণভারতের সুলতানি রাজ্য হয়ে বাঙলায় পৌঁছত, সেখান থেকে জাহাজের চেপে বা ভূপথে যেত চিনের উনান বা দক্ষিণপূর্ব এশিয়ার নানান দেশে। তার পরিবর্তে ঘোড়া কারবারিরা তাদের দেশে সোনার বাঙলা থেকে নিয়ে যেত বস্ত্র, খাবারদাবার, মশলা, তেল, নুন ইত্যাদি।

তো এই ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছেন দিনাজপুরের মধুমঙ্গল মালাকার আর তার বিস্তৃত পরিবার নাচের ঘোড়া তৈরির মাধ্যমে। এই ঘোড়া নিয়ে নাচ করেন সাঁওতাল সমাজ আর মুসলমান ধর্মাবলম্বীরা। ইতিহাসে মুসলমান ধর্মাবলম্বীদের ঘোড়া ব্যবহার আর তার বিশ্বব্যাপী বাজার তৈরির ইতিহাস জ্ঞাত আজও দুলদুল শুধু আরবে নয়, এই বাংলার কথ্য সংস্কৃতির বিপুল অংশ।

কিন্তু সাঁওতাল সমাজে কেন? এই বিষয়টি বেশ ভাবাচ্ছে।

হিতেশ রঞ্জন সান্যাল মশাই সোসাল মবিলিটি ইন বেঙ্গল, ১৯৮১ সালের প্রবন্ধে বলছেন একদা সাঁওতাল সমাজ লোহাচুর থেকে লোহার দণ্ড তৈরি করতেন, সেই লোহা নিয়ে নানান তৈজস বা ব্যবহারের কাজ করতেন কর্মকারেরা। সাঁওতাল গ্রামের বাইরে তাই একটি অন্তত অসাঁওতাল পরিবারের বাস থাকত। এখন সাঁওতালেরা সেই বিদ্যে ভুলেছেন।

কিন্তু ঘোড়া কেন? সাঁওতালি ইতিহাসে কোথাও সাঁওতাল সমাজে ঘোড়া ব্যবহারের উল্লেখ পাওয়া যায় বা। তাহলে কেন আজ সাঁওতাল পরবে ঘোড়া নাচ হয়? তারা কি বাগদী বা ডোমেদের মত একদা যুদ্ধ জাতি ছিল?

কোন সুধি কি উত্তর দিতে পারেন।

Thursday, July 14, 2016

দেশিয় শিল্প চর্চা প্রবাহ - গৌরব, গুরুকিঙ্কর, মধুমঙ্গল মালাকার


এই মানুষদের কাজকে কোন দিন ঔপনিবেশিক শহুরে শিল্পকলার জ্ঞানচর্চা খুব বেশি গুরুত্ব দেয় তো নিই, বরং ইওরোপের আদলে ফোক বা লৌকিক শিল্পচর্চা করতে গিয়ে এদের শহুরে জ্ঞানে গরীমায় আন্তর্জাতিক ইংরেজিশিক্ষিত মধ্যবিত্ত ঠেলে দিয়েছে বেড়ার ওপারে।
ঠিক, তাতে এই মানুষদের কিস্যু আসে যায় নি হাজার হাজার ধরে যেমন, তেমনি আজও। এরা কোন দিন শহুরে শিল্পী, নাটুকে বা সিনেমা করিয়েদের মত সরকারি দাক্ষিণ্য দাবি করেন নি, কোনদিন অভিমানভরা ফোলানো ঠোঁট নিয়ে বলেন নি কেন তাঁদের তথাকথিতভাবে শিল্পীরূপে গণ্য করে এই কমিটি ঐ কমিটিতে নেওয়া হচ্ছে না, বা নাটক করিয়েদের মত দাবি তোলেন নি কেন তথাকথিত জাতীয় শিল্প করার জন্য জমি, কম পয়সায় হল, নাট তৈরির জন্য দান বা নিদেনপক্ষে কিছু হাবিজাবিমার্কা উপাধি দেওয়া হচ্ছে না, বা সমাজপাল্টাতে মন প্রাণ ঢেলে দেওয়া বড় পুঁজির এই যোগ্য সন্তানকে বাংলার মাটিতে শেকড় গজিয়ে ফেলতে ব্যস্ত সিনেমা করিয়েদের মত দাবি করেন নি, কেন তাঁদের বিপ্লবাত্মক সমাজপরিবর্তনের জন্য সিনেমা করার কাজে সরকার কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালছে না।
না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৪১৭ সালে লোকপ্রসার প্রকল্প নেওয়ার আগে, কিছু গবেষক, কিছু সরকারি আমলা, কিছু প্রগতিশীল রাজনীতির কারবারি এদের নিয়ে দাবা খেলাখেলি করা ছাড়া, কেউ এদের মানুষ হিসেবেই গণ্য করে নি - স্থায়ীভাবে এদের পিঠে 'লুপ্তপ্রায়' শব্দবন্ধটি জুড়ে দেওয়া হয়েছিল, যাতে কোন শহুরে কোনদিন এই শিল্পগুলিকে সাহস করে বোঝার চেষ্টা না করেন- তাঁদের মাথায় গুঁজে দেওয়া পড়েপাওয়া চৌদ্দআনা ইওরোপিয় সংস্কৃতির চৌহদ্দির বাইরে এসে।
----
আমার ভাগ্যভাল, বঙ্গীয় পারম্পতিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘে এই মানুষজন জুড়ে নেওয়ার যোগ্য মনে করেছিলেন। গত কাল তাই দেখছিলাম, কি করে কয়েকশ বছরের বাংলার, হ্যাঁ খুব বড়ভাবে বলছি, গ্রাম-বাংলার শেকড়ের মুখে বসে থাকা একটা পরম্পরার পরিবার শিল্প সৃষ্টি করে।
দেখলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, দেখলাম সেই পরিবারের এক প্রজন্ম কি করে এই ভেঙ্গে পড়া হাহুতাশি সময়ে তাঁদের জ্ঞান, দক্ষতা, পরম্পরা, তাঁদের মূল্যবোধ, তাঁদের শিল্প ভাবনা চারিয়ে দিয়ে যান পরের প্রজন্মের মধ্যে। দেখলাম আর ঋদ্ধ হয়ে বুঝলাম, গ্রামবাংলা শত ধ্বংস, শত লুঠ, শত ব্যভিচারী তত্ত্বের প্রয়োগের মধ্যে দিয়ে গেলেও কি করে তার মৌলিকতার কুড়টি টিকিয়ে রাখে নিজের মত করে।
ঘটনাটা হল স্ক্যান্ডিনেভিয়ার একটি দেশ থেকে গরুর মূর্তি তৈরি করে দেখানোর আহ্বান পেয়েছেন মুষ্কিপুরের মালাকার পরিবার। শর্ত, প্রবীন মধুমঙ্গল মালাকার যাবেন - তিনি অর্থ পাবেন। কিন্তু সামান্য মধুদার শর্ত হল, তার অর্থের প্রয়োজন নেই, তার সঙ্গে যেতে দিতে হবে, না তার একমাত্র শিল্পী সন্তান নয়, তার ভাই, গুরুকিঙ্করের সন্তান গৌরবকে।
নিজের চোখে দেখলাম কি করে একটা প্রজন্ম অন্য প্রজন্মকে হাতে ধরে তৈরি করান, পাশে দাঁড়িয়ে নয়, সাধারণ কিছু নির্দেশ দিয়ে। মধুদা তখন তার দোকানে, গৌরব বাড়িতে গরুটি তৈরি করছে - কিন্তু গলাটা ঠিক মত যা সে চাইছে হচ্ছে না - মধুদা দুপুরে এলেন - নিজের হাতে ঐটুকু অংশ দেখিয়ে দিলেন।
এই ঘটনাগুলোর কিছু ছবি তুলে নিয়ে এসেছি - আমার নিশ্চিন্তিভাবটা কিছুটা চারিয়ে দিতে চাইছি কিছু বন্ধুর মধ্যতে যারা আম ইংরেজি শিক্ষিত ইওরোপনম্য শহুরে মানসিকতার বাইরে এসে না দেখা, না জানা, না বোঝা, না পড়া নিজের দেশ, গ্রাম, মানুষ, শিল্পকে বুঝতে চান তাঁদের জন্য।
আবারও বলি আমার ভাগ্য ভাল এই অসামান্য মানুষদের সঙ্গ করতে পেরেছি, তারা কোন বাধা ছাড়াই সযত্নে অশিক্ষিত এই মানুষটিকে তাঁদের কর্মতত্ত্ব বোঝার সুযোগ করে দিয়েছেন।
সেই দীর্ঘদিনধরে সঞ্চিত অমৃতের কিছু ফোঁটা আপনাদের সক্কলের জন্য বেঁটে দেওয়া গেল, গ্রামশিল্পে কোথাও কোন বাধাবন্ধ নেই - সব কিছু বাতাসের মত সূর্যের আলোর মত উন্মুক্ত।
জয় বাংলা!
জয় বাংলার দক্ষতার!
জয় বাংলার জ্ঞান, প্রযুক্তির!
জয় বাংলার পরম্পরার পরিবারগুলোর!
বঙ্গমাতরম!