Showing posts with label রাভা এবং মেচ সমাজের কর্মশালা. Show all posts
Showing posts with label রাভা এবং মেচ সমাজের কর্মশালা. Show all posts

Friday, October 28, 2016

বাঙলার ধ্বংস হয়ে যাওয়া গ্রামীন পরিকাঠামো বিকাশ উদ্যম২


মেচ বাঁশের মাছ ধরার ফাঁদ কর্মশালা
১৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর,
মধ্যনারারথলি, কুমারগ্রাম, আলিপুরদুয়ার
রাভা বয়ন শিল্পের কর্মশালার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই কলাবতী মুদ্রা, ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণকে বাঙলার নতুন জেলা আলিপুর দুয়ারের মধ্যনারারথলীর মেচ গ্রামে তাদের ভুলে যাওয়া বাঁশের মাছ ধরার ফাঁদ তৈরির কর্মশালার প্রস্তাব দেয় এবং পূর্বাঞ্চলের অবরনির্দেশক কাকলী চক্রবর্তী সেই প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেন। শর্ত হল কর্মশালার ব্যয়বরাদ্দ এবং সেই কর্মশালার খরচ ভারত সরকারেরে এই সঙ্গঠনটি নিজেরাই নিজেদের হাতে করবেন। যেহেতু কলাবতী মুদ্রা এবং বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ মূলত চাঁদা ভিত্তিক সংগঠন, সেহেতু এই প্রস্তাবে তাদের কোন সমস্যাই হয় নি।
তো রসিক বিল আর কামাক্ষ্যাগুড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এবং ৩১সি জাতীয় সড়ক থেকে কয়েক মিটার দূরত্বে অবস্থিত মধ্যনারারথলী গ্রামে মেচ বা মেচিয়া সমাজের বাস। এরা গয়েরকাটা জঙ্গলের উপকণ্ঠে বাস করা গোঁসাইহাট রাভা বস্তির রাভা সমাজের মত জঙ্গল ভিত্তিক নয় –যদিও কয়েক প্রজন্ম পূর্বে তারা তা ছিল – যা আমাদের জানিয়েছিলেন মেচ সমাজের প্রয়াত মাথা দারেন্দ্র ঈশ্বরারী মশাই কয়েক বছর আগে – যদিও সমাজের সামাজিক বন্ধন যথেষ্ট দৃঢ, কিন্তু জীবনযাত্রায় এঁদের শহুরে প্রভাব বেশ জোরদার। খাওয়াদাওয়ায় অনেকটা বাঙ্গালি প্রভাব। রাভাদের মতই তারা নিজেদের বুননটা হয়ত ভোলেন নি, কিন্তু গত দুদশক তা আর নিজেদের হাতে করেন না।
১৮ তারিখ সর্বেক্ষণের অবরপ্রধান, স্থানীয় গ্রাম পঞ্চায়েত বোড়ো সাহিত্য সভা এবং কলাবতী মুদ্রার প্রতিনিধির উপস্থিতিতে কর্মশালাটির উদ্বোধন হয়। সেদিন দুপুরের খাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় কর্মশালার কাজ।
কিন্তু সুখের বিষয় হল বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরির কর্মশালার ভাবনা বাড়তে বাড়তে কিন্তু চলে যায় তাদের জীবনের আচারের সঙ্গে যুক্ত বাঁশ দিয়ে তৈরি নানান ধরণের উপকরণ তৈরির কর্মশালায়। দ্রুত খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেচ/বোড়ো সমাজের নানান ধরণের প্রতিনিধির উপস্থিতির বহর বাড়তে থাকে ক্রমশ। তাঁরাও সহর্ষে, সগর্বে অংশগ্রহণ করতে থাকেন এই কাজে। এই সাধারণ ছোট্ট কর্মশালাটি দাঁড়িয়ে যায় সাংস্কৃতিক পুনরুজ্জীবনের কর্মকাণ্ডে।
সে এক অসাধারণ অভিজ্ঞতা। উদ্বোধনের দিনই যদিও কর্মসূচীতে ছিল না, তবুও তারা একটি তাঁত এনে বসিয়ে দিয়েছিলেন, কর্মশালাটি যেখানে হচ্ছে - মধ্যনারারথলীর মানসিং প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে উঠল তাঁদের বাথৌ আচারের প্রাণকেন্দ্র সিজ মনসা গাছের নিচে থাকা বাঁশের তৈরি বিশেষ ঘেরাটোপ, চাষের মই, সুতো কাটা মাকু, বাঁশি, বাচ্চাদের খেলনা আরও সব নাজানি কি। এ সব তৈরি হতে থাকল মেচ সমাজের যুবকদের অংশগ্রহণে। 
























অংশগ্রহণকারী অনেকের সঙ্গে কথা হচ্ছিল রাভা গ্রামের বয়ন কর্মশালার কথা। তারাও খুব উতসাহী সে ব্যাপারে। বললেন কুড়ি তিরিশ বছর আগে তাদের গ্রামে বাড়ি বাড়ি চাষ হত সাদা কাপাস তুলো – সেই তুলো দিয়ে তারা তাদের কাপড় বুনতেন। অন্তত বিশ বছর আগেও প্রায় প্রত্যেক বাড়িতে ছিল তাঁত – সেই তাঁতে কাপড় বুনতেন গাঁয়ের মেয়েরা – যে কাজে তাদের একচেটিয়া প্রাধান্য ছিল। কথা বলতে বলতেই এসে হাজির এক বয়স্কা মহিলা তকলি দিয়ে সুতো কাটতে কাটতে – সে এক অনির্বচনীয় দৃশ্য। তিনি সগৌরবে জানালেন পাঁচশ মেচ বসতির গ্রামে আজও কয়েকশ মহিলা সুতো কাটতে পারেন তুলো থেকে, নিজের হাতে।
স্বাভাবিকভাবেই সমাজের মানুষদের সঙ্গে কর্মশালার বাইরে বসে প্রস্তাব দেওয়া হল, তারা কি তুলো চাষে ইচ্ছুক? তুলো কাটতে ইচ্ছুক? এক স্বরে স্থানীয় যুবারা বলে উঠল ব্যবস্থা করেন আমরা আছি। কর্মশালা চলা কালীন ঠিক হয়ে গেল পরের মাসে ঠিক এই তারিখের কাছাকাছি তুলো বীজ নিয়ে আর তুলো চাষের উদ্গাতা সৌমিক মুখোপাধ্যায়কে নিয়ে আমরা মেচ গ্রামে আসছি। মেচ সংগঠনের যুবা নেতা রাজীব ঠাকুর নিজে পাঁচ বিঘেতে তুলো চাষ করতে বড়ই ইচ্ছুক। সংঘ তাঁদের একটি সংগঠন তৈরি করিয়ে দিচ্ছে, যে সংগঠনের মাধ্যমে তারা সংঘের বা ওয়াটাগের যৌথ উদ্যোগে বা শুধু নিজেরাও তুলো চাষ, সুতো কাটা, সুতো রঙ করা এবং কাপড় তৈরি এবং ব্যবসা করতে পারবেন সরাসরি বাজারের হাতে নিয়ন্ত্রিত না হয়েও।ইতিমধ্যে কথা হয়েছে, সৌমিকবাবু কিছু তুলো পরীক্ষামূলকভাবে মধ্যনারারথলীতে পাঠাবেন সুতো তৈরির জন্য।
তো ইতিমধ্যে বাঁশের যে কর্মশালা চলছিল তাও দারুণ রূপ পেতে থাকল – যা আপনারা এই ছবিগুলিতে দেখতে পাচ্ছেন।

Tuesday, October 25, 2016

বাঙলার ধ্বংস হয়ে যাওয়া গ্রামীন পরিকাঠামো বিকাশ উদ্যম১



রাভা বয়ন কর্মশালা
১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর,
খট্টিমারি গোঁসাইহাট বনবস্তি, ধুপগুড়ি, জলপাইগুড়ি
জলপাইগুড়ির ধুপগুড়ির কাছে গয়েরকাটা জঙ্গলের বাইরের গ্রামে বসবাস করা খট্টিমারির গোঁসাইহাট বনবস্তিতে রাভা সমাজের প্রায় ভুলে যাওয়া বয়ন শিল্পের দক্ষতাকে নতুন করে শান দিতে ওয়াটাগের সদস্য সংগঠন কলাবতী মুদ্রা এবং ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণের যৌথ উদ্যোগে, ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০১৬ আয়োজন করা হল একটি কর্মশালা। এই উদ্যোগে গোঁসাইহাট বনবস্তির রাভা সমাজের প্রায় ৩০ জন বয়নদক্ষ মহিলা অংশগ্রহণ করেন।
রাভা সমাজ আজও পুরোপুরি প্রায় জঙ্গলের উতপাদনের ওপর নির্ভরশীল। বিশেষ করে তাদের প্রধান খাদ্য কচু, তারা যাকে সুজি নামে ডেকে থাকেন, তা তারা এই জঙ্গল থেকেই পান – তাদের একটি অসাধারণ পদ কচু দিয়ে ডাল – সুজি ডাল অসামান্য। এছাড়াও মাছ, জঙ্গলের ছাতু এবং বেত গাছের একাংশ তারা তাদের খাদ্যরূপে ব্যবহার করেন- আজও অধিকাংশ মানুষ কাঠের তৈরি দোতলা বাড়িতে থাকেন। এছাড়াও রাভা সমাজ দক্ষিণপূর্ব এশিয়ায় অন্যতম সুখাদ্য স্টিকি রাইস বা মণ্ড ভাত খান। এই ভাতটি খেতে অসাধারণ – অসাধারণ পুষ্টিকরও। কম্বোডিয়া, হংকং, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ডএ বিভিন্ন দামি হোটেলে সুন্দর করে সাজিয়ে স্টিকি রাইস – বা মণ্ড ভাত খেতে দেওয়া হয় সক্কাল বেলায় প্রাতঃরাশ হিসেবে। এই রাভা সমাজ আজও এই ভাত খান নিজেরা চাল চাষ করে – সকালে এই ভাত খেয়ে তারা কাজ করতে চলে যান জঙ্গলে বা নিজেদের জমিতে। এছাড়াও পাহাড়ী জঙ্গল থেকে বেরোনো নোনাই নদী বা সুল্টুং সহ অন্যান্য ছোট ছোট ঝোরার ছোট ছোট মাছ, কাঁকড়া আর চিংড়ির অসাধারণ সব পদ তৈরি করেন এই মানুষেরা – যার স্বাদ অনাস্বাদিত অন্তত শহরের মানুষের কাছে। এখনো এই গ্রামে রান্নার জন্য গ্যাস পৌঁছয়নি। রান্না হয় জঙ্গলের কাঠে। রান্নার স্বাদই অসাধারণ আজও। বিশেষ করে যারা তেল মশলা একটু কম ভাল বাসেন তাদের কাছে বেত গাছের আগা পোড়া পেঁয়াজ, জঙ্গলের রসুন দিয়ে মাখা অথবা কাঁকড়ার সাধারণ তেল দিয়েই চাটনি বা ছোট মাছের রান্না করা সাধারণ পদ অসাধারণ স্বাদ অনুভব করতে সাহায্য করে। এই পনের দিনে তারা তাদের পরম্পরার খাদ্য রান্না করে বাইরে থেকে যাওয়া অতিথিদের এবং স্থানীয় অংশগ্রহণকারী দক্ষ কারিগরদের জন্য দৈন্দিনভাবে রান্না করেছেন।
রাভাদের যে আশিটা গোষ্ঠী রয়েছে পূর্ব ভারত জুড়ে, তারা প্রত্যেকে কাপড়ে নিজস্ব গোষ্ঠীর নিজস্ব ধরণের নকশা তৈরি করে পরতেন – আজও পরেন – যা দিয়ে তারা পরস্পরকে চিনতে পারেন তারা কোন গোষ্ঠীর মানুষ। গোঁসাইহাট বনবস্তির রাভাদেরও দীর্ঘ দিনের বয়ন বিদ্যার চর্চা ছিল। কিন্তু বিগত দুই তিন দশকে তারা তাদের ঐতিহ্যসম্পন্ন বয়ন বিদ্যার চর্চা হাতে কলমে করছিলেন না। অর্থাৎ নিজেরা আর নিজেদের পরার কাপড় নিজেরা বুনছিলেন না। তারা বাইরের বাজার থেকে পরিধেয় বিগত প্রায় তিন দশক ধরে কিনছেন। অথচ বহু কাল ধরে এই সমাজ তুলো চাষ থেকে শুরু করে কাপড়ে রঙ করা থেকে শুরু করে ঠকঠকি বা তাঁতপোই(কোমরে বাঁধা তাঁতে) তাঁতে কাপড় তৈরি করতে মাহির ছিলেন।
যেহেতু দীর্ঘদিন ধরে ওয়াটাগের সদস্য সংগঠন, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা রাভা সমাজের সঙ্গে জড়িয়ে রয়েছে, রাভা সমাজের বহু মানুষ তাদের সদস্য ফলে তারা রাভা সমাজের মাথাদের কাছে নিবেদন করছিল যাতে তারা তাদের নিজেদের বস্ত্র নিজেরা বুনে নিতে পারে এমন এক ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া। বোনা আর পরার পরে যদি কিছু কাপড় উদ্বৃত্ত হয় তাহলে সংঘ সেই কাপড় তাদের নিজেদের বিক্রয় কেন্দ্র পরম মাটি বা খোলা বাজারে বিক্রি করে দেওয়ায় সাহায্য করবে – কিন্তু প্রাথমিক কাজ হবে রাভা সমাজের নিজেদের হারিয়ে যাওয়া বয়ন ব্যবস্থা উদ্ধার করা – কাপড় বুনে নিজেরা পরা – তার পরে বাণিজ্য। রাভা সমাজের মোড়ল গনাত রাভা এবং তার শিষ্যা সিতিন রাভা সংঘের এই আবেদনে সাড়া দেন। ঠিক সেই সময়েই ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণের পূর্বাঞ্চলীয় দপ্তরের অবরনির্দেশক কাকলী চক্রবর্তী মহাশয়া কালতালীয়ভাবে যৌথভাবে এই ধরণের একটি কর্মশালা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন – যেখানে তাঁরাই সমস্ত খরচ করবেন নিজেদের হাতে। এই তিন পক্ষর সঙ্গে কথা বলে ঠিক হয় দুর্গা পুজো শেষ এবং কালী পুজো শুরুর মাঝামাঝি সময়েই এই ১৫ দিনের কর্মশালাটি আয়োজন করা হবে।
একটি উদ্বোধনী অনুষ্ঠনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনে ছিলেন অবরনির্দেশক স্বয়ং, স্থানীয় বিধায়ক, জেলার জেলাপরিষদের সভাধিপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান।
সেই দিন দুপুরে খাওয়াদাওয়ার পর থেকেই বয়ন দক্ষতায় শান দেওয়ার কাজ শুরু হয়ে যায়। সমাজের মধ্যে থেকেই দক্ষ মহিলা বয়নবিদেরা এক সঙ্গে জড়ো হয়ে এই কাজে হাত লাগান – হয়ত তারা দুতিন দশক তাঁতে হাতই দেন নি – কিন্তু কয়েক হাজার বছরের দক্ষতা তো কয়েক দশকে উপে যেতে পারেনা। তারা অনায়াস দক্ষতায় দুটো গোটা তাঁত তৈরি থেকে বয়নের কাজ শুরু করেদেন কর্মশালার মধ্যেই – সেই তাঁত খাড়া হতে লাগে মাত্র দুদিন – অবিশ্বাস্য – নাদেখলে বিশ্বাসই করতাম না – কি দক্ষতা আজও রয়েছে এই মহিলাদের মধ্যে। তার সঙ্গে চলে দু রকম তাঁতে কাপড় বোনার দক্ষতার শান দেওয়া। সমাজের প্রবীনা এবং দক্ষ কারিগরেরা নবীনদের এই কাজে হাতে তাঁতে শেখানোর দায়িত্ব নিয়েছিলেন এই পনের দিন ধরে।
এ ছাড়াও অবাক হয়ে দেখা গেল এই সমাজে প্রায় প্রত্যেক বিবাহিতা নারীই তকলি আর চরকায় সুতো কাটতে অসাধারণ দক্ষ। ফলে সংঘ বাঁকুড়া বর্ধমান বা নদীয়ায় রাজ্য কৃষি দপ্তরের তুলো চাষের উতপাসন কেনার প্রতিশ্রুতি দিয়েছে, সেই তুলো এই সমাজের দক্ষ কাটুনিদের দিয়ে কাটানো যাবে। আরও তথ্য পাওয়া গেল যে অন্তত কুড়ি বছর আগে এই সমাজে কাপাস তুলোর চাষ হত – সেটাও বন্ধ হয়ে গিয়েছে নানান কারণে। চাষের প্রস্তাব দেওয়ায় তারা নতুন করে কাপাস তুলোর চাষ করার কাজে সম্মতি প্রদান করেছেন। বিশেষ করে এগিয়ে এসেছেন সিতিন রাভা। তিনি বলছেন যেহেতু তারা হাতির উপদ্রবে বছরে মাত্র একবার ধান/ফসল চাষ করতে পারেন, তাই একবার ধান চাষ করার পরই তাদের জমি সারাবছর ফাঁকা থেকে যায়। সংঘ যদি তাদের তুলো চাষে সাহায্য করে তাহলে সে বিষয়ে তাদের কাজ করতে অসুবিধে নেই। তিনি নিজের পাঁচ বিঘে জমি এই কাজে লাগাতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
সঙ্গে উপরি পাওনা ছিল রাভা মুখোশের নতুন জন্ম। রাভা সমাজের মুখোশ নৃত্য বহু পুরোনো কৃষ্টি। কলাবতী মুদ্রা এবং বঙ্গীয় পারম্পরিক কারু বস্ত্র শিল্পী সঙ্ঘ যৌথভাবে বহু কাল ধরে তাঁদের নিবেদন জানিয়ে আসছিলেন তাঁরা যদি এই মুখোশের কাজটি নতুন করে চালু করেন – সংঘের এক সদস্য বিশ্বেন্দু নন্দ এই মুখোশটি ২০০৭ সালে সংগ্রহ করেছিলেন। কিন্তু যে মানুষটি এই কাজ করতেন তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান হয়ে যাওয়ায় সেই কাজ বন্ধ করে দেন। তো এই বস্ত্র বয়নের দক্ষতা শান দেওয়ার অনুষ্ঠানে তিনি নতুন করে উদ্বুদ্ধ হন। আবার তাদের দৈনন্দিন জীবনের বাঁশের নানান ব্যবহার্য দ্রব্য আর তার সঙ্গে মুখোশ তৈরি করা শুরু করলেন এই অনুষ্ঠানে।

Wednesday, October 5, 2016

দেশিয় গ্রাম্য পরম্পরার উতপাদন চর্চা রাভা এবং মেচ সমাজের কর্মশালা


বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ বা কলাবতী মুদ্রার প্রতিষ্ঠাতা দেশিয় গ্রামীন পরম্পরার উদ্যোগীদের অন্যতম প্রধান কাজ সংগঠন মজবুত করা, দেশজ শিল্প, কলা এবং সংস্কৃতি চর্চা করা এবং প্রায় ধ্বংস হতে বসা বা ধ্বংস হয়ে যাওয়া উতপাদন-বিতরণ ব্যবস্থাগুলিকে নতুন করে গড়ে তোলা।
তো এই কাজে দুটি ফল ফলেছে, ফুলিয়াতে হরিপদ বসাকের নেতৃত্বে সুতো কাটিয়ে প্রাকৃতিক রঙ্গে ছুপিয়ে কাপড় তৈরির কাজ চলেছে। তার আরও একটা ফল ফলেছে অনুপমদা, সৌমিকদা এবং সঙ্গীতশেখরদাদের উদ্যোগে যে দেশি তুলো চাষ হচ্ছে, সেগুলিকে নিয়ে সুতোয় রূপান্তরিত করা। ফলে একটা পরিকাঠামো তৈরির কাজ চলেছে।
এবারে চেষ্টা চলেছে জলপাইগুড়িতে গনাত আর সিতিন রাভাদের গ্রামে রাভা কাপড় তৈরি যাতে করানো যায়। সিতিন নিজে উদ্যোগী হয়েছে। সেখানে তাদের যে তাঁত ছিল তা অকেজো হয়ে বসে রয়েছে - সিতিনেরা এখন মূলত কাপড় কিনে পরেন। এগিয়ে এসেছেন ভারত সরকারের আন্থ্রোপলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া - তাঁরা সিতিনদের তিনটে তাঁত দিচ্ছেন। এবং সেই নিয়ে ১০ দিনের একটি কর্মশালা করবেন সিতিনদের গ্রামে - অসাধারণ সেই গ্রাম। নেমন্তন্ন রইল। সেই সুতো যদি সিতিনরা কাজে লাগাতে পারে তাহলে সোনায় সোহাগা। আর নিজেদের উতপাদন তারা নিজেরাই পরবেন আর যদি কিছু উদ্বৃত্ত হয় তা হলে তো পরম মাটি রইলই।
আলিপুর দুয়ার জেলার মেচ গ্রাম মধ্য নানারথলী। দারেন্দ্র ঈশ্বরারীর গ্রাম। তিনি আজ নেই। কিন্তু তাদের ছেলে মেয়েরা মেচি নদীতে মাছ ধরার কাজ ভুলেছে। একই সঙ্গে তাদের মাছ ধরার সরঞ্জাম তৈরিও নিয়েও একটা প্রশিক্ষণ কর্মশালা করবেন তাঁরা।
২৭ আশ্বিন টেকে ১১ কার্তিক ১৪২৩, ১৪ থেকে ২৮ অক্টোবর ২০১৬ দুই স্তরে দুই প্রতিবেশী জেলায় চলবে এই কর্মশালা। এই দুটি গ্রামের দূরত্ব প্রায় ৮০ কিমি।
আমরা কৃতজ্ঞ সংস্থার ডেপুটি ডিরেক্টর ড কাকলি চক্রবর্তী এবং তার দপ্তরের দলের কাছে যিনি কলাবতী মুদ্রার কাজ দেখে এগিয়ে এসেছেন এই দুটি কর্মশালা রূপায়ন করতে।
কলাবতী মুদ্রার কাজ শুধু যোগাযোগ করিয়ে দেওয়া।
নিচে আপনাদের সক্কলের জন্য নেমন্তন্ন রইল।
রাভা আর মেচ গ্রামে কর্মশালায় যোগদার আর ঘোরা দুইই হবে।
খারাপ হবে না। তাই না?