Showing posts with label বুকপকেট. Show all posts
Showing posts with label বুকপকেট. Show all posts

Wednesday, October 16, 2013

কালীঘাটের পটচিত্র, Kalighat Drawings




কালীঘাটের পটচিত্র, Kalighat Drawings




কালীঘাটের পটচিত্র, Kalighat Drawings




কালীঘাটের পটচিত্র, Kalighat Drawings




 



কালীঘাটের পট৫, Kalighat Drawings5

অঞ্জন সেন
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বুকপকেট নামক একটি অন্তর্জাল পত্রিকায়। লিঙ্কটি হলhttp://bookpocket.net/archives/lekha/kalighat-pot
অনবদ্য পরম্পরাগত পৌরাণিক চিত্র অনেকগুলি দেখা গেছে। একটি গোষ্ঠলীলা পটের বিবরণ দিচ্ছেন অজিত ঘোষ, ‘প্রায় একশত বৎসর পূর্বে আঁকা এই ছবিখানি আকারে বড়ো, রূপকল্পনায় ও বর্ণসুষমায় চমৎকারজনক। রবিকরোজ্জ্বল আকাশের তলে নীল যমুনার ধারা আর উন্মুক্ত ছত্রাকারে দণ্ডায়মান পুষ্পিত তিনটি কদম বৃক্ষ – নীল ও সাদার নিপুণ প্রয়োগে বিকশিত পুষ্পস্তবক ও ঘনশ্যাম প্রচুর পল্লব যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা বিশেষভাবে মনোহারী – এই পটভূমিতে গোধন ও রাখাল সখাগণে পরিবৃত কৃষ্ণ-বলরামের গোষ্ঠলীলার সজীব সুন্দর একখানি আলেখ্য। বিলাতি জলরঙে ছাপা ছবি বা এনগ্রেভিং শিল্পী দেখে থাকবেন, তারই স্মৃতি থেকে সন্দেহ নেই, ছায়া সুষমারও প্রয়োগ করেছেন এওন বুঝে-সুঝে আর এত নিপুণভাবে যে, এই চিত্র রূপকল্পনার এই উর্ধ্বস্তরে উন্নীত হয়েছে। চিরাগত রেখাছন্দ আর রূপসন্নিবেশের দক্ষতা তো আছেই।’ (বিশ্বভারতী পত্রিকা) ছবিটি ইংল্যান্ডে আছে। এই বর্ণনায় বোঝা যায় সাদাকালোর সাবলীল রেখাছন্দের মধ্যে এসে গেছে অনুচিত্রের সূক্ষ্মতা। অবশ্যই এটি পরবর্তীকালের।
ভারতীয় চিত্রকলায় রেখার প্রাধান্য ও সাবলীলতার কথা আমরা আগে আলোচনা করেছি। অজন্তা থেকে সমস্ত ভারতীয় চিত্রকলার ঐতিহ্যে এটি চলে আসছে। কালীঘাটের পটুয়ারাও পরম্পরাগত পুরুষানুক্রমিক শিল্প শিক্ষা থেকে এ গুণ আয়ত্ত করেছেন।
কালীঘাট পট চিত্রের গৌরব ১৮৮১ থেকেই যে অস্তমিত তা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লিখেছেন। ছবির বাজারে চলে এসেছে লিথো, বিদেশে ছাপা ওলিওগ্রাফ যা দামে আরও সস্তা। লোকে ক্রমে সেগুলিই সংগ্রহ করতে শুরু করল, তবুও কালীঘাটের পট তার ‘অস্তঙ্গত মহিমা’ নিয়ে চলছিল, ১৯৩০ নাগাদ তা প্রায় বিলুপ্ত হল। যদিও ১৯৩০-এর পরও কিছু পট আঁকা হয়েছে। তার শিল্পগুণ থাকলেও নেই সমাদর ও বাজার। শ্রীশচন্দ্র চিত্রকর এরকম সময়ের এক গুণী শিল্পী।
উনিশ শতকে ঔপনিবেশিক চিন্তায় আচ্ছন্ন বাঙালি বুদ্ধিজীবীরা যে শিল্পের মূল্য বোঝেননি, বিংশ শতকের গোড়া থেকে তার মূল্য কিছু কিছু শিল্পরসিক বুঝতে পেরেছিলেন। অবনীন্দ্রনাথ, গুরুসদয় দত্ত, নন্দলাল বসু, অজিত ঘোষ প্রমুখ। কালীঘাটের পট অবলম্বন করে সে সময়ে সুনয়নী দেবী ও যামিনী রায় ছবি এঁকেছেন। এসময়ের বিখ্যাত চিত্রকর যোগেন চৌধুরীর মধ্যেও কালীঘাটের পটের কিছু বৈশিষ্ট্য ক্ষীণভাবে দেখা যায়।

তথ্যের জন্য জয়তীন্দ্র জৈন, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অজিত ঘোষ ও পরিমল রায়ের কাছে ঋণী। চিত্রগুলি ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ম, হারুইচ সংগ্রহ ও চিত্রকূট আর্ট গ্যালারি থেকে সংগৃহীত।

কালীঘাটের পট৪, Kalighat Drawings4

অঞ্জন সেন
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বুকপকেট নামক একটি অন্তর্জাল পত্রিকায়। লিঙ্কটি হলhttp://bookpocket.net/archives/lekha/kalighat-pot
অজিত ঘোষ, বীরেশ্বর বন্দোপাধ্যায়, গুরুসদয় দত্ত, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভোলানাথ ভট্টাচার্য প্রমুখরা কালীঘাটের পটের সম্পর্কে অনেক তথ্য রেখে গেছেন, কিন্তু কোনও বাঙালি শিল্প ঐতিহাসিক কলাসমালোচক কালীঘাটের পট নিয়ে দীর্ঘ গবেষণামূলক কাজ করেননি যা করেছেন শ্রী জয়তীন্দ্র জৈন। আর্চার ছাড়া চেক গবেষিকা Hana Kinzkova-র ‘দি ড্রইংস অফ দি কালীঘাট স্টাইল,’ প্রাগ, ১৯৭৫ বইটিও উল্লেখযোগ্য। কালীঘাট পটুয়া পরিবারের মেয়েরা ছবি আঁকতেন না, তাঁরা পুরুষদের ছবি আঁকার কাজে সহযোগিতা করতেন। যেমন রঙ গোলা, তুলি তৈরি রাখা ইত্যাদি। এঁরা পুতুল তৈরি করতেন। আগেই বলা হয়েছে নানান জাতির শিল্পীরা কালীঘাট পট আঁকতেন – কুম্ভকার, সূত্রধর, সদগোপ। পরবর্তীকালে একই পটচিত্রের কপি হয়েছে একাধিক। যামিনী রায়ের ছবির মতো। শুধু দক্ষিণ পশ্চিমবঙ্গ নয়, পূর্ববঙ্গ থেকেও শিল্পীরা এসেছেন। ঢাকার পটুয়াটুলি অঞ্চলের বাসিন্দা গণেশ পালের দুই ছেলে শশধর ও হলধর, কালীঘাটে এসে রজনীকান্ত পটুয়ার কাছে পট আঁকা শেখেন। কালীঘাটের পটশিল্পের অন্তিম পর্যায় ১৯৩০ সাল পর্যন্ত শশধরের পট আঁকার খবর পাওয়া গেছে শ্রী পরিমল রায়ের কাছে।
পটুয়াদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, বিশেষ করে প্রথম দিকের পটুয়াদের সম্পর্কে। তবে নীলমণি দাস, বলরাম দাস, গোপাল দাস এঁদের নাম জানা যায় (১৮৯২-১৯৬৬)। পরবর্তী কালের পটুয়া রজনী চিত্রকর, খুবই সংক্ষিপ্ত একটি জীবনী লিখে গিয়েছিলেন। তাঁর জন্ম মেদিনীপুরের আকুবপুর গ্রামে এক কুমোর পরিবারে। ‘আমরা পুরুষানুক্রমে ছবি আঁকা প্রতিমা নির্মাণ, পটচিত্র লেখা প্রভৃতি যাবতীয় বৃত্তি অবলম্বন করিয়া পূর্বপুরুষের ভিটা আকুবপুর গ্রামে আজ প্রায় দুইশত বৎসর বসবাস করিতেছি’ (রজনী চিত্রকর, অন্বিষ্ট-পট সংখ্যা)। এ থেকে দেখা যায় কুমোর বা মৃৎশিল্পীরা পুরুষানুক্রমে ছবি বা পট আঁকতেন। রজনী চিত্রকর, বলরাম ঘোষ, নিবারণ দাস প্রমুখ প্রখ্যাত পটুয়াদের কাছে পট আঁকা শিখেছেন আবার ‘প্রখ্যাত শিল্পী চিন্ময়ীলাল চিত্রকরের সহকর্মীরূপে বেহালার সাধন চৌধুরীদের রথে আন্দুল মৌড়ীর জমিদারদের রথে ছবি লিখিয়া প্রশংসা অর্জন’ করার কথা বলেছেন, ময়ূরভঞ্জের মণ্ডপ সজ্জা, প্রদ্যোৎকুমার ঠাকুরের বাগানবাড়ি ‘চিত্রপুরী’র কুঠিতে বহুদিন চিত্রাঙ্কন ও প্রতিমা নির্মাণ করার কথা বলেছেন। অর্থাৎ শুধুমাত্র পট এঁকে এঁদের জীবিকা নির্বাহ হত না, এর আগেকার কালীঘাটের পটুয়াদের ক্ষেত্রেও এইরকম বিবিধ শিল্পকর্ম করে থাকা সম্ভব।
 এ দেশের চিত্রকলায় কালীঘাটের পটুয়ারাই প্রথম নাগরিক জীবনযাপন তুলে আনলেন। আগে জাতপটুয়াদের পটে, পুথিচিত্রে, বিষ্ণুপুরি চৌকা পটে, দেবদেবী, পৌরাণিক উপাখ্যান, জাদু ও লোকায়ত কিছু বিশ্বাস দেখা গেছে, নাগরিক জীবন বা দৈনন্দিন জীবনের চিত্র নেই। অবশ্য মন্দির গাত্রের টেরাকোটায় কিছু কিছু সমকালীন বিষয় – যেমন সাহেব বিবি, নানান নৌকা ইত্যাদি দেখা গেছে। উনিশ শতকের গোড়ায় কলকাতা শহরে দ্রুত নগরায়ণ শুরু হল, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসতি স্থাপন করল, এলেন ভিন্ন প্রদেশের লোক ও প্রচুর ইওরোপীয়। এরই অভিঘাত পড়ল কালীঘাটের পটে। বাংলার ব্যঙ্গ চিত্রের সূচনাও কালীঘাটের পটে – বাবু কর্তৃক বিবির পদ সেবা, ভণ্ড বৈষ্ণবের মাথায় একটা পাখি – এরকম অনেকগুলি ছবি দেখা যাচ্ছে। কিছু কিছু ছবিতে রয়েছে ‘বাবু কালচার’কে বিদ্রূপ করার লক্ষণ।

কালীঘাটের পট৩, Kalighat Drawings3

অঞ্জন সেন
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বুকপকেট নামক একটি অন্তর্জাল পত্রিকায়। লিঙ্কটি হল http://bookpocket.net/archives/lekha/kalighat-pot
যে সব বিদেশি উনিশ শতকে এই পট সংগ্রহ করেছেন তাঁরা অনেকেই ছিলেন ধর্মযাজক। কেউ সংগ্রহ করেছিলেন এ দেশের দেব-দেবীর নমুনা হিসেবে আবার কেউ বা শিল্প হিসেবে। দামও ছিল অল্প। একেবারে সাধারণ দরিদ্র তীর্থযাত্রী এগুলি অনায়াসেই সংগ্রহ করতে পারতেন দু-চার পয়সা দিয়ে। পরে অবশ্য দাম বেড়ে এক আনা দু-আনা হয়। সে সময়ে কীরকম দাম ছিল তা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখায় ও ইন্ডিয়ান মিউজিয়াম বুলেটিন ১৯৮৯-এ পাওয়া যায়। কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম, আশুতোষ সংগ্রহশালা, গুরুসদয় মিউজিয়াম ও পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব বিভাগের বেহালার সংগ্রহশালায় দেখা যাবে। অজিত ঘোষ, গুরুসদয় দত্ত প্রমুখেরা বিশ শতকের প্রথমার্ধে অনেক পট সংগ্রহ করেছিলেন। বিশ্বভারতী কলাভবনেও কিছু কালীঘাটের পট আছে, আছে বেনারসের ভারত কলা ভবনে। কালীঘাটের পট নানান আকারের হত, ভারত কলাভবনে পোস্টকার্ড সাইজের কিছু পট আছে আবার বিংশ শতাব্দীর প্রথম দিকে বড়ো আকারের পটও আঁকা হত, শ্রী পরিমল রায়ের সংগ্রহে এরকম কিছু পট আছে।
বাঙালি পটুয়ারা ইংরেজ চিত্রকরদের দেখে কালীঘাটের পট আঁকতে শুরু করেছিল এরকম ভুল ধারণা কিছু কিছু প্রবন্ধে দেখা যায়। আর্চার সাহেব তাঁর কালীঘাটের পট বিষয়ক গ্রন্থে এরকম কথা লেখার পর কিছু কিছু ভারতীয় স্বল্প পরিশ্রমী শিল্পালোচক এ ধারণাটি আর্চারকে অনুসরণ করে প্রচার করেন। আর্চার সাহেব তাঁর বইতে ব্রিটিশ  চিত্রকর অঙ্কিত একটি কুটিরে কালীঘাটের পট বলে যা দেখিয়েছেন তা আদৌ কালীঘাটের পটই নয়, এরকম আরও কিছু ভুল তাঁর গ্রন্থে দেখা যায় এমনকী পরবর্তী চিত্রে লিখিত স্থান নামও ভুল। ডঃ ব্রতীন্দ্রনাথ মুখোয়াধ্যায়ের কাছে আমরা ঋণী। তিনি তাঁর নিবন্ধে বিস্তারিতভাবে এই ভুলগুলি দেখিয়ে দিয়েছেন এবং কালীঘাটের পটের পূর্বাভাস হিসেবে বহড়ুর দেওয়াল চিত্র (১৮২৬?) এবং আরও কিছু দৃষ্টান্ত দিয়েছেন। বাঙালি শিল্পীরা ইউরোপীয় শিল্পীদের আগমনের আগে থেকেই শেডিং করতে পারতেন। কাগজের ওপর ছবি আঁকা পুঁথিচিত্র ও পটে পাওয়া যায়। স্বচ্ছ গুয়াস বা টেম্পেরা দেশি শিল্পীদের অজ্ঞাত ছিল না, অষ্টাদশ শতকের আগে থেকেই এ সব উপাদান বঙ্গের চিত্রকলায় এসেছে। প্রাথমিক পর্যায়ের কালীঘাটের পট একান্তভাবেই দেশীয় উৎসের, আঞ্চলিক উৎসের মৌলিক সৃষ্টি। পরবর্তী পর্যায়ের পটুয়ারা অবশ্য ইউরোপীয় চিত্রকরদের কাজ দেখেছিলেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। রাজস্থানি অনুচিত্রও পরবর্তী পর্যায়ে কালীঘাটের পটে চলে এল।
 প্রাথমিক পর্যায়ে পটুয়ারা সরাসরি তুলি দিয়ে রেখাঙ্কন করতেন তারপর রঙ লাগাতেন অর্থাৎ কোনোরকম পেনসিল ড্রইং-এ ছবিটির খসড়া করে তার ওপর তুলি ও কালি লাগানোর প্রথা ছিল না। পররবর্তীকালে পটুয়ারা পেনসিল ড্রইং করতেন। অর্ধসম্পূর্ন কিছু পটের নমুনা গুরুসদয় সংগ্রহশালায় আছে। এতে নিবারণ চন্দ্র ঘোষ (১৮৩৫-১৯৩০), কালীচরণ ঘোষ (১৮৪৪-১৯৩০) প্রমুখ পররবর্তী দক্ষ পটুয়াদের পেন্সিল ব্যবহার দেখা যায়। হারউইৎস সংগ্রহেও এরকম কিছু পট আছে। ঘোষ ভ্রাতৃদ্বয় জাতিতে কুম্ভকার বা সূত্রধর নয়, সদগোপ। ২৪ পরগণার গড়িয়া থেকে তাঁরা কালীঘাটে আসেন। নকুলেশ্বরতলায় তাঁদের পট বিক্রয় কেন্দ্র ছিল।

কালীঘাটের পট২, Kalighat Drawings2

অঞ্জন সেন
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বুকপকেট নামক একটি অন্তর্জাল পত্রিকায়। লিঙ্কটি হল http://bookpocket.net/archives/lekha/kalighat-pot

দুঃখের বিষয় কালীঘাটের পট উনিশ শতকের তথাকথিত শিক্ষিত বাঙালিদের দৃষ্টি আকর্ষণ করেনি, তাঁরা মত্ত ছিলেন ইউরোপীয় আকাদেমিক আর্ট নিয়ে, দেশীয় শিল্পকলাকে এঁরা অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন। এর ফলে দেশীয় উৎসের মৌলিক সৃষ্টির ধারা ব্যাহত হল। ব্যতিক্রম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তাঁর ‘আর্ট ম্যানুফ্যাকচারস অফ ইন্ডিয়া’ (১৮৮৮) গ্রন্থে পটুয়াদের কথা উল্লেখ করেছেন এবং ওই সময়ে কালীঘাটের পটশিল্প যে পড়তির মুখে সে কথাও উল্লেখ করেছেন। ত্রৈলোক্যনাথ ইংল্যান্ডে ভারতীয় শিল্প প্রদর্শনীর সময় কিছু কালীঘাটের পট নিয়ে গিয়েছিলেন।
 বিদেশিদের কাছে কালীঘাটের পটের সমাদর তার আগেই শুরু হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন ১৮৫৪ থেকে ১৮৭১ কালীঘাটের পট চিত্র শৈল্পিক উৎকর্ষের শিখরে উঠেছিল। বিদেশে কালীঘাট পট সংগ্রহের কয়েকটি বিবরণ দিলাম –
 ১) ইংল্যান্ডের টমাস ম্যাকবেথ ১৮৫৪-৫৫-এ কলকাতায় ছিলেন, ওই সময় ২৬টি পট সংগ্রহ করে নিয়ে যান যেগুলি ইন্ডিয়া অফিস লাইব্রেরি, লন্ডন-এ সংরক্ষিত ছিল। টমাস ম্যাকবেথের এ বিষয়ে হাতে লেখা নোট হারউৎট্‌স সংগ্রহে আছে।
২) ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে আরও ৪৮টি পট আছে যার মধ্যে ১৭টি ১৮৭০-৭১এ লন্ডনে আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল।
৩) স্যার মনিয়ের উইলিয়ামস এর সংগ্রহে আছে অক্সফোর্ডের Bodleihn লাইব্রেরিতে।
 ৪) জে লকউড কিপলিং (রেডিয়ার্ড কিপলিং-এর বাবা)সংগ্রহ আছে ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামে। ওই মিউজিয়ামের মোট সংগ্রহ ৬৫০টি কালীঘাটের পট।
 ৫) প্রাগ-এর Naprstcr মিউজিয়ামে আছে ২৬টি কালীঘাটের পট, এগুলি ১৮৭৪-৭৮-এর মধ্যে সংগ্রহ করা।
 ৬) রাশিয়ার ডিমিট্রি আলেকসান্দারোভিচ রভনস্কি ১৮৭৪- কলকাতা থেকে ৬২টি পট সংগ্রহ করে নিয়ে যান ; এগুলি আছে মস্কোর পুশকিন মিউজিয়ামে।
 এছাড়া ইউরোপের অনেক জায়গায় কালীঘাটের পট উনিশ শতকের বিভিন্ন সময়ে পৌঁছে গিয়েছিল।  ফরাসি শিল্পী মাতিস কালীঘাটের পট দেখে উৎসাহিত হয়েছিলেন এ তথ্য অনেকেই দিয়েছেন। পিকাসোও কালীঘাটের পট দেখেছেন। এঁদের কোনো কোনো চিত্রে কালীঘাটের রেখাঙ্কনের ছায়া দেখা যায়।
 আমেরিকার হারউইটৎস দম্পতি বিগত শতাব্দীতে পাঁচশোরও বেশি কালীঘাটের পট এবং অনেক তথ্য সংগ্রহ করেন, তাঁদের মৃত্যুর পর সংগ্রহটির বর্তমান অবস্থান জানতে পারিনি।
কলকাতায় রেল সংযোগ শুরু হওয়ার পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আরও বেশি সংখ্যায় কালীঘাটের মন্দির দর্শনে আসতেন, তাঁরাও কালীঘাটের পট সংগ্রহ করে নিয়ে যেতেন। রাজস্থানের শেখায়টি দেওয়াল চিত্র, ফ্রেসকো, রাজস্থানি অনুচিত্র সংগ্রহের একটি কেন্দ্রস্থল, ওখানেও বহু সংখ্যক কালীঘাটের পট সংগৃহীত হয়েছিল উনিশ শতকেই। দক্ষিণ ভারতীয় তীর্থযাত্রীরাও বহু সংখ্যক পট সংগ্রহ করেছেন। পটের ওপর তামিল ভাষায় কিছু লেখা এরকম বহু পট হারউইট্‌ৎস সংগ্রহে ছিল, জয়তীন্দ্র জৈন তাঁর কালীঘাটের পট বিষয়ক গ্রন্থে মুদ্রিত করেছেন তার কিছু নমুনা।

কালীঘাটের পট১, Kalighat Drawings1

অঞ্জন সেন
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বুকপকেট নামক একটি অন্তর্জাল পত্রিকায়। লিঙ্কতি হল http://bookpocket.net/archives/lekha/kalighat-pot
কালীঘাটের পট বাংলার শিল্পীদের মৌলিক অবদান। এ ধরনের চিত্র ভারতে বা বিশ্বের অন্য কোথাও আগে আঁকা হয়নি। দেশীয় শিল্পের চলমান ধারা থেকেই এর উদ্ভব। তুলির বলিষ্ঠ চালনায় এর সূত্রপাত। প্রয়াত ভাস্কর প্রদোষ দাশগুপ্তকে একবার তাঁর এক বন্ধু দুটি ড্রয়িং দেখান, পাশাপাশি রাখা, একটি কালীঘাটের পট অপরটি পিকাসোর শ্রইং চিংড়ি মাছ। প্রদোষবাবুর মতো অত অভিজ্ঞ ভাস্করও ধরতে পারেননি কোনটি পিকাসোর কোনটি কালীঘাটের পটুয়ার, এমনই সে সাবলীল রেখার শক্তি।
 কালীঘাটের পট আঁকা শুরু করেন কুমোর সম্প্রদায়। এঁরা প্রতিমা ও পুতুল তৈরি করতেন, প্রতিমা তৈরির সময় চালচিত্র আঁকতেন। কালীঘাটের মন্দির নতুন করে তৈরি হয় ১৮০৯ সালে। ধীরে ধীরে তীর্থযাত্রীদের আসা যাওয়া বাড়তে থাকে। এই তীর্থযাত্রীদের জন্যই কুমোর শিল্পীরা কালীঘাটে পট আঁকা শুরু করেন, তীর্থযাত্রীরা ফেরার সময় পট কিনে নিয়ে যেতেন। সম্ভবত ১৮৩০ বা কিছু আগে পরে কালীঘাটের পটের বহুল প্রচলন হয় এবং প্রথম দিকে এগুলি ছিল সাদা কাগজে কালো কালির সাবলীল ড্রইং। চিত্রগুলির ডৌলতা প্রতিমার ডৌলতার মতো, এ থেকেই বোঝা যায় মূলত প্রতিমা ও পুতুল তৈরির শিল্পীরা এই ধরনের পট আঁকা শুরু করেন। প্রতিমার চালচিত্রে কুমোরদের অঙ্কিত যে চিত্রগুলি দেখা যায় তার সঙ্গেও কালীঘাটের রেখাচিত্রগুলির মিল আছে। এই শিল্পীরা এসেছিলেন দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। প্রথম দিকে কেবল দেবদেবীর মূর্তি আঁকা হত, পরে তা নানান সামাজিক ঘটনাবলীর দৃশ্যরূপ, কোথাও নটি, বাবু, নাটকের দৃশ্য, গুরুঠাকুর, মেছুনি, নর্তকী, কামাখ্যার পুরুষদের ভেড়া বানানো। তারকেশ্বরের মহান্ত আর এলোকেশীকে নিয়েও আঁকা হয়েছে বহু সংখ্যক পট। কালো কালির ড্রয়িং থেকে পটুয়ারা রঙিন পট আঁকতে আরম্ভ করলেন, আরম্ভ করলেন বিলিতি জলরঙে আঁকা। বহু সংখ্যক রঙিন পট আজও সংগ্রহশালাগুলিতে দেখা যায়।
 অনুমান করা হয় চিৎপুরের চিত্তেশ্বরীর মন্দিরের (প্রতিষ্ঠা ১৬১০?) কাছে এক শ্রেণির পটুয়ারা থাকতেন, ওই ওঞ্চলে ডাকাতের প্রবল উৎপাতে তাঁরা কালীঘাটে চলে এসেছিলেন। সূত্রধর সম্প্রদায়ের শিল্পীরা আরও কিছু পরে এসেছিলেন। বাংলার সূত্রধর শিল্পীদের আলাদা একটা শৈলী ছিল যা আমরা পুঁথির পাটাচিত্রে, মন্দির গাত্রের টেরাকোটায়, কাঠের পুতুল বা মূর্তিতে আরও অনেক আগে থেকেই দেখে আসছি। কুমোর সম্রদায়ের শিল্পীদের অঙ্কনে যে প্রতিমাসুলভ ডৌলতা দেখা যায় সূত্রধর সম্প্রদায়ের শিল্পীদের অঙ্কনে তার পরিবর্তে আছে ঋজুতা। কালীঘাটের পটে কোথাও কোথাও এই দুই শ্রেণির শিল্পীদের আদান প্রদান ঘটেছে।
কালীঘাটের পটুয়াদের সঙ্গে অনেকে ভুল করে জাত পটুয়াদের গুলিয়ে ফেলেন। জাত পটুয়ারা ধর্মে মুসলমান, দীঘল পট বা লাটাই পট দেখিয়ে এঁরা গান করে ঘুরে বেড়ান মূলত পৌরাণিক আখ্যান নিয়ে। এছাড়া ওই শৈলীতেই পড়ে গাজি পট, যম পট, সাঁওতালি পট। এঁরা বহু প্রজন্ম থেকেই এভাবে পট দেখিয়ে গান গেয়ে ঘুরে বেড়ান, এখনও এঁদের অস্তিত্ব রয়েছে। এই জাত পটুয়া সম্প্রদায়ও অনেক উৎকৃষ্ট চিত্র সৃষ্টি করেছেন কিন্তু কালীঘাটের পট এঁদের সৃষ্টি – এ ধারণা ভুল আর এঁদের চিত্রকলা লৌকিক পর্যায়েরও।