Showing posts with label মুখোশ. Show all posts
Showing posts with label মুখোশ. Show all posts

Wednesday, October 18, 2017

ইওরোপিয় কমিশনের ফান্ডিং নিয়ে কারা গ্রাম বিকাশের কাজ করেন

বাংলা নাটক ডট কমের ইওরোপিয় কমিশনের ফান্ডিং আছে এটা জানি এবং সেটা কয়েক কোটি টাকার। এছাড়াও বহু রাজ্য সরকারের প্রচুর দপ্তরের এওয়ারনেস প্রোগ্রামের কাজ করে থাকে, এবং সে বাবদে অপরিসীম অর্থ রোজগার করে। গত দুবছর মমতা সরকার লোকপ্রসার প্রকল্পের শিল্পিদের দিয়ে সব ধরণের অনুষ্ঠান করাচ্ছেন, ফলে বাংলায় তাঁদের কপাল পুড়েছে এবাবদে।
 
ওনাদের সঙ্গে বড় আমলাদের সম্পর্ক অস্বাভাবিক ভাল, চুটকিতে তাঁরা তাঁদের বিদেশ ভ্রমণ করান। ফলে সরকারি বেসরকারি ফান্ডিং তাঁদের কাছে নস্যি। ব্যবসা এর উপজাত কর্ম - শুধু ব্যবসা করে এই ধরণের ব্যবস্থাপনা চালানো যায় না।
---
গত দেড় বছর আগে, বছর আপনাদের যদি মনে থাকে দেখবেন আমরা বিশ্ববাংলার মুখোশ প্রদর্শনীতে(যেটা শুরু হয়েছিল মোহরকুঞ্জে) বাংলার সব ধরণের মুখোশ দিয়েছিলাম। এই মেলাটার উদ্যোক্তা ছিলেন কিন্তু বাংলা নাটক - যায়গা নিয়েছিল বিশ্ববাংলা - মধুদা আর সন্তোষকে শেষ মুহূর্তে কাজ দেখাবার জন্য নিয়ে আসা হয়। দক্ষিণবঙ্গের মহুল করার মুখোশ থেকে শুরু করে রাবণ কাটা থেকে দার্জিলিঙ্গের ছম সব ছিল। বিশ্ববাংলার বাংলার মুখোশের বইটার প্রথম সংস্করণ যদি কেউ দেখেন তাহলে দেখবেন একটা নকল রাবণকাটা মুখোশএর ছবি দেওয়া আছে। সেটা মহিষবাথানের/কুশমণ্ডির(শিল্পীর নাম আর সংগঠনের নাম বলছি না, যাদের সঙ্গে ওঁরা এখন মেলা করছেন।) মুখা শিল্পিকে দিয়ে বানিয়েছেন। ওঁরা রাবণকাটা মুখোশ শিল্পীই পান নি। শেষে আমাদের হাত দিতে হয় এবং সেই মেলায় রাবণকাটার দুটো মুখোশ দিতে পারি। 
---
শুধু বাউল ফকিরদের কথা কি বলছেন, যে দশটা যায়গায় তাঁরা অনুষ্ঠান করছেন সেখানেই শিল্পীদের মধ্যে বিপুল গন্ডগোল সৃষ্টি হয়েছে। শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে।
পাঁচমুড়াতে গিয়ে দেখবেন, যে কমুনিটি হল ব্যবস্থা তাঁরা বানিয়েছেন, সেটা ব্যবহারযোগ্য নয়, আর ভাড়াও প্রচুর, গ্রামে অতটাকা দিয়ে কে এই কাঠামো ভাড়া নেবে? প্রত্যেক জায়গায় একই ঘটনা ঘটছে। 
প্রজেক্টের উতপাতের ধন চিতপাতে।
---
শুনেছিলাম বিশ্ববাংলার সঙ্গে ওঁদের সম্পর্ক ভাল। দেখলাম বিশ্ববাংলা যে দুটো প্রদর্শনী করেছেন বাংলার পুতুল আর বাংলার মুখোশ সে দুটিতে আমরাই তাঁদের সাহায্য করি। পুতুল খুঁজে আনায় Somaর অবদান ভোলার নয়। এটা নিয়ে বিশদ লেখার ইচ্ছে আছে, আমি আর সোমা যেভাবে নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে গাড়ি নিটে গোটা দক্ষিণ বঙ্গ থেকে পুতুল জোগাড় করেছি তা উপন্যাসকেও হার মানায়। বিশ্ববাংলা 
আমাদের সদস্যদের থেকে এবছরও পুতুল কিনছেন, তার ইতিহাস জানছেন জানাচ্ছেন শিল্পীকে সম্মান দিচ্ছেন এটাই অনেক।

শেষ পর্যন্ত ওদের মত বিশ্ববাংলা সমাজ সেবার ঘোমটা রাখছে না। তারা ব্যবসা করছেন, এবং এই ব্যবসায় কারিগরদের লাভ হচ্ছে। মধুদার মুখোশ কলকাতায় ক্রেতা দুজন বিশ্ববাংলা আর Soumenদা। তাদের ওয়েবসাইটে যান দেখবেন দ্বিতীয় মুখোশ মধুদার।

Tuesday, January 31, 2012

পারম্পরিক সংস্কৃতিময় ভ্রমণের ঝাঁপিঃ চড়িদা


মধ্যরাতে ছৌ-নাচ, মানুষের ভগ্ন দেহে দেবতার মুখোশ পেখম
কাড়া-নাকড়ার শব্দে কেঁপে ওঠে দশদিক, চতুর্থ প্রহর
মন্দিরে মন্ত্রের মতো ধ্বনি জাগে, যাগযজ্ঞে আছি মনে হয়
ঝর্ণা নামে রক্তস্রোতে, অব্যক্ত ও অব্যাহতিহীন কলরোল শুধু কলরোল।
- পুর্ণেন্দু পত্রী

অসামান্য সচেতন নাকউঁচু কবি পুর্ণেন্দু পত্রীও কবিতায় ছৌ শব্দটি যে কেন ব্যবহার করলেন। শব্দটি কিন্তু ছো। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলে আজও দৈনন্দিনের নানান অনুষঙ্গে ছো শব্দটি অবলীলায় ব্যবহার করেন অসামান্য গ্রামীণেরা। যে গ্রামটি জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া শব্দকে জুড়েদেন নিজেদের সাংস্কৃতিক ক্ষুত পিপাসা প্রদর্শণের আঙ্গিকের সঙ্গে, সেই গ্রামটার নাম বাঙলার সাংস্কৃতিক মানচিত্রে অক্ষয় হয়ে রয়েছে তীর্থক্ষেত্রের গরীমাময় মর্যাদায়। স্থানীয় ভাষায় চোড়দা, শহুরে পালিশকরা ভাযায় চড়িদা, জেলা পুরুলিয়া। পারম্পরিক সংস্কৃতিময় বাঙলায় ছো মুখোশ নৃত্যের সঙ্গে চড়িদা শব্দটি একই নিশ্বাসে উচ্চারিত হয় আজও। এই গ্রামেই সুত্রধর সম্প্রদায়ের মানুষ অদম্য উত্সাহে ছোএর মুখোশ তৈরি করেন। আসামান্য তার কারিগরী দক্ষতা। অসাধারণ তার শিল্পমূল্য। বলেরাখি বাঙলার পারম্পরিক শিল্পকলার প্রযুক্তি নথিকরণ করতে থাকার সংগঠণ, কলাবতী মুদ্রা, শেষতম দুর্গা উত্সবটিতে চোড়দা গ্রাম থেকেই অসামান্য কিছু ছোএর মুখোশ পাঠাতে পেরেছিল মুম্বাইএর এক দুর্গাপুজোয় মন্ডপ সাজানোর কাজে। শিল্পীরা দাম পেয়েছিলেন ভালই। চোড়দা এমন একটি গ্রাম যেখানে বাঙলার অন্যতম নৃত্য আঙ্গিক, ছো নাচে পারম্পরিক পদসঞ্চার আর লালিত্যের মিশেল ঘটেছে অসামান্য গ্রামীণ শিল্প প্রজ্ঞায়। বাঙলার হাজার হাজার গ্রামের মধ্যে চড়িদা সাধারণ কোনো একটি গ্রামের নাম নয়, শুধু একটি প্রশাসনিক পঞ্চায়েতও নয়, প্রত্যন্ত বাঙলার সংস্কৃতিময় জঙ্গল মহলে শুধুমাত্র একটি নাচগানের টোলাও নয়, চোড়দা এমন এক গরিমাপূর্ণ গ্রাম, যে গ্রামের অসামান্য মানুষজন অসম্ভব অহংপূর্ণ দায়িত্বে, বাঙলার হাজার হাজার বছরের শিল্প নৈপুণ্য আর সেই সংক্রান্ত প্রযুক্তিকে বুকে ধরে অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন নিজস্ব গরিমায়। চড়িদা ভ্রমণ তাই শুধুমাত্র হপ্তাশেষের আপিসবাবুর পকেট বাঁচিয়ে পরিবারের মন ভোলানো ডিজনিল্যান্ড ভ্রমণ নয়, শস্তাতম ছো দেখানো গাইড বই হাতে করে চোখে ঠুলি বেঁধে কানে ইয়ারপ্লাগ গুঁজে ধরতক্তামারপেরেকগোছের যেমন তেমন পুরুলিয়ার পানে বেরিয়ে পড়া নয়, বল কলম হাতে যেনতেনপ্রকারেন ভ্রমণ কথা লেখা নয়, চড়িদাগ্রাম আম বাঙালি ভ্রমণার্থীদের সাংস্কৃতিক তীর্থ, যে তীর্থে মাঝেমধ্যেই তাকে মাথা ঠেকাতে যেতে হয়।
হাওড়ার ট্রেনে বরাভূম স্টেশন অথবা হাওড়া থেকে পুরুলিয়া। বাঙলার যে কোনও শহর থেকে পুরুলিয়া এসে বাগমুন্ডি পাহাড়গামী শকটে সত্তর কিলোমিটারের কাছাকাছি অযোধ্যা মোড়ে নামা। নিজস্ব গাড়ি না থাকলে পুরুলিয়া শহর থেকে আড়াই ঘন্টারমত। গ্রামে আসতে আসতে চোখ চলে যায় দু’পাশের শূন্য প্রান্তরের অসামান্য বন্য সৌন্দর্যের দিকে। গ্রামে ঢোকার পথে অযোধ্যার মোড়ে ছোট একটা বসতি। দু’পা দূরেই চড়িদা গ্রাম। কলাবতী মুদ্রারই পারম্পরিক শিল্পীদের সংগঠণ বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘর অন্যতম সম্পাদক, জাতীয় শিল্পীর পুরস্কার বিজয়ী মুখোশ শিল্পী, গায়ক, নর্তক নেপাল সূত্রধরের বাড়ি চড়িদায়। তিনিসহ তিন প্রজন্ম অত্যন্ত সুমধুরভাবে জড়িয়ে রয়েছেন এই কলায়। চড়িদায় খুব কম ঘরই আছে যেখান থেকে এক জনও ছো শিল্পী ইউরোপ-আমেরিকায় অনুষ্ঠান করতে যাননি। নেপাল বহুবার বিদেশে গিয়েছেন মূর্তি তৈরি করতে, কর্মশালা পরিচালন করতে। শুধু মুখোশ নয়, মূর্তি তৈরি করতেও তার বহু নাম, বিশ্বে বহু প্রান্তের জাদুঘরে তাঁর তৈরি মূর্তি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে।
প্রায় ৮০টি পরিবার নিয়ে এই গ্রাম। নেপালেরমতই প্রতি বাড়িতে প্রায় একই দৃশ্য। বাড়ির দালানে বসে পরিবারের বড় থেকে ছোট, প্রায় সব সদস্যই ছো নাচের মুখোশ তৈরিতে ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও ঘুরতে আসা ভ্রমণার্থীর নানান চালাকিময় প্রশ্নের উত্তর দেন ধৈর্য ধরে হাসিমুখে। শিল্পীর অহংপূর্ণ হাসিটা ধরাথাকে ঠোঁটে। শিল্পীর অহং কিন্তু আহংকার নয়। অসামান্য গ্রামীণ সলজ্জতা আর বিনম্রতা তাঁদের কথায়। ঘরের ভিতর উঁকি মারলেই দুর্গা, গণেশ, শিব, অসুরের মুখোশ দেওয়ালে টাঙানো রয়েছে অসামান্য উজ্জ্বলতায়। আকারও বিভিন্ন ধরনের। কিনতে চাইলে কিনেও ফেলা যায়। ছো নাচ দেখতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হয়। পদ্মশ্রী খেতাব পাওয়া ছো শিল্পী গম্ভীর সিংহ মুড়ার নাম জুড়ে আছে চড়িদার সঙ্গে, নেপালও গম্ভীর সিংএর দলের শিল্পী ছিলেন। যে গুরুর হাত ধরে ছো নাচ এ গ্রামকে বিদেশে নিয়ে গিয়েছে, কথায় কথায় সেই পূর্বজর প্রতি প্রণাম জানান নেপাল। শিল্পীদের মহড়া দেওয়ার জন্য গ্রামের মাঝখানে একটি ছোটখাটো হল আর গ্রামে ঢোকার মুখেই আছে গম্ভীর সিংহের মূর্তি।
বরাভূম স্টেশনে নেমে চড়িদা আসার পুরো রাস্তা জুড়ে প্রচুর খেজুর গাছ। শীতের সকালে মন খেজুর রসের বায়না করলে এই মুখোশময় চড়িদাতেও তা মিলবে। শীত থাকলে আলি ভাইএর ঘরেই বসে দেখা যাবে খেজুর গুড় বানানোর বিরল দৃশ্য। চাইলে নলেন গুড় কেনা যাবে। রাঢ় বাঙলা আর জঙ্গল মহলের গুড়ের স্বাদই আলাদা। চড়িদার পিছনে পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে হদহদি ঝরনা। শীতকালে জল না থাকলেও বর্ষায় রূপ দেখার মতো। শাল, বয়রা, আমলকীর ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গায়ে এই ঝরনার জায়গাটি বেশ মনোরম। হদহদিতে গিয়ে জল দেখতে না পেলেও চুপ করে বসে থাকলেও নানা পাখির ডাক মন ভরিয়ে দেবে। কখনও দেখা যায় দল বেঁধে গ্রামের মেয়ে-বৌরা কাঠ কাটতে, পাতা কুড়োতে জঙ্গলে যাচ্ছেন। অসম্ভব সুরেলা সবার গলা।
সমতল থেকে ৭০০ মিটার উচ্চতায় অযোধ্যা পাহাড়ে জঙ্গলের রাস্তা বেয়ে থুর্গা লেক। বৃষ্টির জলই এই লেকটিকে বাঁচিয়ে রেখেছে। বর্ষায় এর রূপ অনন্য। এই লেক থেকে কিছু দূরে বাঘমুন্ডি গ্রাম। অযোধ্যা ও বাঘমুন্ডির জলের একমাত্র উৎস থুর্গা লেক। বিশাল লেকের ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। থুর্গা যাওয়ার পথে রাস্তায় পড়বে মানভূম ট্যুরিস্ট লজ। একদম নির্জন প্রকৃতির মধ্যে যাঁরা থাকতে চান, তাঁদের জন্য মানভূম ট্যুরিস্ট লজ আদর্শ। এখানকার কেয়ারটেকারকে বললে খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে।
বিগত কয়েক বছর ধরেই বাঙলার এ ধরণের পারম্পরিক শিল্পী সমৃদ্ধ গ্রামে লৌকিক ভ্রমণের ব্যতিক্রমী পরিকল্পনা করছে কলাবতী মুদ্রা। আশা আগামী দিনে বাঙলার ভ্রমণপ্রেমী আর সংস্কৃতি উত্সাহী মানুষ তাঁদের উত্সাহের হাত বাড়িয়ে দেবেন এই উদ্যমে। বাঙলার নানান পারম্পরিক উদ্যমের গ্রামগুলিকে নিয়ে তাঁরা এক লৌকিক ভ্রমণের শৃঙ্খলের পরিকল্পনা করছেন। সংগঠণ সম্পাদক নেপাল সূত্রধরও চাইছেন তাঁর একফালি জমিতে মাটির বাড়ি বানিয়ে ভ্রমণার্থীদের থাকর ব্যবস্থা করা। কলাবতী মুদ্রা সেই পরিকল্পনার ভাগিদার। স্থানীয় প্রতিনিধি কে পি সিং দেও উত্সাহ দেখিয়েছেন। শিল্প গ্রামে মাটিরবাড়িতে থেকে সেই শিল্প প্রত্যক্ষ্য করা এবং যতদূরসম্ভব তা শিখে নেওয়া যায়। আশাকরি অনেকেই এই পরিকল্পনায় শামিল হবেন। চড়িদার স্থান হোক বাঙলার হৃদিকমলে।

চড়িদা ইকো ইন্ডেক্স
গ্রামঃ চড়িদা, পুরুলিয়া
শিল্পঃ ছো নাচ, ছো মুখোশ
আলাপ করবেন যে জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীর সঙ্গেঃ নেপাল সূত্রধর
রাতে থাকার স্থানঃ ভাবিষ্যতে গ্রমেই থাকার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে, বর্তমানে দুধের স্বাদ ঘোলে মেটামোরজন্য দু কিমি দূরে লজে অথবা পুরুলিয়ায় ফিরে আসা
রাস্তাঃ পাকা, গাড়ি যাবে বর্ষায়ও
কাছের রেলস্টেশন আর পরিযানঃ বরাভূম(থেকে ট্রেকারে), পুরুলিয়া(থেকে ভাড়া গাড়ি অথবা বাসে)
গ্রামে সম্ভাব্য মাথাপিছু খরচঃ দৈনিক ৫০০ টাকা(শুধু বাগমুন্ডিতে থাকা আর তিনবেলা খাওয়া)
আবহাওয়াঃ গরমে অসম্ভব গরম আর শীতে বেশ শীত, তবে শীত আর বর্ষাকালের মজাই আলাদা
নিরাপত্তাঃ অসম্ভব ভাল
গ্রামের জনসুবিধাঃ তিন তারা(রাতে গ্রামে থাকার ব্যবস্থা হলে জয়গুরু রাঙ্কিং অর্জন করবে)
(এক তারাঃ চলনসই, দুই তারাঃ ভাল, তিন তারাঃ বেড়ে, চার তারাঃ চমতকার, পাঁচ তারাঃ জয়গুরু)

Sunday, March 27, 2011

উত্তরবঙ্গের মুখা বা মুখোশ

সমগ্র বাংলা জুড়ে যতটুকু মুখোশের প্রাচুর্য রয়েছে, তার সন্ধান করা দেশজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ সমাজের মানুষদের একান্ত প্রয়োজন. মালদহ থেকে শুরু করে  দার্জিলিং পর্যন্ত প্রায় প্রত্যেক জেলায় রয়েছে মুখা বা মুখোশের বৈচিত্র্য আর সমারোহ.
মালদহ
মালদহের মুখোশ সাধারণভাবেই মুখা নামে পরিচিত. যদিও গম্ভীরা গান বা পালার সঙ্গে এই মুখোশ একদা দেখা যেত আজ আর এই মুখোশের সচরাচর দেখা মেলে না. স্থানীয় শিল্পীরা বলেন, এবং সরকারি নানান প্রদর্শনী সাক্ষী,  একসময়ে এই মুখোশ তৈরি হত কাঠ দিয়ে, কিন্তু বর্তমানে এই মুখোশ তৈরি হয় মাটি দিয়ে. এদের মধ্যে নরসিংহ, কালি, রাম, কার্তিক, প্রেত, হনুমান, বুড়ো-বুড়ি, শিব, ভুত প্রভৃতি আজও তৈরি হয়.
গম্ভীরা বিষয়ে প্রথম শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করা হরিদাস পালিত আদ্যের গম্ভীরা বইতে লিখেছেন, মুখার উর্ধদিকে ও পশ্চাদংশে একটি এবং দুই কর্ণের পশ্চাতে দুইটি ছিদ্র দৃষ্ট হয়. মুখার ঘর্ষণ থেকে মুখ রক্ষার জন্য চাদর বা বস্ত্রখন্ড  দিয়া কর্ণ বেষ্টন করিয়া পাগড়ী বাঁধা হয়. বছরের শেষে গম্ভীরার নাচ আর মুখোশ দেখতে পাওয়া যায়. তবে নানান  কারনে দারুন দেখতে এই মুখোশগুলো সারা বাংলা জুড়ে লৌকিক শিল্পের দোকানে সচরাচর দেখতে পাওয়া যায়না. গম্ভীরা বা গাজনের সময় এগুলি পাওয়া যায়, মেলায় ওঠে, কিন্ত দাম পায় না, কেননা, গম্ভীরা শিল্পীছাড়া কেউই সাধারণতঃ এগুলি কেনেননা.
জলপাইগুড়ি
এই জেলার রাজবংশী সমাজ সমগ্র উত্তরবঙ্গেরমতই মুখোশকে মুখা বলেন. জলপাইগুড়ের মুখা-খেল কিন্তু গম্ভীরারমত শুধুই ধর্মীয় উত্সব নির্ভর নয় বলে, প্রায় সারা বছরই এই নাচ আর মুখোশ দেখা যায়. যদিও রাম-রাবণ, শিব-দুর্গা আর উত্তরবঙ্গের জাতীয়দেবী মনসার মুখা পাওয়া যায়. পৌরানিক বা ধর্মীয় ভাবনার পাশাপাশি সাধারণ জীবনের নানান ভাবনাও উঠে আসে এই মুখা খেলার মধ্যে.  এগুলি কাঠ, লাউ, পোড়ামাটি, পুরু কাগজ অথবা পাতলা শেলা দিয়ে তৈরি. কাঠের বা লাউএর খোলের ওপর কাদা দিয়ে ন্যকড়া এঁটে তার ওপর চিত্রকর এঁকে দেন. একমাত্র সূত্রধর সমাজেরই কোনো বিশেষ ব্যক্তি এই কাজটি করতে পারেন.
দিনাজপুর
দিনাজপুরে রাজবংশীদের পলিয়া আর দেশি সমাজে গমীরা খেলায় মুখা ব্যবহার হয়. এ অঞ্চলে মোখা নামে এটি পরিচিত. এগুলি একমাত্র ছৈতন বা ছাতিম গাছ দিয়ে তৈরি. গম্ভীরারমত মাটির মুখার প্রচলন নেই. তবে এই গমীরা-খেলার সঙ্গে গম্ভীরার কোনো ভাবগত সাজুজ্য নেই.  বুড়াবুড়ি, চামাড় কালি, উড়ান কালীর(শিকনি ঢাল)মত নানান বার্তাই এই নাচে দেওয়া হয়. রাম বনবাস পালায় অশোক বনের চেড়ি, হনুমান, পাতালের দানব, বাঘ, গন্ডার, ভালুক প্রভৃতি মুখোশ ব্যবহার হয়. হনুমানের মোখা শ্রদ্ধাসহকারে রাখা হয়.

দার্জিলিংএর মুখোশ নিয়ে আগেই আলোচনা হয়েছে.
একটা স্পষ্ট কথা বলা প্রয়োজন, এই অঞ্চলের মুখো নিয়ে ভারতীয় জাদুঘরের সবিতা রঞ্জন সরকার একবার কাজ করেছেন. সেই সংস্থা দ্বারা প্রকাশিত মাস্ক অব বেঙ্গল বইটি প্রথম এই মুখোশ নিয়ে ছবি প্রকাশ করে.

Tuesday, November 2, 2010

অজিত সরকার আর নেই

গত পরশু রাতে দিনাজপুর থেকে বন্ধুবর শোলা শিল্পী মধুমঙ্গল দূরাভাষে তার বাড়ির কাতিপুজোয় আমন্ত্রণ জানানোর পর খুব কুণ্ঠিত কণ্ঠে জানালেন মুখা শিল্পী অজিত সরকার আর নেই। দিন চারেক আগেই তিনি গত হয়েছেন। এবারের তাঁর বাড়ির কাতিপুজোও আর সেই ধুমধাম করে হবে না। আরও দুঃসংবাদ, এক মাস বাদে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেছিনলেন। সেটিও যে কী হবে কে জানে। 
অজিত সরকার প্রায় অজাত শত্রু মানুষ ছিলেন। নানান মেলায় তাঁর সঙ্গে দেখা হওয়া যেন এক অবধারিত কাজ ছিল। তিনিই আমাদের বিশদে বুঝিয়েছিলেন দিনাজপুরের নানান লৌকিক কর্মমাণ্ড। তাঁর মুখোশ এক নাজানি কী এক শৈল্পিক কাণ্ড। 
আগামীদিনে আমরা, কলাবতী মুদ্রার বন্ধুরা আর তাঁর সাহচর্য পাবনা, তাঁর সস্নেহ পথ নির্দেশও পাব না ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে।
যদি সম্ভব হয় আগামীদিনে তাঁর কিছু কাজ যদি লোকফোকএর বন্ধুদের দেখাতে পারি তা হলে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ হবে।