Showing posts with label আকবর. Show all posts
Showing posts with label আকবর. Show all posts

Sunday, March 29, 2020

আকবরের খাদ্য রাজনীতি৩ আইনিআকবরি

আইনিআকবরিতে আবুলফজল যে ধণাঢ্যতার বর্ণনা দিচ্ছেন, তার প্রতিফলন পাচ্ছি এক পাদ্রির বর্ণনায়,
'সম্রাটের জন্যে তৈরি খাবার খুবই ব্যয়বহুল ছিল, অন্তত ৪০টি পদের খাদ্য রোজ সাজানো থাকত। রাজকীয় খাবার ঘরে খাবারগুলি আসত লিলেন কাপড় দিয়ে আটকিয়ে। এই বন্ধনটা হেঁসেলে নিজের ছাপ্পা দিয়ে আটকে দিতেন রাঁধুনি, যাতে রাস্তায় কেউ পাত্রে বিষ দিতে না পারে। খাওয়ার ঘরের দরজা অবদি যুবকের দল সেগুলি বয়ে নিয়ে আসত, অন্যান্যরা তাদের পাশাপাশি পাহারা দিয়ে হেঁটে আসত। এখানেই খোজাদের হাতে তুলে দেওয়া হত খাবার। সেই পাত্রগুলি সম্রাটের সামনে সাজানোর কাজ করত মেয়েরা। তিনি একা একাই খেতেন। তবে মাঝে মাঝে জনভোজসভাতেও তাঁকে যোগ দিতে হত। রেশমের চাদরে জড়ানো কুশনে মোড়া বিদেশি লতাপাতায় সাজানো হেলানো পালঙ্কে বসতেন।'
পাদশার মহিমা তৈরি করা ছাড়াও এই বর্ণনাটির আকর্ষণীয় দিক হল বিপুল বিশাল ঐশ্বর্যের মধ্যে একা বসে খাওয়ার চিত্রটি। গুরুত্বপূর্ণ হল মহিলাদের ভূমিকা - তারা কিন্তু সম্রাটের সঙ্গী হয় না। হুমায়ুনের সময় দেখেছি মহিলারা পাদসার সঙ্গে খাবারের অংশিদার হচ্ছেন। এখানে মহিলাদের কাজ হল শুধুই পরিবেশন করা এবং পরিবেশ উজ্জল করা। হারেমের খাবারের আলাদা ব্যবস্থাপনা ততদিনে তৈরি হয়ে গিয়েছে।
আবুল ফজল লিখছেন 'মহামহিম হিংসায় বিশ্বাস করতেন না, হিংসায় আহত হতেন। তিনি প্রজাদের জীবন দিতে ভালবাসতেন - জীবন নিতেন না। তিনি মাসের পর মাস মাংস থেকে দূরে থাকতেন (অজ ঘিজা-ই গোস্ত ফারেজ আওয়ারদ) এবং তিনি ভাবতেনই না। ঐহিক বিষয় নিয়ে তাঁর কোনও উতসাহই ছিল না। চব্বিশ ঘন্টায় মাত্র একবার খেতেন। কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাইতেন। সন্ধ্যেয় কিছুটা অবসর নিতেন আর কিছুটা সকালে। রাতে যেন তিনি হাঁটতেন।'
আবুল ফজল বলছেন, সম্রাট যদিও খুবই কম খেতেন, কিন্তু খাদ্যের ঐশ্বর্য, বৈচিত্র বজায় রাখার নির্দেশ দিতেন। তিনি মাংস খেতেন না, বা জীব হত্যাকে ঘৃণা করতেন, কিন্তু বিপুল মুঘল সাহিত্যে শিকারের প্রভূত আয়োজন দেখি। যদিও ঐতিহাসেকেরা বলছেন শিকারের অন্যতম উদ্দেশ্য ছিল অস্ত্রশস্ত্রের পরীক্ষা করা, শক্তি দেখানো, কিন্তু সেখানে জীব হত্যা হত।

আকবরের খাদ্য রাজনীতি১ আইনিআকবরি

ভূমিকা
বাবর দক্ষিণ এশিয়ার একটি ছোট অঞ্চলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও, সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তৃতি, তাত্ত্বিক ভিত তৈরি করেন আকবর বাদশা। মাথায় রাখবেন আকবরের তাত্ত্বিক, ডান হাত, আমলাদের মধ্যে অগ্রগণ্য আবুল ফজল নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ইতিহাসপঞ্জী আকবরনামা লিখেছেন। আকবরনামার পঞ্চম অংশ আইনিআকবরি শুধুই তত্ত্বের কচকচি নয়, আইন...এর পাঁচ খণ্ডের পঞ্চম অংশটা ব্যবহার করা হল রাষ্ট্রের তাত্ত্বিক অবস্থান গড়ে তুলতে। সাম্রাজ্যের ভিত্তি হিসেবে আবুল ফজল আকবরকে অভিহিত করেন আন্দলুসিয় সুফি দার্শনিক ইবন অল আরবির (১১৬৫-১২৪০) তত্ত্ব অনুসরণ করে পরম মানুষ বা ইনিসানিকামিল; এই ইনিসানিকামিলের হাত ধরেই তৈরি হবে মুঘল সাম্রাজ্য।
আবুল ফজল আইনিআকবরিকে ব্যবহার করেন আগামী দিনের আমলা-অভিজাতদের তাত্ত্বিক হ্যান্ডবুক হিসেবে। পাদশার রাজত্বে অঙ্কন, স্থাপত্য, বাড়িঘর সজ্জা, সেনাবাহিনী, প্রশাসন, কৃষি, রাজস্ব, কারখানা, আস্তাবল, মুদ্রা বিনোদন ইত্যাদির গাইডবুকিয় ভিত্তিভূমি তৈরি করেন।প্রথম বইটা সাম্রাজ্যের ঘরবাড়ি, পরেরটি সেনা বাহিনী, তৃতীয়তে প্রশাসন, চতুর্থতে সংখ্যাগরিষ্ঠ প্রজা হিন্দুদের বিশ্বাস, পঞ্চমটি আকবরের রূপরসগন্ধ বর্ণনা এবং শেষ হয়েছে আবুলফজলের মন্তব্যে।
স্টিফেন ব্লেক শাহজাহানাবাদ - দ্য সভরেন সিটি ইন মুঘল ইন্ডিয়া বইতে বলছেন, আইনিআকবরির উদ্দেশ্য পাদশা আকবরের ক্ষমতা, কর্তৃত্ব এবং প্রতিভা নির্ভর করে মুঘল সাম্রাজ্য তত্ত্ব তৈরি করা। ব্লেক সাম্রাজ্যকে বলছেন পিতৃতান্ত্রিক-আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আইনের প্রথম খণ্ডে সাম্রাজ্য চালনায় হারেম, জামাকাপড় এবং রান্নাঘর গঠনের বিস্তৃত বর্ণনা আছে - আছে আস্তাবল তৈরি, স্থাপত্যের তত্ত্ব, টাঁকশালের কাঠামো, রাষ্ট্রীয় অস্ত্রাগার এবং খাজাঞ্চিখানার গঠন নির্দেশ।
মুঘল সাম্রাজ্যের ব্যক্তিগত পরিসর আর গণ-রাজনৈতিক পরিসরের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না - গণকে ধরা হত গৃহস্থালির বিস্তৃত রূপ - সেই জন্যে মুঘল গৃহস্থালি হয়ে ওঠে সাম্রাজ্যের দর্শনীয় অংশ। ফলে রান্নাঘরে
সাম্রাজ্যের সদস্যদের জন্যে খাওয়ার তৈরিও রাষ্ট্র গঠনের অংশ হয়ে ওঠে। আবুল ফজল একটা গোটা অধ্যায় রান্নাঘর বর্ণনায় ব্যয় করেন। আইনে জুড়ে যায় পানীয় দপ্তর বা আবদার খানা, যেখানে বাজারের নানান ফল ইত্যাদির দামও উল্লিখিত হয়। এইভাবে সাম্রাজ্য তার হাত ছড়িয়ে দেয় বাজারের পানে।
(চলবে)

আকবরের খাদ্যাভ্যাস এবং অন্যান্য



খাবার নিয়ে বাবরের কোনও ঝামেলা ছিল না। কিন্তু হুমায়ুন খাবারের সঙ্গে ক্ষমতার সম্পর্ক স্থাপন শুরু করেছিলেন, কিন্তু আকবর প্রথম খাবারের সঙ্গে আভিজাত্য, সম্মান বোধ ইত্যাদি যোগ করেন।
আকবরকে খাবার সাজিয়ে দিত খোজারা ঠিকই কিন্তু খাদ্য তৈরির শৃঙ্খলায় বহু মানুষ জুড়েছিলেন। পশু পালক থেকে রাজকীয় হাকিম অবদি সক্কলে। হাকিম দৈনন্দিনের খাবারের পরিকল্পনা করতেন যাতে সম্রাট এবং অভিজাতদের সঠিক পুষ্টি ইত্যাদি খাদ্যের মাধ্যমে শরীরে যায়। বিরিয়ানির প্রতিটি দানা রূপোর তেলে(সেটা কী) ভেজানো থাকত যা কামোদ্দীপনার কাজ করত। কিন্তু যে খাবারটি তৈরি হত মাঠে বা খামারে তাকে লালনপালন করাও একটা বড় কাজ ছিল। কলিন টাইলর সেন বলছেন রাজকীয় মুরগিগুলিকে গোলাপ জলে জাফরান মিশিয়ে খাওয়ানো হত এবং কস্তুরি আর চন্দন তেল দিয়ে ডলাইমালাই করা হত রোজ। আকবরের রান্না ঘরে বা আবদার খানায় ছিলেন প্রধান বাবর্চি, মুন্সি, একজন খানইখানান বা স্টোর কিপার, টেস্টার, করণিক বাহিনী এবং ভারত আর পারস্য থেকে আসা রাঁধুনি সহ সহ ৪০০ জনের বাহিনী। খাদ্য সোনা রূপো পাথর এবং মাটির বাসনে সাজানো হত। ঢাকা থাকত কাপড় দিয়ে। পাহাড় থেকে আনা হত জল ঠাণ্ডা করার বরফ এবং সেটি দিয়ে নানান মিষ্টান্ন তৈরি হত।
আকবর তিনদিন নিরামিশ খেতেন। শুধুই পান করতেন গঙ্গাজল। বাগানের গোলাপের জল করে তরকারিতে দেওয়া হত। কিছু কিছু খাদ্য প্রয়োজনের জন্যে তৈরি করা হত যেমন সানিবুশা বা সমোসা অথবা ঘি আদা এলাচ, মেথি এবং লবঙ্গ দিয়ে রান্না করা পালং শাক, হারিসা - ভাঙা গম গজি আর দারুচিনি দিয়ে মাংস, হালিম - তরকারিওয়ালা মাংস, ইয়াখনি বা মাংসের শুরুয়া, বা গোটা ঝলসানো ভেড়া।
আগেই বলেছি খাবারের সময় দীর্ঘ এটিকেট পালন করা হত। বাবর একবার কাশি রুখতে গিয়ে প্রায় মারাই যাচ্ছিলেন। অনেকেই বলেছেন সম্রাটের সঙ্গে খাওয়ার খুবই ঝকমারি ছিল। কিন্তু সেই অভ্যেসগুলো ক্রমশ অভিজাতদের মধ্যে ছড়িয়ে যায়।
পাতে খাওয়ার দেওয়ার একটা বিশদ ব্যবস্থা ছিল। রান্না হওয়ার সময় মূল রাঁধুনি এবং বাকওয়াল প্রথম খাওয়ারের স্বাদ নিতেন। তারপরে স্বাদ নিতেন মীরবাকওয়াল। তার পাঞ্জার ছাপ পাওয়ার পরেই কোন কোন বাসনে খাওয়ার সম্রাট সকাশে যাচ্ছে তার একটা হিসেব রাখা হত - যাতে রান্না ঘর থেকে খাওয়ার ঘরে যাওয়ার পথে কোনও বাসন পরিবর্তিত না হয়। এই খাদ্যগুলি প্রহরী দিয়ে বহন করে নিয়ে যাওয়া হত। কার্পেটের ওপরে একটা কাপড় পেতে সেগুলো সাহিয়ে রাখা হত। রুটি, আচার এবং অন্যান্য মশলা ইত্যাদিও সেলাই করা থলেতে দেওয়া হত। সিলগুলি খোলার পরে নতুন করে মীরবাকাওয়াল আবার সেগুলি স্বাদ নিতেন। তারপরে সম্রাটের খাওয়া শুরু হত।
এখন এই অবদি থাক, ভবিষ্যতে বাকিটা হবে
সূত্র - আইনি আকবরির পাঁচটি খণ্ড, কলিন টেলর সেনের কারি আর গ্লোবাল হিস্ট্রি, লেজলি কলিংহ্যামের কারি আ টেল অব কুকস এন্ড কনকারারস। সালমা হুসেন দ্য এম্পারার টেবল, আর্ট অব মুঘল কুইজিন

Tuesday, October 15, 2019

আকবর বনাম আওরঙ্গজেব - মাত্র তিনটে তুলনা

//কিন্তু মনে রাখবেন সিংহাসনে আরোহণ করার জন্যে ভাইদের কতল করা নিয়ে আপনাদের আওরঙ্গজেবের বিরুদ্ধে বিপুল ফরিয়াদ থাকে - তাকে রক্তচোষাও বানিয়ে দেন প্রায় সক্কলে, দাক্ষিণাত্য দখল কাজে আপনারা আওরঙ্গজেবকে সাম্রাজ্যবাদী মনে করেন, আওরঙ্গজেব নিজেকে জিন্দা পীর ঘোষণা করে নিজেকে ভগবান বানানো - এই তিনটের প্রত্যেকটা চক্কর আমাদের প্রিয় আকবরের ছিল। তিনি সিংহাসনে ওঠার আগে ভাইদের পরে বন্ধুদের খুন করেছিলেন, রাজস্থান বাংলা জয় করেন, এবং নিজের নামে অনুগামী তৈরি করেন, যারা সক্কালে উঠেই প্রাসাদের নিজে প্রাতঃকৃত্য না করে এসে আকবরের গুণগান করতেন।//
এত সব কথা বললাম কেন না Kamalদাদা আকবর জাতির পিতা নামক কাটজুর ব্লগ পড়তে দিয়েছেন। আন্দাজ করে নিয়েছি গত ৭০-৮০ বছর ধরে বাম-লিবারলরা তাঁর সম্বন্ধে কী কী বলতে পারেন। ১০ কোটি মানুষ উচ্ছেদ করে মধ্যবিত্ত আর কর্পোরেট রাজ তৈরি করা নেহরু বাম লিবারালদের লেখনিতে হয়ে উঠেছিলেন আকবর + অশোকএর মিলিত সত্ত্বা।

Thursday, August 23, 2018

লাইব্রেরিজ এন্ড লাইব্রেরিয়ানশিপ ইন এনসিয়েন্ট এন্ড মেডিভ্যাল ইন্ডিয়া - বিমল কুমার দত্ত - মুঘলযুগে গ্রন্থাগার৬

(ছবি - আকবরনামায় আগরা দুর্গ তৈরির চিত্র।সঙ্গে আজকের আগরা দুর্গ, যেখানে আকবরের সময় রাষ্ট্রীয় গ্রন্থাগার ছিল)
আইনিআকবরিতে আবুল ফজল বিশদে সেই সব চিত্রশিল্পীর নামোল্লেখ করেছেন। একশর বেশি চিত্রকর এই সময় বিখ্যাত হন। আকবরের গ্রন্থাগারে অসামান্য দক্ষতায় চিত্রিত প্রচুর বই ছিল। হামজার গল্পের ১২টি খণ্ডের বইতে ১৪০০ ছবি ছিল। তার গ্রন্থাগারে চিংগিজনামা, জাফরনামা, রাজমনামা, রামায়ন, নল দমন, কালিয় দমন ইত্যাদি পুস্তকে অসাধারণ ছবি চিত্রিত ছিল। চিত্রকরদের পৃষ্ঠপোষণা করতে আকবর রাষ্ট্রীয় চিত্রশালা তৈরি করান।
আকবরের মৃত্যু ঘটে ১৬০৫ সালে। তাঁর মৃত্যুর পর আগরা দুর্গস্থিত রাষ্ট্রীয় গ্রন্থাগারের বইএর একটি সুমারি করা হয়। উপমহাদেশে আসা সেই সময়ের দুজন ইওরোপিয়, মনরিকে এবং ডি ল্যাক্ট, সরকারি মহাফেজখানা থেকে এই সুমারির তালিকা নকল করেন। সেখানে দেখি অসাধারণ চিত্রিত ২৪ হাজার পুঁথির বর্ননা। বইগুলির মূল্যমান ছিল ৬৪৬৩১৩১ টাকা। প্রত্যেক বইএর গড় দাম ছিল ২৭ থেকে ৩০ পাউন্ড, পাউন্ডে মোট মূল্যমান ছিল ৭৩৭১৬৯।
রাজার ব্যক্তিগত শিক্ষক মুল্লা পীর মহম্মদ এই গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক হিসেবে কাজ করেছেন।
রাষ্ট্রীয় সংগ্রহ ছাড়াও উপমহাদেশজুড়ে প্রচুর গ্রন্থাগার গড়ে উঠেছিল। এই গ্রন্থাগারগুলি অভিজাত, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বেশ কিছু রাজা ও রানীর পৃষ্ঠপোষকতা পেয়েছে। আকবরের অন্যতম রাজ্ঞী বিদুষী সালিমা সুলতানা বেগম ব্যক্তিগত ব্যবহারের জন্যে একটি গ্রন্থাগার তৈরি করেন। তিনি মাকফি ছদ্মনামে প্রচুর ফারসি বয়েত রচনা করেন। সালিমা বেগমের সংগ্রহের বাদাউনির অনুবাদের বত্রিশ সিংহাসন বইটি বাদাউনি বা অন্য কেউ পড়তে নিয়ে এসে হারিয়ে ফেলেন। বাবরের কন্যা, আকবরের পিসি, হুমায়ুন নামা রচয়িতা গুলবদন বেগমও অসাধারণ বিদ্বান ছিলেন এবং তাঁরও ব্যক্তগত গ্রন্থাগার ছিল।
অভিজাতদের মধ্যে প্রথম জীবনে বিদ্বান, আহমেদাবাদের প্রশাসক, আবদুর রহিম খানইখানান, এবং শেখ ফৈজির ব্যক্তিগত গ্রন্থাগার সে যুগে বিখ্যাত ছিল।
খানইখানানের ব্যক্তিগত গ্রন্থাগার দেখাশোনার জন্য ৯৫ জন কর্মচারী ছিল। এদের মধ্যে ছিল গ্রন্থাগারিক, বাঁধাইকর, নকলনবিশ, অনুবাদক, ইত্যাদি। অধিকাংশ বই লেখকেরা বা অনুবাদকেরা তাঁকে বই উপহার দেন। জ্ঞানভিখারী বহু মানুষ যারা নিজেদের আত্মপলব্ধির জন্যে পড়াশোনা করতে চাইতেন, তাঁর পুস্তকভাণ্ডারে নিয়মিত যেতেন। জ্ঞানী, লেখক, বইবাঁধাইকার, স্বর্ণমণ্ডক(গিল্ডার) ইব্রাহিম নক্স খানইখানানের কিতাবদার ছিলেন। মাখজানিআফগানির লেখক নিয়ামতুল্লা কিছু দিন খানইখানানের গ্রন্থাগারিক হিসেবে কাজ করেছেন, তারপরে তিনি জাহাঙ্গিরের দরবারে ইতিহাসকার হিসেবে যোগ দ্যান।
মুঘল আমলের শেখেরাও জ্ঞানের প্রত্যাশী ছিলেন। শেখ ফৈজির নিজস্ব গ্রন্থাগার ছিল তাতে বইছিল ৪৩০০ (যদিও এর আগে অন্য সংখ্যা বলা হয়েছে - অনুবাদক)। ১৫৯৫তে তাঁর মৃত্যুর পর তার বইগুলি আগরার রাষ্ট্রীয় গ্রন্থাগারে নিয়ে যাওয়া হয়।
আকবরের সময় জৌনপুরের প্রশাসক, সিপাহসালার মুনিম খান খনইখানান জ্ঞান ও জ্ঞানীর পৃষ্ঠপোষক ছিলেন এবং গোমতির ওপরে একটি সেতু তৈরি করে দ্যান। বই সংগ্রহ তার নেশ ছিল। তাঁর বন্ধু বাহাদুর খান উজবেগ তাঁকে কুলিয়া সাদি উপহার দ্যান। দেওয়ান মির্জা কামরানের মত তিনিও বই কিনতেন গ্রন্থাগারের জন্যে।
(চলবে)

লাইব্রেরিজ এন্ড লাইব্রেরিয়ানশিপ ইন এনসিয়েন্ট এন্ড মেডিভ্যাল ইন্ডিয়া - বিমল কুমার দত্ত - মুঘলযুগে গ্রন্থাগার৫

ভারতে আসা প্রথম জেসুঈট মিশন আকবরকে উত্তমরূপে বাঁধাই এবং– হিব্রু, ক্যালডিয়, ল্যাটিন এবং গ্রিক এই চার ভাষায় ছাপা বাইবেল উপহার দেন। এই বইগুলি সম্পাদনা করেন বহুভাষাবিদ মন্তানা এবং এন্টর্পে ১৫৬৯-৭২ সালে ছাপেন প্ল্যানটিন, রাজা দ্বিতীয় ফিলিপের জন্যে। এই বইগুলি আকবর ফাদারদের প্রত্যার্পণ করেন এবং ১৮৫৭ পর্যন্ত লক্ষনৌএর ক্যাথলিক গ্রন্থাগারে রাখা ছিল। তার প্রচুর ইওরোপিয় বইএর সংগ্রহ ছিল, সেটা তিনি তৃতীয় মিশনে আসা ফাদারদের ঘুরিয়ে দেখান ১৫৯৫ সালে। তাদের বলেন যদি প্রয়োজন হয় তাহলে তারা সেই গ্রন্থাগার থেকে কয়েকটি বই নিতে পারেন। ফাদারেরা আকবরের গ্রন্থাগার থেকে রয়্যাল বাইবেল এবং তার নির্ঘন্টু, সেন্ট টমাস একুইনাসের সুমা এবং অন্যান্য বই, বিদ্বান লেখক ডোমিঙ্গো ডি সোটো এবং ফরসগলিওনের এস এন্টনিনোর নানান বই, সিলভেস্টার পোপ(মৃ ১০০৩) এবং কার্ডিনাল ক্যাজনট্যান (১৪৭০-১৫৩৪)এর নানান বই, সেন্ট ফ্রান্সিসের ক্রনিকা, হিস্ট্রি অব পোপ, ল’জ অব পর্তুগাল, আলফান্সো আলবুকার্কের কমেন্টারিজ, জেরোম জেভিযার্সের আত্মীয় ব্রাজিলের মিশনারি নাভারের হুয়ান এসপিলেতা(মৃ ১৫৫৫)র বই, সেন্ট ইগনিসাসের এক্সারসিসিয়া স্পিরিচুয়ালিয়া, জেসুঈট ইমানুয়েল আলভারেজের (১৫২৬-১৫৮২) কন্সটিটিউসনস অব দ্য সোসাইটি এবং ল্যাটিন ব্যাকরণ এবং ইত্যাদি সংগ্রহ করেন।
ইওরোপিয় বইগুলি করা সংগ্রহ ও উপহার দেওয়া ছাড়াও জেসুঈট ফাদারেরা তাঁকে খ্রিস্টের ফারসিতে লিখিত জীবনী এবং কিছু ধার্মিক পুস্তকও উপহার দ্যান। সাধারণভাবে আকবর বইগুলির প্রশংসা করেন এবং তিনি মাঝেমধ্যেই বইগুলি পড়িয়ে নিতেন।
“ফাদার পিগনেরিও আগরা অবস্থানকালে(১৬০২) ফ্রান্সিস জেভিয়ারও সেই সময় সেখানে ছিলেন, তিনি রাজাকে ফারসি ভাষায় লিখিত আমাদের উদ্ধারকারী জেসাসের জীবনী, বাণী ও অলৌকিক কাহিনী সমূহ উপহার দ্যান, যেটি স্বয়ং রাজা তার কাছে চেয়েছিলেন। তিনি বলেন, তিনি এইগুলিকে অত্যধিক গুরুত্ব দ্যান, এবং এই বইগুলি তিনি তার অন্যতম সঙ্গী ক্যাপ্টেন আজিসকোয়া(আজিজ কোকা)কে দিয়ে পড়াতেন এবং এই বইতে এতই মজে যান যে তিনি ফাদারকে আরও কিছু নকলের বরাত দ্যান এবং এই বিধর্মী এবং অনাচারীদের শেষ পর্যন্ত আমাদের ভগবান স্পর্শ করতে পেরেছেন এটা স্পষ্ট হয়ে যায়। এর পরে তিনি ফাদারকে এপোস্টেল কয়েকজনের জীবনী চেয়ে নেন।
অক্সফোর্ডের জর্জ র‍্যাঙ্কিং কলকাতায় বোর্ড অব এক্সজামিনার্সএর প্রাক্তন সেক্রেটারি ছিলেন। তাঁর কাছে এপস্টলদের জীবনীর ফারসি অনুবাদএর নকল ছিল। এই বইএর বিভিন্ন পাতায় মুহম্মদ আকবর পাদিশাহিগাজি ১০১৩ (১৬০৪ খ্রি)র পাঞ্জা ছাপ ছিল, যার অর্থ এই বইটি আকবরের রাষ্ট্রীয় গ্রন্থাগারের।
সম্রাট সুন্দর বাঁধাই এবং অসাধারণ অঙ্কনওয়ালা বই ভীষণ পছন্দ করতেন। তার গ্রন্থাগারের জন্যে আকবর যে রাজমনামা সংগ্রহ করেন তার খরচ সে যুগে ছিল ৪০ হাজার পাউন্ড! এই ধরণের একটি সংস্করণ জয়পুরের দরার গ্রন্থাগারে আছে। অসাধারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণার জন্য বহু সামান্য দক্ষ হস্তলেখবিদ এবং চিত্র শিল্পী আকবরের সময় প্রভূত গুরুত্বপুর্ণ কাজ করেন এবং বিখ্যাত হন।
(চলবে)

লাইব্রেরিজ এন্ড লাইব্রেরিয়ানশিপ ইন এনসিয়েন্ট এন্ড মেডিভ্যাল ইন্ডিয়া - বিমল কুমার দত্ত - মুঘলযুগে গ্রন্থাগার৪

(মহাভারতের ফার্সি অনুবাদ রাজমনামার দুটি পাতার ছবি দেওয়া গেল)
মুল সংস্কৃত এবং অন্যান্য ভাষায় লিখিত বহু পুঁথি পাদসাহের নির্দেশে ফারসিতে অনুদিত হয়। মহাভারত অনুবাদ করেন পার্সি বিদ্বান নাকিব খান, বাদাউনের মৌলানা আদুল কাদির এবং থানেশ্বরের শেখ সুলতান। ১০০০ শ্লোক অনুদিত হওয়া মহাভারতের নাম হয় রাজমনামা(ফেবু পাঠকদের কয়েক মাস আগে(২৯ মে তারিখের) বইটির কয়েকটি সংস্করণের কয়েকটি পাতার নকলসহ আমার রাজমনামার প্রকাশনাটা আরেকবার মনে করিয়ে দিই – রাজমনামা, আকবরের নির্দেশে মহাভারত অনুবাদ।। ১৫৮২ সালে মহাভারতের ফার্সি অনুবাদের নির্দেশনামা প্রকাশিত হয়। ১ লক্ষ শ্লোকের মহাভারতের ফার্সি অনুবাদের সময় ১৫৮৪-৮৬ সাল। এর নাম হল রাজমনামা বা যুদ্ধ-কাহিনী। আবুল ফজল রাজমনামার মুখবন্ধ রচনা করেন। জয়পুরের প্রাসাদের পুথিখানায় এইটির প্রথম অনুবাদটি পাওয়া গিয়েছে। এই নকলের ১১ নম্বর পাতায় আবুল ফজল বইটির অনুবাদের সাল লিখেছেন ১৫৮৮। ১৬৯ পাতার জয়পুর রাজমনামাটিতে দেখা যাচ্ছে দৌলতাবাদে তৈরি কাগজে অনুবাদ করেন খ্বাজা ইনায়েতুল্লা। আঁকিয়ের নাম প্রতি পাতায় উল্লিখিত হয়েছে। এই নকলের আঁকিয়ের নাম বাসাওয়াঁ, দাসোয়ান্থ এবং লাল (Basawan, Daswanth and Lal)। এটি ১৮৮৩ সালে জয়পুর প্রদর্শনীর T.H. Hendly book Memorialsএ প্রথম প্রকাশিত হয়। ১৫৯৮-৯৯তে দ্বিতীয় নকল হয়। আকবরের নির্দেশে। রাজপরিবারের সদস্যদের হিন্দুদের ভালভাবে জানতে উপহার দেওয়া হয়। এটি আগের তুলনায় অনেক বেশি বিশদে করা। আকবর যে শিল্পীদের পছন্দ করতেন, সেই বার্তা এই পুঁথির প্রতি পাতার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। বদাউনি জানাচ্ছেন আকবর এটি তাঁর রাজত্বের প্রত্যেক আমীরকে সর্বশক্তিমানের ইচ্ছা হিসেবে দেখে পড়তে নির্দেশ দেন। আবুল ফজলের মতে এটির বিতরণ করা পুণ্যতম কর্ম রূপে পরিগণিত হত।) বা যুদ্ধের পুস্তক।
১৫৮৯ সালে বাদাউনি চার বছরের কঠোর পরিশ্রমে রামায়ন অনুবাদ করেন। হাজি ইব্রাহিম শিরহিদ অথর্ববেদ অনুবাদ করেন। অঙ্কের প্রাচীন পুস্তক লীলাবতী অনুবাদ করেন ফৈজী, প্রখ্যাত জ্যোতির্বিদ্যা বিষয়ক পুথি তাজাক অনুবাদ করেন গুজরাটের মোকম্মল খান, বাবরের তুর্ক ভাষায় রচিত স্মৃতিকথা ফারসিতে অনুবাদ করান মির্জা আবদুর রহিম খান, শাহবাদের মৌলানা শাহ মহম্মদ কাশ্মীরের ইতিহাস অনুবাদ করান, আরবিতে লিখিত শহর এবং দেশের পরিচিতি সংগ্রহ মুয়াজ্জমআলবুলদান নানান বিদ্বানদ্বারা অনুদিত হয়।
যে উদাহরণগুলি আপনাদের দিলাম তাতে পরিষ্কার, আকবরের রাজত্বে একটা অনুবাদের দপ্তর তৈরি হয় এবং এই বিভাগ প্রচুর গুরুত্বপূর্ণ পুথি অনুবাদ করায় এবং রাষ্ট্রীয় গ্রন্থাগারে রাখতে শুরু করে।
রাষ্ট্রীয় এবং সম্রাটের ব্যক্তিগত গ্রন্থাগারে প্রচুর মৌলিক পুথিও ছিল। গাজালি, ফৈজী, নিসাপুরের মহম্মদ হুসেন নাজিরি, সঈয়দ জামালুদ্দিন, শিরাজুর উর্ফি ইত্যাদির লিখিত পুস্তকও ছিল। এক ব্যতিক্রমী জেসুইট জেরোম জেভিয়ার খ্রিষ্টিয় ধর্ম এবং দর্শন বিষয়ে বহু ফারসি বই আকবর এবং জাহাঙ্গিরকে উপহার দেন।
বইগুলির উতকর্ষ বাড়াতে আকবর হস্তলিখন এবং পুস্তক চিত্রণ ইত্যাদি গুরুত্ব দিতে থাকেন। অসাধারণ হস্তাক্ষরে লিখিত এবং অসামান্য চিত্রণে চিত্রিত বই তিনি ভালবাসতেন। তাঁর সময়ে লিখিত আইনি আকবরী আটটি সুলস, তাউলি, মুকাহকক, নকশ, রাইহান, রিকা, ঘুবার এবং তালিক নামক আলাদা আলাদা হস্তাক্ষরে লিখিত সংস্করণ হয়। আকবর নিজে নাস্তালিক নামক হস্তাক্ষরের দিওয়ানা ছিলেন এবং এই হস্তাক্ষরের প্রখ্যাত লিখনবিদ কাশ্মীরের মুহম্মদ হুসেইনকে তিনি জারিন-কলম অর্থাৎ সোনালি-কলম উপাধি দান করেন। সে সময়টি যেহেতু হস্তাক্ষর আর পুস্তকের অঙ্গসজ্জার অসামান্য নজির সৃষ্টি করেছিল এই উপমহাদেশ, তাই তাঁকে প্রথম জেসুঈট মিশন ছাপা বই উপহার দিলেও সেদিকে যেতে তিনি এবং তাঁর উত্তরাধিকারীরা খুব একটা উৎসাহ বোধ করেন নি। তবে আকবর ইতালির উরবিনোর ডিউক ফেডেরিগো/ফেডেরিকোর মত এক্কেবারে ছাপা অক্ষর বিরোধী ছিলেন না।
(চলবে)

লাইব্রেরিজ এন্ড লাইব্রেরিয়ানশিপ ইন এনসিয়েন্ট এন্ড মেডিভ্যাল ইন্ডিয়া - বিমল কুমার দত্ত - মুঘলযুগে গ্রন্থাগার৩

স্বশিক্ষিত আকবর পাদশা ছিলেন সাহিত্যানুরাগী এবং জ্ঞানার্জনে অদম্য উৎসাহী। তিনি তার জীবনের যাত্রাপথে নিজেকে শুদ্ধ করেছেন এবং অপরের প্রতি সহিষ্ণুতার দর্শন তৈরি করেছেন এবং সত্যিকারের বৌদ্ধিক উৎসাহ তৈরিতে সাহায্য করেছেন। তুজুকইজাহাঙ্গিরিতে পড়ছি “আমার পিতা(আকবর) হিন্দুস্থানের সব ধরণের জ্ঞানী ব্যক্তির বিশেষ করে পণ্ডিত এবং বৌদ্ধিকদের সঙ্গে সঙ্গ করেছেন। তিনি অক্ষরজ্ঞানহীন হলেও সারাক্ষণ তিনি জ্ঞানী এবং বিদ্যোৎসাহীদের সঙ্গ করতেন। তাঁর ভাষা এতই প্রমিত ছিল যে তাঁর সঙ্গে আলাপ করা একজনও মানুষ আন্দাজ করতে পারত না যে তিনি অশিক্ষিত। তিনি কবিতা আর গদ্যের নান্দনিকতা এই ভাল বুঝতেন যে তার থেকে আর কেউ এই বিষয়টি ভাল বুঝত না”। পুত্রের কলম থেকে উৎসারিত এই বাক্য থেকে পরিষ্কার তার শৈল্পিক মনের প্রকাশ এবং জ্ঞানার্জনের জন্যে আকাঙ্ক্ষিত পরম উৎসাহের বিষয়টি।
আলোচনা বা কথোপকথনেই যে তার গভীর মানসিকতা বোঝা যেত তাই নয়, তিনি বিপুল বড় এবং বৈচিত্র্যময় গ্রন্থাগারও তৈরি করে তাকে রোজ পুঁথিগুলি পড়ে বুঝিয়ে দেওয়ার জন্যে করণিক নিয়োগ করেছিলেন। এই প্রসঙ্গে আবুল ফজল আল্লামি লিখছেন, “মহামহিমের গ্রন্থাগার নানান অংশে বিভক্ত ছিল। কিছু অংশে বই থাকত আর কিছু অংশ ফাঁকা। হারেমে তিনি রোজ একটি করে প্রত্যেকটি বই আদ্যোপান্ত পড়াতেন। বইএর মাঝখানে রোজের পড়া বন্ধ হলে তিনি তার ব্যক্তিগত কলম দিয়ে তাঁর মত করে নির্দিষ্ট পাতায় দাগ চিহ্ন রাখতেন; এবং পড়ুয়া যতটা পাতা পড়ত তিনি তাঁকে ততখানি সোনা বা রূপার মুদ্রা দিতেন। তাঁর সময়ের প্রায় প্রত্যেকটি প্রখ্যাত বইই তিনি পড়েছেন, অতীতের কোন ঐতিহাসিক সত্য বা বিজ্ঞানের সূত্র বা দর্শনের আত্মকথা তার অজানা ছিল না, যা একজন জ্ঞানী ব্যক্তির কণ্ঠস্থ ছিল। একটি বই বার বার পড়ায়তেও তাঁর কোনও ক্লান্তি ছিল না, যেন প্রত্যেকবার আরও মন দিয়ে সেটি শুনতেন”। এইভাবে আকবর বিভিন্ন দার্শনিক ধারণা, সাহিত্যিক চলন এবং ঐতিহাসিক তথ্যের বিষয়ে অবগত থাকতেন।
তার বাবার থকে উত্তরাধিকার সূত্রে যে গ্রন্থাগার তিনি পেয়েছিলেন সেটিকে তিনি তাঁর বইএর প্রতি অসীম ভালবাসা দিয়ে বিপুলাকার চেহারা দিয়েছিলেন। পুঁথিগুলি এসেছিল মূলত ব্যক্তিগত সংগ্রহ এবং গুজরাট, জৌনপুর, কাশ্মীর, বাংলা এবং দাক্ষিণাত্যের নানান গ্রন্থাগার এছাড়াও দরবারের নানান অভিজাত এবং আমলার সংগ্রহ থেকে। এছাড়াও নতুন পুঁথি লেখানো, পুরোনোগুলি সম্পাদনা এবং অনুবাদও করানো হত।
ফৈজীর ব্যক্তিগত সংগ্রহে মোটামুটি ৪৩০০ পুঁথি ছিল। তাঁর মৃত্যুর পরে এই বিপুল সংগ্রহ চলে যায় রাষ্ট্রীয় গ্রন্থাগারে এবং সেখানে প্রত্যেক পুঁথিতে সংগ্রহ ও পরিচিতি চিহ্ন দেওয়া হয়। ফৈজীর সংগ্রহকে তিনটিভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটির বেশ কয়েকটা নকলও ছিল। যেমন নল দমন পুঁথি ছিল ১০০টা।
গুজরাট অভিযানে ইতিমদ খানের গ্রন্থাগার আকবর দখল করে নিয়ে এসে এটিকে রাষ্ট্রীয় গ্রন্থাগারে জুড়ে দেন। যখন গুজরাট সম্পূর্ণভাবে দখল হল এবং মির্জা খান খানান দরতবারে নতুন করে যোগ দিলেন আকবরের ৩৪ তম রাজত্ব বছরে, তিনি পাদশাহকে তার ব্যক্তিগত সংগ্রহের বাবরের পারসি ভাষায় লিখিত চাঘতাইস্মৃতি বা ওয়াকিয়াতিবাবরএর অনুবাদ উপহার দেন।
(চলবে)

Wednesday, January 17, 2018

ফাতাউল্লা সিরাজি - পঞ্চদশ শতের প্রযুক্তিবিদ

মাত্র সাত বছর ফাতাউল্লা আকবরের সভাসদ ছিলেন। সে সময়ের যে কোন জ্ঞানীর মত ফাতাউল্লা একাধারে ধর্মতাত্ত্বিক, সাহিত্যিক, বৈয়াকরণিক, চিকিৎসক, অঙ্কবিদ, জ্যোতির্বিদ, জ্যোতিষবিদ, প্রযুক্তিবিদ, এবং জাদুকর ছিলেন। তাঁর সম্বন্ধে আবুল ফজল লিখছেন, আমাদের প্রাচীন জ্ঞানচর্চার পুথিগুলি যদি ধ্বংস হয়ে যায়, তাহলেও তিনি আমাদের নতুন জ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়ে দিতে পারবেন। তাঁর মৃত্যুতে আকবরও বিপুল শোক প্রকাশ করেন।
ফাতাউল্লা, সিরাজ শহরে জন্মান। যুবা বয়সেই তিনি মীর শাহ মীরের শিষ্য হয়ে জ্ঞানচর্চায় বৃত হন। দার্শনিক জালালুদ্দিন জাওয়ানির শিষ্য খ্বাজা জামালুদ্দিন মহম্মদ তাঁকে যুক্তিবিদ্যা আর দর্শন পাঠ দেন। গিয়াসুদ্দিন মনসুরের থেকে তিনি চিকিৎসা, অঙ্ক আর বিজ্ঞান বিষয়ে জ্ঞানী হন। জোরাথ্রুষ্ট্রিয় তাত্ত্বিক আজার খাইওয়ানের থেকেও দার্শনিক নেন।
সিরাজে তিনি পড়ানো শুরু করেন। তাঁর শিষ্যদের মধ্যে প্রখ্যাত হলেন, মীর তাকিউদ্দিন মহম্মদ, আফজল খাঁ, বিজাপুরের প্রথম আলি আদিল শাহের প্রধান উজির রফিউদ্দিন শিরাজি, এই সুলতানের ঐতিহাসিক শেখ হাসান মাউসালি এবং ফরিদুদ্দিন মাসুদ বিন ইব্রাহিম দেহলিভি, জিজিইশাহজানির লেখক আবদুর রহিম খানখানান। আকবর তাঁর থেকে কবিতা এবং অঙ্কশাস্ত্র পাঠ নেন।
বিজাপুরের সুলতান আদিলশাহ বিপুল ব্যয় করে তাঁকে দাক্ষিণাত্যে নিয়ে আসেন। কবে আসেন জানান না গেলেও দীর্ঘকাল ধরে, সুলতানের মৃত্যু ১৫৮০ পর্যন্ত তিনি বিজাপুরে বাস করেন। ১৫৮৩তে আকবরের ডাকে তিনি আগ্রায় মুঘল দরবারে আসেন।
আবুল ফজল এবং বাদাউনি তাঁর সম্বন্ধে বিশদে লিখে গিয়েছেন। তিনি ধর্মীয় দানের জন্য উদ্দিষ্ট সদর দপ্তরে কাজ শুরু করেন। ১৮৫৪ সালের নওরোজের দিন ফ্যান্সি বাজারে তাঁর প্রযুক্তি প্রদর্শন করেন। সেই বছরেই তাঁর তত্ত্বে ইলাহি বর্ষের সূচনা। পরের বছর তাঁকে রাষ্ট্রের অছি, আমিনুল মুল্ক পদে বৃত করা হয়। তাঁর পরামর্শেই টোডরমল্ল নতুন রাজস্ব সংস্কারে হাত দেন। তিনি কুড়িটা পরামর্শ দেন, এবং সবক'টি আকবর গ্রহণ করেন। মুদ্রা সংস্কারও করেন। ১৫৮৫, ১৫৮৭ দুবার তিনি দাক্ষিণাত্য দৌত্যে যান, কিন্তু দৌত্য বিফল হয়। এই কাজে যাওয়ার জন্য তাঁকে ৫০০০ টাকা, খেলাত, আজুজুদ্দৌল্লা উপাধি, একটি ঘোড়া এবং গোটা হিন্দুস্তানের সদর পদ দেওয়া হয়। ১৫৮৮তে তাঁকে কাশ্মীরের রাজা করে দেওয়া হয়। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যু বরণ করেন।
আধুনিক পশ্চিমি ঐতিহাসিকদের কাছে ফাতাউল্লার প্রখ্যাতি যন্ত্র বানানোর জন্যে। তিনি কামানের নল পরিষ্কারের যন্ত্র, কামান টানার গাড়ি, এবং ইলাহি নামক সৌর পঞ্জিকার জনক। তিনি অনেক নিচ থেকে অনেউকগুলি চাকা নির্ভর করে বহু উঁচুতে জল তোলার প্রযুক্তির আবিষ্কারক বলা হচ্ছে আজও ফতেপুর সিক্রিতে এর উদাহরণ পাওয়া যাবে। এছাড়াও দুটি বড় পাথর ঘুরিয়ে শস্য ভাঙার যন্ত্রেরও তিনি উদ্ভাবক। তবে ইলাহি পঞ্জিকার বিশদ বিবরণ পাওয়া যায়।
তাঁর নিজের কোন লেখা পাওয়া যায় নি। সমস্ত তথ্য পাওয়া গিয়েছে আইনিআকবরি আর আকবরনামা সূত্রে। আইনে তাঁর উদ্ভাবিত যন্ত্রের কিছু হাতে আঁকা ছবি পাওয়া গিয়েছে - তাঁর বেশি কিছু নয়।
এখানে এর বেশি বর্ণনা করার সুযোগ নেই। আলভি-রহমানের বইতে দেওয়া তাঁর উদ্ভাবিত যন্ত্রের কিছু ছবি তুলে দিলাম।





(এম এ আলভি, এ রহমানের 'ফাতাউল্লা সিরাজি আ সিক্সটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়ান সায়েন্টিস্ট', ১৯৬৮, অবলম্বনে)

Sunday, October 1, 2017

জমির বিলিবন্টন ও রাজস্ব আদায়ের পদ্ধতি৯

খাড়ি
আজকে যেটি শিয়ালদা জয়নগর লক্ষ্মীকান্তপুর ট্রেনরাস্তা, সেটি একদা ছিল বাংলার অন্যতম সেরা অতল নদী, বাংলার বাণিজ্য প্রাণ। ভগীরথের কাটা আদিগঙ্গা একসময় চিৎপুর, সালকিয়া, বেতাই, বেলেঘাটা, কালিঘাট, রসা, নাচন(ঘাটা)গাছা, বৈষ্ণবঘাটা, কল্যাণপুর, বারুইপুর, সাধুঘাট, সূর্যপুর, মুলুটি, দক্ষিণ বারাসাত, বহড়ু, জনগর, বিষ্ণুপুর, চত্রভোগ, খাড়ি, কাশীনগর, ধামাই, বেতাই, বগরা হয়ে কাকদ্বীপের পথে সাগরে পড়ত। জয়নগর মথুরাপুরের কাছেই খাড়ি। এক সময় এই রাস্তায় বিশাল বিশাল বাণিজ্যপোত পাল তুলে সুন্দরবনের পথে দূর সমুদ্র পথে বিদেশের পানে অদৃশ্য হত।
খাড়ির নাম প্রথম পাচ্ছি দশম শতের ডাকার্ণব বৌদ্ধ তন্ত্রগ্রন্থ থেকে, এটি তান্ত্রিকদের চৌষট্টি পীঠের একটি বলা হয়। তাম্রলিপ্তের পতনের পর খাড়ির গৌরব শুরু। লক্ষ্মণসেনের সময় গৌড়বাংলার স্বর্ণ যুগ। মোগল আমলে যেটি সুবা, সেন আমলে সেটি ছিল ভুক্তি, আর সরকার হল মণ্ডল। খাড়ি ছিল তেমনি মণ্ডল এবং মণ্ডলেশ্বর এই খাড়িতেই বাস করতেন।
২২ নম্বর লাট বকুলতলায় দিঘি খননের সময় উঠে এল লক্ষ্মণসেনের আমলের একটি তাম্রশাসন – মহারাজ লক্ষ্মণসেনের। তিনি পৌণ্ড্রভূক্তির মধ্যে খাড়িমন্ডলের অধীনে জনৈক ব্রাহ্মণ, ব্যবসদেব শর্মাকে ভূমি দান করলেন। মণ্ডলগ্রাম আজও আছে। পুরাণ মতে মণ্ডলের আয়তন বত্রিশশত বর্গমাইল। মণ্ডলে থাকেন মণ্ডলেশ্বর, অমাত্য এবং এটি একটি দুর্গ দিয়ে সুরক্ষিত ছিল।
যেহেতু সুন্দরবন ছিল সীমান্ত এলাকা, সেহেতু প্রতিরক্ষার দিক থেকে খাড়ির গুরুত্ব অপরিসীম ছিল। সুন্দরবন ছিল বন্দরও। হুগলি, কলকাতা, সপ্তগ্রাম যখন হয় নি, তখন বহু বিদেশি জাহাজ এখানে ভিড় জমাত। একটি তাম্রশাসনে দেখা যাচ্ছে, মহাসামন্তাধিপতি ডোম্মনপাল রজত্ব করেছেন ১১১৮শকে(১১৯৬খ্রি)। প্রথমে লক্ষ্ণসামন্তের রাজা, পরে স্বাধীন হন। সেই তাম্রশাসনে দেখা যাচ্ছে ডোম্মন পাল, সুহৃদ বার্ধীনস গোত্রীয় যজুর্বেদিয় ব্রাহ্মণ, রাণ উপাধিধারী বাসুদেবকে বামহিতা গ্রাম দান করেছেন।
চৈতন্য ভাগবতে গৌড়পাণ্ডুয়ার পাঠান শাসনে খাড়ির বর্ণনা পাওয়া যায়। শ্রীচৈতন্য আদিগঙ্গা দিয়ে চলেছেন বারুইপুর, সাধুঘাট, সূর্যপুর, মুলুটি, দক্ষিণবারাসাত, বহড়ু, জয়নগর, বিষ্ণুপুর, ছত্রভোগ, খাড়ি, কাশীনগর ইত্যাদি হয়ে নীলাচলের পথে। ছত্রভোগে নিমাই একরাত্রি অতিবাহিত করেন। তারপরে খাড়িতে অবতরণ।
দায়ুদ খাঁর কাটামুণ্ডুর ওপর দিয়ে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করল আকবর। আকবর সুহৃদ আবুলফজলের আইনি আকবরিতে বিশদে খাড়ির বর্ণনা পাচ্ছি – চট্টগ্রাম থেকে খাড়ির দূরত্ব চারশ ক্রোশ, উত্তরের পর্বত থেকে দক্ষিণের মাদারণ সরকারে দূরত্ব চারশ ক্রোশ। ওডিসা যোগ হওয়ায় দৈর্ঘে আরও তেত্রাল্লিশ ক্রোশ এবং প্রস্থে আরও তেইশ ক্রোশ যোগ হল। বাংলার সীমানার শেষ বন্দর খাড়ি এবং সুন্দরবন আর বাংলার দরজা। এখান থেকে সমুদ্র যাত্রার শুরু।
এর পরে ক্লাইভ। তিনি লিখছেন কারিজুড়ি পরগনার আয়তন কত জানি না, তবে খাড়ি পরগণা দক্ষিণে সুন্দরবন পর্যন্ত গিয়ে মিশেছে। খাড়ির রাজস্ব চল্লিশ লক্ষ টাকা। কিন্তু অধিকাংশ জন শূন্য, জঙ্গলে ভর্তি ও চাষের অযোগ্য। তবে নবাবকে এই খাড়ি থেকে খাজনা দিয়ে থাকি পাঁচশ বাষট্টি টাকা মাত্র।

Saturday, September 30, 2017

জমির বিলিবন্টন ও রাজস্ব আদায়ের পদ্ধতি৭

আকবরের তৈরি প্রশাসনিক কাঠামোটা জানা খুব জরুরি। কেননা তার এই রাজস্ব এবং প্রশাসনিক কাঠামোর ওপর নির্ভর করে তারপরের দেড়শ বছরের গোটা মুঘল সাম্রাজ্য, বাংলায় ৫০ বছরের নবাবী প্রশাসন এবং তার পরের ব্রিটিশ প্রশাসনিক এবং রাজস্ব আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছিল, যদিও ব্রিটিশদের লুঠ উদ্যমের সঙ্গে আকবরের উৎকর্ষময় পরিকল্পনার কোন তুলনাই চলতে পারে না।

প্রত্যেক সুবা বিভক্ত ছিল অনেকগুলো সরকারে। সরকার আবার অনেকগুলি পরগণায়। পরগনাগুলি আবার মহলে। মহল তৈরি হত কতগুলি মৌজা বা গ্রাম নিয়ে।

সুবা
সুবাদার - তাঁর সময়ের সুবার শাসনতান্ত্রিক কাঠামোর মাথায় ছিলেন ছিল সুবাদার বা সিপাহসালার। আওরঙ্গজেব বাংলায় মুর্শিদকুলি খাঁকে দেওয়ান হিসেবে পাঠালে তাঁর নিজস্ব যোগ্যতায় তিনি প্রধান শাসনকর্তা হয়ে ওঠেন। তাঁর আগে সুবাদারেরা শাসনপ্রধান ছিলেন।

দেওয়ান – ইনি রাজস্ব সংগ্রহ করতেন। প্রাদেশিক কর্মচারীদের বেতন দিতেন, দেওয়ানি বিচার করতেন এবং রাজস্ব বিভাগ দেখাশোনা করতেন। যদিও দেওয়ান আর সুবাদারের পদ একই শ্রেণীর ছিল কিন্তু সুবাদার সেনা প্রধান হওয়ায় একটু বেশিই ক্ষমতা ভোগ করতেন

যাইহোক এই দুজনকে রাজকীয়ভাবে একই শ্রেণীর পদ দেওয়ায় এটা পরিষ্কার যে পাদশাহেরা আন্দাজ করেছিলেন দুজনের মধ্যে ঈর্ষার যে লড়াই চলবে তাতে কেন্দ্রিয় শাসন আরও জরদার হবে এবং ভিতরের গুপ্ত তথ্য আরও বিশদে পাওয়া যাবে।

সুবার কাজকর্ম বিষয়ে সুবাদার এবং দেওয়ান পৃথক পৃথকভাবে তাদের মন্তব্য নিয়মিত পাঠাতেন পাদসাহের কাছে।

সদর – মানুষকে বৃত্তি বা নিষ্কর জমি দেওয়ার জন্য সুপারিশদার
কাজি – বিচার বিভাগের প্রধান। সরকার আর পরগণার কাজিদের বিচার ইত্যাদি পরিদর্শন করতেন।
বকশী – সৈন্যদলে লোক নিয়োগকর্তা, হিসাবও রাখতেন, মাইনে দিতেন(বলছেন আচার্য যদুনাথ), প্রাদেশিক সৈন্যরা যাতে কর্মক্ষম থাকে তারজন্য উনি দেখাশোনা করতেন।
ওয়াকিয়ানবিশ – সংবাদলেখক। রোজ পাদশাহকে প্রদেশের সংবাদ পাঠতেন। গুপ্তচর নিয়োগ করতেন।
কোতয়াল – রাজধানীর আইনকানুন, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ইত্যাদি দেখতেন
মীরবহর – নৌকোর, ফেরি, আমদানি শুল্ক ইত্যাদি আদায়ের ব্যবস্থা করতেন।

সরকার বা জেলার শাসনকাঠামো
ফৌজদার – সৈন্যদলের সাহায্যে সরকারের শৃঙ্খলা বজায় রাখতেন।
আমলগুজার – রাজস্ব কর্মচারী। বন্দোবস্ত নেওয়া প্রজাদের জমির বন্দোবস্ত নিতেন, খাজনা ধার্য, খাজনা আদায়, কৃষকদের নিরাপত্তা/সুরক্ষার ব্যবস্থা করতেন। কৃষকদের চাষ পতিত জমি উদ্ধারের জন্য অগ্রিম অর্থ দাদন দিতেন।
কাজি – সরকারের মামলা মোকদ্দমার বিচার করতেন।
কোতয়াল – নগররক্ষল্ক
বিতিকিচি – রাজস্ব কর্মচারী, কানুনগোদের বড় আধিকারিক। পরগনার কানুনগোরা যে সমীক্ষা পাঠাতেন সেগুলো পরীক্ষা করে খাজনা ধার্য করতেন।
খাজনাদার – জেলা বা সরকারের কোষাধ্যক্ষ্য। গ্রাম বা পরগণার আদায়ীকৃত সমস্ত খাজনা এরই মাধ্যমে রাজস্ব বিভাগে জমা পড়ত।

পরগনার শাসন কাঠামো
শিকদার – পরগনা প্রধান। তার অন্ত্যতম প্রধান কাজ ছিল কৃষক বা প্রজাদের থেকে খাজনা আদায় করে রাজস্ব দপ্তরে জমা দেওয়া।
আমিল – চাষীর সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকত। খাজনা ধার্য আর আদায় করতেন।
ফোতেদার – পরগনার রাজস্ব আধিকারিক
কারকুন – পরগনার হিসাবলেখক। যে খাজনা আদায় হত তার হিসেব লিখতেন।
কানুনগো - পরগনার কানুনগোরা ছিলেন জমিজমার আইন বিশারদ। এরা গ্রামের পাটোয়ারিদের প্রধান ছিলেন। কানুনগোরা ভূমি আইন, বিভিন্ন প্রকার বন্দোবস্তের স্বরূপ ও খুঁটিনাটি, খাজনা ধার্যের হিসেব আর খাজনা আদায় বিষয়ে নিয়মিত নজরদারি করতেন। এরা আদায়ের ওপর ১টাকা আদায় পেতেন। পরে তাদের কিছু জমির ব্যবস্থা করে দেওয়া হয় এবং মাসিক ২০-২৫ টাকা বেতন দিতেন।
চৌধুরী – পরগনার জমিদার, আর খাজনা আদায়ে সাহায্য করতেন।

মৌজা বা গ্রামস্তরের শাসনব্যবস্থা
মুকদ্দোম – গ্রাম প্রধান। তার কাজ ছিল আইনশৃঙ্খলা দেখা, মামলা মোকদ্দমার বিচার করা আর খাজনা আদায়ে সাহায্য করতেন।
পাটোয়ারি – প্রজাদের বন্দোবস্ত নেওয়া জমির খাজনা ধার্য করতেন এবং আদায়ে সাহায্য করতেন।
এছাড়াও ছিলেম আমিন সহ আরও বহু কর্মচারী যাদের পরিশ্রমে সঠিক সময়ে সঠিক রাজস্ব আদায় হত।