Showing posts with label জ্ঞান. Show all posts
Showing posts with label জ্ঞান. Show all posts

Sunday, March 18, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৭ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

জাদুঘরভিত্তিক পদ্ধতি
বহু ইওরোপি মনে করত(আজও করে) ভারত যেন জীবন্ত জাদুঘর – ভারতের গ্রামাঞ্চল যেন প্রত্নতাত্ত্বিক খণ্ডহরে ভর্তি, জনগণ যেই প্রবাহিত অতীতের প্রতিচ্ছবি – পুরাণোক্ত, ধ্রুপদী এবং সামন্ততান্ত্রিক; ভারত যেন ইওরোপিয় জাদুঘরগুলির ফাঁকা তাক পূর্ণ করার, চিড়িয়াখানার খাঁচা ভরার, বোটানিক বাগানের শূন্য উদ্যানে রোপন করার আর গ্রামের জমিদারি প্রাসাদ সজ্জার অন্যতম প্রধান সূত্র।
১৮৬০ পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জ্ঞান – এর শিল্প, স্থাপত্য, লিপি, এবং লিখিত ঐতিহ্য সমুদ্র পারে প্রবাহিত হওয়ার উদ্যম নিয়েছিলেন মূলত কিছু উৎসাহী জ্ঞানী ব্যক্তি এবং গবেষণা আর জ্ঞান সংক্রান্ত সঙ্গঠনগুলি। এছাড়াও ততদিন পর্যন্ত এই উদ্যমটা ছিল অন্যান্য তদন্তমূলক পদ্ধতির উপজাত কর্মমাত্র। অষ্টাদশ শতকের শেষের দিকে বহু শিল্পী ভারতে আঁকার কাজে দায়িত্ব পেয়ে বা কর্মসূত্রে বা পৃষ্ঠপোষণাসূত্রে আসেন – যেমন ড্যানিলে ভায়েরা, উইলিয়াম হজেস বা জর্জ চিনারি ইত্যাদি – তারা কেবল ভারতের প্রাকৃতিক দৃশ্য বা ধনী নবাব বা আমলাদের ব্যক্তিচিত্র আঁকেন নি, তারা বিভিন্ন প্রাক্তন সাম্রাজ্যের নানান কীর্তিচিহ্নের খণ্ডহরগুলির দৃশ্যও উপস্থাপন করেছেন সারা বিশ্বের সামনে। ভারতের জনসমষ্টি, প্রাচ্যের নানান ছবি সম্বলিত বই, পোর্টফোলিও, ছাপা এবং আঁকার একটা বড় বাজার তৈরি হয়েছিল ব্রিটেনে এটাও মনে রাখা দরকার।
রাজস্বব্যবস্থা এবং সেটলমেন্ট পদ্ধতির উপজাতকর্ম হিসেবে প্রচুর প্রত্নতাত্ত্বিক এলাকা চিহ্নিত এবং মানচিত্রকরণ করা হল। ভারত সাম্রাজ্যে প্রথম বিশাল বড় প্রত্নতাত্ত্বিক উতখননের কাজ করেন দাক্ষিণাত্যে কলিন ম্যাকেঞ্জি। তিনি সরকারি প্রশাসনিক আমলাগিরি ছাড়াও সেই বিশাল প্রাচীন অঞ্চলে কুড়ি বছর ধরে প্রত্নতাত্ত্বিক নমুনা, লেখ, পুথি, মৌখিক ইতিহাস সংগ্রহ করেন।
ভারতে নীলচাষ করতে আসা নীলকর জেমস ফারগুসন ১৮৩৭-১৮৪২ পর্যন্ত ভারত জুড়ে ঘুরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ইতিহাস সংগ্রহ করেন এবং কর্তৃত্ববাদী ইতিহাস এবং ভারতীয় শিল্পকলা আর স্থাপত্যের বিবর্তন বিষয়ে লেখার অন্যতম পথ প্রর্শক হিসেবে আজ চিহ্নিত হয়ে আছেন। ক্রিস্টাল প্যালেস প্রদর্শনী আয়োজন করার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। সরকারিভাবে তিনি ভারতীয় শিল্পকলার অন্যতম গুণগ্রাহী হিসেবেও তার নাম উঠে আসত এক সময়ে।
সেনাবাহিনীর প্রযুক্তিবিদ আলেকজান্ডার কানিংহ্যাম ভারতীয় প্রত্নতত্ত্ব বিষয়ে উৎসাহী হয়ে উঠে ১৮৫৯ সালে ভারত শাসক ক্যানিংকে প্রভাবিত করে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া স্থাপন করেন এবং তার প্রথম কর্তা নির্বাচিত হন। এই দপ্তরের প্রাথমিক কাজ ছিল, ভূসংস্থানগত গবেষণার ভিত্তিতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান খুঁজে বার করা। এছাড়াও এই সঙ্গঠনটির অন্যতম কাজগুলির মধ্যে প্রধান ছিল বিভিন্ন ঐতিহাসিক ক্ষেত্রকে সুরক্ষা দেওয়া এবং সেই স্থানেই জাদুঘর তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থাপনা করা এবং জাতীয়স্তরে যে সব প্রত্নতাত্ত্বিক নমুনা ইত্যাদি সংগ্রহ হচ্ছে সেগুলির একটি কেন্দ্রিয় প্রদর্শনীর ব্যবস্থাপনা করা। ভারতের প্রথম জাদুঘরটি স্থাপনা করা হয় কলকাতায় এক্কেবারে কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে। এটি ক্রমশ ভারতীয় জাদুঘরে রুপান্তরিত হল, যেখানে বিপুল সংখ্যায় প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং জাতিতাত্ত্বিক উপাদান এবং নমুনা প্রদর্শিত হয়েছে।

উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই নানান আন্তর্জাতিক মেলা, উৎসব বা বিশ্ব প্রদর্শনীতে সরকারি এবং সরকারি স্তরে সংগৃহীত ভারতীয় শিল্পকলা, অঙ্কন এবং প্রত্নতাত্ত্বিক উপাদান বিপুলভাবে উপস্থিত হতে থাকে। ভারতের অতীতকে প্রশাসনিক এবং সাম্রাজ্যবাদী দৃষ্টিতে উপস্থাপন করে ভারতীয় ইতিহাসের চরিত্র নির্নায়ক সম্পর্কিত বিশ্বজনমত তৈরি করার এই উদ্যম উপনিবেশিক প্রকল্পের একটা বড় অংশ ছিল। 

উপনিবেশ বিরোধী চর্চা৬ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

সংখ্যাতাত্ত্বিক/তালিকাভুক্তির পদ্ধতি
অধিকাংশ ব্রিটিশ আমলাদের দৃষ্টিতে ভারত মানেই যেন বিপুল পরিমান সংখ্যার সমষ্টি বিশেষ। এই মানসিকতার বিকাশ ঘটে সপ্তদশ শতকের শুরুতে ব্রিটিশ সওদাগরি বণিকদের এদেশে পদার্পনের সময় থেকে। ব্যবসার জন্যে তারা বিভিন্ন পণ্যের তালিকা, দাম, শুল্ক চুঙ্গিকর দেওয়ার তথ্যাদি সংগ্রহ করে নিজেদের দেশে পাঠাতে শুরু করে; পরের দিকে এই পদ্ধতিটাই কোন একটি অপরিচিত অজ্ঞান বিসদৃশ ভূমিখণ্ডকে নানান ধরণের বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয়। কিন্তু তারা শাসনের প্রথম দিকে যখন ভারতের বিভিন এলাকার জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করতে সমীক্ষার কাজ শুরু করে, বুঝতে পারে খুব সহজ সঙ্খাতাত্ত্বিক প্রকল্পও চরিত্র বোঝার সমস্যা নিয়ে এসে দাঁড়ায়।
সিপাহি যুদ্ধের পরে ভারতের জাতীয়করণ সম্পূর্ণ হওয়ার পরে যখন বিপুলভাবে সেটলমেন্টের কাজ শুরু হল, ভারত সরকার বেশ কয়েকটি জনগণনার(সেন্সাস) কাজ শুরু করে। তাদের ধারণা ছিল এই কাজের মাধ্যমে তারা ভারতের জনগণের বিভিন স্তরের কাছে সাম্রাজ্যের সাফল্য আর প্রগতির দিকটি তুলে ধরতে পারবে। এই কাজ করতে করতে ১৮৮১ সালে তারা একটি নির্দিষ্ট পদ্ধতির কার্যপ্রণালী তৈরি করতে পারল যার নাম হল জনগণনা, যার মাধ্যমে তার আশা করল যে সাম্রাজ্য প্রত্যেক শাসিত জনগনের কিছু মৌলিক তথ্য যেমন বয়স, পেশা, জাতি, ধর্ম, শিক্ষা, জন্মস্থান এবং বর্তমান বাসস্থান ইত্যাদির তালিকা তৈরি করতে পারবে। ৫০ লক্ষেরও বেশি মানুষ, যার অধিকাংশ স্বেচ্ছাসেবা করা, নেওয়া হল এই জনগণনার কাজে। প্রকাশিত এই গণনা সমীক্ষায় শুধু যে জনগণের থেকে প্রাপ্ত তথ্য সংকলনের সংক্ষিপ্তয়ায়ণ করা হল তাই নয়, তার সঙ্গে বিশদে বিশ্লেষিত হল মানুষের জাতি ব্যবস্থা, ধর্ম, জন্মহার এবং মৃত্যু হার, বাড়ির ব্যবস্থাপনা, এবং ভারতের আর্থিক কাঠামোও। জনগণনা হল ভিক্টোরিয় মূল্যবোধভিত্তিক কোন দেশের সামগ্রিক জ্ঞান সংগ্রহ করার প্রাতিষ্ঠানিক কাঠামো।

আমার অনুমান(হাইপোথিসিস) হল এই জনগণনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, প্রশাসনিক স্তরে ভারতের জনগণকে শাসন করার জন্যে সামাজিক শ্রেণী আর স্তর নির্ধারণ করা। ব্রিটিশেরা মনে করল জনগণনা থেকে প্রাপ্ত তথ্য আদতে ভারত সম্বন্ধীয় সামাজিক তথ্যের সমাহার। এটা তারা করল কিন্তু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে। এই প্রকল্পটির মাধ্যমে ভারতের মানুষকে সামাজিক কৃষ্টিগত এবং ভাষিক চরিত্রে ভাগ করে ফেলা হল। ভারতের জনসংখ্যার চরিত্র সম্বন্ধে যে বিহঙ্গ দৃষ্টি ব্রিটিশেরা র্জন করছিল সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে, এবং এর দ্বারা ভারতকে একটি রাজনৈতিক সংগঠনে চরিত্রায়িত করা গেল, যে ভারতীয় চরিত্র সাম্রাজ্যবাদী প্রশাসকের দৃষ্টিভঙ্গীতে প্রশাসনিকভাবে ব্যবহার করে বজ্র মুষ্টিতে ভারতকে পরিচালিত করা যায়।

উপনিবেশ বিরোধী চর্চা৫ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

সমীক্ষা(সার্ভে) পদ্ধতি
ব্রিটিশদের ব্যবহার করা সার্ভে বা সমীক্ষা শব্দটি বেশ কিছু নির্দিষ্ট ধরণের কাজের ইঙ্গিত দেয় – কোন কিছু দেখে বিচার করা, পাঁচিল দিয়ে ঘেরার জন্যে কোন জমি চিহ্নিত করা, পরিদর্শন করা, কোন কিছু তত্ত্বাবধান করে কোন ব্যক্তি বা এলাকার ওপরে নজরদারি করা। অন্য দৃষ্টিভঙ্গীতেও বলা যায়, কোন বস্তু বা বিষয়ের ওপর আর্থিক মূল্য নির্ণয় করা বোঝায়। অষ্টাদশ শতকে ভারতে শাসনের কাজে থাকা ব্রিটিশদের কাছে সমীক্ষা হল সামাজিক এবং প্রাকৃতিক ভূমিভাগ(ল্যান্ডস্কেপ) বিষয়ে অন্বেষণ/গবেষণা(এক্সপ্লোরেশন)। সমীক্ষা হল এমন একটা তদন্তমূলক পদ্ধতি, যার সঙ্গে বিপুল বিষয় যুক্ত – ভারতের মানচিত্র তৈরি করা থেকে শুরু করে গাছগাছড়ার নমুনা সংগ্রহ করা, ঐতিহাসিক বিষয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যিক এবং প্রত্নতত্ত্বিক এলাকাগুলি নথিকরণ করা অথবা নিদেনপক্ষে চাষীর মাঠকে পুঙ্খানুপুঙ্খভাবে মাপন করা।
যদিও মানচিত্র তৈরি করা এবং রাস্তার অনস্থান ও দিক নির্নয় করা ভারতের সওদাগরি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বহুকাল ধরে, কিন্তু সেই কাজটা ১৭৬৫ সালে প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন রবার্ট ক্লাইভ বাংলা সুবার প্রধান হয়ে। তাঁর নির্দেশে নবতমভাবে ব্রিটিশ অধিকারে আসা বাংলা ভূখণ্ড সমীক্ষা করা শুরু করেন নৌসেনা আধিকারিক জেমস রেনেল। ঔপনিবেশিক ভারতে সমীক্ষার ধারণাটি হল ভারত সাম্রাজ্যের সরকারি নির্দেশে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে প্রাকৃতিক এবং সামাজিক চরিত্র বিশ্লেষণ।
এর ফলে বিপুল ধরণের সরকারি নথিকরণের কাজ শুরু হল সার্ভে অব ইন্ডিয়ার জর্জ ল্যাম্বটনের নেতৃত্বে ও নির্দেশনায়, ভারতের ওপর কয়েকটি কল্পিত গারদ/ঝাঁঝারি টেনে দিয়ে যার মাধ্যমে সরকার যে কোন সময়ে যে কোন রাজ্যকে চিহ্নিত করতে পারত। নতুন নতুন এলাকা দখল করার পর নতুনভাবে সেই অঞ্চলের সমীক্ষা শুরু হত, যা কিন্তু মানচিত্র তৈরির থেকে বেশি গভীরে চলে গিয়ে বিভিন্ন অঞ্চলের প্রানীকূল, উদ্ভিদকূল, ভূতত্ত্ব, জনবিন্যাস, অর্থনৈতিক পণ্য, ইতিহাস এবং সমাজবিদ্যা নথিকরণ বর্ণনা ও চরিত্র নির্ধারণ করত।


এই সমীক্ষার ইতিহাস ধারাবাহিকভাবে লিখে গিয়েছেন কিছু ‘সহজাত প্রতিভা’ধর মানুষ যারা সমীক্ষা নিয়ে যেন ঘোরের মধ্যে থাকতেন – জেমস রেনেল, উইলিটাম ল্যাম্বটন, কলিন ম্যাকেঞ্জি, আলেকজান্ডার কানিংহ্যাম এবং ফ্রান্সিস বুকানন হ্যামিলটন। ‘মহান মানুষ’দের করা সমীক্ষা তত্ত্বের পিছনে আছে কিন্তু একটি নির্দিষ্ট সাম্রাজ্যিক জ্ঞানচর্চাগত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং কর্মপদ্ধতি যার মাধ্যমে সাম্রাজ্য তার প্রয়োজনীয় এবং নির্দিষ্ট ধরণের জ্ঞান পঞ্জীকৃত করে, যে জ্ঞান দিয়ে সে ভারতকে বিচার, চরিত্রায়ন এবং শাসন করার নীতি প্রণয়ন করবে। ভারতকে ফিক্সিং, বাউন্ডিং এবং সেটলিং করার জন্যে সে এই বিপুল আর বিশাল জ্ঞান লিখিত আকারে যেমন এনসাক্লোপিডিয়া এবং মহাফেজিকরণে রূপান্তরিত করে।

Saturday, March 17, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৩ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

ইতিহাসলেখন পদ্ধতি
ব্রিটিশ ভারত তৈরিতে এই পদ্ধতিটি অন্যান্য সবকটি পদ্ধতির থেকে সব থেকে জটিল, পরিব্যপ্ত, ক্ষমতাশালী। ব্রিটিশদের ক্ষেত্রে ইতিহাস একটি তত্ত্বতাত্ত্বিক(অন্টোলজিক্যাল) ক্ষমতা যা শিক্ষিতদের বোঝাতে চেষ্টা করে কোনটা বাস্তব এবং সামাজিক বিশ্ব কিভাবে তৈরি হয়েছে তার পদ্ধিতিগুলি। ভারত শাসনে ইতিহাসের লক্ষ্য এবং তাকে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে বিতর্ক আজও থামে নি। ভারতের বিপুল এলাকা দখল এবং সার্বভৌমত্বের বিতর্কের সময় থেকেই ব্রিটিশেরা তাদের শাসন পদ্ধতি কি হবে তার নিয়ম তৈরি করেছিল তাদের আগের রাষ্ট্র আর শাসকদের আইন আর শাসন নিজেদের মত বিশ্লেষণ করে। পুরনো শাসন ব্যবস্থার অধিকাংশ আমলাকে তারা নিজেদের শাসনে নিতে চাইল। ভারতের রাষ্ট্রের ইতিহাস আর প্রথার জ্ঞান, ঔপনিবেশিক সরকারের কাছে ভারত শাসনের খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে।

বাংলায় ১৭৭০ সালে তারা শুরু করল এক ধরণের পদ্ধতি যার নাম এনকুয়ারি – কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের তালিকা যার মাধ্যমে তারা বুঝতে পারে অতীতে কিভাবে রাজস্ব নির্ধারণ এবং আদায় হত। হাতেগোণা এই প্রশ্নতালিকার মাধ্যমেই শুরু হল ভারতজুড়ে সর্ববিস্তৃত এবং প্রসারণশীল প্রশাসনিক কাজকর্ম যাকে উপনিবেশ ভূমি-বন্দোবস্ত নামে অভিহিত করছে। এই উদ্যমকে ‘প্রথা এবং স্থানীয় ইতিহাস’এর সংকলন হিসেবে নাম দিয়ে জমিসত্ত্বের ব্রিটিশ বিতর্ক শুরু হল। এই পদ্ধতিটা শেষ হল জেলা ভিত্তিক জমি সেটলমেন্ট সমীক্ষায়।

ইতিহাস লেখার পদ্ধতির দ্বিতীয় উদ্যমটি হল, আলেকজান্ডার ডাও, রবার্ট ওরমে, চার্লস গ্রান্ট, মার্কস উইলকস, জেমস মিল এবং জেমস টডকে দিয়ে ভারত সভ্যতার চরিত্র নির্ধারণ করানোর প্রক্রিয়ায়। এই ইতিহাসলেখন প্রক্রিয়া এবং ইতিহাস বর্ণনার আঙ্গিক বা রীতি অবশ্যই বিশদে আলোচনা যোগ্য, কিন্তু সার্বিকভাবে একটা বিষয় বলা যায়, সবকটি ইতিহাস লেখনের কেন্দ্রে রয়েছে ভারতে এসে ব্রিটিশদের সভ্যতা ছড়ানোর প্রক্রিয়ার বৈধতা দান এবং ভিত্তিপ্রস্তর স্থাপন।



তৃতীয় ইতিহাসলেখন পদ্ধতিটি হল ভারতে ব্রিটিশ ইতিহাস। আদতে এটিকে ‘জনপ্রিয়’(পপুলার) ইতিহাস নাম দেওয়া হল – ভারতে বা ব্রিটেনে ঘটা কিছু ঘটনার সমাহার করে - কলকাতার ব্ল্যাকহোল, টিপুর হার, লক্ষ্ণৌ দখলে কিছু প্রতীকী ব্যক্তি এবং বিষয়ী নায়ক আর খলনায়কের জন্ম, নানান ‘জনপ্রিয়’ নাটক এবং কবিতা; বিভিন্ন স্মারক এবং গম্ভীরতম পবিত্র ক্ষেত্র তৈরি করে তাদের ইতিহাসের পার্থিব ভিত্তি তৈরি করা হল।

উপনিবেশ বিরোধী চর্চা২ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

আমরা দেখব মেট্রোপলিটনের বহু নথি ভারত উপনিবেশেই বিকশিত হয়েছে। উদাহরণস্বরূপ, ভারতীয় সিভিল সার্ভিস, মেট্রোপলিটনের রাষ্ট্রের চাকরির নীতি তৈরি করে দিয়েছিল। উল্টো দিকে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিদ্যালয়রূপী কারখানায় পড়া জমিদারদের সন্তান যারা ভবিষ্যতে ভদ্রবিত্ত(উনি মিডলক্লাস বলেছেন) আধুনিকতার ধ্বজাধারী হবে, তৈরি হচ্ছে। এই নকসাটি ভারতের মত অন্যান্য উপনিবেশেও প্রতিস্থাপিত হবে যাতে সাম্রাজ্য চালানোয় অনুগত শাসক ভৃত্য উতপাদন করা যায়।ব্রিটিশ রাষ্ট্রের কেন্দ্রিয় প্রতিমা এবং জাতীয় আনুগত্য, রাজা/রানী। তাকে উনবিংশ শতকের মাঝপথে ভারতীয়দের সাম্রাজ্য আনুগত্যের সঙ্গেআলাদা করে জুড়ে দেওয়া হবে।
ভারতে ব্রিটিশ বিজয় বিষয়ে আমার গবেষণার একটা মৌল নীতি হল উপনিবেশ এবং মেট্রোপলকে একই জ্ঞানচর্চার দেহাঙ্গে দেখার চেষ্টা। মোটামুটি মেনে নেওয়া গেছে, অন্যান্য সমাজের মত এই দুটি সমাজও ধারাবাহিক কিছু তথ্যের আধারে বিশ্লেষণ করা যায়। এই তথ্যের আঙ্গিকটি স্বউদ্ভাসিত। এই স্বউদ্ভাসনাটি এই বাক্যের দ্বারা প্রকাশ করা যায় – দ্য এডমিনিস্ট্রেটিভ পাওয়ার স্টিমড ফ্রম দ্য এফিসিয়েন্ট ইউজ অব দিজ ফ্যাক্টস।
এই তথ্য(ফ্যাক্ট)গুলো আদতে কি, যেগুলি সংগ্রহ করে আধুনিক জাতিরাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়? অষ্টাদশ শতকের শেষের আর উনবিংশ শতকের শুরুর শিক্ষিত ইংলিশম্যানেরা বিশ্বাস করত বিশ্বকে অনুভূতি(সেন্সেস) দ্বারা জানা দরকার, তারা বিশ্বের নানান প্রাকৃতিক বিষয় নথিভূক্ত করেন। এই বিশ্বটি ঈশ্বরের হস্তাবলেপনে উদ্ভুত, পরীক্ষামূলকভাবে এই বিশ্বকে জানা দরকার এবং গঠনশীল বিজ্ঞানের(কন্সটিটিউটিভ অব সায়েন্সেস) মাধ্যমে প্রকৃতির আইনগুলি বিচার করে বিশ্ব এবং অন্যান্য বিষয়ও শাসন করার মন্ত্র বার করা দরকার। ভারতে এসে তারা জেনে না জেনে বা মতলবকরেও শুধু যে এলাকা দখল করল তাই নয়, জ্ঞানচর্চাতেও তারা প্রবেশ করল। এই পরিসরের বাস্তবতা(ফ্যাক্টস)র লাগাম শুধুই আর আক্রমনকারীদের হাতে রইল না। ব্রিটিশেরা মনে করল অনুবাদের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তারা এই পরিসরটা দখল করতে পারে, অজানাকে জানতে পারে।
প্রথম পদক্ষেপ হল স্থানীয় ভাষা জ্ঞান আহরণ করা। ধ্রুপদী পার্সি, আরবি এবং সংস্কৃতর সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বলা দেশিয় ভাষাকেও জ্ঞান আহরণের অন্যতম পূর্বশর্ত হিসেবে ঠিক করা হল। ব্রিটিশেরা উপনিবেশে শিক্ষার প্রথম সংগঠন তৈরি করল দেশিয় সরকারি ভাষা শিক্ষার মধ্যে দিয়েই। দেশিয় ভাষা জ্ঞানের অন্যতম উদ্দেশ্য হল নির্দেশ দেওন, রাজস্ব আদায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা – এবং যে মানুষকে তারা শাসন করছে, তাদের বিষয়ে আরও নানান আঙ্গিকের জ্ঞান সঞ্চয় করা। ব্রিটিশ শাসককে এই নবলব্ধ জ্ঞান অধিকার দিল, ভারত নামক বিপুল সামাজিক বিশ্বকে শ্রেণীবিভক্ত ও চরিত্র বিশ্লেষণ করে শাসন করার। বৃহত্তর ঔপনিবেশিক প্রকল্পে এই অনুজ্ঞা আর বিষয়গুলি বিচারের মাধ্যমে ব্রিটিশ শাসকেরা গবেষণাধর্মী পদ্ধতি(ইনভেস্টিগেটিভ মোডালিটিজ)সমূহ ব্যবস্থাপনা করে তথ্য সংগ্রহে অবতীর্ণ হয়।
গবেষণাধর্মী পদ্ধতিতে অঙ্গীভূত রয়েছে, চাহিদার একদলাতথ্য, নির্দিষ্ট জ্ঞানটি কিভাবে সংগৃহীত হবে সেই পদ্ধতি নির্ধারণ, এর ক্রমীকরণ এবং বিচারবিশ্লেষণ, এবং তারপরে কিভাবে একে ছাপা সমীক্ষা, সংখ্যাতাত্ত্বিক উপস্থাপন, আইনি ভাষা, এবং বিশ্বজ্ঞান(এন্সাইক্লোপিডিয়া)রূপে ছেঁচে নিয়ে বাস্তবে ব্যবহারযোগ্য করা যাবে তার উপস্থাপনা। উপনিবেশের বেশ কিছু গবেষণাধর্মী পদ্ধতি বেশ সার্বজনীন যেমন ইতিহাস-রচনা এবং জাদুঘরবিদ্যা, যদিও সেগুলি ছিল প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের স্থান এবং বিশ্লেষণমাত্র। অন্যান্য পদ্ধতি যেমন সমীক্ষা বা জনগণনা অনেক বেশি সংজ্ঞায়িত এবং প্রশাসনিকতার সঙ্গে যুক্ত। অধিকাংশ গবেষণাধর্মী পদ্ধতি বিভিন্ন সংগঠন এবং প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত এবং নির্দিষ্ট কিছু ক্রিয়াকলাপ দ্বারা নিবদ্ধ এবং তাদের স্বার্থেই তৈরি করা। এর মধ্যে কিছু যেমন আর্থশাস্ত্র, নৃবিদ্যা, ক্রান্তীয়অঞ্চলের ওষুধ ইত্যাদি, তুলনামূলক আইন অথবা মানচিত্র অঙ্কনবিদ্যা ইত্যাদি বিজ্ঞানে রূপান্তরিত হল, এবং সেগুলি চর্চাকারীদের পেশাদার বলে দেওয়া হল।



এবারে আমরা এই পদ্ধতিগুলির কিছু কিছু সংক্ষেপে আলোচনা করব।

Friday, March 16, 2018

জাগতিক সম্পত্তি নয় - জ্ঞান, দক্ষতা আর কুশলতাই - সম্পদ স্বচ্ছল পরম্পরার গ্রাম বাংলার অবলম্বন

শূদ্র-্মুসলমান-অন্যান্য কারিগরের ভিত্তি পরিবারের সম্পত্তি নয়, তার কারিগরি সমাজ, তার দক্ষতা, তার গ্রাম সমাজের স্বাধীনতা, তার গ্রাম সমাজের দেওয়া সামাজিক নিরাপত্তা, তার নিজস্ব কাঁচামাল এবং বাজার - যে সমাজকে ঔপনবেশিক বাবু সমাজ ব্রিটিশদের লব্জ ধার করে দলিত, প্রান্তিক, নিপীড়িত বলছে - এবং প্রাণপনে চেষ্টা করেছে কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে নিজের মত বড় পুঁজির দাসানুদাস তৈরি করা যায় - যাতে তার দালালি, চাকরি আর নেতৃত্ব বজায় থাকে। কারিগরের জ্ঞান, কারিগরের প্রযুক্তি, কারিগরের দক্ষতা, কারিগরের কুশলতা, কারিগরের বাজারকে সে স্বীকারই করে নি - তাতে কারিগরদের বয়েই গেছে। 
এই ব্যতিক্রমী কারিগরি উৎপাদন ব্যবস্থা জ্ঞান, দক্ষতা আর কুশলতা ভিত্তিক - শ্রম ভিত্তিক নয়। তাই বড় পুঁজির চক্ষুশূল - বাবুদের চক্ষুশূল বলে ভদ্রবিত্তেরও অপছন্দ। 
---
কুলে গোত্রে বিয়ে হওয়াকে ভদ্রজন বড় পুঁজির স্বার্থ অনুসারে রিগ্রেসিভ, জাতব্যবস্থা দেগে দিল, তাতে অন্তত বাংলার কারিগর সমাজের কিছু যায় আসে নি, আজও কারিগর অধিকাংশ নিজেদের পেশার মধ্যেই বিয়ে দেয়। পেটেন্টের জন্যে নয়, দক্ষতা আটকে রাখার জন্যে নয় অথবা সম্পত্তি রাখার জন্যে নয়, দক্ষতা আর জ্ঞানের আদানপ্রদানের জন্যে। 
সঙ্গঠন করতে গিয়ে দেখেছি, একটি কারিগর গ্রামে কারিগরদের পরিবারে পরিবারে নানান ধরণের জ্ঞান, কারিগরি, কুশলতার সূক্ষ্ম-ভিন্নতা থাকে থাকে যা আমরা বাইরে থেকে চট করে আলাদা করতে পারি না। যেমন - প্রত্যেক পট দেখলে বা ছো মুখোশ দেখলে যেন এক মনে হয় - কিন্তু ভেতরে ঢুকলে দ্যাখা যাবে পরিবারে পরিবারে এই কুশলতা আঙ্গিক দক্ষতা কিছুটা হলেও আলাদা। বাইরতের মানুষ, যে নিয়মিত দেখে তার চোখে ধরা পড়বে এটা নেপালদার মুখা, এটা হরিপ্রসাদের মুখা বা এটা রঞ্জিতের পট বা এটা রাণীর প্‌ এটা মধুদার মেল্লি ইত্যাদি। এটা প্রত্যেক কারিগরির জন্যে প্রযোজ্য। এই কাজের একটা বড় অংশ মেয়েরা করেন যাদের চোখের সামনে দ্যাখা যায় না।
কারিগর পরিবারের মেয়েরা বিয়ে হ'য়ে তাদেরই পালটি কারিগর ঘরে যায়। সে যে যৌতুক নিয়ে যায় সেটা অসামান্য - জ্ঞান, কুশলতা আর দক্ষতা। সে আরেকটি আঙ্গিকের কারিগরি, তার দক্ষতা, জ্ঞান নিয়ে শ্বশুর বাড়িতে যায়। সেটা সে সেখানে গিয়ে তার জ্ঞান দক্ষতা প্রযুক্তি কারিগরি আঙ্গিক মেলায় - নতুন ধরণের একটা কারিগরির সূক্ষ্মতম পরিবর্তন আসে। 
আইটিসি সোনারবাংলার কাজে বহু ধরণের কারিগর এসেছিলেন। প্রায় ১০ দিন একসঙ্গে কাজ করেছেন। ছো মুখা শিল্পীরা বুঝলেন তারা যে প্লাস্টিকের ফুল দিয়ে এখন মুখার মেড়ের সজ্জা করছেন সেটা পাল্টাতে পারে এবং আয়াসসাধ্য হিসেবে শোলার ফুল দিয়ে সজ্জা করলে। সেটা হয়ত বিক্রিও হবে ভাল। 
এই জ্ঞান প্রবাহ না থাকলে বড় পুঁজির লাভ। সে অজ্ঞান দায়বোধহীন শ্রমিক পায়। যার জ্ঞান আছে, দক্ষতা আছে, কারিগরি আছে, কাঁচামাল আছে, কারিগরি ভিত্তিক বাজার আছে সে কেন বড় পুঁজির খিদমত খেটে বামপন্থীদের লব্জে সর্বহারা শ্রমিক হতে যাবে? তার বিশাল কারিগরি পরম্পরা আছে, সেটা তার সামাজিক বৌদ্ধিক নিরাপত্তা।
আদতে এইভাবেই কারিগরির বিবর্তন হয়।
---
ভারতের অন্য যায়গার কথা জানি না, বাংলার কারিগরেরা সম্পত্তি আর্থিক স্বচ্ছলতার থেকে অনেক বেশি গুরুত্ব দেন দক্ষতা, জ্ঞান আর কুশলতা আদানপ্রদানে। 
অসাধারণ গবেষক ছো মুখা শিল্পী উদ্ভাবক নেপাল সূত্রধর বলেন আমাদের ওপর বাবা বিশ্বকর্মার অভিশাপ আছে যে আমরা কোন দিন বড়লোক হব না। যতই যাই করি। আমাদের হাতে টাকা থাকবে না। আমাদের কাজ করেই খেতে হবে। 
---
সম্পদ নয় আত্মিক সম্পদে সে অনেক বেশি আগ্রহী। 
ফলে এখানে অর্থনৈতিক বামপন্থা তার নানান আবেদন সত্ত্বেও নাক গলাতে, মূল ধারনাটি বুঝতে ব্যর্থ।