Showing posts with label উমিচাঁদ. Show all posts
Showing posts with label উমিচাঁদ. Show all posts

Wednesday, December 27, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ১০ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - সিদ্ধান্ত

মধ্য অষ্টাদশ শতকে বাংলায় কোন অর্থনৈতিক দুর্যোগও ছিল না। এই তত্ত্বের প্রবক্তারা(যদিও সাম্প্রতিক গবেষণায় সরাসরি কেউই ‘অর্থনৈতিক সঙ্কট’ শব্দবন্ধটা ব্যবহার করেন নি, কিন্তু তাদের প্রত্যেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইঙ্গিত সেই দিকেই ছিল) বলা চেষ্টা করেছেন বাংলার অর্থনৈতিক অবস্থার পতন ঘটেছিল, ব্যবসা বাণিজ্য ঢালের দিকে এগোচ্ছিল, সওদাগরেরা অস্বচ্ছল হচ্ছিল, খোলা বাজারের পণ্যের দাম আকাশ ছুঁয়েছিল, এবং ব্রিটিশ কোম্পানির রপ্তানি কমছিল। আমার এই বইতে আমি প্রমান করে দিয়েছি যে এই ধারণাগুলি ধারনাই, এগুলোর কোন বাস্তবতা নেই। বিশেষ করে ইওরোপিয়দের মোট বাংলা পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন ঘাটতি দ্যাখা যায় নি। ১৭৪০এর শেষ থেকে ১৭৫০এর শুরু পর্যন্ত ব্রিটিশ রপ্তানি কমেছে কিন্তু বাংলার অর্থনীতির ধীরগতির জন্য নয়। বরং ব্রিটিশ অর্থনীতির গতিহীনতাকে পুষিয়ে দেওয়া গিয়েছে এশিয় বাজারে ডাচ(এবং ফরাসী) রপ্তানি বৃদ্ধিতে। এপ্রসঙ্গে বলা দরকার বাংলা থেকে এশিয় বণিকদের রপ্তানি, বিশেষ করে রেশম আর সুতি বস্ত্রে, মধ্য অষ্টাদশ শতক পর্যন্ত বাংলার অর্থনীতি জড়দার করতে বিপুল ভূমিকা পালন করে গিয়েছে।
এই সব উদাহরণে আমরা বলতে পারি না যে পলাশীপূর্ব সময়ে বাংলার ব্যবসা বাণিজ্য এবং বাংলার বণিকেরা সঙ্কটের মুখোমুখি হয়েছিল। এছাড়াও সম্প্রতিকালে বলা হচ্ছে দাদনি বণিকদের যায়গায় ইওরোপিয় কোম্পানিগুলি গোমস্তা প্রথা শুরু করায় বাংলার মধ্যসত্ত্বভোগীরা দুর্দশায় পড়ে, এ তত্ত্বও গ্রহণযোগ্য নয়। ডাচেরা ১৭৪৭-৪৯ এই তিন বছর গোমস্তা প্রথা শুরু করেও ১৭৫০এ দাদনি ব্যবস্থায় ফিরে যায়। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের দাদনি প্রথা থেকে গোমস্তা প্রথায় যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল নিজেদের ব্যবসার ঢালপথে দ্রুতগতিতে নেমে যাওয়ার প্রবণতা রোখা এবং আমলাদের ব্যক্তিগত ব্যবসা বাড়ানোর উদ্যম। আজ এই তথ্য পরিষ্কার যে গোমস্তারা মূল গন্ডগোলের উৎস ছিল। তাদের সক্রিয় সহযোগিতায় ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলার নানান অগম্য স্থানে প্রবেশ করতে উদ্যমী হয়।
আরও বলা হচ্ছে যে মারাঠা আগ্রাসনে বাংলার অর্থনীতি বিপুল সঙ্কটের মধ্যে পড়ে কারণ সে সময় ইওরোপ থেকে আসা দামি ধাতু কমে যায় কারণ এই আক্রমনে বাংলার পণ্যের মূল্য বেড়ে যায় এবং ব্রিটিশদের কেনার ক্ষমতা কমে যায়। এই তত্ত্বকেও আমরা খারিজ করেছি বাংলার নানান ধরণের বস্ত্র রপ্তানির তথ্য ধরে ধরে এবং সেগুলোর দামের সঙ্গে বাজারের অন্যান্য পণ্যের দামের তুলনা করে – দেখিয়েছি বাজারে পণ্যগুলির হঠাৎ বিপুল দামবৃদ্ধি তত্ত্বের কোন ভিত্তি নেই। বরং ১৭৩০ আর ১৭৪০এর দশকের তুলনায় ১৭৫০এর পরে কোম্পানির খাতা থেকে তথ্য তুলে দেখিয়েছি বাংলা থেকে রপ্তানি হওয়া তিনটি প্রধান পণ্য, মসলিনের খাসা আর মলমলের দাম কমেছে। চাল বা অন্যান্য খাদ্য শস্যের দামেরও লক্ষ্যণীয় বৃদ্ধি ঘটে নি। ফলে বাংলায় মধ্যঅষ্টাদশ শতে কোন রকম অর্থনৈতিক সঙ্কট ছিল, একথা বলা যাবে না।
এটাও বলা দরকার বাংলা বাণিজ্য ক্ষেত্রে ইওরোপিয়দে আনা দামি ধাতুর পরিমান দেখানোয় কিছুটা অতিকৃত চেষ্টা হয়েছে বলে আমার মনে হয়েছে। ষোড়শ এবং সপ্তদশ শতকে বাংলা এশিয় এবং ইওরোপিয় উভয় ব্যবসার ক্ষেত্রে উদ্বৃত্ত অর্থনীতি ছিল – বাংলায় পণ্য কিনতে সব্বাইকে দামি ধাতু নিয়ে আসতে হত। পঞ্চদশ শতকে জনৈক চিনা ভ্রমনকারী মন্তব্য করেছেন যে, long-distance. merchants -in Bengal settled· their accounts

with tankas (silver coins)( W.W.Rockhill, 'Notes on the Relations and Trade of China with the Eastern Archipelago and the Coast of the Indian Ocefln during the Fourteenth Century', Toung Pao, 16, pt.2 (1915), p. 144, quoted in Richard M. Eaton, The Rise of Islam, p. 96.)। ফলে বাংলায় দামি ধাতু আসা খুব নতুন ব্যাপার ছিল না। এবং এই কাজে ইওরোপিয়দের ভূমিকা একমাত্র ছিল না এটাও বলা দরকার, একাজে এশিয় বণিকদেরও বড় ভূমিকা ছিল হয়ত ইওরোপিয়দের থেকেও বেশি। তবে ইওরোপিয়রা যে ভাল পরিমানে দামি ধাতু আনত এটা অস্বীকার করা যাবে না – কিন্তু অর্থনীতির ওপরে এর প্রাভব খুব সামান্য ছিল, অর্থনীতির প্রান্তিক ক্ষেত্রটি শুধু এটি ছুঁতে পেরেছিল মাত্র। এই বিপুল সংখ্যায় দামি ধাতু বাংলায় আসত সেটি ক্ষমতাশালীদের সঙ্গে সওদাগর মধ্যস্বত্ত্বভোগীদের ভোগে লাগত। 

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৯ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - সিদ্ধান্ত

অষ্টাদশ শতকের প্রথম দিকে গোটা মুঘল সাম্রাজ্য জুড়ে পতনের, ক্ষয়, অব্যবস্থা এবং অস্থিরতার পরিবেশের মধ্যে বাংলার নবাবি প্রশাসন একমাত্র ব্যতিক্রমিক ভৌগোলিক এলাকা। শুধুমাত্র করদ-রাজ্য হিসেবে বাংলার দিল্লির সঙ্গে একটা প্রায়-ছিঁড়ে যাওয়ার মত সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকা হলেও বাস্তবিকভাবে দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত বাংলার নবাবেরা বাংলাকে স্বাধীন ভৌগোলিক এলাকায় পরিণত করে। নবাবের ব্যক্তিগত কৃপাদৃষ্টির পথে পড়ে শুধু কিছু জমিদার, ব্যাঙ্কার এবং অভিজাত সামরিক ব্যবসায়ীরা ক্ষমতার কাছাকাছি এসে একটা যৌথ জোটবন্ধন তৈরি করে। এটা কোনভাবেই শ্রেণীবদ্ধতা(class alliance) নয়, বরং সময়ের প্রয়োজনে জোটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের ব্যক্তিগতস্তরের স্বার্থ রক্ষা। এই অবস্থা বাংলাদেশে একটি স্থায়ী রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে এবং একটি জোরালো নিজামতের ভিত্তি তৈরি হয়। এর ফলে আর্থিক ব্যবস্থায়, উৎপাদনে এবং লাভের পরিবেশ তৈরিতে নতুন উদ্যম গৃহীত হয়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি আর বাজারের বিস্তার ঘটে। বাংলায় অষ্টাদশ শতকের প্রথম পাদে ব্যবসার সমৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলার স্থায়িত্ব এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের বণিককে টেনে আনে।
ইওরোপিয়দের মধ্যে ডাচ আর ব্রিটিশ ইওরোপিয় কোম্পানি বাংলার ব্যবসা জগতে বেশ সক্রিয় ছিল। একসময় কোম্পানিগুলো ইওরোপ আর মশলাদ্বীপপুঞ্জের মধ্যে যে দ্বিপাক্ষিক ব্যবসা শুরু করেছিল, সেটি বদলে গেল ত্রিপাক্ষিকতায় এই ব্যবসায় ভারত নামক একটি ভূখণ্ড তার দেশের নানান এলাকায় প্রস্তুত নানান ধরণের শস্তা উৎপাদন নিয়ে ঢুকে পড়ায় – যে ভূখণ্ডের বস্ত্র নিয়ে ইওরোপিয় কোম্পানিগুলি মশলা কিনে ইওরোপে চালান দিত। পরের দিকে এটি ইওরোপ এবং বাংলার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায় রূপান্তরিত হয়, যেখানে ১৬৮০র পর থেকে বাংলা এই কোমপানিগুলির এশিয় ব্যবসার অক্ষদণ্ড এবং উত্তমর্ণ রূপে উঠে আসে অষ্টাদশ শতকের প্রথম পাদ পর্যন্ত। অষ্টাদশ শতকে ডাচেরা যদিও বাংলার মোট ব্যবসায় ইওরোপিয় কোম্পানিগুলির থেকে অনেকটা এগিয়েছিল, ১৭৩০ এবং ১৭৪০এ ব্রিটিশেরা এশিয় ব্যবসায় তাদের কাছাকাছি পৌঁছে যেতে থাকে, মনে রাখতে হবে বাংলার ঘাঁটি ডাচ ব্যবসা পরিকল্পনায় আন্তঃএশিয় খুব বড় ভূমিকা পালন করেছে। এখানে গুরুত্বপূর্ণ যে বাংলায় ব্যবসা করতে গেলে দামি ধাতু বয়ে নিয়ে আসতে হত। ইওরোপিয় কোম্পানিগুলি বাংলার পণ্য কিনতে যে সব পণ্য আমদানি করত তার মধ্যে ৭৪ থেকে ৯৪ শতাংশ পণ্যই ছিল দামি ধাতু।

এই উদ্বৃত্ত ব্যবসাটা বাংলার সব থেকে বড় জোর ছিল। এবং এই জন্য বাংলার দখল ইওরোপিয়দের কাছে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিপন্ন হয়েছে। বহুকাল ধরে একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পলাশীপূর্ব বাংলার রাজনৈতিক টালমাটাল অবস্থার জন্যে বাংলা দখলে ব্রিটিশেরা নাক গলাতে পেরতেছিল। কিন্তু এই তত্ত্ব মেনে নেওয়া যায় না। এটাও বলার চেষ্টা হয়েছে সাম্প্রতিক বেশ কিছু গবেষণায়, পলাশীর অব্যবহিত পূর্বে নতুন নবাব সিরাজের নানান কাজে বাংলার অভিজাতদের শ্রেণীদের যুথবদ্ধ শ্রেণীগোষ্ঠীস্বার্থে আঘাত লাগে ফলে তারা ব্রিটিশদের সাহায্যে প্রত্যাঘাত করে। বলা দরকার অখণ্ড শ্রেণী স্বার্থ বলে কোনদিন বাংলায় কিছু ছিল না, সে অখণ্ড মঞ্চও বাংলায় গড়ে ওঠেনি, যাছিল তা হল ক্ষমতায় থাকা সর্বোচ্চ মানুষটির প্রতি একজন বা কয়েকজনের ব্যক্তিস্বার্থপূরণের প্রতিযোগিতা। মধ্যঅষ্টাদশ শতকে রাজনৈতিক পটভূমিতে কোন কিছুই ঘটা অস্বাভাবিক ছিল না। মুর্শিদকুলিখাঁর মৃত্যুর পরে প্রত্যেকটি সিংহাসন আরোহনের প্রশ্নে দেশের ক্ষমতার কাছাকাছি থাকা অভিজাতরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ত, এই ঘটনাটা পলাশীর সময়েও ঘটেছিল। পলাশীতে ব্রিটিশদের পাশে নিয়ে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী সিরাজের ক্ষমতা আরোহনের বিরোধিতা করে। আবার অন্যদিকে বহু জমিদার, ব্যবসায়ী এবং সামরিক অভিজাত সিরাজেরপাশে ছিল। মুর্শিদকুলির মৃত্যুর (১৭২৮/২৯) সময়েও একই বয়ান ছিল আবার সিরাজের সিংহাসনে ওঠার সময়েও একই বয়ান লক্ষ্য করা যায়। ফলে পলাশীকে কোনভাবেই বাংলার অভ্যন্তরীণ গোলযোগের কারণ হিসেবে দাগিয়ে দেওয়া যাবে না। 

Tuesday, December 26, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৮ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

সাম্প্রতিক কালে বলা হচ্ছে পলাশী চক্রান্তকে(সুশীলবাবু যদিও রেভলুশন কথা টা ব্যবহার করেছেন) বোঝার জন্য অষ্টাদশ শতকের প্রথম দিকে বাংলায় হিন্দু/জৈন ব্যঙ্কিং আর সওদাগর শ্রেণীর সঙ্গে ব্রিটিশ ব্যবসার সঙ্গে সংযোগকে গভীরভাবে দেখতে হবে। কয়েক পাতা আগে আমি যাকে হিলের ভুত বলেছিলাম, সেই মানসিকতা যে গবেষকদের মাথা থেকে বিন্দুমাত্র নামেনি, এই তত্ত্বটা তার প্রকৃষ্ট প্রমান। সম্প্রতিককালে ব্রিজেন কে গুপ্ত (সুজাউদ্দৌলা বইতে - অনুবাদক) এই তত্ত্ব আমদানি করে বলছেন, ইন্দো-ইওরোপিয় সামুদ্রিক ব্যবসায় ‘a community of interest has developed between Hindu mercantile class and the European Companies' এই শ্রেণী স্বার্থই শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে বাংলাকে তুলে দেয়। সাম্প্রতিককালে আরও বলা হচ্ছে(C.A. Bayly, Indian Society, pp. 49-50, P.J. Marshall, Bengal, pp. 65) বাংলার ব্যবসা বিশ্বে ইওরোপিয় ব্যবসার হাত ধরে বিপুল পরিমানে দামি ধাতু বাংলায় আসতে শুরু করে, যার ফলে বাংলায় ব্যঙ্কিং ব্যবস্থা আর ইওরোপিয় সওদাগরেরা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে শুরু করে, ইওরোপিয় স্বার্থের সঙ্গে বাংলার ব্যঙ্কিং ব্যবসার স্বার্থ জড়িয়ে যায়। এই তাত্ত্বিকেরা আরও বলার চেষ্টা করেন, বাংলার(উনি লিখছেন ভারতের) ব্যবসায়ী এবং জমিদারদের স্বার্থ ইওরপিয় স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে বাঁধা হয়ে পড়ছিল, তাই কলকাতা থেকে ব্রিটিশদের বিতাড়ন ব্রিটিশ বন্ধু, বাংলার ব্যবসায়ী এবং জমিদারেরা মেনে নেয় নি, যার ফল পলাশী চক্রান্ত (লিখেছেন রেভলুশন) সফল হওয়া। ভারতীয়দের ঐতিহাসিকদের পক্ষ থেকে আসা এই জোট বন্ধন (কোলাবরেশন) তত্ত্ব আদতে পলাশী চক্রান্তে ব্রিটিশ অংশগ্রহণ অনেকটা লঘু করে ফেলে(সুশীলবাবু P.J. Marshall, Bengal, p.· 77  থেকে উদ্ধৃতি তুলে বলছেন 'By April it was clear to the British that there was a party pf malcontents in Bengal led by the Jagat Sei:hs who were prepared to. try to use British power to gain their ends.' এবং Rajat Kanta Ray ও 'Colonial Penetration and Initial Resistance', IHR, vol. XII, nos. 1-2, p.15. একই কথা বলেছেন)।
ওপরের সিদ্ধান্তে দুটি গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে, যাদের বাস্তবতা সম্বন্ধে সাম্প্রতিক গবেষণা যথেষ্ট প্রশ্ন তুলে দিয়েছে। প্রথম উপপাদ্য হল পলাশীর আশেপাশের সময়ে অর্থাৎ ১৭৫৭র আগে আগে বাংলার ব্যবসা জগতে ইওরোপিয় বাণিজ্য গুরুত্বপূর্ণতম চলক ছিল। এ বিষয়ে সাম্প্রতিক কাজগুলি(আমার ক্ষুদ্র কাজ সমেত) আমাদের এই তত্ত্ব মানতে আমাদের বাধ্য করে(S. Chaudhuri, Trade and Commercial Organization; K.N. Chaudhuri,
Trading World; Om Prakash, Dutch Company)। কিন্তু সাম্প্রতিককালে শিরিন মুসভি এই তত্ত্বকে খারিজ করে জোর দিয়ে বলেছেন হয়ত বা অবস্থা সম্পূর্ণ আলাদা ছিল, ইওরোপিয়রাই শুধু দামি ধাতু বাংলায় আনত না, এবং তারাই একমাত্র সব থেকে বেশি দামি ধাতুও আনত না(Shireen Moosvi, 'The Silver Influx, Money Supply, Ptices and Revenue Extraction in MughaHndia',JESHO, vol. XX~, 1Q87, pp. 92- 94.)। যে কোন সূত্রই আমাদের যে কোন গুণগত তথ্য দিক না কেন, অষ্টাদশ শতকের চতুর্থ আর পঞ্চম দশকে বাংলায় অবস্থিত এশিয় ব্যাপারীদের ব্যবসার পরিমান মোট ইওরোপিয়দের এশিয় ব্যবসার তুলনায় অনেক বেশি ছিল। এটাও প্রমান করা যায়, দুটি মূল রপ্তানি পণ্য সুতিবস্ত্র আর রেশমে, বাংলার এশিয় ব্যবসায়ীদের অংশিদারি, ইওরোপিয়দের তুলনায় অনেক বেশি ছিল। ফলে আমাদের বলা দরকার ইওরোপিয়দের মতই এশিয়রাও বাংলায় প্রচুর দামি ধাতু নিয়ে আসত, এবং এই দামি ধাতু দিয়ে ব্যবসা করত, কারণ বাংলা বাজারে এছাড়া কোন পণ্য কেনা যেত না। ফলে ইওরোপিয়রা বাংলার সব থেকে বড় দামিধাতু আমদানি করত এই ভিত্তিহীন তত্ত্বের কোন মূল্য নেই এবং ইওরোপিয় বাণিজ্যের ওঠাপড়ার সঙ্গে পলাশী বিপ্লবের সম্বন্ধও প্রশ্নের মুখে।

দ্বিতীয় উপপাদ্যটাও একইভাবে অনিশ্চিত এবং প্রশ্নবোধক হয়ে রয়েছে, যেখানে বলা হয়েছে ইওরোপিয় কর্পোরেটদের সঙ্গে বাংলার বণিক আর জমিদারদের ভাগ্য ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল, এবং যেহেতু পলাশীর আগে ইওরোপিয়রা ছিল বাংলার মুখ্য রোজগার সূত্র, তাই ইওরোপিয়দের আনা সম্পদের সূত্রে, বা ইওরোপিয়দের সঙ্গে ব্যবসা সূত্রে বাংলার বাণিকদের ক্ষমতায় আরোহণ। অথচ এর আগে আমরা দেখিয়েছি, বাংলার ব্যবসা জগতে ইওরোপিয়রা মুখ্যভূমিকায় ছিল না বরং তাদের তুলনায় বাংলার এশিয় সওদাগরেরা বাংলা ব্যবসা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। ফলে এশিয় বণিকদের ভাগ্য ইওরোপিয় কর্পোরেট বা সামগ্রিক ইওরোপিয় ব্যবসার সঙ্গে এক সুতোয় ঝুলেছিল এমন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমার এই তত্ত্বকে প্রমাণিত করা যায় বাংলার তখন তিন সব থেকে বড় সওদাগর, জগতশেঠ, উমিচাঁদ এবং খ্বাজা ওয়াজিদ – এরা তিনজন পলাশী চক্রান্তের গুরুত্বপূর্ণতম খেলোয়াড়। ১৭৫৭য় লুক স্ক্র্যাফটন হিসেব দিয়ে বলছেন, জগতশেঠ পরিবারের বাৎসরিক আয় ছিল ৫০ লক্ষ টাকা, যার মধ্যে কোম্পানির বাংলায় আনা দামিধাতু থেকে মুদ্রা তৈরির বাটা এবং ইওরোপিয় কোম্পানিগুলোকে দেওয়া ধারের সুদ সূত্রে রোজগার হত খুব বেশি হল ১৫ লক্ষ টাকা। এর পরে কি করে আমরা সিদ্ধান্তে আসতে পারি জগতশেঠের গদির ভাগ্য নির্ভর করত একমাত্র ইওরোপিয়দের আনা দামি মুদ্রার বাটার ওপরে! একইভাবে উমিচাঁদ এবং খ্বাজা ওয়াজিদ যদিও ইওরোপিয় ব্যবসার সঙ্গে অনেক গভীরভাবে যুক্ত ছিল, কিন্তু তাদের মূল রোজগার ছিল বাংলার নুন আর সোরার একচেটিয়া ব্যবসা থেকে। এছাড়াও উমিচাঁদ আফিম এবং শস্য ব্যবসায় হাত দেন আর খ্বাজা জড়িয়ে ছিল সুরাট, লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় ব্যবসায় তার নিজের বিপুল বাণিজ্য বহর নিয়ে। এইসব উদাহরণে আমাদের ধারণা হয় না যে বাংলার ব্যবসা সংগঠন কোনভাবে ইওরোপিয় ব্যবসার সংগঠনের ভাগ্যের সঙ্গে সমানুপাতিকহারে জড়িয়েছিল। 

Saturday, December 23, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - সোরা এবং আফিম ব্যবসা৪

উমিচাঁদের মুর্শিদাবাদের দরবারে প্রভাব ছিল অসীম এবং বিহারের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কারণ ১৭৪১ থেকে টাঁকশালের মিন্ট মাস্টার (দারোগা?) ছিলেন(পাটনায় তিনি তার নাম স্বাক্ষর করেছিলেন উমিচাঁদ আগরওয়াল রূপে, বাড়ি আজিমাবাদ অর্থাৎ পাটনায়) ফলে তিনি আর তার ভাই সোরা ব্যবসা প্রায় দখল করে নেন।
১৭৪৫ সালে আলিবর্দি খানের থেকে দীপচাঁদ সরকার সরনের ফৌজদারি লাভ করেন যেখানে দেশের(এবং বিশ্বেরও) সব থেকে ভাল সোরা উৎপাদন হয়। তিনি সারণ, ছাপড়া আর ফতেপুরে সোরা প্রক্রিয়াকরণ কারখানা আর গুদাম তৈরি করান, যেখান থেকে আমরা বুঝতে পারি, ১৭৪০এর দশকের শেষের দিকে কতদূর এই পরিবারটি বিহারের সোরা ব্যবসায় পকড় স্থাপিত করতে পেরেছিল। পাটনার ডাচ প্রধান ড্রাবিরের অভিযোগ, ১৭৪৮এ খ্বাজা আহমেদ এবং উমিচাঁদ, দীপচাঁদকে অর্থ সরবরাহ করছে, prompting him not to spare trouble nor cost to be master of all pette in Bihar এবং দীপচাঁদকে নবাব অধিকার দিয়েছে বিহারের সব এলাকায় সোরা উৎপাদন করতে the farm of all the petre। ১৭৪৮ সালের প্রথম দিকে ব্রিটিশেরা লিখছে দীপচাঁদ বিহারের সব সোরা এলাকা দখল করে।
১৭৪৭এর কাছাকাছি সময়ে কলকাতার উমিচাঁদ, হুগলির খ্বাজা ওয়াজিদ আর পাটনার দীপচাঁদের ত্রিভূজ পাটনার সোরা ব্যবসাকে মোটামুটি একচেটিয়া বানিয়ে নিয়ে ইওরোপিয় কোম্পানিগুলির সঙ্গে দরকষাকষি করতে থাকে। ইওরোপিয় কোম্পানিগুলি জাহাজএ সোরা পাঠানোর বাধ্যবাধকতা তারা বুঝত।
কোম্পানিগুলির রপ্তানির খাতায় সোরা খুব গুরুত্বপূর্ণ পণ্য ছিল। সোরা ব্যবসার প্রভাব ও গুরুত্ব আমরা বুঝতে পারি ডাচ কর্তাদের বিহারের সোরা ব্যবসার বাস্তবতা বোঝার চেষ্টা থেকে। ১৭৪৪এ Sichtermannএর মেমোয়ার্সে পাচ্ছি যে কর্তাটি বুঝতে পেরেছিল সোরার দাম বেড়েছে ব্রিটিশ-ডাচ প্রতিযোগিতার জন্য। Sichtermann  লিখছে আগে ছোট পরিমান বরাত দেওয়া হত বলে অগ্রিম অর্থ দেওয়ার প্রয়োজন পড়ত না, কিন্তু বর্তমানে বিপুল বরাতের জন্য অবশ্যই দাদন দিতে হবে। সে এটাও মন্তব্য করেছে অগ্রিম দিয়েও সোরার দামের কোন হেরফের ঘটে নি, তিলমাত্র কমেছে মাত্র। তার পরের নির্দেশক Huijgheps মস্ত দোষ চাপিয়ে দিয়েছে ব্রিটিশদের ওপর, কেননা তারা যৌথতার চুক্তি মানে নি। সে বলছে ছাপড়ার ফৌজদার দীপচাঁদ ব্যবসাটাকে কুক্ষিগত করতে চাইছে যাতে ব্রিটিশদের সমস্ত পণ্য এবং সোরা দেওয়ার জন্য।
বিহারের নায়েব সুবাদার জানকিরামের উদাহরণ দিয়ে জাঁ কার্সেবুম(তার মেমোয়ারকে ভুল পড়েছেন কীর্তি নারায়ণ চৌধুরী। কীর্তির মতে জাঁ, খ্বাজাকে কীর্তিচাঁদের গোমস্তা বলেছে। মেমোয়ারে জাঁ gemagtigden শব্দটা ব্যবহার করেছেন যার আভিধানিক অর্থ empowered one। খ্বাজা তখন এত বড় ব্যবসায়ি, যে তার পক্ষে দীপচাঁদের গোমস্তা হওয়া অস্বাভাবিক। এটা বাস্তব যে উমিচাঁদের সঙ্গে খ্বাজার চুক্তি ছিল যে, সে পাটনা থেকে যে পরিমান সোরা হুগলিতে পাঠাবে, সেই সোরা খ্বাজাকে অনেক বেশি দামে বিক্রি করতে হবে ত্রিমূর্তির লাভের জন্য) লিখছে ডাচেরা দীপচাঁদের থেকে ৫০০০০ মন ৩.৫টাকা প্রতিমনে কেনার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ১৭৪৭ সালে ৪২০০০ মন দীপচাঁদ হুগলিতে খ্বাজা ওয়াজিদের কাছে পাঠিয়ে দেয়, তাদের  সেই পরিমান সোরা বর্ধিতমূল্য ৬টাকা দিয়ে কিনতে হয় বাধ্য হয়ে। তার অভিযোগ দীপচাঁদ যেহেতু পরগণাগুলোতে ধার দিয়ে রেখেছে, ফলে ডাচেদের পক্ষে খোলা বাজার থেকে সোরা কেনা সম্ভব হচ্ছে না। দীপচাঁদকে সোরা বাজার থেকে বার করতে ডাচেরা হাজি আহমদকে ৪৫০০০ টাকা দিলেও বিশেষ কাজের কাজ হয় নি।
ব্যবসার চরিত্র বদল ঘটে ১৭৫৩ সালে খ্বাজা ওয়াজিদ একচেটিয়া ব্যবসার পরওয়ানা নিয়ে ব্যবসায় প্রবেশ করলে। ১৭৫৩ সালে সে মুর্শিদাবাদের দরবার থেকে এই অধিকারটি পেয়েছিল। খ্বাজার প্রবেশে জাঁ অত্যন্ত বিরক্তি প্রকাশ করে লিখছে, trade in saltpetre 'had fallen entirely in his [Wazid's] hands and under his control' এবং ডাচেদের did not have courage to oppose it। ওয়াজিদ এই ব্যবসা সামলাত তার পাটনাট থাকা দালাল মীর আস্রফ এবং ভাই খ্বাজা আস্রফ। আরেক ডাচ নির্দেশক বিসডম লিখছেন ওয়াজিদ মাত্র ২৫০০০ টাকা নবাবকে দিয়ে এই সুবিধেটি হস্তপগত করে। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ন যে খ্বাজার একচেটিয়া অধিকার সত্ত্বেও ডাচেরা অসমিয়া দালালদের থেকে ৩.৫ টাকা দরেই এমন কি ১৭৫৬ সালেই সোরা পেয়েছে। উমিচাঁদ আর খ্বাজার জোট সোরা ব্যবসায় জুটে পরেন। তাই ওয়াজিদের দখলে থাকা সোরা উমিচাঁদ ১৭৫৮ অর্যন্ত ব্রিটিশদের দিয়েছে, তারপর হাতের পুতুল মীর জাফরের থেকে কোম্পানি সেই অধিকার নিজেদের তাঁবে নেয়।
(চলবে)

Friday, December 22, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - সোরা এবং আফিম ব্যবসা৩

সোরা রপ্তানি
১৭৪০, ১৭৫০এর দিকে সোরা রপ্তানিতে প্রতিযোগিতা বাড়তে থাকায় দুটি ইওরোপিয় কোম্পানির মধ্যে রেশারেশি তীব্র হতে থাকে এবং এর ফলে ক্ষমতার কাছাকাছি থাকা মানুষেরা কোম্পানিগুলির মধ্যে ঝগড়ার সূত্রে সোরা ব্যবসায় নাক গলাতে শুরু করে। বিশেষ করে সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে প্রশাসনিক ও দরবারি অভিজাতরা সোরা ব্যবসা দখল করে কিছুটা একচেটিয়া অধিকার কায়েম করার পরিকল্পনা করে। এরা নিজেরা কিছু সোরা নিজেরা কিনে বিপুল দামে ইওরোপিয় কোম্পানিদের কিনতে বাধ্য করত। সে সময়ে এ ধরণের একজন অভিজাতর নাম আলিবর্দিখানের বড় ভাই, যে ত্রিমূর্তি সুজাউদ্দিনের নবাবির সময়(১৭২৯-৩৯) বাংলার প্রশাসনে বিপুল প্রভাব ফেলেছিল, তাদের মধ্যে অন্যতম, হাজি আহমদ।
হাজি আহমদ পাটনা থেকে মাটির দামে সোরা কিনে অত্যধিক দামে ইওরোপিয়দের বিক্রি করত। কোম্পানিগুলো অনেক সময় অভিযোগ করে বলেছে, বহু সময় মুর্শিদাবাদ থেকে নির্দেশ আসত, ইওরোপিয়রা যাতে অসমিয়া বনিকদের থেকে সোরা না কিনে নবাবের থেকে কেনে। ১৭৩৬ সালে পাটনার কুঠিয়াল অভিযোগ করে পাটনার নবাবের জামাই, আলি হাসান খান ৮-৯ হাজার মণ সোরা কিনে সেগুলি হুগলি পাঠিয়ে (ইওরপিয়দের) বিক্রি করার পরিকল্পনা করছে। ১৭৩৭এ হাজি আহমদ ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করে হুগলিতে জমানো সোরা কেনার জন্য। কোম্পানি সেই সোরা কিনতে বাধ্য হয়, কিন্তু একটা শর্তও চাপিয়ে দেয় যে আগামী দিনে নবাবজাদা আর কোন মধ্যস্থতা করবে না। আমরা যে সময় নিয়ে আলোচনা করছি, সে সময়ে কিন্তু খুব বড় করে অভিজাতরা একচেটিয়া অধিকার কায়েম করে নি, সেটা মীর জুমলা, সায়েস্তা খাঁ বা যুবরাজ আজিমুশ্বান কায়েম করেছিল।
এই বিরুদ্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে ১৭৩৬ সালে তিনটি প্রধান ইওরোপিয় কোম্পানি, ফরাসী, ব্রিটিশ আর ডাচ এক যোগে সোরা কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য একটা ত্রিপাক্ষিক চুক্তি করে। এটা দুবছরের বেশি লাগু হবে না ঠিক হল। এই চুক্তি অনুসারে কোম্পানিগুলি should expressly prohibit the servants of their several factories and all private traders, Indians or Inhabitants of their colonies to buy or cause to be bought directly or indirectly any parcell of saltpetre that came from Patna, Pournea or any aurung so high as Maulda of any person whatsoeyer Moor or Gentue, even .if they offer it to sale at an underprice। চুক্তিটি দুবছরের বেশি চালানো যায় নি, ডাচ এবং ব্রিটিশ কোম্পানি নিজেদের মধ্যে সোরা ব্যবসা নিয়ে পাটনায় ১৭৪০ সালে তীব্র গণ্ডগোলে জড়িয়ে পড়ে। এই বিতণ্ডা ১৭৪৩ সালে আবার নতুন করে সামলে নেবার চেষ্টা করা হয়। আবার তিনটে কোম্পানি আপস মিমাংসার চেষ্টা করে যৌথ সোরা কেনার প্রক্রিয়া শুরু হয়, ঠিক হয় ডাচ আর ব্রিটিশদের পাওনা প্রতি ১০০ মনে ফরাসীরা পাবে ১৫ মন। এই চুক্তি ১৭৪৫এই আবার ভেঙ্গে যায়। ১৭৪৩ সালে ব্রিটিশ কোম্পানির অভিযোগ করে, ডাচেরা বিসেরা নামক পরগনায় সোরা উৎপাদন করছে তাদের প্রতিবাদ সত্ত্বেও। ব্রিটিশরা হুঁশিয়ারি দিয়ে বলে এর ফল মারাত্মক হতে পারে। কিন্তু ডাচেরা পাত্তা দেয় না। ব্রিটিশদের আরও অভিযোগ ডাচেরা তাদের কালো কর্মচারীদের নিয়ে ছাপড়ার দিকে সারনের ১৭টি পরগণায় বা সরকারে আলাদা করে সোরা উৎপাদন করছে। অন্য দিকে ফরাসী আর ডাচেদের অভিযোগ, ব্রিটিশেরা উমিচাঁদ আর তার ভাই দীপচাঁদের মার্ফত সোরা কিনে নিতে চাইছে। এই জন্য উমিচাঁদ পাটনায় দীপচাঁদকে হাওয়ালা মার্ফত অর্থ পাঠিয়েছে। এরপরে আর কোম্পানিগুলোর মধ্যে কোন যৌথ উদ্যমের চুক্তি সম্পাদিত হয় নি।

অতিলাভের এই ব্যবসার দখল নিতে যেখানে ইওরোপিয় কর্পোরেট কোম্পানিগুলি পরস্পরকে প্রতিমুহূর্তে মাত দেওয়ার চেষ্টা করছে, সেখানে বিপুল পুঁজি আর রাজনৈতিক ক্ষমতা কি করে দূরে থাকে? ১৭৪০, ১৭৫০ সাল জুড়ে বাংলার ব্যবসা বিশ্বে অন্যতম প্রভাবশালী কলকাতার ব্যবসায়ী উমিচাঁদ এই ব্যবসায় প্রথম প্রবেশ করেন ১৭৩৪ সালে ভাগলপুরের ৩০০০ মণ সোরা ফরাসীদের থেকে বরাত পেয়ে। তিনি গোমস্তা মীরচাঁদকে মুঙ্গের পাঠান সোরা কিনতে। ১৭৪০ সাল নাগাদ তিনি ১৭টি পরগণায় সোরা উৎপাদন করাতেন। পরিবারের পাটনা কুঠির দায়িত্বে থাকা দীপচাঁদকে সামনে রেখে এবং আর্মেনিয় ব্যবসায়ী খ্বাজা ওয়াজিদের সহায়তায় ১৭৪০এর দশকের মাঝখান থেকে সোরা ব্যবসায় একচেটিয়া পকড় কায়েম করেন।