Showing posts with label Ancient Iron & Steel Technology of Bastar. Show all posts
Showing posts with label Ancient Iron & Steel Technology of Bastar. Show all posts

Monday, October 7, 2013

কেন সোনাধর বিশ্বকর্মা৫? Why Sonadhar Viswakarma5

সোনাধরেরা কেউ কারোর উতপাদনে দখলদারি করতেন না। টাকার জোরে, জোর করে এক উৎপাদক অন্যজনের উৎপাদন ব্যবস্থা কিনে নিতে পারতেন না। নবীন ইয়োরোপের শিল্প উৎপাদন, যা সারা বিশ্বের রাষ্ট্রগুলি নকল করছে, এক অসম্ভব অসাম্যময় উৎপাদন ব্যবস্থা। যেখানে বড় আরও বড় আরও মুনাফাভিত্তিক শিল্প কারখানা তৈরি চেষ্টা, যার কর্পোরেটিয় ভদ্রস্থনাম কনসলিডেশন। আদতে তিমি তিমিঙ্গিলের কাহিনী। মাৎস্যন্যায় শিশু। পৃথিবী বেড়ে ওঠার স্বাভাবিক নিয়ম বিরোধী এক অস্বাস্থ্যকর উদ্যম জেঁকে বসছে সারা বিশ্বের শিল্পনীতিতে ক্রমশঃ যত দিন যাচ্ছে ততই। আজও এই বিশ্বায়নের দিনেদুপুরে সরকারি-বেসরকারি উদ্যমে, প্রাকৃতির ধনসম্বলকে, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতির ভাষায় কাঁচামাল আখ্যা দিয়ে, যা ইচ্ছে তাই কর্পোরেটীয় লুঠের বাজারকে, ভারতের কোনও সোনাধরের সম্প্রদায়ই মেনে নেন নি। আজও তাঁরা সজ্ঞানে, সক্রিয়ভাবে বিরোধিতা করে চলেছেন কর্পোরেটীয় উতপাদন আর ব্যবসা-সংস্কৃতির। যেভাবে ১৭৬৩ থেকে গ্রামীণেরা লড়াই করছিলেন বিশ্বের লুঠেরা শাসক কর্পোরেট কোম্পানির। আজও কোনো সোনাধরের অধিকার নেই সেই দর্শণে নিজেদের জারিয়ে নেওয়ার। এর উত্তরে কর্পোরেটরা চেষ্টা করছে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে গ্রাম শিল্পীদের বাজার দখল করতে এবং কয়েক হাজার বছরের প্রমাণিত বিকশিত গ্রামীণ, সর্বজন প্রযুক্তি ধংস করতে। বিশ্বজয়ী প্রযুক্তি হাতে নিয়েও সোনাধরেরা পশ্চিমি দর্শনে মাথা নোয়ান না।
কেন? শুধুই কী দারিদ্র্য! না তথাকথিত বড়-পুঁজিভিত্তিক শিল্পবিকাশে নেতৃত্বদেওয়ার যোগ্যতার অভাব! না পুঁজির অভাব! কোনটি! মীরা মুখোপাধ্যায় সোনাধর বিশ্বকর্মাদের থেকে কাজ শিখেছিলেন। সে দিনে, সেই বিশ্বে, এই পরিচিতিটি খুব কম ছিল না। যার জেরে সোনাধর পৈয়াম বিশ্বকর্মা অথবা তাঁর পিতা বিশ্বজুড়ে অসম্ভব খ্যাতি আর প্রতিপত্তি অর্জন করতে পেরেছিলেন। সেই খ্যাতির পুঁজিকে সুচতুর পদ্ধতিতে বিনিয়োগ করে, সহজেই নিজের গোষ্ঠীর অনেকরই উৎপাদন ব্যবস্থা কিনে নিয়ে, নিজের একটা বড়সড় কারখানা বানিয়ে ফেলার উদ্যম ছিল চুটকির ব্যাপার। তারপর সাফল্য পেলে আরও বড়, তারপর তার থেকেও বড়, চলতে থাকত বড়ত্বের বাড়াবাড়ি। বড় লাভের পুঁজি এসে জমাহত সোনাধরদের পুঁটুলিতে। কোনও  শিল্পপতির দাক্ষিণ্য পেয়ে হয়ত সোনাধর বড় ক্রুসিবল স্টিলের কারখানাও গড়ে ফেলতে পারতেন। সে হাতছানি হয়ত তাঁর সামনে থাকতেও পারত। কেননা যে প্রযুক্তি সোনাধরদের রয়েছে, সেই প্রযুক্তি এখন তাবড় কর্পোরেটদের অধরা। হয়ত সোনাধর গণ্য হতেন কর্পোরেট পাইওনিয়ার হিসেবে, যিনি পশ্চিমি বিশ্বকে দিয়েছেন জং ছাড়া লোহা তৈরির মন্ত্র। কিন্তু একজন সোনাধরও সে পথে হাঁটেননি। বিশ্বখ্যাত সোনাধর আজও তাঁদের সম্প্রদায়ের এক অনামা শিল্পী-উতপাদকের মতই সাধারণ, বিশেষত্বহীন। ভারত জোড়া তুচ্ছ মেলাতেও তাঁর দেখা পাওয়া সাধারণ ঘটনা। সেখানেও তার কোনও সঙ্গী নেই, পরিচারক নেই। তিনি একা।

কেন সোনাধর বিশ্বকর্মা৪? Why Sonadhar Viswakarma4

সোনাধরদেরমত হাজারো সম্প্রদায়েরকৃতিতে ব্রিটিশপুর্ব সময়ে গড়ে উঠেছিল ভারতের গ্রামভিত্তিক শিল্পের বিকেন্দ্রীভূত পরিকাঠামো। ভারতপথিক ধরমপালজীর হিসেবে, ভারতীয় সমাজের সামাজিক উত্পাদনব্যবস্থায় ধংসলীলা চালানো ব্রিটিশ রাজের আমলেও জং ছাড়া লোহাগলানোর সচল চলন্তিকা চুল্লির সংখ্যা ছিল ৩০,০০০এর কাছাকাছি। প্রত্যেকটি উত্পাদনক্ষমতা ছিল বছরে ২০ টন! এই তৃণমূলস্তরের উত্পাদকেরা কেউই শহরভিত্তিক ছিলেন না। দিল্লির বা ধরের মিনার, দলমাদল, বাচ্চাওয়ালি, মদনমোহনেরমত হাজারো কামান, স্তম্ভ সগর্বে আজও মাথায় বিনা-ছাতায় অবলীলায় রাস্তায় পড়ে থাকতে পারে। অথচ বিশ্বখ্যাত পশ্চিমি ধাতুপ্রযুক্তিতে তৈরি বাড়ির জানলা দরজার লোহার খাঁচা ঢাকতে হয় রং, প্রাইমার মেরে; তার ওপরে প্লাসটিক অথবা সিমেন্টের রঙের চাদর জুড়ে। তবুও জংপড়া আটকানো যায় না। বিশ্বকর্মার সন্তান, ডোকরা কামারেরা সেদিন পর্যন্তও সারাভারতের গ্রামেগঞ্জেই ঘুরে বেড়াতেন। কমলকুমার মুখোপাধ্যায় অথবা মীরা মুখোপাধ্যায়ের প্রণামভরা রচনায়, কাজে এদের বিস্তৃত উদাহরণ পাচ্ছি। সোনাধরের সমাজ সেই গর্বিত ইতিহাসের অন্যতম অংশ।
বাঙলার গ্রামেগঞ্জের হাজারো ডোকরা কামার অথবা ছত্তিসগড়ের বিশ্বকর্মা সমাজের সন্তান, সোনাধর পৈয়াম বিশ্বকর্মা হাজার হাজার বছরের অতীত থেকে আজও ঈর্ষণীয়ভাবে জং ছাড়া লোহা (পশ্চিমি ভাষায় ক্রুসিবল স্টিল) তৈরিতে অসম্ভব দক্ষ। এঁদের বাজার শুধু গ্রাম বা ভারতের শহরই ছিল না, বিশ্ববাজারও ছিল একচেটিয়া। এদের মত শিল্পীসমাজের হাত ধরে ভারত সারা বিশ্বের শিল্প উৎপাদনের প্রায় ৩০ শতাংশের ভাগীদার ছিল। ভারতের উজ় ইস্পাত আজ প্রবাদ প্রতীম। অথচ বিশ্বকর্মা লোহাকাম ডোকরা কামারদের কথা অনেকেই ভুলেছেন। বিভিন্ন দেশি-বিদেশি প্রাযুক্তিক সংস্থা নানান গম্ভীরতম গবেষণা করেও তাঁদের প্রযুক্তির কুড়ও খুঁজে পান নি। লোহায় জংপড়া সাধের পশ্চিমি প্রযুক্তি আজ ভারতীয় শহুরে সমাজে সাদরে বরেণ্য। আর সোনাধরেরা নিজেদের দেশে সরকারী পরিকল্পনায় লৌকিক-আদিবাসী শিল্পী হিসেবে গণ্য হয়ে ব্রাত্যই থেকে গিয়েছেন।
শুধু বৈদেশিক বাণিজ্যের চোখ ধাঁধানো জোরেই নয়, সবল দেশিয় বাজারের ওপর ভিত্তি করেই ভারত একদা কৃষি-শিল্পউত্পাদনে বিশ্ববাজারের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। ভারতবর্ষ জুড়ে, প্রায় কেন্দ্রিয় নেতৃত্ববিহীন এই উত্পাদন ব্যবস্থার অঙ্গ ছিলেন, গ্রামেগঞ্জে ঘুরে বেড়ানো, নিজেদেরমতকরে হাটে, বাজারে, মেলায় ছড়িয়েথাকা অসংখ্য সোনাধরেরমত সমাজ। এঁরা আদতে কেন্দ্রবিহীন সামাজিক উত্পাদন ব্যবস্থা। বরেণ্য ঐতিহাসিক, গবেষকেরা ভারতের শহরজুড়ে বড় উত্পাদকেদের গিল্ড ব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। লেখকের ধারণা শহরজোড়া গিল্ডগুলির মোট উত্পাদনের তুলনায় গ্রামীণ সমাজভিত্তিক শিল্প উত্পাদকেদের উত্পাদন পরিমান ছিল অনেক অনেক বেশি, অনেক বৈচিত্র্যপূর্ণ।
আদতে সোনাধরেরা ভারতজুড়ে এক নতুন ধরণের প্রযুক্তিরই বিকাশ ঘটাননি, সচেতনভাবে নতুন ধরণের উৎপাদন ব্যবস্থার সৃষ্টি করেছিলেন, যা আজও বিস্ময়কর বলেও অত্যুক্তি হয় না। সারা ভারতে শহরে দু-একটি বাদে, প্রত্যেকটি গ্রামীণ উৎপাদন ব্যবস্থা ছিল অকেন্দ্রিভুত। প্রত্যেক সম্প্রদায়ের কয়েক হাজার, লাখ, কোটি শিল্পী ছিলেন। পশ্চিমি উত্পাদন ব্যবস্থার সূত্রমেনে এরা কেউই কিন্তু একক উদ্যমে বড় কারখানা তৌরিতে উদ্যমী হন নি। ব্রিটিশপুর্ব ভারতে এটি কম বড় ব্যবস্থাপনা নয়। যখন রেলগাড়ি (একদা ভারতে যার নাম ছিল মন্বন্তর রেখা বা ফেমিন লাইন)র চল হয় নি, যখন দ্রুত পরিবহণ বলতে ছিল শুধু জলপথ, তখনই বোধহয় কেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থা চালু হওয়ার সময়। অথচ কয়েক হাজার বছর ধরে গ্রাম ভারত ঠিক উলটো কাজটি করে এসেছে অসম্ভব দক্ষতাময় ব্যবস্থাপনায়।

কেন সোনাধর বিশ্বকর্মা৩? Why Sonadhar Viswakarma3

সোনাধরের নাম শুনছি সেই নতুন ধরণের শেখার প্রথমকাল থেকে। সেই পাল্টে দেওয়ার সময়টিতে আমারই দেশের নতুন এক পৃথিবীকে জানার জন্য গোগ্রাসে অনেক বই পড়ছিলাম যা আমাদের আয়ত্বের মধ্যে ছিল না এতকাল। তার মধ্যে একটি মীরা মুখোপাধ্যায়ের বিশ্বকর্মার সন্ধানে। অসম্ভব শ্রদ্ধায় তিনি ঠাঁই দিয়েছিলেন, বিশ্বকর্মা সোনাধর এবং তাঁর বাবাকে। এঁদের সঙ্গে নিয়ে, এঁদের প্রযুক্তি শিখে তিনি সৃষ্টি করে চলেছিলেন একের পর এক পথ ভাঙা নির্মান শৈলী। তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম না। কিন্তু তিনি এবং গ্রাম-শহরের এরকম অনেক চেতনগুরু, দৃষ্টিহীন, অজ্ঞান, অশিক্ষিত আমাদের হাত ধরে মায়ের মমতার শিখিয়ে দিচ্ছিলেন দেশ চেনা, জানার চিরপরিচিত কিন্তু অজানা পথটি। বলতে শিখলাম, এদের সঙ্গে থেকে মীরাদি কাজ শিখেছিলেন। বুঝলাম মীরাদিও সেটিই বলতে চেয়েছেন তাঁর বইতে। তাঁদের এই শিক্ষায় শিক্ষিত না হলে অবলীলায় বলতাম সোনাধরেরা, প্রখ্যাত ভাস্কর মীরা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন।
সেই অসম্ভব এক প্রযুক্তির ধারক-বাহক কলকাতায় এসেছেন, অথচ ভারতে কলাকৃতির একনম্বর শহর, বুকফোলানো কলকাতায় তার উপস্থিতির স্বীকৃতি নেই। আমাদেরই দলের বন্ধু মার্ফত সংবাদ পেয়েতো দৌড়ে গেলাম মেলা প্রাঙ্গণ। বুঝলাম উদ্যোক্তারাও জানেন না সোনাধরের ইতিহাস। নামও বোধহয় শোনেন নি। বিশ্ব প্রযুক্তির ইতিহাসে তাঁর বা তাঁর সম্প্রদায় কতটা গুরুত্বপুর্ন অবদান পেশ করেছেন, সেটিও বোধহয় জানেন না। অথচ মেলাটির প্রধান পরিচালক এমন একজন শিল্পী, যিনি কলকাতার একটি শিল্প মহাবিদ্যালয়ের গর্বিত সংশাপত্রধারী। গ্রামীণ শিল্পীদের নিয়ে নিয়মিত অন্যধরনের দুর্গোপুজোর মণ্ডপ বানিয়ে থাকেন। ভারতীয় শিল্পের অন্যতম কর্নধার তিনি। বাস্তব হল সোনাধরকে তারা চিনতেই পারেন নি। পরে মেলায় সরকারী উদ্যোক্তাদের কাছ থেকে শোনাগেল ভিন রাজ্যের শিল্পীদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রক। তাঁদেরই অনুরোধে সোনাধর কলকাতায়। কেন সোনাধরের দোকান মেলার শেষেরদিকে এমন এক যায়গায়, যেখানে দর্শক সহজে পৌঁছতে পারেন না, সেই উত্তর শেষ পর্যন্ত খুঁজে পেলাম তাঁদের সোনাধরের প্রতি ব্যবহারে।
পৌছানো গেল তাঁর কাছে। আমরা উত্তেজিত। সোনাধরের গ্রামীণতায় তাপ উত্তাপ নেই। দোকান সাজিয়ে বসে রয়েছেন এমন একজন ব্যক্তি, যার সম্প্রদায় ব্রিটিশ ভারতে আসার কয়েক হাজার বছর আগে বিশ্বকে শিখিয়েছেন জং ছাড়া লোহা তৈরির সহজতম পদ্ধতিটি। তিনি এবং তাঁর বাবা কাজ শিখিয়েছেন এমন এক পথ ভাঙা শিল্পীকে যার কাজ দেখে আজও বিশ্বজোড়া শহুরে নবীন শিল্পীরা নিজেদের গড়েতোলার চেষ্টা করেন। তাঁর তৈরি শিল্পদ্রব্য(না প্রযুক্তি) বিশ্বের নানান দেশের নামীসব শিল্প সংগ্রহশালায় গর্বিতভাবে তাঁর সম্প্রদায়ের পরিচয় বাখান করছে। তিনি নিজের হাতে কিছুটা হলেও পালটে দিয়েছেন কয়েক হাজার বছরের নিজেদের সম্প্রদায়ের শিল্পের ধারণা। সেই মানুষটি শীতের সন্ধ্যায় মেলার জনমানবহীন এক কোণে চুপটি করে বসে রয়েছেন। মাথায় বাঁদুরে টুপি। আমগ্রামীণ ভারতীয়র চেহারা যেমন হয় তেমনটিই তিনি। আমি সোনাধর বিশ্বকর্মা, সব্বার থেকে আলাদা, সারা বিশ্ব একডাকে চেনে, এইরকম শহুরে উচ্চকিত ঘোষণা নেই তাঁর চেহারায়। যেন সব কিছু সরল স্বাভাবিক গ্রামীণ দিনযাপনেরমত নিরুচ্চার।
লোকজন না আসার সুবাদে সে সন্ধ্যায় সোনাধরের সঙ্গে অনেক কথা হল। প্রায় ২০ বছর নতুন করে দেশ জানার, চেনার কাজে বুঝলাম, কিছুই জানি নি, কিছুই শিখি নি। কি নম্র বাচন ভঙ্গী। কি অদ্ভুত প্রশান্তি তাঁর মুখমণ্ডলে। সেদিন সোনাধর আমাদের অনেক কিছু না বলেও শিখিয়ে গেলেন বিরাট কিছু তত্ব, যা সেদিন সোনাধরের সংগ না করলে বোধহয় বহুদিন অধরা থেকে যেত। আমাদের নিজেরও খুব অস্বস্তি করছে, এই প্রবন্ধে, সহুরেদেরমত বারবার, প্রত্যেক পঙক্তিতে সোনাধরের নাম টেনে আনায়। শহুরে মধ্যবিত্তীয় ব্যক্তিপুজোর ঢঙে সোনাধর বন্দনা কিছুটা কর্কশ ঠিকই। আমরা এই প্রবন্ধে সোনাধরকে সামনে রেখে বুঝতে চেষ্টা করব ভারতীয় গ্রামীণ উৎপাদক সম্প্রদায়গুলোর দর্শণ, তত্ব আর তাঁদের কাজের পদ্ধতিটি। 

কেন সোনাধর বিশ্বকর্মা২? Why Sonadhar Viswakarma2

অথচ সোনাধরকে এভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা নয় আমাদের। আমরা বেড়ে উঠেছি এমন এক বামপন্থী পরিবারে, যারা সাম্প্রদায়িকভাবে তথাকথিত লোকসংস্কৃতি বিষয় আলোচনায় লুপ্তপ্রায় শব্দটি বেশ কয়েকবার জোর দিয়ে ব্যবহার করতে পছন্দ করেন। এবং মনে করেন, মধ্যবত্তের বড় দায়, সেই দ’য়ে পড়ে থাকা মানুষগুলোকে উদ্ধারের। এমনই এক পরিবারে জন্মেছি, যখন ছয়ের দশকের শেষের দিকে যখন মায়ের পেটে হেঁটমুণ্ডউর্ধপদ, মা-বাবা তখন কলকাতায় রাস্তার আন্দোলনের জেরে ৯ দিন ধরে প্রেসিডেন্সিতে জেল খাটছেন। সেই আমার, ছোটবেলা থেকেই দল এবং গোষ্ঠী নির্দিষ্ট করে দেওয়া কিছু বই পড়ে বেড়ে ওঠা। সেই সুবাদেই বিশ্ব উদ্ধারের মধ্যবিত্তীয়দায়পালনওধারণের স্বসাম্প্রদায়িক পিঠ চাপড়ানো বিশ্বজ্ঞান। সহস্রাব্দের শেষতম অষ্টম দশকের শেষের দিকের টালমাটাল সময়ের সওয়ার হয়ে আমরা ক্রমশঃ বুঝতে পারছিলাম, যে দেশে বেড়ে উঠেছি, সেই দেশটাকেই আমি চিনি না, সেই মানুষগুলোকেই আমি জানি না, বুঝি না – যা দেখেছি, বুঝেছি সব বিদেশী নজরে, তত্বনির্ভর দেশ আর মানুষ চেনা। ক্রমশঃ গ্রামীণদের উদ্ধারের মধ্যবিত্তের প্রগতিশীলব্রত পালনের মহত্ত্বম পথ ছেড়ে গ্রামীণদের দর্শণ শেখা, তাঁদের কৃতি জানা বোঝা, ক্ষমতার বাইরে দাঁড়িয়ে থেকে তাঁরা যে অতুলনীয় গ্রামীন সভ্যতার গ্রাম্যতা বিকাশ ঘটিয়েছিলেন, তার-হাল হদিস এবং পথের সন্ধান করতে আস্তে আস্তে চেনা রাস্তার বাইরে বেরোতে শিখচ্ছিলাম। বেরোতে শিখছিলাম শব্দবন্ধটির ব্যবহার বোধহয় ভুল হল। পথে বেরিয়েছি সেই কোন ছোটবেলা থেকেই। গ্রামেই জন্ম। কিন্তু সময়ের নিয়ম মেনে শহরে বেড়ে ওঠা। গ্রামে যোগাযোগ ছোটবেলা থেকেই ছিল। নিজেদের বেড়েওঠা গ্রাম ছাড়া অন্য গ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল গ্রাম উদ্ধারের, সমাজ সংস্কারের ইংরেজি শিক্ষিতদের মধ্যবিত্তীয় ব্রত পালন।

অথচ আটের দশকের শেষ থেকে আমাদের দেশ দেখার, বোঝার, শোনার ক্রিয়া-প্রতিক্রিয়াটাই কেমন যেন পালটে যাচ্ছিল। বুঝতে চেষ্টা করছিলান কোন সমাজ, কোন সংস্কারের কথা এতদিন আমাদের পুর্বজরা বলে আসছেন! অসম্ভব বিকশিত বাংলার গ্রাম সমাজ বুঝতে, আমরা নিজেদেরও পালটাতে শুরু করলাম। যা শিখেছিলাম শহরে, ইয়োরোপের নকল করে, ভুলতে চেষ্টা করলাম। এখনও চেষ্টাই করে চলেছি। এক্কেবারে খোলা সাদা খেরোর খাতারমত মন নিয়ে অনুসন্ধিৎসু ছাত্রের মত পড়তে, জানতে, শিখতে সুরু করলাম আমার দেশের, গ্রামের সংস্কৃতি, দর্শন, জীবন ধারন, কথাবলার ঢং। পরে থাকা বিদেশী চশমা খুলে সাদা চোখে দেখতে শুরু করতে শিখলাম আমাদের গ্রামের অসম্ভব ক্রিয়াশীল, অসম্ভব দার্শনিক, ক্ষমতার বাইরে থেকে একদম আলাদা জ্ঞানচর্চার ধারা তৈরি করা, অসম্ভব নিচু গলায় কথা বলার মানুষদের। দ্বিজত্ব বোধহয় এই প্রক্রিয়াকেই বলে। সে চেষ্টা আজও বহমান। যত দিন যাচ্ছে মনে হচ্ছে, অসাধারণ গ্রামীণেরা কি বিশাল এক গ্রাম্যতাই তৈরি করে ছিলেন। কিছুই শিখলাম না। আরও কত বাকি!

কেন সোনাধর বিশ্বকর্মা১? Why Sonadhar Viswakarma1

সোনাধরকে নিয়ে লেখা যেমন উৎসাহের; তেমনি আবার দ্বিধারও।  সোনাধর নিয়ে বোধহয় ব্যক্তিগতভাবে বলার কিছু নেই খুব একটা, শুধু কিছু মধ্যবিত্তীয় কিছু শৈল্পিক আদিখ্যেতা ছাড়া। কোনও কোনও মানুষ কখনও কখনও তাঁর গোষ্ঠী পরিচয় থেকে বড় হয়ে ওঠেন। সোনাধর তেমনি শিল্পী। কিন্তু আবার সোনাধরেরমত শিল্পী-প্রযুক্তিবিদ, যার জীবনরসদের শিকড় চারিয়ে রয়েছে গোষ্ঠীর গভীরতম ঐতিহ্য, গোষ্ঠীর ব্যাপ্ত ইতিহাস, তার দীর্ঘ জ্ঞানচর্চার পদ্ধতির সঙ্গে, তখন শুধু ব্যক্তি সোনাধরের মহত্ব, কৃতি বিষয়ে আলাদা আলোচনায়, লেখকের শহুরে অহংএর পৃষ্ঠকণ্ডুয়নেরসোয়াদ এবং আত্মপ্রচার মেলে ঠিকই, কিন্তু এই পদ্ধতিতে ব্যক্তির শিল্পী হয়ে ওঠার গোষ্ঠী অবদানের পরিচয়টি যেন লুকিয়ে পড়ে। ফলে লেখকের বিড়ম্বনা বাড়ে বই কমে না। সেই বিড়ম্বনা কেউ বোঝেন, কেউ বোঝেন না।
তাঁর সম্বন্ধে শুধু এইটুকু বলা যাক, সোনাধর ছত্তিসগড়ের বস্তার অঞ্চলের পারম্পরিক সম্প্রদায়ের ধাতুবিদ্যায় বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। প্রখ্যাত কিছু শহুরেদের সঙ্গে কাজ করেছেন। প্রায় সারা বিশ্ব ঘুরেছেন। বিশ্বের প্রখ্যাতসব সংগ্রহশালায় তাঁর কাজ রয়েছে। তিনি বস্তারের লোহাকাম, বিশ্বকর্মা সম্প্রদায়ের অতি গুরুত্বপুর্ন একজন শিল্পী-প্রযুক্তিবিদ, যিনি এবং তাঁর বাবা, তাঁদের সম্প্রদায়ের কৃতি, ইতিহাস সঠিকভাবে পৌঁছে দিয়েছেন তাঁদের সমাজের বাইরেও। এহেন সোনাধর যদি শোনেন তাঁর জীবন বৃত্তান্ত বাংলার এক অখ্যাত গ্রামকর্মী লিখছেন, আমাদের বিশ্বাস তিনি শুধু হয়ত কপালটি একটু কুঁচবেন। ব্যস! তারপরে জীবন যে রকম চলছিল বয়ে চলতে থাকবে। আমরা তাই, এই প্রবন্ধে, সোনাধরকে চেনাতে চেষ্টা করছি, তাঁর সম্প্রদায়ের কাজ চেনানোর মধ্যে দিয়ে, তাঁদের দর্শন চেনানোর মধ্যে দিয়ে, তাঁদের সম্প্রদায়ের ঐতিহ্য বাখানের মধ্য দিয়ে। এই প্রবন্ধে, আমরা চেষ্টা করব, সোনাধরের পক্ষ থেকে, তাঁর সম্প্রদায়ের ঐতিহ্য, ভারতের গ্রামীণ উৎপাদন ব্যবস্থার মূল কাঠামো তুলে ধরতে। এবং আমাদের মত করে আমরা জানাতে চেষ্টা করব, আমরা কেন মনে করি, আজকের বিশ্বে সোনাধরদেরমত গোষ্ঠীগুলোর গভীরতম চর্চা প্রয়োজন।
সোনাধর পৈয়াম বিশ্বকর্মার সঙ্গে প্রথম আলাপ এই সে দিন। ২০০৯ সালে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ভারত সরকারের গ্রামীণ ব্যাঙ্কের প্রযোজনায় চলা হস্তশিল্প মেলায়। সেদিনের কলকাতা থেকে প্রকাশিত, প্রচারিত খবরে জানার উপায় ছিল না যে, সোনাধর কলকাতায় এসেছেন। শুধু ভারত নয়, বিশ্ব সভ্যতার ধাতুবিদ্যা জ্ঞানচর্চার বিকাশে, যদি কয়েকটি সম্প্রদায়ের নাম করতে হয়, তবে বস্তারের সোনাধর বিশ্বকর্মা যে সম্প্রদায় থেকে এসেছেন, সেই লোহাকাম বা বিশ্বকর্মা সম্প্রদায় এই তালিকার প্রথমের দিকে থাকার অন্যতম অধিকারী। ভারত তথা বিশ্বসভ্যতার(আমরা বলি গ্রাম্যতা। শহর পৃথিবী ধংস করে। গ্রাম পৃথিবী গড়ে।) বিকাশে তার সম্প্রদায় অসম্ভব এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, এখনও সেই জ্ঞান বহন করে চলেছেন; ইয়োরোপীয় পদ্ধতিতে পড়াশোনা করা উচ্চমধ্যবিত্ত পণ্ডিতেরা স্বীকার করুন ছাই না করুন। তাঁরা এবং ভারতের অন্যান্য পারম্পরিক ধাতুবিদেরা কয়েক হাজার বছর আগেই এক অদ্ভুত প্রযুক্তির বিকাশ ঘটিয়েছেন। সে প্রযুক্তিটি হল, জং ছাড়া লোহা তৈরির প্রযুক্তি। আজও পর্যন্ত সেই বিদ্যার আশেপাশে পৌঁছতে পারেনি আধুনিকতার, সুক্ষ্ম প্রযুক্তির শেষ কথা বলার স্বঘোষিত নেতা পশ্চিমি তথাকথিত আধুনিক প্রযুক্তি।

Sunday, September 15, 2013

বস্তার জেলার প্রাচীন লোহা তৈরি পদ্ধতি৪, Traditional & Ancient Iron & Steel Technology of Bastar, India4

চুল্লিকে ‘তৈরি’ করা এবং চুল্লির কাজ
প্রথমে শুকনো চুল্লিকে পূজা করা হয়। প্রার্থনা করা হয় যাতে চুল্লি ভাল পরিমাণে লোহা উৎপাদন করে। এর পরে চুল্লির ভেতরে কিছুটা চারকোল সাজিয়ে চুল্লিকে গরম করার জন্য আগুন দেওয়া হয়। ক্রমশঃ চুল্লিতে রাখা চারকোল পুড়ে চুল্লিকে তপ্ত করতে থাকে। একই সময় প্লাটফর্ম থেকেও সাধারণপরিবেশে হাওয়া দিয়ে কয়লা পোড়ানো হতে থাকে। বাইরের লোহাচুরের সঙ্গে রাখা কয়লাগুলি যখন পুড়ে তপ্ত লাল রঙ ধারন করে তখন তপ্ত লোহা আকরিককে চুল্লির মধ্যে ঠেলে দেওয়া হয়। এইভাবে একের পর এক স্তর তৈরি হতে থাকে যতক্ষন না ১৫ থেক ২০ কিলো তপ্ত আকরিক চুল্লির পেটের মধ্যে ঠেসে যাচ্ছে। শেষ লোহার আকরিক দেওয়ার পর একদম শেষে জ্বলন্ত কয়লার স্তরটি সাজিয়ে দেওয়া হয়। বেলোর সাহায্য হাওয়ার ব্লাস্ট চুল্লির মধ্যে দেওয়া হয়। এই নানান স্তরে সমাজের মেয়েরা সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভাট্টি চালানো তাদের অন্যতম গুরুত্বপুর্ণ কাজ হিসেবে ধরা হয়। চুল্লিতে ১১৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তোলা এবং বজায় রাখার জন্য বেলোকে কখনও জোরে কখনও ধীরে হাওয়ার ব্লাস্ট বইয়ে দক্ষতাপুর্ণভাবে ব্যবহার করা হয়।

চুল্লিতে যে লোহা তৈরি হচ্ছে তার গুণমান সবসময় এক মাত্রায় থাকছে না। বহু সময় দেখা যাচ্ছে, লোহায় কার্বনের মিশেল এত বেড়ে যাচ্ছে যে লোহা একটু আঘাতেই ভেঙে চুর হয়ে যাচ্ছে। অভিজ্ঞতা সম্পন্ন লোহারেরা ভাল লোহা, খারাপ লোহাকে আলাদা করতে পারছেন। চুল্লি থেকে জে স্পঞ্জ লোহা পাওয়া যাচ্ছে, সেটি একটি ফোর্জ চুল্লি(হার্থ)তে SiO2(বালি)র সঙ্গে মিশিয়ে আবারও গরম করা হয় এবং তপ্ত লোহা বের করে নেহাই দিয়ে পিটিয়ে ২৫ মিমি চৌকোনা দণ্ড তৈরি করা হয়। এই পেটানোর সময় দণ্ডের ওপর সিলিকা(অভ্র না বালি?) ছেটানো হয় যাতে এটি ফোর্জিংএর সময় FeO বর্জ্যের সঙ্গে মিশে আরও গলানো লোহাকে একটু তরল করে দেয়। এই প্রক্রিয়ায় যে লোহার দণ্ড পাওয়া গেল, তা লোহারদের কাছে পাঠানো হয়। এই দণ্ড নিয়ে লোহারেরা নিজেদের সমাজের নানান কাজের জন্য বিভিন্ন ধরণের হাতিয়ার তৈরি করেন। তাঁরা ১০০ বছর পুরনো একটি কুড়ুল লোহার পাড়া থেকে সংগ্রহ করেছিলেন। তাঁরা এটির রাসায়নিক বিশ্লেষণ করেন। ইগাকি ভারত, চিন, জাপানের দশম খ্রিস্টাব্দ থেকে সপ্তদশ শত পর্যন্ত প্রাপ্ত লোহার অ্যাটমিক পোলারাইজেসন বিশ্লেষণ করেন। তার পরীক্ষা বলছে, প্রাচীন লোহার জং নিরোধী ক্ষমতা অনেক বেশি ছিল। শেষে একটি কথাই বলাযায় বাস্তারের  মাড়িয়া আর হালবি সমাজ ভারতের প্রাচীন লোহা তৈরির পদ্ধতির সঙ্গে জড়িয়ে ছিল। তাদের ছোট্ট চুল্লিতে তাঁরা ফোর্জ লোহা তৈরি করতে পারতেন। বস্তারের আগাড়িয়াদের লোহা তৈরির পদ্ধতিটি সমীক্ষা করা সম্ভব হয়নি। কেননা তাঁরা তাদের এই পদ্ধতিটি বাইরের কারোর সামনে খুলে ধরতে রাজি হন নি, এবং এলাকার দুর্গমতার জন্যেও। ভবিষ্যতের উতসুকদের জন্য আমরা এই সমীক্ষাটি পেশ করলাম।  

বস্তার জেলার প্রাচীন লোহা তৈরি পদ্ধতি৩, Traditional & Ancient Iron & Steel Technology of Bastar, India3

চুল্লিতে হাওয়া দেওয়া(সাপ্লাই অব দ্য ব্লাস্ট)
চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য পা দিয়ে চালানো একটি যন্ত্র তৈরি করেছেন আদিবাসীরা। এটির মান ভাট্টি। ডায়ামিটারে ২৮০ মিমি এবং উচ্চতা ১০০ মিমি। হাওয়া দেওয়ায় যন্ত্রটি(বেলো বা ভাট্টি) কাঠের দুটি বাঁখারি গোল করে তাতে হরিন বা বুনো মহিষের শুকনো চামড়া দিয়ে ঘেরা। এই হাওয়া দেওয়ার যন্ত্রটির মাথায় একটি ১০০ মিমির ফুটো রয়েছে, যার ভেতরটি চামড়ার চাদরে মোড়া। এই চাদরটির কাজ হল মাত্র এক দিকে হাওয়া চালানোর প্রবেশ পথ তৈরি করে দেওয়া। এই দুটি বেলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আগের বর্ণিত ৫ থেকে ১০ মিলিমিটারের অন্তর্বর্তী ব্যসওয়ালা এবং ৩০০ মিটার দীর্ঘ দুটি বাঁশের টুয়ার(ফার্নেসে হাওয়া দেওয়ার যন্ত্র)। এই বেলোগুলি স্তরীভুত মোটা পাথরের ওপরে দৃঢ়ভাবে বসানো, যাতে এগুলিকে সহজে সরানো না যায়। স্কিম্যাটিক ডায়াগ্রাম ৩(প্রবন্ধে ৬য়ে)য়ে দেখানো হয়েছে একজন যন্ত্রবিদ কিভাবে বেলোগুলি চালনা করছেন। মাত্র একজন মানুষ সেই দুটি বেলোর ওপরে দাঁড়িয়ে একের পর একটিকে নীচের দিকে চাপ দিয়ে সেগুলি দিয়ে চুল্লিয়ে হাওয়া প্রবেশ করাচ্ছেন। বেলোর ওপরের অংশটি ওপরের দিকে ওঠার প্রযুক্তিটি হল, ওপরের অংশটিকে ওপরের দিকে লাগানো একটি সবুজ বাঁশের সঙ্গে চামড়ার সুতো দিয়ে বেঁধে রাখা। বেলোর নীচের দিকে যাওয়ার প্রযুতিটি হল, সেই বাঁশের অন্য প্রান্তটি একটু দূরে, ভূমির সঙ্গে দৃঢ় ভাবে গেঁথে রাখা, যাতে এটি বেলোয় পায়ের চাপের চলনের সঙ্গে সঙ্গে বাঁশের স্বাভাবিক স্থিতিস্থাপকতার ধর্ম মেনে বেঁকে যায় আবার পায়ের চাপ ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে। স্কিম্যাটিক ডায়াগ্রাম ৪(প্রবন্ধে ৭য়ে)এ পুরো কর্মকাণ্ডটি দেখানো হয়েছে। যে মানুষটি বেলোয় কাজ করেন তিনি একটি বাঁশ ধরে নিজের ভারসাম্য রক্ষা করেন। সাধারণতঃ ভাট্টি চালনা করেন লোহার পরিবারের মহিলারা।
চুল্লির লোহার আকরিক স্থানীয় লোহা ডিপজ়িট লোহার গানো(Lohar Gano) থেকে সংগৃহীত হয়। খুবই নরম(সফট), টুকটুকে লাল রঙএর(চেরি রেড)আকরিকগুলিবেছে বেছে হাতে করে বাঁশের টুকরির মধ্যে সংগৃহীত হয়। লোহা আকরিকের চুর সংগ্রহ করতে যাওয়া, সম্প্রদায়ের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপুর্ণ ঘটনা। মেয়েরা নানান ধরণের আচার পালন করেন, গান করেন যাতে লোহাচুর যারা সংগ্রহ যারা করতে যাচ্ছেন, তাঁরা যেন সফল হন। স ড যোশী, হিস্ট্রি অব মেটাল ফউন্ডিং অন দ্য সাবকনটিনেন্ট সিন্স এন্সিয়েন্ট টাইম পুস্তকে(রাঁচি, ১৯৭০) এই আচারগুলির বিশদ বিবরণ দিয়েছেন।
কাঠকয়লা সংররিত হয় স্থানীয় গাছের ডালকে খোলা যায়গায় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়ে। গাছগুলি পুড়ে ঝামা হয়ে গেলে, কয়লাগুলি বেছে নিয়ে ধুয়ে নিয়ে কাঠকয়লা তৈরি হয়। তবে বর্জ্যের ধর্ম পরিবর্তন করার জন্য কোনও অনুঘটকের(ফ্লাক্স) ব্যবহারের প্রমাণ পাওয়া যায় নি। নিচে চারকোল আর বর্জ্যের গবেষনাগারের পরীক্ষার সমীক্ষা(শতাংশে)

কাঠকয়লা               
                             জলীয় পদার্থ              ৯.০
                             ছাই                        ২৯.৯
                             ভি এম                    ১৩.৭
                             ফিক্সড কার্বন             ৪৭.৮
বর্জ্য বিশ্লেষণ
                             SiO2                                        ১৫.৪
                                                Fe2O3                      ৩৩.০
                                                Fe                          ৬৪.৪

                                                C                           ৫.৫

বস্তার জেলার প্রাচীন লোহা তৈরি পদ্ধতি২, Traditional & Ancient Iron & Steel Technology of Bastar, India2

ম ঘোষ এবং তাঁর দলবল কোরাপুটের চিগলবেছায় যে ধরণের চুল্লির কথা তাঁর প্রকাশিত সমীক্ষায় প্রকাশ করেছেন, এই চুল্লিটি ঠিক সেই ধরনেরই। চুল্লিটি বাউল(bowl) শেপের। ভুমিস্তরের নিচ থেকে গড়া শুরু হয়েছে। ২০০০ x ২০০০ মিলিমিটার এলাকা নিয়ে এবং ৫০০ মিলিমিটার গভীরতা যুক্ত। একদিকে সিঁড়ি নেমে গিয়েছে নীচের দিকে নামবার জন্য। এখানে চুল্লির একটি স্কিম্যাটিক ডায়াগ্রাম ১ দেওয়া গেল। এই চুল্লিতি তৈরি হয়েছে পিটের উলম্বে একটি ছিদ্র তৈরি করে। এই দিকের চুল্লিটি মোট চুল্লির প্রস্থচ্ছেদের তিন-চতুর্থাংশ অবলম্বন করে। সামনের দিকে মোটা করে কাদার চাদরের প্রলেপ দেওয়া হয়েছে। এতে বাইরে থেকে হাওয়া বইয়ে দেওয়ার জন্য, ৫ থেকে ১০ মিলিমিটারের অন্তর্বর্তী ব্যসওয়ালা দুটি বাঁশের টুয়ার(ফার্নেসে হাওয়া দেওয়ার যন্ত্র) তৈরি করা হয়েছে। এ দুটি চুল্লির bowlএ যুক্ত হয়েছে যা স্কিম্যাটিক ডায়াগ্রাম ২য়ে দেখানো হয়েছে। চুল্লির মোট উচ্চতা ৮০০ মিলিমিটার এবং ডিয়ামিটার ২০০ মিমি। চুল্লির শ্যাফটটির গভীরতা ৬০০ মিমি এবং দেওয়ালটি ট্যাপার্ডভাবে তৈরি, অর্থাৎ একদিকে সর্বাধিকভাবে ২৪০মিমি মোটা অন্য দিকে তুলনামূলকভাবে সব থকে সরুর দিকটি হল ১০০মিমি। বর্জ্য বার করার জন্য  bowlএ একটি ছিদ্র করা হয়েছে। চুল্লিটির নিচেরভাগ মাটির নিচে করা হয়েছে একটি কারনে, যাতে বাইরের হাওয়া ঢুকতে না পারে। এটির ভেতরের দেওয়াল রিফ্র্যাক্টরি কাদা(সিলিকা, আলুমিনা এবং ফায়ার ক্লে যুক্ত মাটি)র চাদরে মোড়া। চুলি যখন জ্বলে, তখন চুল্লির আশেপাশের ৫০ থেকে ৭০ মিমি মোটা মাটি পুড়তে থাকে এবং টকটকে লাল বর্ণ হয়ে ওঠে।
স্কিম্যাটিক ডায়াগ্রাম ১য়ে চুল্লির মুখটিতে সবুজ কাঠি সাজিয়ে এবং তার ওপর কাদার প্রলেপ দিয়ে একটি যে ট্যাপার্ড(ঢালু?) ভূমিতল তৈরি করা হয়েছে, যাতে আকরিক লোহা এবং চারকোলকে আগুনে ঝলসিয়ে নিয়ে চুল্লির ভেতরে ঠেলে দেওয়া যায়। ভুমিতলের সর্বাধিক উচ্চতা ৮০০ থেকে ১০০০মিমি। এবং এটির ওপরটি ১০০ মিমি মোটা কাদার চাদরে মোড়া। এর তিনটি কাজ
১) চারকোলকে আগে থেকে গরম করে ঠিকমত জ্বলার জন্য তৈরি করে রাখা
২) আকরিক লোহাকে শুকনো করা এবং আগে থেকে গরম করে রাখা

৩) এই গরম বস্তুগুলোকে চুল্লিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া।

বস্তার জেলার প্রাচীন লোহা তৈরি পদ্ধতি১, Traditional & Ancient Iron & Steel Technology of Bastar, India1

বৈদিক কাল থেকে ভারতের ধাতুবিদ্যা বিশ্বে প্রখ্যাত। ঋগ্বেদে লোহা বা অয়স তৈরির কথা বহুবার আলোচিত হয়েছে। প্রাচীনকালের নানান কাজে লোহার ব্যবহারে, বিশেষকরে, স্থাপত্যবিদ্যায় যেমন, দিল্লি এবং ধরের লোহা স্তম্ভ, কোনার্কের মন্দিরে ব্যবহৃত লোহার বিম(স্তম্ভ)গুলি, তাঞ্জোরের লোহার কামান, এছাড়াও দামাস্কাস হাতিয়ার তৈরির জন্য ঊজ় বা নির্মল ইস্পাত তৈরির উদ্যম এখন সারা বিশ্ব জানে। এ সমস্ত দ্রব্যের শৈলী এবং নির্মাণ প্রযুক্তি ভারতের গর্বিত ধাতু ইতিহাসের গৌরব বাখান করে। ১৮৮১র ইকনমিক জিওগ্রাফিতে ভ বল বলছেন, ভারতের প্রযুক্তিবিদদের দক্ষতায়, কয়েক হাজার বছর আগে, আকরিক লোহা ক্রুসিব্‌লে গলিয়ে নির্মল বা ঊজ় ইস্পাত তৈরির উদ্যম সারা বিশ্ব জানত। সে ঘটনা ২০০০ বছরের প্রাচীন। ব্রিটিশ শাসনে ভারতের ধাতুবিদ্যা নিয়ে বিশদে সমীক্ষা করেছেন হল্যান্ড (ইম্পিরিয়াল ইন্ডিয়া হ্যান্ডবুক অব কমারসিয়াল প্রোডাক্ট, ১৮৮১), ভয়সি(জার্নাল অব এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, ১৯৩২), ভেরিয়ার(দ্য আগারিয়া – হাম্‌ফ্রে মিলফারড), হ্যাডফিল্ড(সিংহলি আয়রন অ্যান্ড স্টিল অফ এন্সিয়েন্ট অরিজিন, ১৯১২) এবং আরও অনেকে। ভেরিয়ার এলুইন মধ্যপ্রদেশ এবং সন্নিহিত এলাকা সমীক্ষা করে আগারিয়া সমাজের লোহা তৈরির পদ্ধতির বর্ননা করেছেন অভুতপুর্ব্ব বিশদ বিবরণে। ম স কৃষ্ণন(আয়রন ওরস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান আসোসিয়েসন অব কাল্টিভেসন অব সায়েন্স, ১৯৫৫) বিশদে ভারতের প্রাচীন কালের লোহা তৈরির বর্ণনা লিপিবদ্ধ করেছেন। ম ঘোষের নেতৃত্বে একটি দল, টিস্কো, ১৯৬৩র এক অপ্রকাশিত প্রবন্ধে, য়্যন্টিক আয়রন অব ইন্ডিয়ায় পুর্ব-ভারতের বিভিন্ন আদিবাসী অঞ্চলে লোহা তৈরির স্থানগুলোর সমীক্ষা করে লোহা তৈরির প্রক্রিয়াগুলো নথিকরণ বর্ননা করেছেন। তাঁরা কোরাপুটের জিরাগোড়া আর চিগলাবেচা এবং বিহারের যোদার কামারযোদার চুল্লিগুলো বিশদে সমীক্ষা করেন। এই দলটি সংশ্লিষ্ট আদিবাসী প্রযুক্তিবিদদের দিয়ে নতুন করে চুল্লি তৈরি করিয়ে তা দিয়ে লোহা তৈরি করানোর পদ্ধতি সরজমিনে দেখেছেন। সেই বর্ণনা নথিভুক্ত হয়েছে এবং প্রকাশিতও হয়েছে। কামারযোদার কলাকুশলীদের তাদের চুল্লিটির কর্মক্ষমতার প্রদর্শনী করতে বলা হয় জামশেদপুরের ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরিতে। এই সমগ্র প্রদর্শন পদ্ধতিটিকে চলচ্চিত্রায়িত করে রাখা হয়েছে। এর আগে দিল্লির স্তম্ভ এবং আদিবাসী ইস্পাত বহু সমীক্ষা করা হয়েছে (বারগেট এবং স্টেইনারের দ্য দিল্লি পিলার – আ স্টাডি অফ করসান আসপেক্টস বা লাহিড়ী, ব্যানার্জী নিঝওয়ানএর সাম অবজারভেসন অন এনসিয়েন্ট আয়রন ইত্যাদি আরও কয়েকটি)। এই কোনও লেখাতেই বস্তার জেলায় লোহা তৈরির অস্ত্বিত্ব দেখানো হয় নি। প্রাচীন লোহায় জং না পড়া বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে লোহার কিছু নমুনা সংগ্রহ করি। সেই সুবাদে এই দুই লেখক বস্তার জেলার প্রাচীন লোহা তৈরির পদ্ধতি বিষয়ে একটি সমীক্ষা চালাই। এবং এই প্রবন্ধে সে বিষয়টি বিশদে উল্লেখ করার চেষ্টা করছি।

প্রাথমিকভাবে আমরা দেখতে চাইছিলাম এমন কিছু এলাকা, যেখানে এখনও প্রাচীন পদ্ধতিতে চুল্লিতে লোহা গলানো এবং সংস্কৃত করা হয়। এই খোঁজ করতে গিয়ে জানতে পারলাম বস্তারের খুব দুর্গম এলাকায়(এই প্রবন্ধ লেখার)প্রায় ২০ বছর আগে শেষ জ্বলা চুল্লিটি বন্ধ হয়ে গিয়েছে। ফলে আমরা বাইলাডিলার দিকে চললাম এবং তার আশেপাশের কয়েকটি এলাকায় নিবিড়ভাবে ঘুরে এমন একটি যায়গা খুঁজে পেলাম যেখানে এধরনের প্রাচীন কাজকরা গলন চুল্লির সন্ধান পাওয়া যেতে পারে।

বস্তার জেলায় দুটি আদিবাসী সমাজের বাস, একটির নাম মাড়িয়া অন্যটির নাম হালবি। যে সময় এই প্রবন্ধটি লেখা হয়, সেই ৩০ বছর আগেও সেই এলাকায় মাড়িয়ারা সেই ভারতীয় প্রাচীন ঐতিহ্যমণ্ডিত পদ্ধতিতে বসবাস ও জীবন ধারন করছেন। এই দুটি সম্প্রদায়ই স্বনির্ভর। শুধু নির্ভর করেন জঙ্গলের ধনসম্বলের ওপর। মাড়িয়ারা নিজেদের জীবন চালানোর জন্য যতটুকু তীর, কুড়ুল বা নিড়ানি প্রয়োজন, ততটুকুই নিজেরা তৈরি করে নেন। বাইলাডিলা খনি অঞ্চলে আমাদের আদিবাসী পথ নির্দেশক জানালেন, প্রায় ২০ কিমি দূরে দাঁতেওয়াড়া-সুকমা রাস্তায় একটি গ্রাম কামেলি। সেখানে একজন লোহারের প্রাচীন ধরণের একটি ফোর্জিংএর দোকান রয়েছে(যাকে আমরা সাদা বাংলায় কামারশাল বলি - অনুবাদক)। তিনি আমাদের দূরের গ্রামের তারই একজন আত্মীয়র বাড়িতে নিয়ে যাবেন, যিনি এধরনের একটি চুল্লি আজও ব্যবহার করেন। নকুলনারের কাছে মোখপাল পর্যন্ত আমরা একটি জিপ নিয়ে গেলাম। এর পরে আগের খবর অনুযায়ী দাঁতেওয়াড়া-সুকমা রাস্তায় আরও ৩০ কিমি যেতে হবে। মোখপালে গিয়ে একটি লোহা-পাড়ার খবর মিলল যেখানে এখনও ধরনের জ্বলন্ত চুল্লির রয়েছে। লোহার পাড়া পৌঁছতে অন্ততঃ ৫/৬টা গ্রাম পেরিয়ে বিশাল জঙ্গল চিরে প্রায় ৬ কিমি রাস্তা যেতে হবে। শেষ পর্যন্ত পৌঁছলাম। কিন্তু আদিবাসীরা আমাদের সেই চুল্লি দেখাতে চায় না। বহু আলোচনার পর তাঁরা সেই চুল্লি দেখাতে এবং তার কর্মপদ্ধতিটি জানাতে রাজি হলেন। চুল্লির কাছে বর্জ্য পদার্থের বিশাল স্তুপ থেকে আমাদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করলাম। নিচে আমাদের কাজের সমীক্ষাটু প্রকাশ করা গেল। 



সুত্রঃ ব প্রকাশ(বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়), ক ইগাকি(তহকু বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়ান জার্নাল অব হিস্টোরি অব সায়েন্সেস, জানুয়ারী, ১৯৮৪