Showing posts with label ক্ষমতা. Show all posts
Showing posts with label ক্ষমতা. Show all posts

Monday, December 2, 2019

ক্ষমতা আর ইতিহাস

ক্ষমতার লেখ্য ইতিহাসের বাইরে বিপুল ব্যপ্ত ইতিহাসের কুড় লুকিয়ে আছে যা ঔপনিবেশিক ক্ষমতাধরদের তৈরি কেন্দ্রিভূত, শুধু রাজা গজাদের বর্ণনার ইতিহাসের অংশ নয়, সেখানে মানুষ সাঁটে বলে রাখে বাইশা বা ষোলআনা মেলা বা বিদ্যালয় আদতে বলে এই সম্মিলত সামাজিক ব্যবস্থাপনার মানে কি, যদু মহেন্দ্রই বা কে বা হরিরামপুরের হরিই বা কে রামই বা কে বা আমাতি মানে কি রামাবতি, ছিরিমতী মানে কি শ্রীমতী, বাণরাজার ঢিবিতে বসে যে মানুষটা এই ১৪২৬ সনের শীতে পিঠ করে গরুকে জাবনা দেয় সে কি মধ্যবিত্ত প্রণোদিত হেরিটেজে আগ্রহী? দিনাজপুরের মালাকারেরা কেন শোলা আর বাঁশ দিয়ে ঘোড়া তৈরি করেন, যে ঘোড়া যুদ্ধ সমাজ নয় বলে পরিচিত সাঁওতালেরা নিয়ে বিয়েতে যায় - হাতি নিয়ে যান না কেন, যে হাতি বাংলার নিজস্ব - ঘোড়া ত নয় - ঘোড়া তো বহিরাগত এবং সাঁওতালদের সঙ্গে ঘোড়ার সঙ্গে দূরতম সম্পর্ক আছে বলে সাঁওতালেরাও বলেন না?
ইতিহাস লুকিয়ে আছে এই খোঁজগুলোর মধ্যে, ক্ষমতার ইতিহাস অতীত জানার একটা মাত্র ঘুলঘুলি উন্মুক্ত করে। যার ইচ্ছে থাকে সেই এই সাঁটগুলি থেকে হাঁচড়ে পাঁচড়ে ইতিহাস বার করে।
ইতিহাস মানে মেডিজি নয়, গুলে খাইয়ে দেওয়া নয়, পথেঘাটে কথ্যভাষায় ছড়িয়ে থাকা হাজারো ইঙ্গিতে উদ্দিষ্ট বার্তা পৌঁছে দেয় অধিকারীর হাতে, যার লেগে থাকার দম থাকে।

Saturday, July 14, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা, ব্রাহ্মণ্যবাদ ও ভদ্রবিত্ত - কারিগরদের চোখে ভদ্রবিত্তের কর্পোরেটিকরণ

আমরা কারিগরেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে ভদ্রবিত্ত ৪০০ বছর আগে সে সময়ের আরেক ভদ্রবিত্ত চৈতন্যের ডাকে ক্ষমতা বিসর্জন দিয়ে রাস্তায় মিছিল করেছিল, বাংলার ভাব সমাজে আলোড়ন এনেছিল, সেই সমাজ গত আড়াইশ বছর হেঁটমুণ্ডঊর্ধ্বপদ হয়ে ভদ্রবিত্তিয় ঔপনিবেশিক দাস সমাজে রূপান্তরিত হয়ে বর্তমান উত্তরপ্রজন্মকে বাধ্য করছে লুঠেরা ধ্বংস হতে বসা সাম্রাজ্যবাদী উপনিবেশের পদপ্রান্তে নমিত হতে।
জ্ঞানের সাথে ক্ষমতার যোগাযোগ প্রাচীন হলেও বাংলায় অন্তত ব্রিটিশ পূর্ব সময়ে ব্রাহ্মণ্যবাদ কর্পোরেট স্বার্থ ক্ষমতাকে পেড়ে ফেলতে পারে নি, যার জন্যে রাজা/পাদশা/নবাবেরা কারিগরদের চাষীদের যথাযোগ্য পৃষ্ঠপোষণা করতেন। তারা দাদন ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু কর্পোরেটেরা তাদের ওপর অত্যাচার করতে পারত না। সে স্বাধীনতা তার ছিল পলাশীর আগে। এ ধরণের হাজারো উদাহরণ দিতে পারি। সেই সংখ্যাগরিষ্ঠ জ্ঞানচর্চা ক্ষমতার কাছাকাছি না থেকেও সমাজ অর্থনীতিকে প্রভাবিত করতে পারত।
সেই প্রভাব দূর করতেই জোনস, কোলব্রুকদের আবির্ভাব এবং জোনসের হাত ধরেই ব্রাহ্মণদের ক্ষমতারোহন। কোম্পানির কর্পোরেটবাদ মেকলেবাদ মাথা নামিয়ে মান্যতা দেন ঔপনিবেশিক বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এবং অন্যান্য মহারথী। ব্রিটিশ লুঠের কাব্যকার রমেশ দত্ত শেষ জীবন কাটান কিন্তু সভ্য লন্ডনেই - শ্রমকে অবাঞ্ছিত হিসেবে ঘোষনা করা, লুঠেরা কর্পোরেটিয় কেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিকে মাথা নামিয়ে আত্মীকরণ করাই ভদ্রবিত্ততার ভিত্তি।
যতদিন যাচ্ছে কর্পোরেট জ্ঞানচর্চা জাঁকিয়ে বসছে একটু একটু করেই। বিশ্ববিদ্যালয়গুলো আজ কর্পোরেট জ্ঞানচর্চার লীলাক্ষেত্র। অধিকাংশ স্নাতক চাকরিযোগ্য নয় এই ধুয়ো তুলে তারা পাঠ্যসূচীতে নাক গলাচ্ছে এবং পাঠ্যসূচীর যতটুকু সামাজিক রেণূ ছিল তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে।
এই পড়াশোনার জন্যে যোগ্য ভদ্রবিত্তরা। তাদের ছানাপোনারাও যোগ্য হয়ে ওঠার প্রাণপন চেষ্টা করছেন।
ফলে কি পড়াচ্ছি গুরুত্বপূর্ণ। যে পাঠ্যসূচী আজ পড়ানো হয় তার ভিত্তি মেকলে ট্রেভলিয়ন, এডমন্ড বার্কবাদ। সেটা মূলত ৬% ভদ্রবিত্ত নির্ভর। এটা আদতে হাতে কলমে কাজ না করা তাত্ত্বিকভাবে কাজ করা ভদ্রলোকিয় অকারিগরিয় পাঠ্যক্রমের ভিত্তি। এ বাংলায় তাদের যে সংখ্যা, সেটা বিশাল। ক্ষমতা ধরে রাখার জন্যে তার বাইরে এই পাঠ্যসূচীর যাওয়ার ইচ্ছেও নেই, দরকারই নেই।
মোদি থেকে মমতার মধ্যে থাকা কোটি কোটি পদাধিকারী যদি বিকেন্দ্রিকরণের ভাবনা ভাবেন তাহলে গোটা ঔপনিবেশিক ব্যবস্থাটাই ভেঙ্গে পড়বে। কর্পোরেট উপনিবেশটা দাঁড়িয়ে আছে কেন্দ্রিভবনের তত্ত্বের ওপর - তার মধ্যের এদিক ওদিক একটু ছাড় দেওয়া দেয়ি। সেই বাস্তবতা নিয়েই ব্যক্তিগত উদ্যোগে শ্বাসরোধকর উপনিবেশবাদের মধ্যে দাঁড়িয়ে যতটা জানালা খোলা যায়।

তার বাইরে আছেন বিপুল পরম্পরার কারিগর, যারা আদতে মূলতই উপনিবেশের বাইরে দাঁড়িয়ে আজও। কর্পোরেটের পায়ে আত্মদান আজকের ঔপনিবেশিক ইংরেজিশিক্ষিত, বুজের মধ্যে একটুকরো ইওরোপ আমেরিকা পুষে রাখা ভদ্রবিত্ত বাঙ্গালির একমাত্র উচ্চাশা।
এটাই ঐতিহাসিক বাস্তবতা।

Sunday, March 18, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৪ - ঔপনিবেশিকতাবাদের জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান বারনার্ড কোহন

নিরীক্ষণ/ভ্রমণ পদ্ধতি
এই পদ্ধতিটি আলোচনা করে যে প্রশ্নটা অবশ্যই উঠে আসবে সেটি হল, যে ভ্রমণকাহিনীটি বা ভ্রমনের সময় তৈরি/আঁকা ছবিটি তৈরি হচ্ছে, তা থেকে কি বোঝা যায় যে ইওরোপিয় দৃষ্টিতে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? মানসিকভাবে ভারত সম্বন্ধে যে ধারণাটা তৈরি হয়েছে ভ্রমনকারীর, সেই ধারণাটা সত্যি প্রমান করার জন্যে প্রেডিক্টেবলভাবে নির্দিষ্ট কিছু ছবি/প্রতিমা বা অঞ্চল নির্ধারণ করা প্রমান হয়ে পড়ছিল। সম্ভবত দুটি ভ্রমনপথ ভ্রমন কাহিনীগুলির প্রাথমিকতার একটি তাত্ত্বিক কাঠামো গড়ে তোলার কাজে সহায়ক হয়েছিল, সেটি হল যে পথে তারা ভারতে এসেছিল। প্রথম দিকের লেখাগুলিতে সপ্তদশ শতকের বাণিজ্য আঙ্গিক, যা ইওরোপিয় বণিকদের পশ্চিম উপকূলে বিশেষ করে গুজরাটে নিয়ে এসেছিল। ভ্রমণকারী তার পরে পশ্চিম উপকূল ধরে আরও দক্ষিণ দিকে গিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে ওপরের দিকে পূর্ব উপকূলে আসেন।
ইতোমধ্যে অষ্টাদশ শতে পৌঁছে, ভারতে মূলত মাদ্রাজ আর কলকাতামুখো হয়েছে ইওরোপিয়রা। অষ্টাদশ শতকের দ্বিতীয় পাদে এবং গোটা উনবিংশ শতক ধরে কলকাতায় পা দেওয়া ছিল ভারতে আসা ভ্রমনকারীর একমাত্র গন্তব্যস্থল – তারপর নৌকোতে গঙ্গার পথ এবং দিল্লি পেরিয়ে আরও উত্তরে রাজস্থান এবং গুজরাট আর বম্বে হয়ে মালাবার শ্রীলঙ্কা এবং আবার পূর্বদিকের মাদ্রাজের দিক্বে ওঠা। যদিও ভ্রমনপথটা সরলরৈখিক এবং কন্টিনিউয়াস ধরে নেওয়া হয়েছিল, কিন্তু তারমধ্যে কতগুলো জনিস অবশ্যই থাকত, বেনারসের নদীরকূল, এলাহাবাদের দুর্গ, অযোধ্যার নবাবের সঙ্গে বৈঠক, আগরা আর দিল্লির আশেপাশে ঘোরাফেরা। এছাড়াই কিছু কিছু বিষয় নিয়েও ভ্রমনকাহিনী লেখা হয়েছে, সাধুপুরুষদের বর্ণনা এবং তাসদের কৃচ্ছসাধন, ভ্রমনের সঙ্গে ভ্রমনকারীদের রসেবশে রাখা মানুষজনের বর্ণনা, সতী দ্যাখা বা শোনার বর্ণনা। উনবিংশ শতকে কিন্তু এই আলোচনা বদলে আলোচিত হতে থাকলথিন্দু, মুসলমান এবং ব্রিটিশ ঐতিহাসিক এলাকাগুলি।


যদিও ভ্রমনকাহিনী এবং একটি বিশেষ এলাকা, সামাজিক চরিত্র, প্রথা, কিছু সমাজের বর্ননা নির্দিষ্ট থাকে যারা অন্তত দুশ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বেঁচে আছে - এগুলি বর্ণিত হত এবং বলা হত সেগুলি সতত পরিবর্তনশীল। যে সব জিনিস দ্যাখা হচ্ছে এবং লেখকের কলমের মাধ্যমে ভ্রমনকাহিনীতে উঠে আসছে তার একটা আর্থসামাজিক প্রেক্ষাপট আছে এবং ঐতিহাসিক কৃষ্টিগত নীতি নির্ধারণ আছে যেমন সাবলাইম, পিকচারাস্ক, রোমাটিক এবং রিয়্যালিস্টিক ইত্যাদি।

Wednesday, November 22, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - ক্ষমতা কিভাবে ইতিহাস লেখে

ঔপনিবেশিক সঙ্খ্যাতাত্ত্বিক হান্টারের মতে বাংলার পিছিয়ে পড়ার দুটি কারণ
১) বর্ণ জাতিগুলির মধ্যে সহযোগিতার অভাব,
২) প্রয়োজনাতিরিক্ত উৎপাদনে অনীহা।

প্রথমটা নিয়ে আমাদের বলার খুব কিছুই নেই, কারণ তখন তাঁরা ক্ষমতায়, তাঁরাই ইতিহাস লিখবেন। ছোটলোকেদের পক্ষ নিয়ে শুধু বলব – ১৮৩৬এর উইলিয়াম এডামের শিক্ষা সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার ১ লক্ষ পাঠশালায় সববর্ণের সন্তান পাশাপাশি পাঠ নিচ্ছে।

দ্বিতীয়টায় অতিউতপাদন না হওয়া সত্ত্বেও বিশ্ববাণিজ্যে বাংলার রমরমা ছিল প্রবাদপ্রতীম, আন্তঃ এশিয় বাজার নিয়ন্ত্রিত হত বাংলায় - নিজের কৃষি শিল্প উৎপাদন ছাড়াও বাংলা ছিল বিভিন্ন পণ্যের ট্রাঞ্জিট পয়েন্ট - বিভিন্ন পণ্য বাংলায় এসে তারপরে নানান দেশে রপ্তানি হত।
বাংলা বাজারে হান্টারদের পূর্বপুরুষদের দেশে তৈরি একটাও মাল বিক্কিরি হত না, বরং তাঁদের বাংলা বাজার থেকে মাল কিনতে নানান জায়গা লুঠ করে সোনা রূপা আর দামি রত্ন বয়ে আনতে হত।

Sunday, September 24, 2017

উদেশ্য কি ক্ষমতার পাল্টা দেওয়া?

আমাদের কাছে সমস্যা হল আমরা কি ক্ষমতার বিরুদ্ধে পাত্তা পেতে পাল্টা ক্ষমতা তৈরি করতে যাচ্ছি, যে তোরা আমাদের খিস্তি করেছিস, নে আমরা তোদের পাল্টা দিলাম - আমি যাকে ক্ষমতা ভাবি সে যদি আমায় সুন্দর সুন্দর বাক্যে ভরিয়ে দিত, তাহলে নিশ্চই সমস্যা থাকত না।

বাকি ভারত কিভাবত না ভাবত তাতে বাংলার কোন দিনই কিস্যু আসে যায় নি, সে নিজের মত করে কয়েক হাজার বছর করে আলাদাভাবে বেড়েছে - আলাদা কৃষ্টি, আলাদা জীবনযাত্রা, আলাদা রাজনীতি, আলাদা(পাল্টা নয়) উৎপাদন ব্যবস্থা তৈরি করেছে, হাজার হাজার উৎপাদন, হাজার হাজার বিক্রেতার, আর্থ-সামাজিক সাম্যাবস্থার জন্য বাংলায় মহিলাদের উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহন অনেক বেশি ছিল সেদিনও, আজও আছে। আকবর দিনিইলাহির জন্য বাংলা থেকে পর্তুগিজদের নিয়ে যান কিন্তু বাংলার ভারত বিখ্যাত নৈয়ায়িক বা বাংলা-বৃন্দাবনের গৌড়িয় বৈষ্ণবদের ডাকেন নি। তাতে কি নৈয়ায়িক বা গৌড়িয় বৈষ্ণবদের আদর কমেছ্যে? না তারা আকবর পাদশাহর পাল্টা ধর্ম দরবার তৈরি করেছিল? না তার নিজস্বতা হারিয়ে গিয়েছিল।

কুড়মালি নিয়ে কাজ করা কিছু আমাদের বন্ধুরা নিজেদের উতসাহে চিসই লিপি তৈরি করেছেন, প্রাইমার ছাপিয়েছেন, ৫০টার বেশি প্রাথমিক বিদ্যালয় চালাচ্ছেন গ্রামে গঞ্জে নিজেদের উদ্যমে, নিজেদের খরচে, এক্কেবারে রাষ্ট্রীয় উদ্যমের বাইরে দাঁড়িয়ে, একবারও রাষ্ট্রকে বলতে যান নি আমাদের স্বীকার কর, রাষ্ট্র স্বীকার করবে কি না করবে সেটা রাষ্ট্রের বিষয়। রাজ্যসরকার কুড়মালি আকাদেমি করল, এই আলাদাভাবে কাজ করা মানুষেরা তার অংশ নয়। তারা কি গোঁসা করে তাদের কাজ থামিয়ে দিয়েছে?

ক্ষমতার কাজটাই হল, তার বিরুদ্ধ মতকে পাল্টা আঘাত দিয়ে তার মত করে চালনা করা - এজেন্ডার বিরুদ্ধে এই পাল্টা করার প্রণোদনা ক্ষমতার কাছে পাত্তা চাইবার উদ্যম এর বেশি কিছু নয়।