Showing posts with label ঢোকড়া. Show all posts
Showing posts with label ঢোকড়া. Show all posts

Tuesday, June 18, 2013

মেয়েটির নাম দিল্লি সরকার। চান্দোল হাট মেলার একটি অতুলনীয় অভিজ্ঞতা, A Lady Named Dilli Sarkar, an unforgettable experience at Chandol Hat Mela, Uttor(North) Dinajpur

 মেয়েটির নাম দিল্লি সরকার। 

ছোটবেলায় তিন সন্তানের মৃত্যুর পর পিসি নতুন মেয়েটির নাম রাখলেন দিল্লি। তত্ব হল দিল্লি বহু দূর। সন্তানের এই নামটি রাখলে যদি সন্তানটি বাঁচে(তখন ভারত সরকার অথবা দেশি, বিদেশি দাতা সংস্থার দেওয়া অর্থে তখন স্বেচ্ছাসেবীরা কন্যা ভ্রূণ হত্যা বিরোধী প্রকল্প রচনা করেছিলেন কিনা সে তথ্য লোকফোকের কাছে নেই, কিন্তু দিনাজপুরের{তখন রাজনৈতিকভাবে পশ্চিম উপসর্গযুক্ত জেলা} এক অজ পাড়াগাঁয়ে, আজকের মানুষ আর জনগণের ভালকরা রাজনীতির ভাষায়, প্রায় সহায়-সম্বলহীন এক আদিবাসী, রাজবংশী পরিবারের মাথারা কন্যা শিশুকে মুখে নুন দিয়ে মেরে ফেলতে চাননি। প্রাণপণে চেষ্টা করে গেছেন কীভাবে মেয়েদের বাঁচিয়ে রাখাযায়। কে জানে শহরের মানুষেরা কাদের কথা বলেন, কাদের কথা ভেবে প্রকল্প রচনা করেন!)। 
সবার প্রার্থনা কীভাবে এবারটি কাজে লেগে গিয়েছিল(আদতে ততদিনে ভারত সরকারের মদতে আর স্পন্সরশিপে দেশিয় চিকিৎসাবিদ্যার গঙ্গা প্রাপ্তি ঘটেছে। আরও অনেক বিদেশি ধারকরা ভাবনার মত বড় পুঁজির অ্যালোপ্যাথি চিকিৎসা একমাত্র চিকিৎসাব্যবস্থার মর্যাদা পেয়েছে। আর সকলে গ্রাম্ভারি নামে দুয়ো রানিমাত্র। কিন্তু দেশিয় চিকিৎসাবিদ্যা অর্থে আজকের দিনে সরকারি ভাষায় মান্যতাপ্রাপ্ত শুধুই আয়ুষের কথা বলছিনা, দেশিয় গ্রামীণ লৌকিক চিকিৎসা ব্যবস্থার কথা বলছি। পরে পড়ে দেখেছি, আয়ুর্বেদও ক্ষমতার বাইরে থাকা দেশিয় গ্রামীণ চিকিৎসাবিদ্যাকে দুচ্ছাই করে আজও। আয়ুর্বেদ তখন অ্যালোপ্যাথির আক্রমণে নাভিশ্বাস(অগ্নিশ্বর সিনেমাটি মনে করুন, অ্যালোপ্যাথি মানেই বিজ্ঞান আর সব ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, জলপড়া।)। আয়ুর্বেদ ডাক্তারেরা আজও অ্যালোপ্যাথি চিকিৎসা করেন। আয়ুর্বেদের যখন নাভিস্বাস তখন তার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই, কেননা তত দিনে অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদের যৌথ-আক্রমণে লৌকিক চিকিৎসা মুখ লুকিয়েছে।)। সমবেত প্রার্থনায় দিল্লি শুধু বাঁচল না, ক্রমশঃ বড়ও হয়ে উঠল। সবার মুখে ছাই দিয়ে তার বিয়ে হল, সন্তানও প্রসব করল। দিল্লির তখন ভরা সংসার। অন্যান্য রাজবংশী মেয়েদের মত সেও বুনতে ওস্তাদ হয়ে উঠল। অঞ্চলের একদা ডাকসাইটে কাঠের মুখা শিল্পী প্রয়াত আজিত সারকারের হাত ধরে অন্যান্য ঢোকড়া (ঢোকড়া সংস্কৃতি সম্বন্ধে বিশদে জানতে http://lokfolk.blogspot.in/2012/08/blog-post_14.html) শিল্পীদের সঙ্গে (ঢোকড়া তাঁতের চেহারা দেখার জন্য এই লিঙ্কটা  http://lokfolk.blogspot.in/2012/04/dokra-weavers-at-work.html দেখুন। কলকাতায় শিক্ষিতরা এই তাঁতকে মণিপুরী তাঁত বলেন। কেন? তারাই জানেন) কলকাতায় মেলায়ও এসেছে(২০০৯এ কলকাতা মেলায় দিল্লির ছবি। সেখানেই তার সঙ্গে আলাপ। পরে দেখেছি দিল্লি সেই আলাপ ভুলে গিয়েছে। কিন্তু তার নামের জন্যই হোক বা তার অত্যন্ত আদুরে ভাবে তার কাজ দেখানোর জন্যই হোক, বা কাজের গুনমানেই হোক, দিল্লিকে আমার মনে থেকে গিয়েছে। 
চান্দোল মেলা আয়োজন করছিল সঙ্ঘের দিনাজপুর জেলা কমিটি। তাদের যোগাযোগেই দিল্লি চান্দোল মেলায় এসেছেন অংশ নিতে। সঙ্গে আরও কয়েকজন শিল্পী। দিল্লিকে মেলার শেষেরদিকে পুরনো ঘটনাটা বলেছিলাম। গ্রামের কর্মঠ মহিলাদের মত সে চোখেমুখে বিস্ময় ফুটিয়ে শুধুই হেসেছিল। অন্যদের মত, প্রথমে সে মেলা দেখে হতাশ হয়েছিল। যদিও শহুরে বা স্থানীয় রাজনীতি করা কারু শিল্পীদের মত উচ্চৈঃস্বরে বলেনি, কিন্তু তার মনে, হাটে তার মাল বিক্রি নিয়ে বেশ দ্বিধায় ছিল। পাড়াগাঁয়ের অনপনীয় ভদ্রতায় সে মুখবুজে সব মেনে নিয়েছে। কিন্তু সে শুধু নয়, তার পরিবারও যে তাঁকে মেলায় আসতে বারন করেছিল, তার প্রমান পেলাম শেষের আগের দিনের রাতের মিটিঙে।
মেলা উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক অমল আচার্য মহাশয়। ছিলেন স্বপন সারকার এবং আশিম ঘোষ। উদ্বোধনের বিশদ বিবরণ কয়েক মাস আগের পোস্টে পাওয়া যাবে। আজ আর সেই গালগল্পে যাচ্ছি না। যাই হোক, প্রথম দিনই প্রায় সকলের বউনি হল, দু একজনের বাদে। আরও অনেকের সঙ্গে, দিল্লির বিক্রি হল প্রায় পাঁচ হাজার টাকার। ব্যাপারটা খুব একটা ছোট করে আমরা দেখলাম না। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে সবাইকে জিজ্ঞেস করে রোজের বিক্রির হিসেব রাখতাম। ব্যাপারটা খুব কম দাঁড়াল না। প্রথম দিনেই আমরা বেশ উত্তেজিত। একে অজ পাড়াগাঁয়ে মেলা। তারপরে প্রচার নেই। বাংলাদেশের দুই শিল্পী এসেই চলে গেছেন। তাঁরা বললেন আমাদের এত দামী কাপড় এখানে বিক্রি হবে না(বলা ভাল মেলার যায়গা দেখে পালিয়ে গিয়েছে। কলকাতার, নিদেন পক্ষে জেলা সদর ছাড়া, সরকারি-বেসরকারি প্রচারে এটি যেন আজ প্রমাণিত, গ্রামে শিল্প দ্রব্যের বাজার নেই, কারোর শিল্পবোধ নেই। স্থানীয় মালগার কার্পেট শিল্পী আবু তাহের[সে আবার মালগা পঞ্চায়েত প্রধান। কংগ্রেস করে] বলল দাদা কোন ভাগাড়ে এনে ফেললেন!!! অথচ তাকে চান্দোল মেলায় ডাকার জন্য পি এন রায় পর্যন্ত আমাদের কাছে দরবার করেছেন। আবুর বিক্ষোভে আমরা প্রায় মুহ্যমান। আবু কংগ্রেস করে, উদ্বোধন এবং অন্যান্য সাহায্য করছে তৃণমূল আর সঙ্ঘের জেলা সম্পাদক সিপিএম। গোলযোগ লাগলেই চিত্তির। এত দিনের সব পরিশ্রম ভেস্তে যাবে। কোনও বিতর্কে না গিয়ে আবুর সামনে হাত জড়ো করে তাকে সামাল দিই। মনে খচখচানিতো ছিলই। সবাই এত খারাপ বলছে। মেলা খারাপ হলে কেউ আস্ত রাখবে না)। আবুর কার্পেট বিক্রি হল প্রত্যাশার তুলনায় শুধু ভাল নয়, বেশ ভাল, এত ভাল বোধহয় কলকাতাতেও হয় নি। উদ্বোধনী মেলা শেষে তার গাল ভরা, কান এঁটো করা হাসি। পরের দিনই তার একটা দোকান চারটা হল।
তো শেষের আগের রাতে মুখ খুলল দিল্লি। আমরা ত পেরিয়ে থ, থ পেরিয়ে দ। বর আর ছেলে তাকে মেলায় আসতে দিতে চায়নি। বলেছিল এই দিনাজপুর জেলার চান্দোল হাটে কে তার ঢোকড়া কিনবে? সপ্তাহে, স্থানীয় এলাকার পাঁচ ছটা হাটে ট্রাক বোঝাই করে ঢোকড়া চালান যায়। আর প্রত্যেকের বাড়িতেই তিন চারটের বেশি ঢোকড়া আছে। এতগুলো বিক্রিতো হবেই না। সে গাঁয়ের লোক হাসাবে। কিন্তু দিল্লি জেদ ধরেছিল, মেলায় সে যাবেই। তাকে মেলায় পাঠিয়েছিল জেলা শিল্প দপ্তর, আমাদের অনুরোধে। তাই তার বর খুব একটা জোর ফলাতে পারে নি। প্রথমদিন তার ৫ হাজার বিক্রি হতেই প্রায় হতভম্ভ দিল্লি প্রথমে তার বরকে ফোন করে। বর বিশ্বাস করেনি। ছেলে হেসে উড়িয়ে দিয়েছিল। এখন লিখতে লিখতে মনে পড়ল, সেই রাতে দিল্লি সবার সঙ্গে ছিল না। সে আমাদের বলেই বাড়ি গেল। আমরা একটু বিরক্তই হয়েছিলাম। ইস্কুল বাড়িতে সবার সঙ্গে থাকার ইচ্ছে হলনা বলে পেছনে বেশ নিজেদের মধ্যে তার প্রতি কটুক্তি করেছিলাম। শেষদিন পর্যন্ত সে বেশ ভাল টাকার ঢোকড়া এবং বাতিল শাড়ি থেকে হাতপাখা, পাটের তৈরি জলের বোতল বয়ে নিয়ে যাওয়ার জালসহ অনেক কিছু বিক্রি করল। সে বাড়িতে মাত্র একটা ঢোকড়া ফিরিয়ে নিয়ে গেল। খালি হাতে কোনও বিবাহিত মেয়ের শ্বশুরবাড়ি বাড়ি ফিরতে নেই।

দিল্লির বরেরমত আমরা মেলায় বিক্রি নিয়ে সন্দিগ্ধ ছিলাম না ঠিকই, কেননা আমরা সন্দেহ কাঁটাকে পাত্তা দিই নি। এই মেলা আসলে দিল্লিরমত শিল্পীদের শুধুই নিজেদের চিনতে সাহায্য করেছে তাই নয়, তাদের কাছের বাজারকে নতুন চোখে দেখতেও সাহায্য করেছে। দিল্লি এখন তার এলাকায় রোজ মিটিং করতে ডাকে। তাঁকে জানিয়েছি আমরা পঞ্চায়েত ভোটের পর যাব।  

Tuesday, May 29, 2012

Wednesday, November 10, 2010

উত্তরবঙ্গের ধোকড়া শিল্প


(ঋণ স্বীকার - ধনঞ্জয় রায়)
উত্তরবঙ্গের লৌকিক মানুষজনের শিল্পকৃতির অন্যতম প্রধান বাহন ধোকড়া বয়ন শিল্প বা মোটা কাপড়। এর একটি সংস্কৃত প্রতিশব্দ রয়েছে - ধোতকট। কবিকঙ্কনে দেখি – সদাগর আচ্ছাদন না ছাড়ে ধোকড়ি। এক সময়ে বাংলার জনসমষ্টি অঙ্গে দুফালি বস্ত্র পরার যে আচার ছিল হাজার হাজার বছর ধরে, সেই আচার এখোনো ধরে রেখেছেন রাজবংশী জনসাধারণ অসাধারণ শিল্পসুষমায় ঢোকড়া শিল্পের মাধ্যমে।  
উত্তরবঙ্গে রাজবংশী সমাজে ধোকড়া শব্দটি বিকল্প বস্তু হিসেবে পরিচিত – যেমন ধোকড় বাপ – বিকল্প বাপ। দিনাজপুরের লোক কথায় চাল-চিঁড়ে-চট-গুড় এই নিয়ে দিনাজপুর- এখানে চট অর্থে ধোকড়া। সাধারণ বাড়িতে এই ধোকড়া বিছিয়েই যেমন অতিথিদের বসতে দেওয়া হয় তেমনি এতে করে ফসল রোদে শুকোতে দেওয়া হয়।
প্রায় দুশতক পূর্বে দিনাজপুরের সুজানগর আর মাহীনগর পরগণায় তাঁত শিল্পীদের বসবাল ছিল। এছাড়াও মথুরাপুর, দেলওয়ারপুর, বাজিতপুর, রাধাবল্লভপুর, কান্তনগর, রাজানগর পরগণার অধীনে বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বংশীহারি, হেমতাবাদ, ইটাহার, কুশমন্ডি এলাকায়ও তাঁতিরা শিল্পকর্ম করতেন। বাংলার অন্যান্য তাঁতিদের সঙ্গে এই অঞ্চলের তাঁতিদের বিদ্রোহ ইতিহাসের অমর গাথা রচনা করেছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিলেন রাজবংশী জনগোষ্ঠী। এ অঞ্চলে প্রচুর কার্পাসগাছ জন্মাত যার নাম – বাঙ্গার এই বাঙ্গারের চাষ করতেন রাজবংশীরাই যুগে যুগে।
রাজবংশীদের পাট থেকে সুতো তৈরির করে বয়ন করার এই পদ্ধতি সারা বিশ্বের হস্ত তাঁত শিল্পের এক প্রাচীণ বয়ণ পদ্ধতি হিসেবে পরিচিত। এই বয়ন পদ্ধতিতে খুব বেশি স্থান প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন দুটি খুঁটি – যা অক্ষদণ্ড রূপে ব্যবহৃত – রাজবংশী ভাষায় তাঁতপোই। কোচবিহার, পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহের গাজোল থানায় ধোকড়া শিল্পে নিযুক্ত রয়েছেন – বর্মণ, রায়, দেবশর্মা উপাধিধারী মহিলারা। জনশ্রুতি এই সমাজে পুরুষের তাঁত বোনা নিষিদ্ধ ছিল – পুরুষেরা তাঁত বুনলে তাঁদের পুরুষত্বে হানি হয়। অর্থাত্ মহিলা শাসিত সমাজের যে বিধিনিষেধ তাও আজও সমাজ পরিবর্তনের সঙ্গে এক্কেবারে মিলিয়ে যায়নি – আজও এ অঞ্চলের প্রায় প্রত্যেক হাটে ধোকড়া বিক্রি করেন মেয়েরাই। আর সুন্দর মননশীল ধোকড়া বোনার ওপর নির্ভর করে এই সমাজে মেয়েদের বিয়ের সিদ্ধান্ত।
উত্তরবঙ্গে অন্যান্য এলাকার তুলনায় পশ্চিম দিনাজপুরে এই কাজের প্রবণতা আর উতপাদন ক্ষমতা অনেক বেশি। আজ এই এলাকায় ৩৩ হাজার শিল্পীর নাম সরকারি তালিকাভূক্ত। তবে স্থানীয় শিল্পীদের-মানুষের বিশ্বাস এই ভৌগোলিক এলাকায় অন্ততঃ এক লক্ষ মানুষ এই বয়নশিল্পকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন।
প্রযুক্তি
জলে ভেজা পাট থেকে ছাল ছাড়িয়ে তাঁশ বা খোয়াগুলোকে চিরে লাছি তৈরি হয়। লাছি নাচো(টাকু)র সাহায্যে পাকিয়ে সুতো তৈরি হয়। পাটের গোড়া অংশ ফোতা আর মাথার অংশটি পাইন নামে পরিচিত। ফোতা হয় মোটা আর পাইন হয় সরু। একটি তাঁতপোইতে দেড় হাত চওড়া আর পাঁচহাত লম্বা একটি ফাটি তৈরি হয়। এরকম তিনটি ফাটি জোড়া দিলে তৈরি হয় একটি ধোকড়া।
তাঁতপোই
তাঁতপোইএর প্রত্যেক অংশ টুকরো টুকরো। তাঁতপোইএর জন্য দুটি বাঁশেক খুঁটি দুহাত দুরত্বে মাটিতে পোঁতা থাকে। দুটি খুঁটির সঙ্গে সমাম্তরাল বাঁধাথাকে দুটি বাঁশ - তাছলা। তাছলার ওপরে একটি কাঠি এবং নিচে একটি বাঁশের কাঠি বাঁধা থাকে। এটি নাম দণ্ডর। নিচের দিকে আরও যে কয়েকটি কাঠি পরপর সাজানো থাকে তাকে বলে জালো কাঠি, পিঁপড়ি কাঠি, কোপনি কাঠি। বোলার সময় প্রথম টান পড়বে কোপনি কাঠির। কোপনি কাঠিটি টানা থাকে দুটি ছোট খোঁটার সাহায্যে। একে বলে। টাকুর সঙ্গে সুতো যখন মাকুতে যায় তখন তাকে বলে কান্তা। এবারে তৈরি হয় এক একটি ফাটি। যে ফাটি চওড়া হয় তাকে বলে পেটোয়ান। তখনই ধোকড়ার ওপর নকশার কাজ শুরু হয়। মোটা সুতো গাঁথার জন্য অর্ধচন্দ্রকার মোটা ও চওড়া লাঠি বেওন দরকার। সরু সুতোর কাঠিকে বলে আলনি। রাজবংশী বয়নী মজবুত ও ঘন জালের একটি অংশ কোমরে পেছনে বেঁধে বোনার কাজ শুরু করেন। এর নাম নেত্তুরং। ফাটি জোড়া দেওয়ার জন্য এমন সুতো তৈরি করেন যেন মনে হয় যন্ত্রে বোনা।
সম্পূর্ণ পশ্চিমি যন্ত্র ব্যতীত হাতে তৈরি ধোকড়া শিল্পের রংও পুরোপুরি ঐতিহ্যশালী পদ্ধতিতে করা হয়। ঝিমুল, জিগা, ভেরেণ্ডা, আমের কুষি, বসনবৈর প্রভৃতি গাছের পাতা, ফল, ছালের রসে সোড়া, লবন জলে মিশিয়ে সিদ্ধ করে কালো, খয়েরি, লাল রং করা বের করা হয়। 
ধোকড়ার হাট বসে পশ্চিম দিনাজপুরের বংশীহারি থানার সরাই, ইটাহারের পাতিরাজ, কালিয়াগঞ্জ থানার ধনকৈল আর কুনোর, করণদিঘির রসখোয়া, দার্জিলিংএর নকশালবাড়ি, মাটিগড়া। প্রতি বছর ধোকড়ার বাজার হল ২ কোটি ৮৫ লক্ষ ১২ হাজার টাকা।