Showing posts with label রাভা. Show all posts
Showing posts with label রাভা. Show all posts

Friday, October 28, 2016

রাভা, মেচ সমাজ, ওয়াটাগ, সংঘ এবং কলাবতী মুদ্রার পক্ষে বন্ধুদের কাছে প্রস্তাব -


আমরা গোঁসাইহাট রাভা বস্তি এবং মধ্যনারারথলীর মেচ সমাজ সামগ্রিকভাবে নিজেদের জমিতে তুলো চাষ করব, সুতো কাটছি, এবং সুতো রং(এইটা নতুন করে প্রশিক্ষণ নিতে হবে) করছি, এবং কাপড় বুনছি, তা হলে পরিধেয় তৈরির উপকরণের জন্য একবারও বাজারের ওপর নির্ভর করতে হবে না, বরং সেই উতপাদন বাজারে বিক্রি করতে খোলা বাজারকে ব্যবহার করতে পারব নিজেদের মত করে – রোজগার করব নিজের দক্ষতা কাজে লাগিয়ে – রক্ষা করতে পারব আমাদের দীর্ঘকালীন বয়ন ঐতিহ্য, নিজেদের মত করে কোন দাতা সংগঠনের অনুদান ছাড়াই, বন্ধুদের সহায়তায়।
এছাড়াও আমরা সংঘকে এবং ওয়াটাগকে প্রস্তাব দিচ্ছি যদি সম্ভব হয় আমাদের সমাজের বয়ন নকশা নকল আটকাতে ভৌগোলিক চিহ্ন হিসেবে গোঁসাইহাট বনবস্তির রাভাদের এবং মধ্যনারারথলীর মেচ সমাজের তৈরি বস্ত্রকে জিআই পঞ্জীকরণ করতে দুই সমাজকে সাহায্য করুক। তাতে সমাজের বুননের যেমন নিজস্বতা বজায় থাকবে ঠিক তেমনি বড় পুঁজি এই ছোট উতপাদন ধ্বংস করতে যে স্বয়ংক্রিয় যন্ত্রে, সমাজের বয়ন নকশাগুলি ব্যবহার করে ব্যাপক নকল কাপড় তৈরি কাজের আশ্রয় নেয়, তাও আটকানোর চেষ্টা করা যাবে।
এই প্রস্তাবের পাশে দাঁড়িয়ে সংঘের এবং কলাবতী মুদ্রার প্রস্তাব এবং আশা ওয়াটাগের সম্মানীয় উপদেষ্টা দীপঙ্কর দে মহাশয় এবং তার কর্মস্থলের সম্মানীয় সহকর্মী এবং ছাত্রছাত্রীরা – যাঁরা ওয়াটাগ তৈরিতে নিজেদের সামাজিক অবদান পেশ করেছেন অতি দক্ষতায়, যাঁদের একজন ওয়াটাগের অছিও বটে, যাঁরা এখনকার ব্যবসা ব্যবস্থাপনা পড়েন এবং পড়ান এবং এ বিষয়ে আসীম দক্ষতা অর্জন করেছেন এবং অধ্যাপক দে’র নেতৃত্বে এরাই সামাজিক মাইক্রো ব্র্যান্ডিংএর অন্যতম প্রধান প্রবক্তা - নিশ্চই রাভা এবং মেচ কাপড়ের মাইক্রো ব্রান্ডিং তৈরিতে সক্রিয় হবেন। তাঁদের অধীত দক্ষতার ছোঁয়ায় গড়ে উঠবে নতুন বাঙলার প্রাচীনতম সমাজগুলির নিজস্ব দক্ষতায় গয়ে উঠেও রাষ্ট্রিক অসহযোগিতায়, বড় পুঁজির আক্রমনে ধ্বংস হয়ে যাওয়া অসাধারণ বয়ন ব্যবস্থা, প্রাণ পাবে জঙ্গলে বাস করা বাঙলার দক্ষ মানবিকতম প্রকৃতির সন্তান।
রাভা সমাজের পক্ষে ওয়াটাগের এবং সংঘের এবং কলাবতী মুদ্রার এবং আমাদের বন্ধুদের কাছে আরেকটি অনুরোধ, গোঁসাইহাট রাভা বন বস্তি বাঙলার সুন্দরতম স্থানগুলির মধ্যে অন্যতম। রাভা সমাজ একে কারু ভ্রমণ অঞ্চল হিসেবে খুবই ঘনিষ্ঠ বন্ধুদের কাছে উপস্থাপন করতে চাইছি – বিশেষ করে যারা অন্য ধরণের যায়গা দেখতে চাখতে এবং তার স্বাদ অনুভব করতে চান। তার জন্য গোঁসাইহাট রাভা বস্তি কোন এক/দুজনের সদস্যের বাড়ির একটি ঘর সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছি –যারা এই অঞ্চল ভ্রমণ করতে আসবেন তারা সেই বাড়িতে থাকবেন, পরম্পরার খাবার খাবেন।  গয়েরকাটা ছাড়াও এর ৭৫ কিমির মধ্যে বিভিন্ন জঙ্গল – যেমন বক্সা, চিলাপাতা, গরুমারা ইত্যাদি এবং ভূটানের ফুন্টসিলিং আর ১০০ কমি গেলে অসাধারণ রসিক বিল দেখতে পারবেন। যদি তারা শুধুই বিশ্রাম নেওয়ার জন্য এই জঙ্গল ঘেরা গ্রামে গিয়ে দূরের কাঞ্চনজঙ্ঘা বা হিমালয়ের সৌন্দর্য এবং তার সঙ্গে জঙ্গলে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরার অনুভূতি অর্জন করতে চান তাহলে গোঁসাইহাট ফরেস্ট বস্তি একমাত্র তাদের গমন এলাকা। অবশ্যই এখানে যারা আসবেন তাদের রাভা সমাজে অর্থ দেওয়া ছাড়াও তাঁর অধীত কোন জ্ঞান সমাজের সঙ্গে অংশিদারি করে নিতে হবে। এই ঘোরা শুধু দিন কাটানো ভ্রমণ নয়, এটি দায়িত্বপূর্ণ ভ্রমণের অঙ্গ করে গড়ে তুলতে চাইছে রাভা সমাজ। কিন্তু এই ভ্রমণ উদ্যমটি কোন লাভজনক ব্যবসা কর্মরূপে বিবেচিত হবে না – তাহলেই সাধারণ ভ্রমণকারীদের উতপাত বাড়বে – যাদের উৎসাহ রয়েছে নির্জনতা উপভোগ আর মানুষের পাশে দাঁড়ানোর শুধু তাদের জন্যই এই ভাবনা এবং পরিকল্পনা রূপায়ন।
কলাবতী মুদ্রা এবং সংঘের পক্ষ থেকে বন্ধুদের কাছে আরো একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রস্তাব – সৌমিকদা অসাধারণ দক্ষতায় জড়ো করেছেন দেশের তুলোর বীজ – বড় পুঁজির বিরুদ্ধে লড়াইএর দুরন্ত হাতিয়ার – তিনি জোগাড় করেছেন দেশি রঙ্গীন তুলোর বীজ – ছাই আর গৈরিক। কিন্তু নীল আর অন্য রঙ্গের বীজ যা পাওয়া যেত বাংলায় তা আর পাওয়া যায় না – শোনা গিয়েছে তা বলিভিয়া দেশে পাওয়া যায়। যদি কোন সহৃদয় ব্যক্তির সেই দেশে কোন যোগাযোগ থেকে থাকে তিনি যেন বলিভিয়ার রঙ্গিন তুলোর বীজ এদেশে আনতে চেষ্টা করেন। তাতে আমার চাষী, আমাদের বস্ত্র উতপাদন ব্যবস্থা জোরদার হবে। 
আমরা সক্কলে এই ধ্বংস হয়ে যাওয়া ঐতিহ্য এবং উতপাদন ব্যবস্থা গড়ে তুলতে এই অদম্য, অসম সাহসী, দক্ষতা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়াই। এই কাজে যৌথভাবে রাভা, মেচ সমাজ, কলাবতী মুদ্রা, বঙ্গীয় পারম্পরিক সংঘ বন্ধুদের সাহায্য চাইছি – সম্পদ সংগ্রহ এবং বুনন আর সামাজিক ভ্রমন কর্মসূচী রূপায়নে।
শহুরে আর জঙ্গলের মানুষদের প্রজ্ঞা, জ্ঞান এবং যৌথ দক্ষতায় নতুন বাংলা নতুনতমভাবে সেজে উঠবে নতুন করে নতুন সময়ে।
রাভা সমাজের পক্ষে  সিতিন রাভা ও গনাত রাভা
মেচ সমাজের পক্ষে রাজীব ঠাকুর ও মধুসূদন ঈশ্বরারী
বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের পক্ষে মধুমঙ্গল মালাকার
জয় বাংলা!
জয় পরম্পরার জ্ঞানের, প্রজ্ঞার, দক্ষতার!!

Tuesday, October 25, 2016

বাঙলার ধ্বংস হয়ে যাওয়া গ্রামীন পরিকাঠামো বিকাশ উদ্যম১



রাভা বয়ন কর্মশালা
১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর,
খট্টিমারি গোঁসাইহাট বনবস্তি, ধুপগুড়ি, জলপাইগুড়ি
জলপাইগুড়ির ধুপগুড়ির কাছে গয়েরকাটা জঙ্গলের বাইরের গ্রামে বসবাস করা খট্টিমারির গোঁসাইহাট বনবস্তিতে রাভা সমাজের প্রায় ভুলে যাওয়া বয়ন শিল্পের দক্ষতাকে নতুন করে শান দিতে ওয়াটাগের সদস্য সংগঠন কলাবতী মুদ্রা এবং ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণের যৌথ উদ্যোগে, ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০১৬ আয়োজন করা হল একটি কর্মশালা। এই উদ্যোগে গোঁসাইহাট বনবস্তির রাভা সমাজের প্রায় ৩০ জন বয়নদক্ষ মহিলা অংশগ্রহণ করেন।
রাভা সমাজ আজও পুরোপুরি প্রায় জঙ্গলের উতপাদনের ওপর নির্ভরশীল। বিশেষ করে তাদের প্রধান খাদ্য কচু, তারা যাকে সুজি নামে ডেকে থাকেন, তা তারা এই জঙ্গল থেকেই পান – তাদের একটি অসাধারণ পদ কচু দিয়ে ডাল – সুজি ডাল অসামান্য। এছাড়াও মাছ, জঙ্গলের ছাতু এবং বেত গাছের একাংশ তারা তাদের খাদ্যরূপে ব্যবহার করেন- আজও অধিকাংশ মানুষ কাঠের তৈরি দোতলা বাড়িতে থাকেন। এছাড়াও রাভা সমাজ দক্ষিণপূর্ব এশিয়ায় অন্যতম সুখাদ্য স্টিকি রাইস বা মণ্ড ভাত খান। এই ভাতটি খেতে অসাধারণ – অসাধারণ পুষ্টিকরও। কম্বোডিয়া, হংকং, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ডএ বিভিন্ন দামি হোটেলে সুন্দর করে সাজিয়ে স্টিকি রাইস – বা মণ্ড ভাত খেতে দেওয়া হয় সক্কাল বেলায় প্রাতঃরাশ হিসেবে। এই রাভা সমাজ আজও এই ভাত খান নিজেরা চাল চাষ করে – সকালে এই ভাত খেয়ে তারা কাজ করতে চলে যান জঙ্গলে বা নিজেদের জমিতে। এছাড়াও পাহাড়ী জঙ্গল থেকে বেরোনো নোনাই নদী বা সুল্টুং সহ অন্যান্য ছোট ছোট ঝোরার ছোট ছোট মাছ, কাঁকড়া আর চিংড়ির অসাধারণ সব পদ তৈরি করেন এই মানুষেরা – যার স্বাদ অনাস্বাদিত অন্তত শহরের মানুষের কাছে। এখনো এই গ্রামে রান্নার জন্য গ্যাস পৌঁছয়নি। রান্না হয় জঙ্গলের কাঠে। রান্নার স্বাদই অসাধারণ আজও। বিশেষ করে যারা তেল মশলা একটু কম ভাল বাসেন তাদের কাছে বেত গাছের আগা পোড়া পেঁয়াজ, জঙ্গলের রসুন দিয়ে মাখা অথবা কাঁকড়ার সাধারণ তেল দিয়েই চাটনি বা ছোট মাছের রান্না করা সাধারণ পদ অসাধারণ স্বাদ অনুভব করতে সাহায্য করে। এই পনের দিনে তারা তাদের পরম্পরার খাদ্য রান্না করে বাইরে থেকে যাওয়া অতিথিদের এবং স্থানীয় অংশগ্রহণকারী দক্ষ কারিগরদের জন্য দৈন্দিনভাবে রান্না করেছেন।
রাভাদের যে আশিটা গোষ্ঠী রয়েছে পূর্ব ভারত জুড়ে, তারা প্রত্যেকে কাপড়ে নিজস্ব গোষ্ঠীর নিজস্ব ধরণের নকশা তৈরি করে পরতেন – আজও পরেন – যা দিয়ে তারা পরস্পরকে চিনতে পারেন তারা কোন গোষ্ঠীর মানুষ। গোঁসাইহাট বনবস্তির রাভাদেরও দীর্ঘ দিনের বয়ন বিদ্যার চর্চা ছিল। কিন্তু বিগত দুই তিন দশকে তারা তাদের ঐতিহ্যসম্পন্ন বয়ন বিদ্যার চর্চা হাতে কলমে করছিলেন না। অর্থাৎ নিজেরা আর নিজেদের পরার কাপড় নিজেরা বুনছিলেন না। তারা বাইরের বাজার থেকে পরিধেয় বিগত প্রায় তিন দশক ধরে কিনছেন। অথচ বহু কাল ধরে এই সমাজ তুলো চাষ থেকে শুরু করে কাপড়ে রঙ করা থেকে শুরু করে ঠকঠকি বা তাঁতপোই(কোমরে বাঁধা তাঁতে) তাঁতে কাপড় তৈরি করতে মাহির ছিলেন।
যেহেতু দীর্ঘদিন ধরে ওয়াটাগের সদস্য সংগঠন, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা রাভা সমাজের সঙ্গে জড়িয়ে রয়েছে, রাভা সমাজের বহু মানুষ তাদের সদস্য ফলে তারা রাভা সমাজের মাথাদের কাছে নিবেদন করছিল যাতে তারা তাদের নিজেদের বস্ত্র নিজেরা বুনে নিতে পারে এমন এক ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া। বোনা আর পরার পরে যদি কিছু কাপড় উদ্বৃত্ত হয় তাহলে সংঘ সেই কাপড় তাদের নিজেদের বিক্রয় কেন্দ্র পরম মাটি বা খোলা বাজারে বিক্রি করে দেওয়ায় সাহায্য করবে – কিন্তু প্রাথমিক কাজ হবে রাভা সমাজের নিজেদের হারিয়ে যাওয়া বয়ন ব্যবস্থা উদ্ধার করা – কাপড় বুনে নিজেরা পরা – তার পরে বাণিজ্য। রাভা সমাজের মোড়ল গনাত রাভা এবং তার শিষ্যা সিতিন রাভা সংঘের এই আবেদনে সাড়া দেন। ঠিক সেই সময়েই ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণের পূর্বাঞ্চলীয় দপ্তরের অবরনির্দেশক কাকলী চক্রবর্তী মহাশয়া কালতালীয়ভাবে যৌথভাবে এই ধরণের একটি কর্মশালা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন – যেখানে তাঁরাই সমস্ত খরচ করবেন নিজেদের হাতে। এই তিন পক্ষর সঙ্গে কথা বলে ঠিক হয় দুর্গা পুজো শেষ এবং কালী পুজো শুরুর মাঝামাঝি সময়েই এই ১৫ দিনের কর্মশালাটি আয়োজন করা হবে।
একটি উদ্বোধনী অনুষ্ঠনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনে ছিলেন অবরনির্দেশক স্বয়ং, স্থানীয় বিধায়ক, জেলার জেলাপরিষদের সভাধিপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান।
সেই দিন দুপুরে খাওয়াদাওয়ার পর থেকেই বয়ন দক্ষতায় শান দেওয়ার কাজ শুরু হয়ে যায়। সমাজের মধ্যে থেকেই দক্ষ মহিলা বয়নবিদেরা এক সঙ্গে জড়ো হয়ে এই কাজে হাত লাগান – হয়ত তারা দুতিন দশক তাঁতে হাতই দেন নি – কিন্তু কয়েক হাজার বছরের দক্ষতা তো কয়েক দশকে উপে যেতে পারেনা। তারা অনায়াস দক্ষতায় দুটো গোটা তাঁত তৈরি থেকে বয়নের কাজ শুরু করেদেন কর্মশালার মধ্যেই – সেই তাঁত খাড়া হতে লাগে মাত্র দুদিন – অবিশ্বাস্য – নাদেখলে বিশ্বাসই করতাম না – কি দক্ষতা আজও রয়েছে এই মহিলাদের মধ্যে। তার সঙ্গে চলে দু রকম তাঁতে কাপড় বোনার দক্ষতার শান দেওয়া। সমাজের প্রবীনা এবং দক্ষ কারিগরেরা নবীনদের এই কাজে হাতে তাঁতে শেখানোর দায়িত্ব নিয়েছিলেন এই পনের দিন ধরে।
এ ছাড়াও অবাক হয়ে দেখা গেল এই সমাজে প্রায় প্রত্যেক বিবাহিতা নারীই তকলি আর চরকায় সুতো কাটতে অসাধারণ দক্ষ। ফলে সংঘ বাঁকুড়া বর্ধমান বা নদীয়ায় রাজ্য কৃষি দপ্তরের তুলো চাষের উতপাসন কেনার প্রতিশ্রুতি দিয়েছে, সেই তুলো এই সমাজের দক্ষ কাটুনিদের দিয়ে কাটানো যাবে। আরও তথ্য পাওয়া গেল যে অন্তত কুড়ি বছর আগে এই সমাজে কাপাস তুলোর চাষ হত – সেটাও বন্ধ হয়ে গিয়েছে নানান কারণে। চাষের প্রস্তাব দেওয়ায় তারা নতুন করে কাপাস তুলোর চাষ করার কাজে সম্মতি প্রদান করেছেন। বিশেষ করে এগিয়ে এসেছেন সিতিন রাভা। তিনি বলছেন যেহেতু তারা হাতির উপদ্রবে বছরে মাত্র একবার ধান/ফসল চাষ করতে পারেন, তাই একবার ধান চাষ করার পরই তাদের জমি সারাবছর ফাঁকা থেকে যায়। সংঘ যদি তাদের তুলো চাষে সাহায্য করে তাহলে সে বিষয়ে তাদের কাজ করতে অসুবিধে নেই। তিনি নিজের পাঁচ বিঘে জমি এই কাজে লাগাতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
সঙ্গে উপরি পাওনা ছিল রাভা মুখোশের নতুন জন্ম। রাভা সমাজের মুখোশ নৃত্য বহু পুরোনো কৃষ্টি। কলাবতী মুদ্রা এবং বঙ্গীয় পারম্পরিক কারু বস্ত্র শিল্পী সঙ্ঘ যৌথভাবে বহু কাল ধরে তাঁদের নিবেদন জানিয়ে আসছিলেন তাঁরা যদি এই মুখোশের কাজটি নতুন করে চালু করেন – সংঘের এক সদস্য বিশ্বেন্দু নন্দ এই মুখোশটি ২০০৭ সালে সংগ্রহ করেছিলেন। কিন্তু যে মানুষটি এই কাজ করতেন তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান হয়ে যাওয়ায় সেই কাজ বন্ধ করে দেন। তো এই বস্ত্র বয়নের দক্ষতা শান দেওয়ার অনুষ্ঠানে তিনি নতুন করে উদ্বুদ্ধ হন। আবার তাদের দৈনন্দিন জীবনের বাঁশের নানান ব্যবহার্য দ্রব্য আর তার সঙ্গে মুখোশ তৈরি করা শুরু করলেন এই অনুষ্ঠানে।

Thursday, November 4, 2010

জলপাইগুড়ির রাভা সমাজের মহিলাদের নৃত্য

জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার বনাঞ্চলের আধিবাসী রাভা সমাজ। এই সমাজে মাতৃতান্ত্রিক রীতিনীতি বহুদিন ধরেই প্রচলিত ছিল বলে রাভা সমাজে মেয়েদের ভূমিকী শুধু ঘরকন্নার কাজে আটকে ছিলনা – চাষবাস, সমাজশাসন, এলাকার এবং সমাজের সুরক্ষায়ও মেয়েদের ভূমিকা ছিল সক্রিয়(যদিও অনেকে জানেন তবুও বলি, একসময় বাংলায় তন্ত্রসভ্যতার রমরমা থাকায় বাংলার সমাজের বিভিন্ন কাজে মেয়েদের ভূমিকা সেদিন পর্যন্ত ছিল অতীব কর্মদ্যোমের – নদিয়ার সীমান্ত এলাকায় অন্ততঃ ১৫ বছর আগে শুনেছিলাম, যে পরিবারের মেয়ে বুনতে জানেন না বা (ধান)রুইতে জানেন না সে মেয়ের বিয়ে হওয়া মুশকিল ছিল। পাঠকেরা এর থেকে কোনো সূত্র উদ্ধার করতে পারলেন কী)। শত্রুর বিরুদ্ধে রাভা রমণীদের ভূমিকা ইতিহাসে লেখা থাকেব। আজ মতুন রাজনৈতিক ব্যবস্থায় সেই রণসজ্জার অভ্যাস রূপান্তরিত হয়েছে যুদ্ধনৃত্যে। হাণ্ডাবারু রাভা সমাজের এক আকর্ষণীয় যুদ্ধ নৃত্য। আজকের রাভা মহিলারা আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক যুদ্ধভঙ্গিমা নৃত্যকলার মাধ্যমে প্রকাশ করে থাকেন। সমাজেই তৈরি বিশলকায় তালযন্ত্র হেম গলায় জড়িয়ে দুইহাত যতদূর সম্ভব প্রসারিত করে শ্রীখোলেরমতকরে বাজানোহয়। এর সঙ্গে থাকে ছড়িটানা বাদ্যযন্ত্র বাক্্গডিং, সুষির জাতীয় বাদ্য বাবংশী আর বা-ডাংসী, আর ঘণবাদ্য চিলিংগী আর মুর্শৃংএর মত ট্যাংট্যাং। যন্ত্রীরা সবাই পুরুষ। কৃষিনৃত্য হাঙ্গাই শানিতে মেয়েরা কাঠা দিয়ে শাড়ি আর ফতুয়া পরেন – মাথায় দেন পাগড়ি। কোদাল, কাস্তে আর ঝুড়ি নিয়ে চলে চাষ প্রক্রিয়ার নাচ – যার বিষয়বস্তু চাষের বীজবোনা, চারাফেলা ইত্যাদি নানান প্রক্রিয়া। সাধারণতঃ ভাদ্রমাসে রোয়ার শুরুরদিনই মাঠে এই নাচ হয়।