Showing posts with label শিখ. Show all posts
Showing posts with label শিখ. Show all posts

Monday, August 20, 2018

সমস্যা হল ভদ্রবাঙ্গালি সব কিছুতেই শুধু নিজেদেরই দোষ খোঁজে

আর সকল ভারতীয় ভদ্র যেন ধোয়া তুলসি পাতা তারা দ্বিধাবিভক্ত নয়, তারা যেন সাম্রাজ্যের কাছে আত্মসমর্পন করে নি ইত্যাদি ইত্যাদি। একমাত্র বাঙালি ভদ্ররা বহুকাল ধরে দ্বিধাবিভক্ত এবং সাম্রাজ্যের আয়ে আত্মসমর্পন করেছিল বলেই নাকি তার দুর্দশা।
সোজা কথা সোজাভাবে বলা দরকার। ভারতীয় সমাজ ঐতিহাসিকভাবে বহুধাবিভক্ত। কোন সমাজে বিভাগ ছিল না? হিন্দু মুসলমানে বিভক্ত কি শুধু বাংলা হয়েছে? সাম্রাজ্যের পায়ে শুধু কি ভদ্র বাঙ্গালিই মাথা দিয়েছে? বিভক্ত হয়ে শুধু আত্মসমর্পন বাঙ্গালিই করেছে? এখানে আমরা যুদ্ধ জাতি পাঞ্জাবিদের নিয়ে একটু আলোচনা করব।
শিখ আর গুর্খা, দুই যুদ্ধ সমাজের মধ্যে পাঞ্জাবিরা কি অনেকভাগে বিভক্ত নয়? উভয়েই কি সাম্রাজ্যের পায়ে আত্মসমর্পন করে নি? ভারতে ব্রিটিশ সেনার মধ্যে শিখ আর গোর্খা এই দুই সমাজ আজও সংখ্যাগরিষ্ঠ। মাত্র কয়েক বছর আগে ব্রিটিশ-শিখ যুদ্ধে হারা শিখেরা সাম্রাজ্য নীতিতে ব্রিটিশ সেনা বাহিনীতে ঢুকতে শুরু করে। ১৮৫৭র পরে সেনা বাহিনীতে শিখেরা হল সংখ্যাগরিষ্ঠ। তখনও শিখেদের আম-জনতার পাগড়ি চিহ্ন নেই। এটা তার পরে এসেছে। পাগড়ি চিহ্ন তাদের সাম্রাজ্যের কাছে আত্মসমরপণের চিহ্ন।
১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিংহ নির্দেশিত পঞ্চ ক - আকাটা চুল (কেশ) , চুলে চিরুনি (কাঙ্গা), হাঁটু পর্যন্ত জামা (কাচ্ছা), ডান হাতে ইস্পাতের বালা (কাড়া) এবং তরোয়াল (কৃপাণ) নীতিতে পাগড়ি কোথায়? তাদের পাগড়ি পরানো শুরু করিয়েছে সাম্রাজ্য সেনাবাহিনীতে তাদের আলাদা করা উদ্দেশ্যে সিপাহি যুদ্ধের পর।
উপমহাদেশে যত বিদ্রোহ এই দুই রেজিমেন্ট দিয়ে ধ্বংস করা হয়েছে। গোটা শিখ সমাজ ইংরেজ অনুগামী হয়ে উঠল, বিপুল অংশ লন্ডনে বাস করতে শুরু করে। শার্লক হোমস বা অন্যান্য ঔপনিবেশিক লেখাপত্রে ভারতীয় বুঝতে পাগড়ি পরা শিখেদেরই ইওরোপিয় মানুষ বুঝত। কেন? ব্রিটিশদের সহায়তায় বহু শিখ বিদেশে পুনর্বাসিত হয়।
বার্নাড কোহন সাম্রাজ্যের মন ও মান বইতে বলছেন ব্রিটিশ-শিখ যুদ্ধে সাম্রাজ্য জেতার এক বছরের মধ্যে ব্রিটিশ শাসকেরা শিখদের সেনা বাহিনীতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয়। যে সব যোদ্ধা আমলা শিখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা বলল কেশধারী শিখদের রেজিমেন্ট বানানো দরকার, খালসা শিখ যারা মাথার চুল ছোট করে না, তাদেরই একমাত্র বাহিনীতে নিতে হবে – কারণ তারা সহি শিখ। যে সব শিখকে, শিখদের মত দেখতে – যারা আদিম চেহারার, চুল দাড়ি কাটে না, তারাই সেনাবাহিনীর চাকরিতে যোগ্য বলে বিবেচিত হল। শিখদের ক্ষেত্রে সরকারি নীতি হল তাদের জাতিবাদিতার ওপর সরকার হস্তক্ষেপ করবে না... তাদের ধর্মীয় এবং সামাজিক চরিত্র বজায় রাখার চেষ্টা হবে।
১৮৫০ সালে শিখ রেজিমেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিপাহী যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর বিপুল অংশ বিদ্রোহ করলেও, শিখেরা মহা উৎসাহে তাদের শত্রু মুঘল সেনার বিরুদ্ধে যুদ্ধ করে হারিয়ে দেয় গাঙ্গেয় উপত্যকা জুড়ে। ১৮৬০ সালের পরের দিকে ব্রিটিশেরা প্রাথমিকভাবে পাঞ্জাবী, বিশেষ করে শিখ বাহিনীর ওপর খুব বেশি ভরসা করতে থাকে। ১৯১১ সালে ভারতের জনসংখ্যার ৮ শতাংশ হওয়া সত্ত্বেও পাঞ্জাবের অর্ধেক জনসংখ্যা ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত হয়। শিখেরা ভারতের জনসংখ্যার ১ শতাংশ হলেও, সেনাবাহিনীর ২০ শতাংশ সেনা ছিল শিখ।
--
এখানে ছোটলোকেদের আদতে যারা দেশের কারিগর চাষী শ্রমিক, তাদের সম্বন্ধে কিছু বলা দরকার। ব্রিটিশদের পায়ে আত্মসমর্পনকারী শিক্ষিত বাঙ্গালিদের ভয়ে বাঙালি রেজিমেন্ট ভেঙ্গে দেওয়া হয় এটা কারণ নয় - ভদ্ররা কিন্তু সিপাহি হ্যাঙ্গামে ব্রিটিশদের সহায়তাই করেছিল - বিদ্যাসাগরের ব্যারাক বনাতে বিদ্যালয় ছেড়ে দেওয়ার কথা মাথায় রাখুন - প্যারীচাঁদ মিত্তিরের ভাই কিশোরীচাঁদ মিত্তের বই লেখার কথা মাথায় রাখুন।
বাঙালি সেনা বাহিনী ভেঙ্গে দেওয়া হয় সিপাহি যুদ্ধের পরে। লড়াই দিয়েছিল আদতে পলাশীর অর থেকে ছোটলোকেরা ফকির সন্ন্যাসী স্বাধীনতা যুদ্ধ শুরুর মাধ্যমে - গোটা বাংলায় ব্রিটিশ বিরোধী লড়াই চলে সিপাহি যুদ্ধের পরে পর্যন্ত। সেই ছোটলোকেদের ভয়েই বাংলা সেনা ভেঙ্গে দেওয়া হয়। ছোটলোকেরা লড়াই চালিয়ে যায় - এবং সেই প্রতিক্রিয়ায় লড়াইএর ময়দান পরিবর্তন করতে উপমহাদেশিয় ভদ্রলোকেদের দিয়ে কংগ্রেস তৈরি করেন হিউম - যে মানুষটার দায়িত্ব ছিল ভারত জুড়ে নুনের বেড়া তৈরির।

Sunday, April 29, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৭৮ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

পরিচিতির চিহ্ন হিসেবে পাগড়ি
শিখ যুদ্ধে জেতার এক বছরের মধ্যে ব্রিটিশ শাসকেরা শিখদের সেনা বাহিনীতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয়। যে সব যোদ্ধা আমলা শিখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা বলল কেশধারী শিখদের রেজিমেন্ট বানানো দরকার, খালসা শিখ যারা মাথার চুল ছোট করে না, তাদেরই একমাত্র বাহিনীতে নিতে হবে – কারণ তারা সহি শিখ। যে সব শিখকে, শিখদের মত দেখতে – যারা আদিম চেহারার, চুল দাড়ি কাটে না, তারাই সেনাবাহিনীর চাকরিতে যোগ্য বলে বিবেচিত হবে। শিখদের ক্ষেত্রে সরকারি নীতি হল তাদের জাতিবাদিতার ওপর সরকার হস্তক্ষেপ করবে না... তাদের ধর্মীয় এবং সামাজিক চরিত্র বজায় রাখার চেষ্টা হবে।
১৮৫০ সালে শিখ রেজিমেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিপাহী যুদ্ধে ব্রিটিশদের সেনাবাহিনীর বিপুল অংশ বিদ্রোহ করলেও, শিখেরা মহা উৎসাহে তাদের শত্রু মুঘল সেনার বিরুদ্ধে যুদ্ধ করে হারিয়ে দেয় গাঙ্গেয় উপত্যকা জুড়ে।
১৮৬০ সালের পরের দিকে ব্রিটিশেরা প্রাথমিকভাবে পাঞ্জাবী, বিশেষ করে শিখ বাহিনীর ওপর খুব বেশি ভরসা করতে থাকে। ১৯১১ সালে ভারতের জনসংখ্যার ৮ শতাংশ হওয়া সত্ত্বেও পাঞ্জাবের অর্ধেক জনসংখ্যা ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত হয়। শিখেরা ভারতের জনসংখ্যার ১ শতাংশ হলেও, সেনাবাহিনীর ২০ শতাংশ সেনা ছিল শিখ।
উনবিংশ শতকের শেষের দিকে শিখেদের পাগড়ি অন্যান্য সমাজের যেমন পাঞ্জাবি মুসলমান বা হিন্দু ডোগরাদের পাগড়ির থেকে আলাদাভাবে সেজে উঠল। এবং পাগড়ি ব্রিটিশ সেনার শিখ রেজিমেন্টের অন্যতম চিহ্ন হয়ে উঠল। শক্তকরে কাপড় দিয়ে গোটা মাথা আর কান ঢাকা পাগড়ি পরা শিখদেরই ব্রিটিশেরা তাদের ঔপনিবেশিক সেনাবাহিনীতে নিযুক্ত করতে শুরু করে। শক্তকরে মাথায় বাঁধা পাগড়ি এবং সুন্দর করে ছাঁটা দাড়িওয়ালা শিখেরা ১৯৪৭ পর্যন্ত সেনাবাহিনীর অন্যতম চেহারা হয়ে ওঠে; এদের অবাধে নেওয়া হতে থাকে এবং প্রশিক্ষণ দেওয়া হতে থাকে – তাদের বন্যতা নিয়ন্ত্রিত হত পাগড়িদ্বারা; তাদের অমিত ভয়হীনতাকে শ্বাপদের মত সাহসিকতাপূর্ণ করে তোলা অবিচলিত ভবলেশহীন বৃষদের মত অনুগত থাকার ইচ্ছাশক্তিকে পরিণত করা হল আদেশ দেওয়া ব্রিটিশ আমলা যোদ্ধাদের প্রশ্নহীনভাবে মান্য করতে।  
প্রথম বিশ্বযুদ্ধে, ব্রিটিশেরা তাদের বাহিনীর নানান ঔপনিবেশিক সমাজ থেকে তৈরি হওয়া দলের পরিধেয় পাগড়িকে প্রতিস্থাপিত করে ইস্পাতের হেলমেট দিয়ে, কিন্তু ততদিনে পাগড়ি শিখেদের ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে জুড়ে গিয়েছে, এবং তখন যদি কেউ বলত তাদের ধর্মীয় নিদানে পাগড়ির কোন স্থান নেই, তাহলে সেই যুক্তি ততক্ষণাত বাতিল হয়ে যেত।

ফলে আজকে যে পাগড়িকে শিখদের ধর্মের সঙ্গে অঙ্গীভূত করে দেখার কথা হচ্ছে, সেই চিহ্নটা তৈরি হয়েছিল ঔপনিবেশিক প্রভুদের স্বার্থ রক্ষায়। ঠিক যেভাবে তারা ভারতের নানান গোষ্ঠীকে উপনিবেশ রক্ষার স্বার্থে গড়ে পিটে নিয়েছিল, শিখেরাও ব্রিটিশদের একটা নির্দিষ্ট ভূমিকা পালন করে গিয়েছে মন দিয়েই। শিখদের কাছে ব্রিটিশদের চাহিদা ছিল মন দিয়ে সেনার ভূমিকা পালন করা এবং উপনিবেশ, শিখ ধর্মকে যোদ্ধাদের ধর্ম হিসেবে লালল পালন করে গিয়েছে। অষ্টাদশ শতকের ইওরোপিয় সেনাবাহিনীতে এক পোষাক চালু হল যেখানে একই পদের, একই এককের সেনারা প্রত্যেকে একই রকমভাবে দেখতে হবে, যার মাধ্যমে তারা শৃঙ্খলা এবং বশ্যতা স্বীকার করে একই কমাণ্ডের আদেশ পালন করবে। নির্দিষ্ট ধরণের পাগড়ি যেটা পরবে শুধুই শিখেরা, যে রেজিমেন্ট হবে শুধুই শিখেদের নিয়েই, সেই পাগড়িই শিখেদের পরিধেয়র অন্যতম অংশ হয়ে উঠল, যে চিহ্ন ব্রিটিশেরা তৈরি করল শিখেদের থেকে অসীম আনুগত্য ও বশ্যতা স্বীকার করে নেওয়ার জন্যে।

উপনিবেশ বিরোধী চর্চা৭৭ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

পরিচিতির চিহ্ন হিসেবে পাগড়ি
শিখেদের ব্যবহৃত প্রতীকগুলির আলোচনায় কোথাও কিন্তু পাগড়ির চিহ্ন দেখা গেল না। যে সব জ্ঞানী, বিদ্বান শিখ সম্প্রদায়ের উদ্ভব এবং বিকাশ নিয়ে লিখেছেন, তাঁরা কিন্তু পাগড়ির বিকাশ এবং পন্থে অন্যান্যগুলি এড়িয়ে কিভাবে শুধু পাগড়িই শিখ চরিত্রের অন্যতম চিহ্ন হয়ে উঠল, সে বিষয়ে আশ্চর্যজনকভাবে চুপ থেকেছেন। গুরুগ্রন্থসাহিবের অনুবাদক এবং আলোচক এম এ ম্যাকাউলিফার টিকাতে লিখছেন, যদিও গুরু বলছেন, তার শিষ্যরা যে সব দেশে যাবেন, সেই সব দেশের পোষাক পরলেও তারা কিন্তু টুপি না পরে পাগড়ি পরিধান করবেন যাতে তাদের দীর্ঘ চুল ঠিকঠাকভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা যায়। ডবলিউ এইচ ম্যাকলয়েড বলছেন, অষ্টাদশ শতক পরবর্তী সময়ের খালসার চিহ্ন হিসেবে যুক্ত হয়েছে পাগড়ি – এবং উনবিনশ এবং বিংশ শতকে শিখেদের আত্মপরিচিতি পাওয়ার অতিরিক্ত উৎসাহ এবং সেই পরিচিতির চিহ্ন হিসেবে পাগড়ি ধারণের ধারণাটি প্রবল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে।
উনবিংশ শতকজুড়ে ভারতীয় এবং ইওরোপিয় শিল্পীদের আঁকায় দুধরণের পাগড়ির ছবি দেখতে পাই। একটা সাধারণ কাপড় দিয়ে মাথার ওপর খোঁপাটাকে জড়িয়ে নিয়ে শক্ত করে গোটা মাথা বাঁধা। উনবিংশ শতকের প্রথম দিকে আরেক ধরণের পাগড়ি যেটা অনেকটা শাসনের সঙ্গে জুড়ে থাকা শিখেরা পরতেন। গোটামাথায় শক্ত করে কাপড় বাঁধা থাকত, আর সামনে কপালের ওপরে কাপড়ের সঙ্গে জুড়ে থাকত একটি জিঘা, পক্ষীর পালকের সঙ্গে আঁটা একটি রত্ন। আর থাকত সোনা আর রূপোর সঙ্গে আটকানো একের বেশি রত্ন, যার নাম সারপঁচ। এই রত্নখচিত মুকুট বা পাগড়ি পরা ভারতে জনপ্রিয় করে শাসক মুঘলেরা।
অষ্টাদশ শতকে মুঘলদের রাজনৈতিক এবং সামরিক শক্তি ধ্বংস হতে থাকে। পাঞ্জাবে বঃহিশক্তি আক্রমণ করে  এবং আস্তে আস্তে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখ রাজনীতি নতুন করে সংহত হতে থাকে এবং একটি শিখ রাষ্ট্র গড়ে ওঠে। ১৮৩৯ সালে রঞ্জিত সিংহের মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার ঝাঁপিয়ে পড়ে শিখদের ওপর, শেষ পর্যন্ত প্রাক্তন শিখ রাষ্ট্র ব্রিটিশ সাম্রাজ্যে ১৮৪৯ সালে বিলীন হয়ে যায়।

শিখ রাষ্ট্র শতচ্ছিন্ন হয়ে ব্রিটিশদের কাছে তারা হেরে গেলেও, শিখ সেনা বাহিনী আটুট থেকে যায়। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিখদের অন্যভাবে দেখতে শুরু করে। বিশেষ করে যে সব ব্রিটিশ শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা শিখদের যুদ্ধ করার ক্ষমতার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে পড়ে। অন্যান্য সমাজকে জয় করে ব্রিটিশরা অকর্মণ্য, কুসংস্কারী এবং অকেজো, মেয়েলি দেগে দিলেও শিখদের কিন্তু তারা শৌর্যের শিরোপা দিল। ঔপনিবেশিক সেনাদের জন্যে লেখা তথ্যগ্রন্থে ক্যাপটেন আর ডব্লিউ ফ্যালকন লিখলেন এই ধর্মে মূর্তিপুজা, ভণ্ডামি, জাতিবাদিতা, মহিলাদের পুড়িয়ে মারা বা শিশুহত্যার মত জঘন্য কাজ হয় না... শিখেরা যুদ্ধ জাতি, তারা খেলোয়াড়, বুদ্ধিতে একটু খাটো কিন্তু সাহসী, ঋজু এবং সত্যবাদী। এককথায় দক্ষিণ এশিয়ায় নেপালি, গুর্খা বা উত্তরপশ্চিমের সীমান্তের পাঠানদের মত শিখেরা ব্রিটিশদের হারিয়ে দেওয়ার মুখে চলে এসেছিল এবং পরবর্তীকালে এরাই ব্রিটিশ সেনার মূল স্তম্ভ হল।

উপনিবেশ বিরোধী চর্চা৭৬ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

পরিচিতির চিহ্ন হিসেবে পাগড়ি
শিখবাদ হিন্দু ও মুসলমানেদের মধ্যে পঞ্চদশ শতকে উত্তর ভারতে দুই সম্প্রদায়ের মিলনের একটা যৌথ আন্দলনের ফসল। এই পন্থের গুরু, গুরু নানক(আদতে জ্ঞানক>নানক – অনুবাদকার। সূত্র সুহৃদ ভৌমিক মশাই)এর বাণীগুলি লিখিত আকারে সঙ্ঘবদ্ধ হয় গুরু গ্রন্থ সাহিব নামে। এবং এই পন্থে উত্তরাধিকার সূত্রে গুরুদের পন্থ প্রচারকারী এবং আচার বহনকারী এবং ব্যাখ্যাকারী শিষ্য নির্বাচিত হতে থাকেন। ষোড়শ এবং সপ্তদশ শতক থেকে পাঞ্জাবে শিখদের ওপরে মুঘল শাসকেরা সামরিক বিপুল আক্রমন নামিয়ে আনে, কেননা পাঞ্জাব ছিল সামরিকভাবে মুঘলদের কাছে খুব গুরুত্বপূর্ন এলাকা – ভারতে বৈদেশিক আক্রমনের রাস্তার ওপরেই ছিল পাঞ্জাবের স্থান। ফলে শিখদের মধ্যে যুদ্ধ প্রবণতা এবং বিদ্রোহের জ্বালা তৈরি হতে থাকে। 
দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের যুদ্ধ প্রবণতা এবং বিদ্রোহের জ্বালাকে নির্দিষ্ট আকার দান করলেন সেই সব মানুষদের নিয়ে যারা নিজেদের একসঙ্গে শুদ্ধ একজাতি বা খালসায় থাকাকে জায়েজ মনে করত। এর বাইরে থেকে গেল বিপুল জনসংখ্যা যারা নানান ধরণের পন্থে বিশ্বাস করত। ১৬৯৯ সালে এক নাটকীয় ঘটনায় গুরু গোবিন্দ সিংহ পাঁচজনকে তার পন্থের ভিত্তিপ্রস্তর স্থাপনাকারী অনুসারী শিষ্য হিসেবে তৈরি করে নিলেন। এই পাঁচজনই গুরুর নির্দেশে, গুরুর হাতে নিজেদের মাথা কেটে ফেলার মত কঠোর সিদ্ধান্তে অচল রইলেন।
১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিংহ নববর্ষে বৈশাখীর দিন বিপুল শিষ্য সমাবেশ ঘটালেন। প্রত্যেক শিষ্য সেই জমায়েতে হাজির হল তাদের মাথার লম্বা চুল আর বিশাল আকাটা দাড়ি নিয়ে। মেলা উৎসব চললেও গুরু প্রকাশ্যে দেখা দিচ্ছিলেন না। হঠাত তিনি শিষ্যদের ডাক দিলেন গুরুর হাতে গুরুর প্রতি আত্মনিবেদনে মাথা বলিদান দেওয়ার জন্যে। একজন স্বেচ্ছাসেবক আর তার অনুগামীরা খোলা কৃপান হাতে গুরুর সঙ্গে গুরুর শিবিরে প্রবেশ করল। কোন কিছু শক্ত বস্তুর ওপরে তরোয়াল চালানোর শব্দ শোনা গেল, গুরু রক্তমাখা কৃপান হাতে তার শিবির থেকে বেরিয়ে এলেন। এই ভাবে পরপর আরও চারজনকে নিয়ে তিনি শিবিরে ঢুকলেন আর রক্তমাখা কৃপান হাতে বেরোলেন। পরে বোঝা গেল গুরু তার শিষ্যদের হত্যা করেন নি, তিনি পাঁচটা ছাগল হত্যা করেছেন নিভৃতে।
এই পাঁচজন নির্বাচিত হলেন খালসার মূল ধারণার ধারক বাহক হিসেবে। তাদের প্রত্যেককে নির্দিষ্ট আচারের মধ্যে দিয়ে যেতে হল, প্রত্যেকে একটি পাত্রে একসঙ্গে পানকরলেন নিজেদের মধ্যে সাম্যাবস্থা প্রদর্শিত করতে। এরপর তারা কিছু নিয়ম তৈরি করলেন, শিখেরা মাথা চুল আর দাড়ি কাটবে না, মদ আর তামাক পরিহার করবে, হালাল মাংস খাবে না, মুসলমান মহিলাদের সঙ্গে সঙ্গম করবে না। প্রত্যেকের উপাধি হবে সিংহ। আকাটা চুল(কেশ) রাখবে, তারা চুলে চিরুনি রাখবে(কাঙ্গা), হাঁটু পর্যন্ত জামা পরবে(কাচ্ছা), ডান হাতে ইস্পাতের বালা পরবে(কাড়া) এবং তরোয়াল(কৃপাণ) বহন করবে। 
জে পি ওবেরয় এই পাঁচটি আচার পালনের নির্দেশ খুব বিশদে বিশ্লেষণ করেছেন, তার সঙ্গে অব্যক্ত আরেকটা নির্দেশ সুন্নত না করাকেও বিশ্লেষণ করেছেন। এর মাধ্যমে শিখেরা হিন্দু আর মুসলমান সম্প্রদায় থেকে আলাদা হয়ে গেল। তিনি দুটি তিনটি তিনটি করে পরস্পর বিরোধী আচার বর্ণনা করলেন প্রথম তিনটি, আকাটা চুল, তরোয়াল এবং সুন্নত না করা লিঙ্গ অনৈতিক(এমরাল) শক্তি, বিপজ্জনকও বটে। আর অন্য তিনটে চিরুণি, বালা আর বিশেষ পরিধেয় নৈতিক এবং আত্মনিয়ন্ত্রণকারী শক্তি। এই দুয়ের মিলনে তিনি শক্তির স্ফূরণ তার তাকে নিয়ন্ত্রণের চরিত্র দেখলেন শিখদের মধ্যে।

উপনিবেশ বিরোধী চর্চা৭৫ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

১৯৫৯ সালের লন্ডন। জনৈক শিখ জি এস সাগর ম্যানচেস্টার ট্রান্সপোর্টে গাড়ির চালক হতে আবেদন করেন। তার আবেদন খারিজ হয়ে যায় কেন তিনি না তার সমাজের কৌম চিহ্ন পাগড়ির বদলে স্থানীয় প্রশাসনের দেওয়া প্রত্যেক বাহন কর্মচারীর নির্দিষ্ট পরিধেয়র অংশ টুপিটি পরতে অস্বীকার করেন। সাগরের যুক্তি ছিল এটি তার আবশ্যিক ধর্মীয় পরিচয় বাহক। তিনি বুঝতে পারছিলেন না, কেন হাজারো শিখ, পাগড়ি পরেই ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে কয়েকশ যুদ্ধে অংশ নিয়ে সাম্রাজ্যকে বিজয়ী করেছে, তাহলে তিনি কি দোষ করলেন। যান ব্যবস্থাপকদের বক্তব্য ছিল, চাকরির যায়গায় পরিধেয় পরতে যদি কোন ব্যতিক্রম ঘটে তাহলে সেই ব্যতিক্রমের ঠেলা তাদের সংগঠনকে কোথায় নিয়ে ফেলবে তারা বুঝতে পারছেন না। ফলে কোন ব্যতিক্রম ছাড়াই কর্মক্ষেত্রে যে পরিধেয় ঠিক হয়েছে, তাকে মান্য করতে হবে।
আমরা জানি কিভাবে চাকরিদাতারা, তাদের ইচ্ছে অনিচ্ছে নৈতিকতা জোর করে কর্মপ্রার্থীদের পরিধেয়, চেহারা এবং তাদের ধর্মীয় বিশ্বাস মেনে চলার ওপর চাপিয়ে দেয়। এই বিতর্কের সাত বছর আগে এই ধরণের পরিধেয় পরা নিয়ে আন্দোলন চলছিল, বিশেষ করে স্কচদের কিল্ট নিয়ে যা তাদের জাতীয় চরিত্র রূপে স্বীকৃত – জাতীয় পরিধেয়, সেটি আইনিভাবে কর্মচারীর পক্ষে পরার ব্যবস্থা করা যায়। শিখেদের যুক্তি হল পাগড়ি পরিহিত কোন শিখের চাকরি না পাওয়ার অর্থই হল ধর্মীয় বিভেদ সৃষ্টি করা। কর্মচারীদের সংগঠন এই বিবাদে কর্তাদের পক্ষেই দাঁড়ায় এই যুক্তিতে যে কোন ব্যক্তিগত কর্মচারী কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া নিয়মের বিরোধিতা করতে পারে না, যা আদতে কর্মচারী সঙ্গঠন-কর্তাদের মধ্যে দরকষাকষিকরে ঠিক হয়েছিল।
এই বিতর্ক আরেক স্তরে উঠে আসে যেখানে সাদাদের ঐতিহাসিকভাবে অসাদা চামড়ার মানুষ, অদ্ভুত ধর্মীয় আচার পালন করা মানুষ, অদ্ভুতভাবে জামাকাপড় পরা মানুষ, যাদের তারা শস্তার শ্রমিক হিসেবে দেখে তাদের দেশে বাস করার অধিকার দিয়েছে, তারা আদতে সস্তার কাজ করে সেদেশের সাদা সরল দক্ষ সৎ শ্রমিকদের মজুরির স্তর কমিয়ে দিচ্ছে। বাস্তব হল, সাদা ব্রিটিশ শ্রমকেরা পরিষ্কার, তুলনামূলকভাবে সহজ, অপরিশ্রমী এবং বেশি মাইনের কাজে উৎসাহী বলে শস্তার শ্রমিকদের প্রতি এইসব জাতিবাদী মন্তব্য করেছে। এছাড়াও কিছু মধ্যবিত্ত ব্রিটিশ নতুন কমনওয়েলথ থেকে আসা অভিবাসীদের তাদের ব্রিটিশ সমস্বত্ত্বতার কৃষ্টির ওপর আঘাত হিসেবে দেখলেন। ভারত, পাকিস্তানি, বাংলাদেশিদের পরা পাগড়ি, কালো চামড়া, শাড়ি এই আঘাতের চিহ্ন।
সংক্ষেপে বলতে গেলে, শিখের পাগড়ি বিতর্ককে আমাদের দেখতে হবে আড়াইশ বছর ধরে ভারতীয় আর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের মধ্যে চলতে থাকা আর্থিক রাজনৈতিক এবং কৃষ্টিগত উচ্ছেদের ইস্যু হিসেবে। এই বিতর্ককে বুঝতে আমাদের উনইবিংশ শতকে ব্রিটিশ আর ভারতীয়দের পরিধান বিষয়ে দৃষ্টি নিবদ্ধ এবং আলোচনা করতে হবে; আলোচনা করতে হবে কি করে সাদা শাসক আর কালো শাসিতের মধ্যে বাহ্যিক দূরত্ব তৈরি হল; ব্রিটিশ উপনিবেশে শাসক আর শাসিতের প্রতিনিধিত্বের পোষাক পরিচ্ছদের মধ্যে বিচ্যুতির যে সম্পর্ক তৈরি হল।

পরিচিতির চিহ্ন হিসেবে পাগড়ি
সাগরের পাগড়ি পরে কাজ করার অধিকার চাওয়ার মধ্যে ব্রিটেনে যে বিপুল বিতর্ক তৈরি হল সেটা আদতে বেশ কয়েক শতাব্দ ধরে এশিয়া আফ্রিকায় উপনিবেশ হারানো এবং বহু উপনিবেশে স্বাধীনতা চাওয়া প্রজাদের আর মুক্ত উপনিবেশের প্রজাদের প্রাক্তন শাসকদের সমান হয়ে দাঁড়ানোর দাবিতে প্রায় অসহায় সম্বলহীন হয়ে পড়া ব্রিটিশ প্রতিক্রিয়া। ব্রিটেনজুড়ে পরিধেয় বিষয়ে গোটা মধ্য এবং উচ্চশ্রেণীভুক্ত সামাজিক স্তরে বিপ্লব আসছিল। নিচের শ্রেণীর যুবারা, বড় এবং প্রবীনদের পরিধেয়র আঙ্গিকে প্রভাব ফেলছিল, প্রাচীন কালে যে সব পরিধেয় উচ্চমার্গের বলে চিহ্নিত হত সেগুলি নিয়ে ব্যঙ্গ, বাতিল করার মাধ্যমে এই নিম্নবিত্ত যুবারা নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল।

এই দীর্ঘ ব্রিটিশিয় প্রাক্তন শাসক আর প্রাক্তন শাসিতের মধ্যে পরিধেয় নিয়ে চলতে থাকা লড়াইতে শিখদের পাগড়ি আরেকটি বিদ্রোহী আঙ্গিক হিসেবে যোগ হল। অথচ মজার তথ্য হল শাসক ব্রিটিশেরাই উনবিংশ শতাব্দে শিখদের পাগড়িকে শিখ সমাজের পরিচয় চিহ্ন হিসেবে তৈরি করেছিলেন।