Showing posts with label অরূপশঙ্কর মৈত্র. Show all posts
Showing posts with label অরূপশঙ্কর মৈত্র. Show all posts

Thursday, September 6, 2018

বাংলায় বরাবর দুটি বিশ্ববিদ্যালয় ছিল! একটি ব্রাহ্মণ্য জ্ঞানের অপরটি বাংলা-জ্ঞানের -প্রথমটির দায়িত্বে ছিল পরশ্রমজীবী উচ্চবর্ণ সম্প্রদায়!

দ্বিতীয়টি শ্রমজীবী সাধারণ বাঙালি! প্রযুক্তি ছিল প্রাচীন তাই দুই বিশ্ববিদ্যালয়ে ছিল যোজন দুরত্ব! কেউ কাউকে তেমন প্রভাবিত করতে পারেনি! বৃটিশ এসে কিছুকাল রাজত্ব করেই বুঝল প্রথম দলকেই প্রশ্রয় দিতে হবে একটু মডার্নাইজ করে নিয়ে! এবং যাতে প্রযুক্তির উন্নতির (যেমন প্রিন্টিং প্রেস, যাতায়াত ইত্যাদি) সাহায্য নিয়ে দ্বিতীয় দল প্রথম দলের তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তার করতে না পারে তাই দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ধংস করে ফেলতে হবে! দুভাবে! মারাত্মক অপপ্রচার করে নিন্দা করে ছোট করে আর সমস্ত সুযোগ সুবিধে কেড়ে নিয়ে, প্রয়োজনে গায়ের জোরে! মডার্নাইজ করে প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল ব্রাহ্ম! সেই উচ্চবর্ণ পরশ্রমজীবীরাই সামাজিক সাংস্কৃতিক প্রশাসনিক ক্ষমতার বাগানে সেজেগুজে বসে পড়ল! দ্বিতীয় বিশ্ববিদ্যালয় 'হারিয়ে' গেল!
বি শ শতকে প্রথমটি আরও মডার্নাইজড হয়ে হল বাম! সেই উচ্চবর্ণ পরশ্রমজীবীরাই মাস্তানি করছে! দ্বিতীয়টি? কেউ কেউ বলছেন, হারিয়ে যায়নি! আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল! হতে পারে! খৃশ্চিয়ানিটিকেও আন্ডারগ্রাউন্ডে (সত্যি সত্যি) যেতে হয়েছিল! সেখান থেকেই আন্ডারগ্রাউন্ড কথাটা এসেছে!
এই বাম-বিশ্ববিদ্যালয়ের রমরমা আরও অন্তত বিশ-তিরিশ বছর চলবে! সেদিন একটি অতিবাম সভায় গেছিলাম! দেখলাম গড় বয়স প্রায় ৫০! কাজেই ২০_৩০ বছর)! তারপর এই উচ্চবর্ণ পরশ্রমজীবীদের প্রাতিশঠানিক বিশ্ববিদ্যালয় ঠিক কী ছদ্মবেশ নেবে জানিনা! বাম থেকে রামও হয়ে যেতে পারে! মানে আবার ব্রাহ্মণ্য ধারা!
আমার এইধরণের কথায় অনেকে হাসে, অনেকে ইগনোর করে, কেউ কেউ ক্ষিপ্ত হয়! কী! রামমোহন, বিদ্যাসগর রবীন্দ্রনাথকে অপমান? সত্যজিতের নামও বলতে পারত!
একটা তথ্য জানাই! আমেরিকার অনেক বুদ্ধিজীবী যারা বামপন্থী ছিলেন, তীব্র সরকার বিরোধী! তাদের নিয়ন্ত্রণ করত সি আইএ! তাদের অজান্তেই! তাদের সততা প্রশ্নের উর্দ্ধে! সম্প্রতী জানা গেছে!
গ্রিসে অভিজাত ঘরের ছেলেদের জন্য বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা, সরকারের তীব্র সমালোচনা, মতামতের ''স্বাধীনতা''র পক্ষে শিক্ষকরা ছিলেন! যেমন যাদিবপুর! সেই শিক্ষকদের মাইনে ছিল বিপুল! এদের বলা হত ''সফিস্ট''! বিদ্যালয় থেকে বেরিয়ে আসার পর তাদের চাকরি হত নানা ক্ষমতার অলিন্দে! এই শিক্ষিত সম্প্রদায়কে বলা হত সফিস্টিকেটেড!
আমাদের সফিস্টিকেটেডরা আইটি বা আইএএস বা সাহিত্য একাডেমি হয়!
বিশ্বেন্দু, দীপঙ্কররা বলছে ওরা নাকি দ্বিতীয় বিশ্ববিদ্যালয়কে 'আন্ডারগ্রাউন্ড' থেকে উঠিয়ে আনছে! আনুক! আমরা যারা সফিস্টিকেটেড, আমরা ওই বিশ্ববিদ্যালয়কে করুণা করে আমাদের জ্ঞানচর্চার মিউজিয়ামে একটু জায়গা করে দেব'খন!
---
অরুপদার দুবছর আগের লেখা।

Sunday, June 3, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - তবুও ভদ্রবিত্তের কিস্যু যায় আসে না - ছিয়াত্তর আর নবজগরনীয় উত্তরপুরুষদের দায়

একদিন ধর্মতলা বা শাহবাগে মিটিং, তিন দিন নিজের কর্মস্থলে প্রতিবাদ আন্দোলন, একদিন বাজারে-আলোয় প্রতিবাদী জ্বালাময়ী লেখনি, বুমের সামনে বৈপ্লবিক ভাষণের আন্দোলন আন্দোলন খেলার সুবাদে মধ্যরাত্রে প্রেয়সী বা প্রেমিকের পৃষ্ঠকণ্ডুয়ন নিয়েই তাঁর প্রতিষ্ঠান বিরোধী প্রতিবাদের বিশ্ব।
যে বাঙালি একসময় মসলিন বানাত, যে বাঙালি একসময় জং ছাড়া ইস্পাত বানাত, যে বাঙালি কন্যা ঘোড়া চড়ে যুদ্ধ করত, যে বাঙালি অজন্তা ইলোরা খোদাই করেছে, যে বাঙালি দক্ষিণপূর্ব এশিয়ার মহাযানী গুম্ফায় ছবি এঁকেছে, যে বাঙালি একসময় তর এলাকায় অচাষী কারিগর আর সারা বিশ্বকে নুন, চাল, পান, সুপুরি খাইয়েছে, যে বাঙালি নবাবের অভয়হস্ত মাথায় নিয়ে চোখ চোখ রেখে লুঠেরা সওদাগরদের দেওয়া অগ্রিম ফিরিয়ে দিয়েছে, সেই বাঙ্গালিকে ব্রিটিশ-বন্ধু ভদ্রবিত্ত জাতিবাদী রাষ্ট্র ওবিসি, এসটি, এসসি, সংখ্যালঘু নামে সংরক্ষণ দেয়। এ লজ্জা সমূহের। এ পাপ তোমার আমার।
Arupsankarদার এই ভিডিওটি রেজা খাঁ, গঙ্গা গোবিন্দ সিঙ্গি, নন্দকুমার আর তাদের সময়ের উচ্চমধ্যবিত্তের অনাচারের। সম্পদ, জ্ঞান লুঠ, পাইকারি হারে খুন, উতপাদন ব্যবস্থা ধ্বংসের স্পষ্ট নিদর্শন। আজ আমরা সক্কলে সেই অদৃশ্য দায় বয়ে নিয়ে বেড়াচ্ছি। প্রত্যেকের পরিধেয়তে সেই রক্তের দাগ অদৃশ্যভাবে লেগে আছে।
জেনেশুনেবুঝে উত্তরপুরুষের জাগতিক সমৃদ্ধির জন্যে পূর্বজরা বাংলা ভাঙ্গার সঙ্গী হয়েছিলেন। যার জেরে তাদের উত্তরপুরুষ নবজাগরনীয় ভদ্রবিত্তদের আজ এই সামাজিক অধিষ্ঠান, সেই পাপটি স্খালন করার উদ্যম নিয়েছেন অরূপদা এবং তাঁর অসাধারণ সাথীরা।
গুডিগুডি ফিলগুড প্রতিবাদের অলক্ষ্যে ঘোমটা উপনিবেশ তোষণ বা তাঁর চাপিয়ে দেওয়া ঐতিহাসিক তথ্য কথন নয়, ছোটলোক শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য পরম্পরার বাংলার অধিবাসীদের তৈরি করা কারিগর সমাজের ওপর যে অবর্ণনীয় অত্যাচার, খুন লুঠ ধ্বংস নামিয়ে এনেছিল তাঁর এককণাও ঔপনইবেশিক ইতিহাসে বলা নেই, সেই অভাব পূর্ণ করতে অরূপদা আর তাঁর দলের এই নব্য ইতিহাস কথন।
আরও পাস্খলন হোক।
---
শেষে একটাই ফরিয়াদ মন্বন্তর নয় গণহত্যা।
এই গণহত্যাটা বুঝেশুনেই করেছিল ব্রিটিশ-ভদ্রলোকজুটি।

Friday, March 16, 2018

আমরাই যাত্রা আমরাই পালা আমরাই তাদের পৃষ্ঠপোষক কালোমাথার মানুষ

বড়পুঁজির সংবাদমাধ্যম মায়ের ভোগেযাক।
আমরাই বাংলা!
প্রাণপ্রিয় তাত্ত্বিকArupsankar Maitra নিচের লেখাটি লিখেছেন প্রাসঙ্গিকভাবে এবং জরুরি মনে করেই। আমরা মনে করি উনি সঠিক যায়গায় ভুল মনোব্যথা পেশ করছেন।
সেই ব্রিটিশ আমল থেকে বাংলার যাত্রা এবং গ্রামীন প্রকাশভঙ্গী উভয় সম্প্রদায়ের শিক্ষিত সমাজের কাছে স্রেফ দুয়োরাণী। অরূপদা তাঁর নাটকে নিজেই লিখেছেন কিভাবে গ্রাম কলকাতার দেশিয় বিনোদনকে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ঘোষণা করে প্রখ্যাত বাবু বুদ্ধিজীবি মহল আর পালক ব্রিটিশ সাম্রাজ্য।
গত আড়াইশ বছর ধরে শিক্ষিত বাঙালি এমন একটা প্রজন্ম যে বাউল জানে কিন্তু লেটো জানে না, পট জানে কিন্তু খন জানে না, জং জারি মোর্শিয়া, দং, ধুয়া, ব খেলা কিস্যু জানে না এবং এই তালিকা লিখে শেষ করা যাবে না। এমনি কৃষ্টিগত অশিক্ষিত শহুরে অভিজাতরা।
তার কৃষ্টি পৃষ্ঠপোষণার তালিকাতে যাত্রা হল নেসেসারি এভিল। লোকোসংস্কৃতি বিশেষজ্ঞরা আদতে ব্যর্থ সাহিত্যিক, তারা যাত্রাকে ইওরোপিয় ফোকিয় সূত্র অনুসারে বিন্দুমাত্র কল্কে দেন নি। ফলে বাউল ছোএর মত কিছু লোকোসংস্কৃতিচর্চা ভদ্রবিত্তের পাতে পড়লেও যাত্রা ব্রাত্য থেকে গিয়েছে বাবু সমাজের চেতনায় - যাত্রা দেখে ফাত্রা লোকে।
যে ব্যাটা-বেটি গত কাল ইংরেজিশিক্ষিত মায়ের পেট থেকে পড়ে কান্নাটুকুও দেওয়ার সময় পায় নি, সেও ইওরোপমুখ্য আঁতেল সিনেমা আর থিয়েটার বানাবার চক্করে জুড়ে যেতে কেউ এনসডি না হয় পুণে, নাহলে এসারএফটিয়াই না হলে অন্তত যাদবপুরের ফিল্ম স্টাডিজে ভর্তি হতে তদ্বির লাগায় বা অমুকবাবুকে ধরে অমুকজনের শাখা খোলার জন্যে বসু-মুখোপাধ্যায়-সেনগুপ্তদের চ্যালাদেরকে তেল লাগায় যাতে কেন্দ্রিয় সরকারের লাখি গ্রান্টটা তার সংগঠনে আসে এবং সে ওগুলো নিজের ভোগেই লাগায়।
অরূপদা, আমরা কষ্ট পাই না। বড় পুঁজির সেবাদাস ভদ্রবিত্ত বাঙ্গালির চিত্তরূচি আমরা জেনে গিয়েছি। বাঙালি বড় পুঁজি আদতে তার ভদ্রবিত্ত চাকরদের মতই শেকড় হীন। সে কেন শেকড়ের কথা বলবে অরূপদা? আমরা ঠিক জানি ঠিক যে রকম ঝাঁকসু, হরকুমার গুপ্ত, করুণাকান্ত হাজরা, মাধাইদাস মহান্ত, সুবলদাস বৈরাগ্য, নেপাল সূত্রধর, কামেশ্বর দেশি, আলতা সরকার, শাল্কু টুডু, ওয়াহাব আলি... বড় পুঁজির সংবাদমাধ্যমকে গুরুত্ব দিতেন না, দেন না, দেবেননা। মুখ দেখাবার জন্যে হত্যে দিয়ে পড়ে থাকেন না আজও।
তেমনি শ্যামলবাবু জানতেন পুঁজির স্বস্তির বন্ধু ভদ্রবিত্তেরা যাত্রাকে পাত্তা দেয় না।কারণ একটাই। তিনি জানেন রোজ কলকাতার যতমানুষ আনন্দবাজার পড়ে তার থেকে বেশি মানুষ তাঁর যাত্রা দেখে। প্যাণ্ডেলে লাখের কাছাকাছি, কোথাও আরও বেশি মানুষ হয়! নয়ের দশকে দেখেছি মালাবতী বা পোস্তবালার বা সালাবত মাহাতর ঝুমুইর অনুষ্ঠানে লাখো কালো মাথা - শুনলে গল্পকথা মনে হয়।
শেকড়ের শিল্পীর কি বয়ে গেছে এই শেকড় হীন, নির্জীব, দাসানুদাস, বাবুভজা, বড়পুঁজির সরাসরি দালাল দাসদের হাতে থাকা সংবাদমাধ্যমকে রেয়াত করতে। তার একটা ডাকে লাখো মানুষ কাঁদেহাসেগানগায়।
আমরা দুঃখ করি না। কারণ আমরাই যাত্রা আমরাই পালা আমরাই মানুষ। বড়পুঁজির সংবাদমাধ্যম মায়ের ভোগেযাক।
আমরাই বাংলা!
নীচে অরূপদার হৃদয়ে মোচড় দেওয়া লেখাটি---
---
বড় কষ্ট পাচ্ছি। যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা শ্যামল চক্রবর্তী দুর্ঘটনায় আহত হওয়ার পর শেষ পর্যন্ত মারাই গেলেন।এই নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়াতে কোনও হেলদোল নেই। ফেসবুকে অনেকগুলো নাটকের দল গ্রুপ আছে যারা অভিনয় করে, নাটক করে, সেখানেও তেমন হেলদোল দেখলাম না। ইনি পেশাদার যাত্রা শিল্পী ছিলেন। টেলিভিশন সিনেমায় অভিনয় করে কিংবা অন্য কোনও পেশায় থেকে শৌখিন পার্টটাইম অভিনেতা ছিলেন না। রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের সাহায্যে অভিনয় করতেন না। এই মুহূর্তে কলকাতার বিখ্যাত অভিনেতা যাঁদের কথায় কথায় আনন্দবাজারে বিশাল সাক্ষাত্কার বেরোয় তাঁদের মোট দর্শকের চেয়ে শ্যামলবাবুর দর্শক অনেক অনেক গুণ বেশি।
এটাই বেহায়া ভদ্রলোক বাঙালিদের চরিত্র। কেন্দ্র কিংবা রাজ্য সরকার যে টাকার হরির লুট দিচ্ছে তা কুড়িয়ে পকেট ভরার জন্য পাগলের মতো উঠোনে হুমড়ি খাচ্ছে থিয়েটারওয়ালারা। নাট্য বিশেষজ্ঞরা দৈনিক পত্রিকায় একটু জায়গা পাবার জন্য কিংবা রাশিয়া ফ্রান্স চীনে সেমিনারে ডাক পাবার জন্য পাগলের মতন দরবার করে বেড়াচ্ছে এখানে সেখানে। তারা কখনও কোনওদিন যাত্রা নিয়ে সেমিনার করবে না কিংবা লিখবে না। জানেই না কিছু লিখবে কী?
আমার এই পোস্ট পড়ে নাট্যদরদি কেউ হয়তো রিপ লিখবে কেউ হয়তো তাঁর আত্মার শান্তি কামনা করবে, আবার কেউ কেউ হয়ত গালাগাল করবে।
তবে বেশির ভাগ এড়িয়ে যাবে যেন চোখেই পড়েনি।
ইংরেজি ভাষা নিঃসন্দেহে সমৃদ্ধ ভাষা কিন্তু বিদেশি আমার মাতৃভাষা নয়। ঠিক তেমনি থিয়েটার অত্যন্ত সমৃদ্ধ মাধ্যম কিন্তু আমার মাতৃভাষা নয়। আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা পালাগান।
বিশিষ্ট অভিনেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যু হয়েছে কিন্তু যাত্রার মৃত্যু হয়নি। পালাগানের মৃত্যু হয়নি। মাটি কখনও মরেনা। মাটির উপর যতই থিয়েটার, কোরিওগ্রাফি, শেক্সপিয়র, ব্রেখটের কংক্রিটের ঢালাই করা হোক না কেন।
আমার এই পোস্ট পড়ে এলিট অ্যাংলিসাইজড ভদ্রলোক জগতের এই অন্যায় অবজ্ঞার জন্য যে দু এক জন কষ্ট পাবেন তারা দয়া করে আরও অনেককে জানানোর জন্য এই পোস্ট কপি পেস্ট করুন। প্লিজ।

Thursday, January 18, 2018

মধ্যবিত্ত বনাম গাঁইয়া

বল পালাই কোথা
দেশে আর থাকা চলে না।

দুবছর আগের Arupsankarদার লেখা-
ভদ্রলোকদের জন্য দুঃসংবাদ। আজ কেন্দুলি মেলায় মমতা ঘোষণা করেছেন, এখন থেকে সমস্ত সরকারি বিজ্ঞাপনে কেবলমাত্র গেঁয়ো বাউল, কীর্তনিয়া, ফকির, পটুয়া, পট শিল্পী মার্কা লোকশিল্পীরাই শুধু চান্স পাবে।
আমার বুদ্ধিজীবী বন্ধু বললেন, দেখা যাক। ওই বিজ্ঞাপন কেউ দেখবেনা। শিগগীর ভদ্রলোক শিল্পীরা এর প্রতিবাদে অনশনে বসবে।

আমাদের উত্তর-
মৈত্রমশাই অসাধারণ একটা প্রকাশনা দিয়েছেন। এখনো এটি কেউ নিজেদের দেওয়ালে নেয় নি। আমরাই স্বেচ্ছাসেবা দিলাম। সঙ্গে আমাদের কিছু বক্তব্য পেশ করলাম -
আমরা যারা এই অভিকর শিল্পীদের সংগঠনের সঙ্গে যুক্ত - আমাদের কিছু কথা বলা দরকার - আমাদের রাজনীতি শহরের টাকা গ্রামে যাওয়া আর গ্রামের টাকা গ্রামে রাখা - তাতে তো মধ্যবিত্তের সর্বনাশ। মৈত্রমশাইকে ধন্যবাদ যে তিনি বিষয়টাকে ধর্তব্যের মধ্যে এনেছেন। সরকারি কর্মচারীদের মাইনে না বাড়ানো খবর, কাগজের প্রথম পাতায় ঠাঁই হয়, কোটি কোটি তাঁতি, গায়ক, অভিনেতা, উতপাদকের উচ্ছেদ হয়ে শহরে বাসা বাঁধা খবরই হয় না - মন্ত্রীমশাই বলেন তাঁর কিছু করার নেই।

চাষার ছেলে চাষা হবে কিনা, মধ্যবিত্তের পড়াশোনা জানা সন্তানের চাকরির জন্য চাষীর জমি জোর করে কেড়ে নেওয়া যায় কিনা - সে সব প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গবাসী বামপন্থীদের সাড়ে চারবছর আগেই দিয়ে দিয়েছে। তা নিয়ে নতুন করে বাক্য ব্যয় বৃথা। শুধু বলি মৈত্র মশাই যে মানুষদের জন্য কথা বলছেন, তাদের না খাইয়ে, মধ্যবিত্তের পোষণের জন্য লোকসংস্কৃতির জাদুঘরে রাখার ব্যবস্থা করেছিল বামফ্রন্ট।

আজ মমতা সরকার এসে ৪০,০০০(যথেষ্ট নয় আরও বেশ বাড়া দরকার - কিন্তু শুরুটা অসম্ভব ভাল) গায়ক, বাদক, অভিনেতাকে মাসে ১০০০টাকা দিচ্ছেন, এবং প্রত্যেক নাট গানের বাদকদের দল যাতে নিয়মিত সরকারি অনুষ্ঠান পায় তাঁর জন্য কড়া নির্দেশ জারি করেছেন। মানে প্রত্যেক মাসে শহর থেকে সরাসরি গ্রামে ৪ কোটি টাকা যাচ্ছে - সারা বছর কাজ পাচ্ছেন - এই টাকা এতদিন মধ্যবিত্তের খোরাকির/জলপানির জন্য বরাদ্দ থাকত। এখন এই গুরুত্বপূর্ণ কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিন্দুমাত্র দ্বিধা না করে। তাতে ভদ্দরলোকেদের গায়ে জ্বালা ধরেছে। মমতা সরকার বিশ্ববাংলা নামে দোকান করেছেন - যে উতপাদন/শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, সেগুলো কিনে দোকানে বিক্রি করছেন। মধ্যবিত্তের গায়ে বিছুটি জ্বালা ধরছে। তার ওপর বিজ্ঞাপনে এই মানুষদের ছবি বেরুবে?

হায় রাম।
বল পালাই কোথা, দেশে আর থাকা চলে না।