Showing posts with label Sonadhar Viswakarma. Show all posts
Showing posts with label Sonadhar Viswakarma. Show all posts

Monday, October 7, 2013

কেন সোনাধর বিশ্বকর্মা৬? Why Sonadhar Viswakarma6

ধণী হওয়াপ পথে সোনাধরেরা কদাচ হাঁটেন নি। ভারতের সমবায়ী সমাজ শুধু সোনাধরই নয়, তৃণমূলের উত্পাদক অথবা ব্যবসায়ীকে সেই কাজটি করার কদাচ অনুমতি দেয় নি। হাজার হাজার বছর ধরে বিকশিত, সমবায়ী অএককেন্দ্রিক সমাজের নিয়ম মেনে, উত্পাদক অথবা ব্যবসায়ী নিজের হাতে সবপুঁজি জড়ো করতে পারতেন না। অথচ এতদিন গবেষকেরা, রাজনৈতিক কর্মীরা নানান দর্শণে জারিত হয়ে কয়েকজন মুষ্টিমেয়র হাতে, অথবা রাষ্ট্রের সিন্দুকে পুঞ্জীভূত পুঁজিকেই সমাজপ্রগতির মহাপথরূপে ভেবে এসেছেন। তাতে সামাজিক প্রগতির বিশেষ কোনও বিকাশ ঘটেছে এমন নজির বোধহয় আজও পাওয়া যায় নি, কিন্তু বিশ্বে অসাম্য দিনদিন বেড়েছে। বিশ্ব ধংসের দিকে এগিয়ে যাচ্ছে আরও তাড়াতাড়ি।
ভারতের পারম্পরিক গ্রামীণ সমাজ এমন এক উৎপাদন এবং বন্টন ব্যবস্থা তৈরি করেছে, যেটি উতপাদকেদের হাতে অতিরিক্ত লভ্যাংশ জড়ো হতে দেয় না। বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘের যুগ্ম সম্পাদক, চড়িদার ছো মুখোশ, নাচ এবং ঝুমুর শিল্পী নেপাল সুত্রধর বলেছিলেন, বাবা বিশ্বকর্মা এমন একটা কল বানিয়েছেন, যাতে আমাদের মত শিল্পীরা বড়লোক(ধনী) না হতে পারে। তা হলেই আমরা আমাদের বাপ-দাদার শেখানো কাজ ভুলে যাব। তাঁরা উৎপাদন এবং ব্যবসা করে লভ্যাংশ লাভ করতেন ঠিকই কিন্তু সেটি এমন নয়, যা দিয়ে ধনী হওয়া যায়। সমাজে একটি সাম্যের পরিবেশ বজায় থাকে। ধনী নির্ধনের ফারাক কম থাকে। আজ সোনাধরের আলোচনা করলাম তাঁর মত মানুষ যে সম্প্রদায় থেকে এসেছেন, এই সম্প্রদায়ের তৈরি গ্রামীণ দর্শন আলোচনায়। সারা ভারত এই দর্শনে হাজার হাজার বছর ধরে টিকেছিলেন নিজের জোরে, পৃথিবীকে ধংস না করে, বিশ্ব ধাতু বাজারে প্রায় একচেটিয়া পকড় বজায় রেখেই। নীল, আফিম, ধাতু, বস্ত্রেরমত হাজারো পণ্যে বিশ্বে একচেটিয়া ব্যবসা করলেও ভারতীয়রা কখনও মানুষ মারা নীল বা আফিম চাষ করন নি, বিদেশের নানান শিল্প গায়ের জোরে ধংস করে, নিজের দেশে নতুন শিল্প গড়ে তোলেন নি।  

আজ আমরা যারা শহুরেরা নিজেদের ভাল-খারাপ থাকার সঙ্গে জুড়ে নিই সারা বিশ্বের ভাল থাকা বা মন্দ থাকার বিষয়টি, আগামীদিনের বিশ্ব কোনদিকে যাচ্ছেভেবে মাথা খারাপ করি এই সরকারি-কর্পোরেটীয় লুঠের বাজারের মধ্যে থেকেও, তাঁদের আরও বেশি সোনাধরদের, তাঁদের সম্প্রদায়দের দর্শন নিয়ে আলোচনা করা প্রয়োজন এই জন্য নয় যে, তাতে অতীত ভারতের গর্বিত রূপ প্রকাশ পাবে, এ জন্য নয় যে সোনাধরের সম্প্রদায়ের কৃতির ঝান্ডা তোলা যাবে; এই জন্য যে, ভারতের এই গ্রামীণ দর্শন(যাকে আমরা বলছি সভ্যতা নয় গ্রাম্যতা)ই পারে সারা বিশ্বের ঈষান কোণে ঝুলে থাকা, লুঠ, লোভের করাল ধংসের কালো মেঘের হাত থেকে, বিশ্বকে বাঁচাতে। সোনাধরদের, তাঁদের সমাজের কৃতি স্মরণ করতে, চর্চা করতে হবে আরও গভীরে গিয়ে শুধু এই জন্যই। বিশ্ব আজ ধংসের মুখোমুখি যে।  

কেন সোনাধর বিশ্বকর্মা৫? Why Sonadhar Viswakarma5

সোনাধরেরা কেউ কারোর উতপাদনে দখলদারি করতেন না। টাকার জোরে, জোর করে এক উৎপাদক অন্যজনের উৎপাদন ব্যবস্থা কিনে নিতে পারতেন না। নবীন ইয়োরোপের শিল্প উৎপাদন, যা সারা বিশ্বের রাষ্ট্রগুলি নকল করছে, এক অসম্ভব অসাম্যময় উৎপাদন ব্যবস্থা। যেখানে বড় আরও বড় আরও মুনাফাভিত্তিক শিল্প কারখানা তৈরি চেষ্টা, যার কর্পোরেটিয় ভদ্রস্থনাম কনসলিডেশন। আদতে তিমি তিমিঙ্গিলের কাহিনী। মাৎস্যন্যায় শিশু। পৃথিবী বেড়ে ওঠার স্বাভাবিক নিয়ম বিরোধী এক অস্বাস্থ্যকর উদ্যম জেঁকে বসছে সারা বিশ্বের শিল্পনীতিতে ক্রমশঃ যত দিন যাচ্ছে ততই। আজও এই বিশ্বায়নের দিনেদুপুরে সরকারি-বেসরকারি উদ্যমে, প্রাকৃতির ধনসম্বলকে, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতির ভাষায় কাঁচামাল আখ্যা দিয়ে, যা ইচ্ছে তাই কর্পোরেটীয় লুঠের বাজারকে, ভারতের কোনও সোনাধরের সম্প্রদায়ই মেনে নেন নি। আজও তাঁরা সজ্ঞানে, সক্রিয়ভাবে বিরোধিতা করে চলেছেন কর্পোরেটীয় উতপাদন আর ব্যবসা-সংস্কৃতির। যেভাবে ১৭৬৩ থেকে গ্রামীণেরা লড়াই করছিলেন বিশ্বের লুঠেরা শাসক কর্পোরেট কোম্পানির। আজও কোনো সোনাধরের অধিকার নেই সেই দর্শণে নিজেদের জারিয়ে নেওয়ার। এর উত্তরে কর্পোরেটরা চেষ্টা করছে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে গ্রাম শিল্পীদের বাজার দখল করতে এবং কয়েক হাজার বছরের প্রমাণিত বিকশিত গ্রামীণ, সর্বজন প্রযুক্তি ধংস করতে। বিশ্বজয়ী প্রযুক্তি হাতে নিয়েও সোনাধরেরা পশ্চিমি দর্শনে মাথা নোয়ান না।
কেন? শুধুই কী দারিদ্র্য! না তথাকথিত বড়-পুঁজিভিত্তিক শিল্পবিকাশে নেতৃত্বদেওয়ার যোগ্যতার অভাব! না পুঁজির অভাব! কোনটি! মীরা মুখোপাধ্যায় সোনাধর বিশ্বকর্মাদের থেকে কাজ শিখেছিলেন। সে দিনে, সেই বিশ্বে, এই পরিচিতিটি খুব কম ছিল না। যার জেরে সোনাধর পৈয়াম বিশ্বকর্মা অথবা তাঁর পিতা বিশ্বজুড়ে অসম্ভব খ্যাতি আর প্রতিপত্তি অর্জন করতে পেরেছিলেন। সেই খ্যাতির পুঁজিকে সুচতুর পদ্ধতিতে বিনিয়োগ করে, সহজেই নিজের গোষ্ঠীর অনেকরই উৎপাদন ব্যবস্থা কিনে নিয়ে, নিজের একটা বড়সড় কারখানা বানিয়ে ফেলার উদ্যম ছিল চুটকির ব্যাপার। তারপর সাফল্য পেলে আরও বড়, তারপর তার থেকেও বড়, চলতে থাকত বড়ত্বের বাড়াবাড়ি। বড় লাভের পুঁজি এসে জমাহত সোনাধরদের পুঁটুলিতে। কোনও  শিল্পপতির দাক্ষিণ্য পেয়ে হয়ত সোনাধর বড় ক্রুসিবল স্টিলের কারখানাও গড়ে ফেলতে পারতেন। সে হাতছানি হয়ত তাঁর সামনে থাকতেও পারত। কেননা যে প্রযুক্তি সোনাধরদের রয়েছে, সেই প্রযুক্তি এখন তাবড় কর্পোরেটদের অধরা। হয়ত সোনাধর গণ্য হতেন কর্পোরেট পাইওনিয়ার হিসেবে, যিনি পশ্চিমি বিশ্বকে দিয়েছেন জং ছাড়া লোহা তৈরির মন্ত্র। কিন্তু একজন সোনাধরও সে পথে হাঁটেননি। বিশ্বখ্যাত সোনাধর আজও তাঁদের সম্প্রদায়ের এক অনামা শিল্পী-উতপাদকের মতই সাধারণ, বিশেষত্বহীন। ভারত জোড়া তুচ্ছ মেলাতেও তাঁর দেখা পাওয়া সাধারণ ঘটনা। সেখানেও তার কোনও সঙ্গী নেই, পরিচারক নেই। তিনি একা।

কেন সোনাধর বিশ্বকর্মা৪? Why Sonadhar Viswakarma4

সোনাধরদেরমত হাজারো সম্প্রদায়েরকৃতিতে ব্রিটিশপুর্ব সময়ে গড়ে উঠেছিল ভারতের গ্রামভিত্তিক শিল্পের বিকেন্দ্রীভূত পরিকাঠামো। ভারতপথিক ধরমপালজীর হিসেবে, ভারতীয় সমাজের সামাজিক উত্পাদনব্যবস্থায় ধংসলীলা চালানো ব্রিটিশ রাজের আমলেও জং ছাড়া লোহাগলানোর সচল চলন্তিকা চুল্লির সংখ্যা ছিল ৩০,০০০এর কাছাকাছি। প্রত্যেকটি উত্পাদনক্ষমতা ছিল বছরে ২০ টন! এই তৃণমূলস্তরের উত্পাদকেরা কেউই শহরভিত্তিক ছিলেন না। দিল্লির বা ধরের মিনার, দলমাদল, বাচ্চাওয়ালি, মদনমোহনেরমত হাজারো কামান, স্তম্ভ সগর্বে আজও মাথায় বিনা-ছাতায় অবলীলায় রাস্তায় পড়ে থাকতে পারে। অথচ বিশ্বখ্যাত পশ্চিমি ধাতুপ্রযুক্তিতে তৈরি বাড়ির জানলা দরজার লোহার খাঁচা ঢাকতে হয় রং, প্রাইমার মেরে; তার ওপরে প্লাসটিক অথবা সিমেন্টের রঙের চাদর জুড়ে। তবুও জংপড়া আটকানো যায় না। বিশ্বকর্মার সন্তান, ডোকরা কামারেরা সেদিন পর্যন্তও সারাভারতের গ্রামেগঞ্জেই ঘুরে বেড়াতেন। কমলকুমার মুখোপাধ্যায় অথবা মীরা মুখোপাধ্যায়ের প্রণামভরা রচনায়, কাজে এদের বিস্তৃত উদাহরণ পাচ্ছি। সোনাধরের সমাজ সেই গর্বিত ইতিহাসের অন্যতম অংশ।
বাঙলার গ্রামেগঞ্জের হাজারো ডোকরা কামার অথবা ছত্তিসগড়ের বিশ্বকর্মা সমাজের সন্তান, সোনাধর পৈয়াম বিশ্বকর্মা হাজার হাজার বছরের অতীত থেকে আজও ঈর্ষণীয়ভাবে জং ছাড়া লোহা (পশ্চিমি ভাষায় ক্রুসিবল স্টিল) তৈরিতে অসম্ভব দক্ষ। এঁদের বাজার শুধু গ্রাম বা ভারতের শহরই ছিল না, বিশ্ববাজারও ছিল একচেটিয়া। এদের মত শিল্পীসমাজের হাত ধরে ভারত সারা বিশ্বের শিল্প উৎপাদনের প্রায় ৩০ শতাংশের ভাগীদার ছিল। ভারতের উজ় ইস্পাত আজ প্রবাদ প্রতীম। অথচ বিশ্বকর্মা লোহাকাম ডোকরা কামারদের কথা অনেকেই ভুলেছেন। বিভিন্ন দেশি-বিদেশি প্রাযুক্তিক সংস্থা নানান গম্ভীরতম গবেষণা করেও তাঁদের প্রযুক্তির কুড়ও খুঁজে পান নি। লোহায় জংপড়া সাধের পশ্চিমি প্রযুক্তি আজ ভারতীয় শহুরে সমাজে সাদরে বরেণ্য। আর সোনাধরেরা নিজেদের দেশে সরকারী পরিকল্পনায় লৌকিক-আদিবাসী শিল্পী হিসেবে গণ্য হয়ে ব্রাত্যই থেকে গিয়েছেন।
শুধু বৈদেশিক বাণিজ্যের চোখ ধাঁধানো জোরেই নয়, সবল দেশিয় বাজারের ওপর ভিত্তি করেই ভারত একদা কৃষি-শিল্পউত্পাদনে বিশ্ববাজারের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। ভারতবর্ষ জুড়ে, প্রায় কেন্দ্রিয় নেতৃত্ববিহীন এই উত্পাদন ব্যবস্থার অঙ্গ ছিলেন, গ্রামেগঞ্জে ঘুরে বেড়ানো, নিজেদেরমতকরে হাটে, বাজারে, মেলায় ছড়িয়েথাকা অসংখ্য সোনাধরেরমত সমাজ। এঁরা আদতে কেন্দ্রবিহীন সামাজিক উত্পাদন ব্যবস্থা। বরেণ্য ঐতিহাসিক, গবেষকেরা ভারতের শহরজুড়ে বড় উত্পাদকেদের গিল্ড ব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। লেখকের ধারণা শহরজোড়া গিল্ডগুলির মোট উত্পাদনের তুলনায় গ্রামীণ সমাজভিত্তিক শিল্প উত্পাদকেদের উত্পাদন পরিমান ছিল অনেক অনেক বেশি, অনেক বৈচিত্র্যপূর্ণ।
আদতে সোনাধরেরা ভারতজুড়ে এক নতুন ধরণের প্রযুক্তিরই বিকাশ ঘটাননি, সচেতনভাবে নতুন ধরণের উৎপাদন ব্যবস্থার সৃষ্টি করেছিলেন, যা আজও বিস্ময়কর বলেও অত্যুক্তি হয় না। সারা ভারতে শহরে দু-একটি বাদে, প্রত্যেকটি গ্রামীণ উৎপাদন ব্যবস্থা ছিল অকেন্দ্রিভুত। প্রত্যেক সম্প্রদায়ের কয়েক হাজার, লাখ, কোটি শিল্পী ছিলেন। পশ্চিমি উত্পাদন ব্যবস্থার সূত্রমেনে এরা কেউই কিন্তু একক উদ্যমে বড় কারখানা তৌরিতে উদ্যমী হন নি। ব্রিটিশপুর্ব ভারতে এটি কম বড় ব্যবস্থাপনা নয়। যখন রেলগাড়ি (একদা ভারতে যার নাম ছিল মন্বন্তর রেখা বা ফেমিন লাইন)র চল হয় নি, যখন দ্রুত পরিবহণ বলতে ছিল শুধু জলপথ, তখনই বোধহয় কেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থা চালু হওয়ার সময়। অথচ কয়েক হাজার বছর ধরে গ্রাম ভারত ঠিক উলটো কাজটি করে এসেছে অসম্ভব দক্ষতাময় ব্যবস্থাপনায়।

কেন সোনাধর বিশ্বকর্মা৩? Why Sonadhar Viswakarma3

সোনাধরের নাম শুনছি সেই নতুন ধরণের শেখার প্রথমকাল থেকে। সেই পাল্টে দেওয়ার সময়টিতে আমারই দেশের নতুন এক পৃথিবীকে জানার জন্য গোগ্রাসে অনেক বই পড়ছিলাম যা আমাদের আয়ত্বের মধ্যে ছিল না এতকাল। তার মধ্যে একটি মীরা মুখোপাধ্যায়ের বিশ্বকর্মার সন্ধানে। অসম্ভব শ্রদ্ধায় তিনি ঠাঁই দিয়েছিলেন, বিশ্বকর্মা সোনাধর এবং তাঁর বাবাকে। এঁদের সঙ্গে নিয়ে, এঁদের প্রযুক্তি শিখে তিনি সৃষ্টি করে চলেছিলেন একের পর এক পথ ভাঙা নির্মান শৈলী। তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম না। কিন্তু তিনি এবং গ্রাম-শহরের এরকম অনেক চেতনগুরু, দৃষ্টিহীন, অজ্ঞান, অশিক্ষিত আমাদের হাত ধরে মায়ের মমতার শিখিয়ে দিচ্ছিলেন দেশ চেনা, জানার চিরপরিচিত কিন্তু অজানা পথটি। বলতে শিখলাম, এদের সঙ্গে থেকে মীরাদি কাজ শিখেছিলেন। বুঝলাম মীরাদিও সেটিই বলতে চেয়েছেন তাঁর বইতে। তাঁদের এই শিক্ষায় শিক্ষিত না হলে অবলীলায় বলতাম সোনাধরেরা, প্রখ্যাত ভাস্কর মীরা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন।
সেই অসম্ভব এক প্রযুক্তির ধারক-বাহক কলকাতায় এসেছেন, অথচ ভারতে কলাকৃতির একনম্বর শহর, বুকফোলানো কলকাতায় তার উপস্থিতির স্বীকৃতি নেই। আমাদেরই দলের বন্ধু মার্ফত সংবাদ পেয়েতো দৌড়ে গেলাম মেলা প্রাঙ্গণ। বুঝলাম উদ্যোক্তারাও জানেন না সোনাধরের ইতিহাস। নামও বোধহয় শোনেন নি। বিশ্ব প্রযুক্তির ইতিহাসে তাঁর বা তাঁর সম্প্রদায় কতটা গুরুত্বপুর্ন অবদান পেশ করেছেন, সেটিও বোধহয় জানেন না। অথচ মেলাটির প্রধান পরিচালক এমন একজন শিল্পী, যিনি কলকাতার একটি শিল্প মহাবিদ্যালয়ের গর্বিত সংশাপত্রধারী। গ্রামীণ শিল্পীদের নিয়ে নিয়মিত অন্যধরনের দুর্গোপুজোর মণ্ডপ বানিয়ে থাকেন। ভারতীয় শিল্পের অন্যতম কর্নধার তিনি। বাস্তব হল সোনাধরকে তারা চিনতেই পারেন নি। পরে মেলায় সরকারী উদ্যোক্তাদের কাছ থেকে শোনাগেল ভিন রাজ্যের শিল্পীদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রক। তাঁদেরই অনুরোধে সোনাধর কলকাতায়। কেন সোনাধরের দোকান মেলার শেষেরদিকে এমন এক যায়গায়, যেখানে দর্শক সহজে পৌঁছতে পারেন না, সেই উত্তর শেষ পর্যন্ত খুঁজে পেলাম তাঁদের সোনাধরের প্রতি ব্যবহারে।
পৌছানো গেল তাঁর কাছে। আমরা উত্তেজিত। সোনাধরের গ্রামীণতায় তাপ উত্তাপ নেই। দোকান সাজিয়ে বসে রয়েছেন এমন একজন ব্যক্তি, যার সম্প্রদায় ব্রিটিশ ভারতে আসার কয়েক হাজার বছর আগে বিশ্বকে শিখিয়েছেন জং ছাড়া লোহা তৈরির সহজতম পদ্ধতিটি। তিনি এবং তাঁর বাবা কাজ শিখিয়েছেন এমন এক পথ ভাঙা শিল্পীকে যার কাজ দেখে আজও বিশ্বজোড়া শহুরে নবীন শিল্পীরা নিজেদের গড়েতোলার চেষ্টা করেন। তাঁর তৈরি শিল্পদ্রব্য(না প্রযুক্তি) বিশ্বের নানান দেশের নামীসব শিল্প সংগ্রহশালায় গর্বিতভাবে তাঁর সম্প্রদায়ের পরিচয় বাখান করছে। তিনি নিজের হাতে কিছুটা হলেও পালটে দিয়েছেন কয়েক হাজার বছরের নিজেদের সম্প্রদায়ের শিল্পের ধারণা। সেই মানুষটি শীতের সন্ধ্যায় মেলার জনমানবহীন এক কোণে চুপটি করে বসে রয়েছেন। মাথায় বাঁদুরে টুপি। আমগ্রামীণ ভারতীয়র চেহারা যেমন হয় তেমনটিই তিনি। আমি সোনাধর বিশ্বকর্মা, সব্বার থেকে আলাদা, সারা বিশ্ব একডাকে চেনে, এইরকম শহুরে উচ্চকিত ঘোষণা নেই তাঁর চেহারায়। যেন সব কিছু সরল স্বাভাবিক গ্রামীণ দিনযাপনেরমত নিরুচ্চার।
লোকজন না আসার সুবাদে সে সন্ধ্যায় সোনাধরের সঙ্গে অনেক কথা হল। প্রায় ২০ বছর নতুন করে দেশ জানার, চেনার কাজে বুঝলাম, কিছুই জানি নি, কিছুই শিখি নি। কি নম্র বাচন ভঙ্গী। কি অদ্ভুত প্রশান্তি তাঁর মুখমণ্ডলে। সেদিন সোনাধর আমাদের অনেক কিছু না বলেও শিখিয়ে গেলেন বিরাট কিছু তত্ব, যা সেদিন সোনাধরের সংগ না করলে বোধহয় বহুদিন অধরা থেকে যেত। আমাদের নিজেরও খুব অস্বস্তি করছে, এই প্রবন্ধে, সহুরেদেরমত বারবার, প্রত্যেক পঙক্তিতে সোনাধরের নাম টেনে আনায়। শহুরে মধ্যবিত্তীয় ব্যক্তিপুজোর ঢঙে সোনাধর বন্দনা কিছুটা কর্কশ ঠিকই। আমরা এই প্রবন্ধে সোনাধরকে সামনে রেখে বুঝতে চেষ্টা করব ভারতীয় গ্রামীণ উৎপাদক সম্প্রদায়গুলোর দর্শণ, তত্ব আর তাঁদের কাজের পদ্ধতিটি। 

কেন সোনাধর বিশ্বকর্মা২? Why Sonadhar Viswakarma2

অথচ সোনাধরকে এভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা নয় আমাদের। আমরা বেড়ে উঠেছি এমন এক বামপন্থী পরিবারে, যারা সাম্প্রদায়িকভাবে তথাকথিত লোকসংস্কৃতি বিষয় আলোচনায় লুপ্তপ্রায় শব্দটি বেশ কয়েকবার জোর দিয়ে ব্যবহার করতে পছন্দ করেন। এবং মনে করেন, মধ্যবত্তের বড় দায়, সেই দ’য়ে পড়ে থাকা মানুষগুলোকে উদ্ধারের। এমনই এক পরিবারে জন্মেছি, যখন ছয়ের দশকের শেষের দিকে যখন মায়ের পেটে হেঁটমুণ্ডউর্ধপদ, মা-বাবা তখন কলকাতায় রাস্তার আন্দোলনের জেরে ৯ দিন ধরে প্রেসিডেন্সিতে জেল খাটছেন। সেই আমার, ছোটবেলা থেকেই দল এবং গোষ্ঠী নির্দিষ্ট করে দেওয়া কিছু বই পড়ে বেড়ে ওঠা। সেই সুবাদেই বিশ্ব উদ্ধারের মধ্যবিত্তীয়দায়পালনওধারণের স্বসাম্প্রদায়িক পিঠ চাপড়ানো বিশ্বজ্ঞান। সহস্রাব্দের শেষতম অষ্টম দশকের শেষের দিকের টালমাটাল সময়ের সওয়ার হয়ে আমরা ক্রমশঃ বুঝতে পারছিলাম, যে দেশে বেড়ে উঠেছি, সেই দেশটাকেই আমি চিনি না, সেই মানুষগুলোকেই আমি জানি না, বুঝি না – যা দেখেছি, বুঝেছি সব বিদেশী নজরে, তত্বনির্ভর দেশ আর মানুষ চেনা। ক্রমশঃ গ্রামীণদের উদ্ধারের মধ্যবিত্তের প্রগতিশীলব্রত পালনের মহত্ত্বম পথ ছেড়ে গ্রামীণদের দর্শণ শেখা, তাঁদের কৃতি জানা বোঝা, ক্ষমতার বাইরে দাঁড়িয়ে থেকে তাঁরা যে অতুলনীয় গ্রামীন সভ্যতার গ্রাম্যতা বিকাশ ঘটিয়েছিলেন, তার-হাল হদিস এবং পথের সন্ধান করতে আস্তে আস্তে চেনা রাস্তার বাইরে বেরোতে শিখচ্ছিলাম। বেরোতে শিখছিলাম শব্দবন্ধটির ব্যবহার বোধহয় ভুল হল। পথে বেরিয়েছি সেই কোন ছোটবেলা থেকেই। গ্রামেই জন্ম। কিন্তু সময়ের নিয়ম মেনে শহরে বেড়ে ওঠা। গ্রামে যোগাযোগ ছোটবেলা থেকেই ছিল। নিজেদের বেড়েওঠা গ্রাম ছাড়া অন্য গ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল গ্রাম উদ্ধারের, সমাজ সংস্কারের ইংরেজি শিক্ষিতদের মধ্যবিত্তীয় ব্রত পালন।

অথচ আটের দশকের শেষ থেকে আমাদের দেশ দেখার, বোঝার, শোনার ক্রিয়া-প্রতিক্রিয়াটাই কেমন যেন পালটে যাচ্ছিল। বুঝতে চেষ্টা করছিলান কোন সমাজ, কোন সংস্কারের কথা এতদিন আমাদের পুর্বজরা বলে আসছেন! অসম্ভব বিকশিত বাংলার গ্রাম সমাজ বুঝতে, আমরা নিজেদেরও পালটাতে শুরু করলাম। যা শিখেছিলাম শহরে, ইয়োরোপের নকল করে, ভুলতে চেষ্টা করলাম। এখনও চেষ্টাই করে চলেছি। এক্কেবারে খোলা সাদা খেরোর খাতারমত মন নিয়ে অনুসন্ধিৎসু ছাত্রের মত পড়তে, জানতে, শিখতে সুরু করলাম আমার দেশের, গ্রামের সংস্কৃতি, দর্শন, জীবন ধারন, কথাবলার ঢং। পরে থাকা বিদেশী চশমা খুলে সাদা চোখে দেখতে শুরু করতে শিখলাম আমাদের গ্রামের অসম্ভব ক্রিয়াশীল, অসম্ভব দার্শনিক, ক্ষমতার বাইরে থেকে একদম আলাদা জ্ঞানচর্চার ধারা তৈরি করা, অসম্ভব নিচু গলায় কথা বলার মানুষদের। দ্বিজত্ব বোধহয় এই প্রক্রিয়াকেই বলে। সে চেষ্টা আজও বহমান। যত দিন যাচ্ছে মনে হচ্ছে, অসাধারণ গ্রামীণেরা কি বিশাল এক গ্রাম্যতাই তৈরি করে ছিলেন। কিছুই শিখলাম না। আরও কত বাকি!

কেন সোনাধর বিশ্বকর্মা১? Why Sonadhar Viswakarma1

সোনাধরকে নিয়ে লেখা যেমন উৎসাহের; তেমনি আবার দ্বিধারও।  সোনাধর নিয়ে বোধহয় ব্যক্তিগতভাবে বলার কিছু নেই খুব একটা, শুধু কিছু মধ্যবিত্তীয় কিছু শৈল্পিক আদিখ্যেতা ছাড়া। কোনও কোনও মানুষ কখনও কখনও তাঁর গোষ্ঠী পরিচয় থেকে বড় হয়ে ওঠেন। সোনাধর তেমনি শিল্পী। কিন্তু আবার সোনাধরেরমত শিল্পী-প্রযুক্তিবিদ, যার জীবনরসদের শিকড় চারিয়ে রয়েছে গোষ্ঠীর গভীরতম ঐতিহ্য, গোষ্ঠীর ব্যাপ্ত ইতিহাস, তার দীর্ঘ জ্ঞানচর্চার পদ্ধতির সঙ্গে, তখন শুধু ব্যক্তি সোনাধরের মহত্ব, কৃতি বিষয়ে আলাদা আলোচনায়, লেখকের শহুরে অহংএর পৃষ্ঠকণ্ডুয়নেরসোয়াদ এবং আত্মপ্রচার মেলে ঠিকই, কিন্তু এই পদ্ধতিতে ব্যক্তির শিল্পী হয়ে ওঠার গোষ্ঠী অবদানের পরিচয়টি যেন লুকিয়ে পড়ে। ফলে লেখকের বিড়ম্বনা বাড়ে বই কমে না। সেই বিড়ম্বনা কেউ বোঝেন, কেউ বোঝেন না।
তাঁর সম্বন্ধে শুধু এইটুকু বলা যাক, সোনাধর ছত্তিসগড়ের বস্তার অঞ্চলের পারম্পরিক সম্প্রদায়ের ধাতুবিদ্যায় বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। প্রখ্যাত কিছু শহুরেদের সঙ্গে কাজ করেছেন। প্রায় সারা বিশ্ব ঘুরেছেন। বিশ্বের প্রখ্যাতসব সংগ্রহশালায় তাঁর কাজ রয়েছে। তিনি বস্তারের লোহাকাম, বিশ্বকর্মা সম্প্রদায়ের অতি গুরুত্বপুর্ন একজন শিল্পী-প্রযুক্তিবিদ, যিনি এবং তাঁর বাবা, তাঁদের সম্প্রদায়ের কৃতি, ইতিহাস সঠিকভাবে পৌঁছে দিয়েছেন তাঁদের সমাজের বাইরেও। এহেন সোনাধর যদি শোনেন তাঁর জীবন বৃত্তান্ত বাংলার এক অখ্যাত গ্রামকর্মী লিখছেন, আমাদের বিশ্বাস তিনি শুধু হয়ত কপালটি একটু কুঁচবেন। ব্যস! তারপরে জীবন যে রকম চলছিল বয়ে চলতে থাকবে। আমরা তাই, এই প্রবন্ধে, সোনাধরকে চেনাতে চেষ্টা করছি, তাঁর সম্প্রদায়ের কাজ চেনানোর মধ্যে দিয়ে, তাঁদের দর্শন চেনানোর মধ্যে দিয়ে, তাঁদের সম্প্রদায়ের ঐতিহ্য বাখানের মধ্য দিয়ে। এই প্রবন্ধে, আমরা চেষ্টা করব, সোনাধরের পক্ষ থেকে, তাঁর সম্প্রদায়ের ঐতিহ্য, ভারতের গ্রামীণ উৎপাদন ব্যবস্থার মূল কাঠামো তুলে ধরতে। এবং আমাদের মত করে আমরা জানাতে চেষ্টা করব, আমরা কেন মনে করি, আজকের বিশ্বে সোনাধরদেরমত গোষ্ঠীগুলোর গভীরতম চর্চা প্রয়োজন।
সোনাধর পৈয়াম বিশ্বকর্মার সঙ্গে প্রথম আলাপ এই সে দিন। ২০০৯ সালে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ভারত সরকারের গ্রামীণ ব্যাঙ্কের প্রযোজনায় চলা হস্তশিল্প মেলায়। সেদিনের কলকাতা থেকে প্রকাশিত, প্রচারিত খবরে জানার উপায় ছিল না যে, সোনাধর কলকাতায় এসেছেন। শুধু ভারত নয়, বিশ্ব সভ্যতার ধাতুবিদ্যা জ্ঞানচর্চার বিকাশে, যদি কয়েকটি সম্প্রদায়ের নাম করতে হয়, তবে বস্তারের সোনাধর বিশ্বকর্মা যে সম্প্রদায় থেকে এসেছেন, সেই লোহাকাম বা বিশ্বকর্মা সম্প্রদায় এই তালিকার প্রথমের দিকে থাকার অন্যতম অধিকারী। ভারত তথা বিশ্বসভ্যতার(আমরা বলি গ্রাম্যতা। শহর পৃথিবী ধংস করে। গ্রাম পৃথিবী গড়ে।) বিকাশে তার সম্প্রদায় অসম্ভব এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, এখনও সেই জ্ঞান বহন করে চলেছেন; ইয়োরোপীয় পদ্ধতিতে পড়াশোনা করা উচ্চমধ্যবিত্ত পণ্ডিতেরা স্বীকার করুন ছাই না করুন। তাঁরা এবং ভারতের অন্যান্য পারম্পরিক ধাতুবিদেরা কয়েক হাজার বছর আগেই এক অদ্ভুত প্রযুক্তির বিকাশ ঘটিয়েছেন। সে প্রযুক্তিটি হল, জং ছাড়া লোহা তৈরির প্রযুক্তি। আজও পর্যন্ত সেই বিদ্যার আশেপাশে পৌঁছতে পারেনি আধুনিকতার, সুক্ষ্ম প্রযুক্তির শেষ কথা বলার স্বঘোষিত নেতা পশ্চিমি তথাকথিত আধুনিক প্রযুক্তি।