Showing posts with label Dolls of West Bengal. Show all posts
Showing posts with label Dolls of West Bengal. Show all posts

Thursday, June 5, 2014

বাংলার পুতুল৬ Dolls of West Bengal6

রঙ্গিন পুতুল
পটুয়ারা ছাড়া, বাংলার নানান এলাকায় কুম্ভকার সমাজ এবং অন্যান্য সম্প্রদায় পুতুল তৈরি করেন। বীরভূমের রাজনগরের কুম্ভকার সম্প্রদায় বৌ পুতুল, কলসি কাঁখে পুতুল, প্রট্মোটা আহ্লাদি পুতুল, নানান ধরণের খেলনা, পাখি পুতুল ছাড়াও কৃষ্ণ-রাধা ইত্যাদি। হুগলির তারকেশ্বরে ক্ষুদ্রাকৃতি টেপা পুতুল তৈরি হয়। সেগুলির উজ্জ্বল নীল, সবুজ, হলুদ রঙ ব্যবহার হয় ডোরা কেটে দেহের অঙ্গপ্রত্যঙ্গ বা পরিধেয় স্পষ্ট করার কাজে।
মজিলপুর বাংলার খুব একটি পুরনো জনপদগুলির মধ্যে অন্যতম। এর শিক্ষা-শিল্প ঐতিহ্য প্রায়আপ্রতিদ্বন্দ্বী। সম্প্রতি প্রয়াত পাঁচুগোপাল দাস এলাকার নানান সাংস্কৃতিক চাহিদামত বিভিন্ন দেবদেবীর পুতুল, দক্ষিণরায়, বনবিবি, গণেশ জননী, জগ্ননাথ-বলরাম-সুভদ্রা, ক্লসি কাঁখে বৌ, আহ্লাদি পুতুল, জমিদার পুতুল, নর্তকী ইত্যাদি করতেন। তিনি তাঁর পিতা মন্মথ দাসের ঐতিহ্য বহন করে চলতেন। আজ তাঁর পুত্রও সেই কাহ করে থাকেন। তারাপদ সাঁতরা বলছেন, একদা বারুইপুর, শিবানীপুর, বড়িশা ইত্যাদি এলাকায়ও নানান ধরণের রঙ্গীন পুতুল তৈরি হত।
মালদার হরিশ্চন্দ্রপুরে পোড়ামাটি রঙ্গিন পুতুল তৈরি হত। নদিয়ার নবদ্বীপে বুড়োশিবের সর্প ফনাযুক্ত, কানে কলকে ফুল গোঁজা মুণ্ড মুর্তি তৈরি হয় আজও। বাসন্তী পুজোর সময় পার্বতীর সঙ্গে শিবের বিয়ে দেন স্থানীয়রা। শিবের মুণ্ডে রঙএর পরিকল্পনা দেখার মত।
মুর্শিদাবাদের কাঁদি এলাকার গোয়ালিনী পুতুল উল্লেখ্য। পুতুলের দেহ কুম্ভকারেরা চাকে তৈরি করে হাতে টিপে টিপে মুণ্ড আর হাত তৈরি করেন। একটি হাত মাথায় থাকে। গোটা পুতুলের দেহে রূপোলি রঙের প্রলেপ দেওয়া হয়। তাঁর ওপরে কাল আর লাল আঁচড়ে কাপড়ের ভাঁজ আর গয়নার চিহ্ন বোঝানো হয়ে থাকে।
পুরুলিয়া বাঁকুড়াসহ জঙ্গল মহলে টুসুর সময় মাঝারি গোছের রঙ করা ও রঙ্গিন কাগজ সাঁটা টুসু পুতুল বাজারে ওঠে। তারাপদ সাঁতরা বলছেন এই পুতুল অনেকটা নতুন গ্রামের পুতুলের আঙ্গিকের সঙ্গে মেলে।

একদা কুমোরটুলি আর কালিঘাটে বেশ কিছু রঙ্গিন পুতুল তৈরি হত। 

Wednesday, June 4, 2014

বাংলার পুতুল৫ Dolls of West Bengal5

 বাংলার নানান ধরণের শিল্পী-উৎপাদক তাঁদের কাজে বিপুল পরিমাণে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন যদিও আজকের কেবলই বিদ্যুৎ চালিত হাতিয়ার/যন্ত্র নির্ভর যুগে যন্ত্রের ওপরে নির্ভরতাকেই দক্ষতা রূপে গণ্য করা হয়ে থাকে। হাত, জ্ঞান বা সায়িক দক্ষতা চলে গয়েছে পর্দার পেছনে। এ এক দীর্ঘ আলোচনার বিষয়। এই বিষয় নিয়ে বারান্তরে কথা বলা যাবে যদি সুযোগ মেলে।
রঙ তৈরি করা হয় ভূষোকালি, তুঁতে, মেটে সিঁদুর, হ্রিতাল, এলামাটি, গোরিমাটি, কাঠকড়ি আলতা এবং এরকম নানান রঙ্গীন দ্রব্য দিয়ে। রঙ ভালভাবে ধরানোর জন্য তেঁতুল বিচির কাই, বেলের।নিমের আঠার প্রলেপ দেওয়া হয়। উৎপাদকেরাই মাথায়/বাঁকে ঝাঁকায় নিয়ে নানান মেলা উতসবে এই পুতুল ফেরি করতে যান। একাধারে এরা যেমন প্রযুক্তির ধারক বাহক, উৎপাদক আবার তেমনি এরা নিজেদের উৎপাদন বিক্রি করাতেও দক্ষ। তারাপদ সাঁতরা তিন দশক আগের এক লেখায় বলছেন পুতুল তৈরি করা এতই খরচ সাপেক্ষ হয়ে পড়েছে যে, শিল্পীরা আর পুতুল পোড়াচ্ছেন না। শুকনো মাটির ওপরে রঙ করে দিচ্ছেন।
পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলের পুতুল আজো তার আকর্ষণ বজায় রেখেছে, তার ঐতিহ্যমণ্ডিত গড়নশৈলী, তার রঙের ব্যবহার, তার নিজস্বতা দিয়ে(পুতুলগুলোর ছবি দেখা যাবে http://lokfolk.blogspot.in/2012/01/blog-post_492.html ব্লগে)। এছাড়া মেদিনীপুরের নির্ভরপুর, শিউরি, কেশববাড়, চৈতন্যপুর, নয়ঁআ, গোল্গ্রাম, হবিচক, মুরাদপর আর মাদপুরে নানান ধরণের পুতুল পাওয়া যায়। একদা হাওড়ার চণ্ডীপুর, লিলুয়ার পট্টুয়ারা পুতুল করতেন।

হুগ্লি জেলার পুইনান, তালচিনান, মোড়া, দক্ষিণ চব্বিশপরগ্ণার কংকণবেড়ে, বাঁকুড়াএ বেলেতোড়, গগরা, বীরভূলের পাকুরহাসের পটুয়ারা একদা পুতুল তৈরি করতেন। 

বাংলার পুতুল৪ Dolls of West Bengal4

পটুয়া-চিত্রকরদের পুতুল
কাঠের পুতুল ছাড়া যে বিশেষ পুতুলটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হল পটুয়াদের পোড়ামাটির পুতুল। মেদিনীপুরের(এর সঙ্গে তারাপদ সাঁতরা বলছেন হাওড়ার) চিত্রকরেরা বহু পুরনো পুতুল গড়ার ধারা আজও ধরে রেখেছেন আসম্ভব দক্ষতায়। মেদিনীপুরের প্টুয়ারা আজও পট আঁকেন পুতুলও তৈরি করেন।
পটুয়া মহিলা চিত্রকরেরা যে সব পুতুল তৈরি করেন তা সব ছ্যাঁচে ফেলা। তবে হাতে টিপে টেপা পুতুলও তাঁরা তৈরি করেন। সেসব পুতুলে থাকে নানাবিধ রঙের প্রলেপ। এই পুতুলগুলোর নামও বেশ কৌতুহল জাগায় যেমন শিলেট পুতুল, হিংলি পুতুল, মুখোশ পুতুল, বড়ো পুতিল, ঝুমঝুমি  পুতুল ইত্যাদি। হিংলি পুতুল তৈরি হয় হাতে টিপে। দেওয়ালের গায়ে ঝুলিয়ে রাখা পুতুলগুলোকে শিলেট পুতুল বলে, মুখোশ পুতুল নানান আকারের ছোট বড় দুরকমই হয়। বড়গুলো ২৫ সেমি প্ররযন্ত হয়ে থাকে। শেষ দুটো পুতুল ঘর সাজানোর জন্য তৈরি হয়।
প্টুয়া রমণীরা যেসব পুতুল তৈরি করেন তার মধ্যে রয়েছে নানা রকমের মাছ, পশু, পাখি, দেব্দেবীর মুখোশ। তৈরি করেন রুই থেকে চিংড়ি প্রায় সব ধরণের মাছ, বিড়াল, বাঘ, হাতি, গরু, ময়ূর, টিয়া পাখি, দাঁড়ে বসা জোড়া পাখি, কলসি কাঁখে বৌ, স্ত্রী পুরুষের মুখোশ, রামকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, ষষ্ঠী, শিবদুর্গা, কালী, দুর্গা, মোহান্ত, সাধু ইত্যাদি। হিংলি পুতুলের মধ্যে সবথেকে ভাল লাগে কোলে, ছড়ানো পায়ের ওপরে রাখা সন্তান।
পুতুলগুলো বেশ হাল্কা করে তৈরি করা হয়। এবং এর পদ্ধতি বেশ আকর্ষণীয়। হালকা করার দরকার কেননা এগুলোকে দূর-দূরান্তে নিয়ে বিক্রি করতে হয়। হালকা করে গড়ার পদ্ধতি হচ্ছে, কাদার মণ্ডটি বেলে রুটির মত করে তারপর হাতের আঙ্গুলের মোড়কে নানান রূপ দেওয়া হয়(কোনোদিন সুযোগ হলে এ নয়ে বিশদে বলা যেতে পারে।)।

Monday, May 12, 2014

বাংলার পুতুল৩, Dolls of West Bengal3

আবার ফিরি নতুনগ্রামের কাঠের পুতুলের বাখানে। বাঙলার গ্রামের মানুষেরা এই পুতুলগুলিকে কিন্তু বর-বৌ পুতুল নামে ডেকে থাকেন। এক সময়ের বাচ্চা মেয়েরা খেলনা বাটি খেলার সময় এই পুতুলগুলি ব্যবহার করত। নতুন গ্রামের শিল্পীরা এগুলোকে বলেন রাজা-রাণী পুতুল। এই পুতুল নিয়ে অবন ঠাকুর ১৯৩৫ সালের বিশ্বভারতী কোয়াটার্লি পত্রিকায় একটি রূপকথার গল্প লিখেছেন। চার বন্ধু রাস্তা চলতে শুরু করেছিল। জঙ্গলের রাস্তায় যেতে যেতে রাস্তায় সন্ধ্যে নেমে এল। প্রত্যেকের এক এক প্রহর জাগার পালা। প্রথম প্রহরে জাগার ভার পড়ল ছুতোর বন্ধুর ওপর। জেগে থাকতে থাকতে অভ্যেস মত গাছের ডাল কেটে কুটে একটা মেয়ে পুতুল বানিয়ে ফেললে। এবার সাজওয়ালা বন্ধুর জাগার পালা। সে সেই পুতুলটিকে সাজিয়ে তুলল। সোনালি রঙে ভরিয়ে তুলল তার দেহ, হাতের তালু, পায়ের পাতায় পড়ল গোলাপি রঙ, খঞ্জন পাখির চোখের মত করে তার চোখ আঁকল। পরের প্রহরে জাগল তাঁতি বন্ধু। সে তাকে কাপড় প্রিয়ে প্রিপাটি করে সাজিয়ে তুলল। শেষ প্রহরে রাজার ছেলে জাগবে। দেখল সাজিয়ে গুজিয়ে রাখা একটি পুতুল বৌ। সাধুর কাছে শেখা মন্ত্র দিয়ে প্রাণ দিয়ে জাগিয়ে তুলল মেয়েটিকে। তাঁর পরে কি হল তা আমাদের এই প্রবন্ধে বিচার্য নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, পুতুল তৈরির কাজ শুরু করেছিল কিন্তু ছুতোর বা সুত্রধর বন্ধু। এবং আজও নতুন গ্রামের সুত্রধরেরা এই পুতুল তৈরি করেন।  এখাড়াও তাঁরা তৈরি করেন কাঠের প্যাঁচা, যা বাঙলার মহিলাদের লক্ষ্মী পুজর অন্যতম উপকরণ, গৌর নিতাই, রাজা রাণী, রাধা কৃষ্ণ পুতুল। আশ্চর্‍্যের বিষয় প্রত্যেকটি চরিত্রের পুতুলে কি ধরণের রঙ ব্যবহার হবে সেই  নির্দেশনামা ভারতের গ্রামীণ সভ্যতার মানুষেরা করে রেখেছেন। কিছু পুতুলের অবয়ব আর গড়ন শৈলী একই কিন্তু তাদের রঙ পাল্টে চরিত্র ব্দলে দেওয়া হয়। এই রঙসূত্র গ্রামীন সভ্যতার ছোট্ট ছোট্ট বচ্চারাও জানে। তাঁরা জানে একই ধরণের কাঠামোয় রঙ পালটে গেলে সে কোন চরিত্রে রূপান্তরিত হয়। এটি খুব বড় তাত্ত্বিক এবং একই সঙ্গে প্রায়োগিক বিষয়। এই বিষয় নিয়ে গভীর যে এটি নিয়ে খুব বিশদে গবেষণা প্রয়োজন।
নতুন গ্রাম ছাড়াও দাঁইহাট, পাটুলি, কাষ্ঠশালী ইত্যাদি গ্রামের কারিগরেরা কাঠের পুতুল তৈরি করতেন। হাওড়ার আমতার থলে-রসপুরে সুত্রধরেরা কাঠের পুতুল তৈরি করেন। চন্দননগর আর শ্রীরামপুরে কাঠের পুতুল তৈরি হত। মেদিনীপুরের দাসপুর, কানাশোল, কেশপুরের আকুলষাঁড়া, বিনপুরের রামগড়-ধরমপুরে কাঠের বেশ চিত্র বিচিত্রিত পুতুল তৈরি হত, এখন কয়েক্টি আঁচড় পড়ে মাত্র। এগুলি চেহারায় বেশ আদিম। বিষ্ণুপুর আর বেলেতোড়ে এক সময় টানা টানা চোখের কাঠের পুতুলের কথা উল্লেখ করছেন তারাপদ সাঁতরা মশাই। পুরুলিয়ার চোড়দা, সেনেড়া, বৃন্দাবনপুরের সূত্রধরেরা বৌ পুতুল তৈরি করেন। কেঁদুলি বক্রেশ্বরের মেলায় বীরভূমের সূত্রধরেরা খেঁদা পুতুল আনতেন। আশুতোষ সংগ্রহশালায় বাংলাদেশের বেশ কিছু পুতুল রয়েছে।

এই পুতুল কোথাও তিন কোণা, কোথাও অর্ধ গোলাকার। পুতুলগুলো হয় সাধারণ গামার কাঠ থেকে। এছাড়াও আমড়া, জিওল, শ্যাওড়া, ছাতিম, শিমূল ডাল কেটে পরিমিত ভাবে কাটাই ছাঁটাই করে পুতুলের রূপ দেওয়া হয়। পুরুষেরা ছেনি, বাটালি দিয়ে পুতুলের অবয়ব দেন। মেয়েরা পুতুলের গায়ে রং লেপার কাজ করেন। 

বাংলার পুতুল২, Dolls of Bengal2

কাঠের পুতুল
সেদিন পর্যন্ত শহরে কাঠের তেকোনা পুতুল পাওয়া যেত। বৃটিশপূর্ব বাংলায় কিছু ছিল না, এই মতবাদের প্রবক্তারা এই পুতুলগুলির নাম দিয়েছিলেন মমি পুতুল। তাঁদের দাবি এগুলো প্রভাবিত হয়েছিল মিশরের মমির আদলে। এগুলো কিন্তু উৎপাদন হত সুদূর বর্ধমানের নতুনগ্রামে। অথচ দুঃখের তথ্য হল, আজও নানান লেখা পত্রে এগুলোর নাম মমি পুতুল থেকে গিয়েছে। অন্য দিকে কলকাতা শহরের মানুষেরা এগুলির নাম দিয়েছিলেন কালিঘাটের পুতুল। কলকাতার কালিঘাটের মন্দিরের আশেপাশের নানান দোকানে নিত্য প্রয়োজনীয় নানান ঘর গেরস্থালীর নানান জিনিসপত্রের সঙ্গে এই পুতুলগুলো বিক্রি হত। পূণ্যার্থীরা দেবীর দর্শন সেরে তাদের প্রয়োজনীয় নানান উপকরণ সংগ্রহ করতেন এই সব দোকান থেকে। সেগুলির সঙ্গে তাঁরা কিনতেন শিশু ভুলোনো নানান পুতুল। সেই ক্রয় তালিকার মধ্যে আবশ্যিক ছিল সন্তানদের জন্য এই কাঠের পুতুল।
এদের উচ্চতা হত ১৫ থেকে ২২ সেমি। বেশ রংচঙে। মনোহারী। আগেই বলা গিয়েছে এই পুতুলগুলো তৈরি করতেন বর্ধমানের হাওড়া কাটোয়া রেল রাস্তায় পড়া পূর্বস্থলীর কিছু দূরে নতুনগ্রামে। ভারতের উৎপাদন ব্যবস্থার নিয়ম অনুয়ায়ী এই পুতুলের কাজ কোন সুদূর অতীত থেকে করে আসছেন বর্ধমানের সূত্রধরেরা সে তথ্য তাঁরা নিজেরাও জানেন না।

অপ্রাসঙ্গিক হলেও, এই সুযোগে অত্যন্ত কৃতজ্ঞতায় স্মরণ করি সেই ক্ষণজন্মা মানুষটিকে, যার উদ্যোগে  গ্রাম বাংলার ছোট উৎপাদকেদের, অভিকর শিল্পীদের কাজ ছড়িয়ে পড়েছিল, শেকড় ছেঁড়া শহুরে মধ্যবিত্তর পাতে, বিশ্বের দরবারে। পুরোনো খেরোর খাতা খুলে দেখছি, প্রায় বিশ বছর আগে, ১৯৯৫ সাল নাগাদ, এই লেখকের এই গ্রাম নামটির সঙ্গে প্রথম পরিচয় ঘটে বাংলার গ্রাম-সংস্কৃতির অন্যতম প্রাণ পুরুষ প্রয়াত রঘুনাথ গোস্বামী মশাইএর শিষ্যত্বে। গুরুর মমতার তিনি এই অর্বাচীনদের দলকে শিখিয়েছিলেন গ্রামের ছোট উৎপাদকেদের নানান উৎপাদনের বিভিন্ন দিক দেখার চোখ কিভাবে তৈরি করতে হয়, কোন কোন বিষয় নজর দিতে হয়, পাঠ্য পুস্তকের বাইরে বেরিয়ে, তৈরি করে দেওয়া ইওরোপিয় চশমার কাঁচ খুলে কি ভাবে দেশজ দৃষ্টিভঙ্গী ধারণ করতে হয়, স্বকীয় অনুসন্ধানী বিশ্লেষণী তাত্ত্বিক ক্ষমতা বিকাশ ঘটিয়ে নানান আলোচিত শিল্প দ্রব্যের কিছু অদেখা রেণুকে নতুনভাবে দেখার চোখ মন আর মস্তিষ্কে জ্ঞানভাণ্ডার তৈরি করতে শিখতে চেষ্টা করতে হয় সে সবের নানান দিক। বললাম বটে অর্বাচীনদের দলকে শিখিয়েছিলেন, আদতে তাঁর কাছে যারাই কিছু জানতে আসতেন, প্রত্যেককে অসামান্য নাগরিক ভদ্রতায়, আসামান্য সৌজন্যে, অসামান্য আকর্ষণী মুদ্রায়, শেকড়ে দাঁড়িয়ে থাকার জ্ঞানে, তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় সম্মান দিয়ে যতদূর সম্ভব ক্ষুৎপিপাসা মেটানোর চেষ্টা করতেন। আর প্রত্যেকেই এই লেখকের মত মনে করতেন তিনি তাঁদের আলাদা করে নজর আর গুরুত্ব দিচ্ছেন – এমনি অসামান্য ছিল তাঁর ব্যক্তিত্ব। সেই পরম আস্বাদিত তত্ত্ব, সেই গুরুর পথ আজও নিজের মত করে ধারণ করে থাকার চেষ্টা করে চলেছি। গুরুর দেখানো পথে চেষ্টা করে চলেছি বাঙলার উৎপাদন, প্রয়ুক্তির, ইতিহাসের ঔপনিবেশিকপূর্ব রূপকে খুঁজে বার করতে। যে দেড় বছর আমরা তাঁর সংগ করেছি, সেই সময়টুকুর প্রায় প্রতি পল আমাদের প্রত্যেকের জীবনে যেন নতুনের আহ্বানে, নিজের ঐতিহ্যের শেকড়ে দাঁড়িয়ে গ্রাম্য উৎপাদনকে দেখার গুরুগৃহ হিসেবে কাজ করেছে। আজ মনে হয় প্রচণ্ড খুঁতখুঁতে এই মানুষটি জীবিত থেকে এই লেখাটি দেখে, তাঁর খামতিগুলি বুঝিয়ে হয়ত সস্নেহে মৃদু বকুনি দিয়ে বলতেন তোমার দায় রয়েছে যথা সম্ভব জরুরি আর প্রায় আজানা উপাদানগুলি পাঠকের সামনে তুলে ধরার। চলনসই কাজ বলে যে কিছু হয়না, তা তিনি তাঁর কাজে, আমাদের তৈরি করতে গিয়ে বারে বারে বোঝাতেন। খুব কোমল স্বরে বলতেন, পরেরবার এই ভুলগুলো কোরোনা। গুরুর অনেক জরুরী কথা কালের হস্তাবলেপনে মন থেকে মুছে গিয়েছে – আর্বাচীন যে আমরা – সে সময় তাঁর সেই উপদেশগুলি লিখে রাখার কথা মনে হয় নি – কাজ করতে গিয়ে গুরুর দেখানো পথের বাইরে বেরিয়ে প্রচুর সমঝোতা করেছি। তবুও আজ তিনি প্রায় কুড়ি বছর চলে গিয়েছেন, তাঁর কন্ঠস্বর, কিছু অননুকরণীয় কিছু মুদ্রা, তাঁর আপার্থিব স্নেহ, এক্কেবারে গ্রামীণ উৎপাদন দিয়ে নিজের জীবনের যাপনের নানান দিক – বাড়ি, কাজের যায়গা সাজিয়ে তোলার ভাবনা আমাদের আনেকের পথ চলার পাথেয় হয়ে রয়েছে, জীবনের প্রতি পলে প্রাণের সঙ্গে পরতে পরতে জড়িয়ে রয়েছে। এই লেখাটি তৈরির মধ্য দিয়ে গুরু প্রণাম আর তর্পণের পূণ্য আসমাপ্ত কাজটি কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ দিয়েছেন সম্পাদক মশাই তার জন্য তাকে ধন্যবাদ জানাই।

বাংলার পুতুল১ Dolls of West Bengal1

বাংলার পুতুল নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর। তার পরাবাস্তব বলিষ্ঠতাময় জীবনীশক্তি, আসামান্য কারুকৃতি, তার নিজস্বতা, প্রত্যেকটির নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্য তার আপাত সারল্যের মধ্যে জটিলতম গড়নশৈলী আর প্রযুক্তি আমাদের বিমুগ্ধ করে রাখে। এই বাংলা নতুন শতেও বাংলার পুতুল নতুন করে আনুসন্ধিৎসুদের দৃষ্টি আকর্ষণ করে তার বৈচিত্রে, গড়নের সৌকর্যে আর ঐতিহ্যের প্রবাহমানতায়।
পুতুল তৈরির প্রাথমিক উদ্দ্যেশ্য শিশুদের মনোরঞ্জন। তাদের কাছে এটি খেলার উপকরণ অর্থাৎ খেলনা বিশেষ। এ ছাড়াও বাংলার নানান এলাকায় ব্রতের পুতুল তৈরি হয়। গ্রাম দেবতার থানে মানত করতেও বিভিন্ন অঞ্চলে পুতুল তৈরি হয়। তবুও সাধারণের ধারনায় প্রাথমিক ভাবে শিশুদের মন ভোলানোর জন্যই পুতুলের প্রয়োজনীয়তা। শিশুদের হাতে খেলনা হিসেবে যে পুতুল তুলে দেওয়া হয়, তার অন্যতম উদ্দ্যেশ্য হল সেগুলি নাড়াচাড়ার মাধ্যমে সে যেন তার পারিপার্শ্বিক নানান বস্তুকে চিনে নিতে পারে। তারাপদ সাঁতরা মশাই বলছেন, পুতুল খেলার মাধ্যমে কন্যাদের হাতে খড়ি হয়ে থাকতো তাদের ভবিষ্যৎ সংসার জীবনের স্নেহ-প্রীতি বন্ধনে আবদ্ধ জীবন চর্যায়।
উপকরণের মধ্যে মাটি হল আন্যতম প্রধান। এ ছাড়াও কাঠ, শোলা, ন্যাকড়া, তালপাতা, কাগজ, চিনি, ধাতু ইত্যাদি দিয়েও পুতুল তৈরি হয়। প্রত্যেক পুতুলে এলাকাগত নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পুতুলগুলো উৎপাদকেরা সাধারণতঃ মেলায় নিয়ে আসেন, কখোনো আনেন বিক্রেতারা। সেখান থেকে উৎসাহীরা সেগুলি সংগ্রহ করেন। নানান গ্রামীণ উৎপাদনের মতই খুব কম দামে বিক্রিত হত বলে, এই খেলনা বা নানান আচারের পুতুল উপকরণগুলি কিন্তু উতপাদক বা বিক্রেতারা খুব অনাদর করতেন না। বরং এগুলি যেহেতু বিনোদন, শিক্ষা এবং আচারের নানান কাজে অত্যন্ত্য প্রয়োজনীয় উপকরণ ছিল, এগুলি তৈরিতে বা বিতরণে সর্বোচ্চ গুরুত্ব অর্জন করত এই পুতুলগুলি।
সমাজে এই পুতুলগুলির স্থান এতই গুরুত্বপূর্ণ ছিল যে গুপ্ত যুগের সাহিত্যিক, শুদ্রক নিজের একটি নাটকের নাম শিশুদের হাতে টানা কটকট আওয়াজের মাটির গাড়ি বা মৃচ্ছকটিক রেখেছিলেন।  আজও আমরা নানান মেলায় সেই গাড়ি বিক্রি হতে দেখি। এই ভেঙ্গে পড়া সময়েও ভারতীয় সভ্যতার খুব ছোট ছোট রেণুর প্রবাহমানতার আশ্চর্য ঐতিহ্য বর্তমান। সে বিশ্বের অন্যান্য সভ্যতার মত জাদুঘরে সাজিয়ে রাখার উপাদানে পরিণত হয় নি। এখনো ভারতের শিশুরা অন্তত দেড় হাজার বছরের ঐতিহ্য খেলনার মধ্যে দিয়ে বহন করে চলেছে। এটাই আদতে ভারতীয় সভ্যতার জোরের যায়গা। এটাকেই ভেঙে ফেলার চেষ্টা চলছে অহরহ। এখনও গ্রামবাংলা কয়েক হাজার বছরের শিকড়ের রসে মজে আছে। শিকড়হীন আধুনিকতা তার সভ্যতার মূলোৎপাটন করতে পারে নি; তার বড় উদাহরণ এখনও গ্রামে, শহরের নিম্নবিত্ত এলাকার শিশুরা  আজও মাটির গাড়ি টেনে চিত্ত বিনোদন করে।

এই প্রবন্ধে আমরা বাংলার নানান প্রান্তের বিপুল বৈচিত্র্যময় পুতুলগুলির কিছু প্রতিনিধিস্থানীয় নিদর্শন বিশ্লেষণ করার চেষ্টা করব, বিভিন্ন উপাদানে তৈরি পুতুল নিয়ে একটু বিশদে আলোচনা করব। শুরু করব কাঠের পুতুল দিয়ে।