Showing posts with label জাগ গান. Show all posts
Showing posts with label জাগ গান. Show all posts

Friday, February 24, 2012

উত্তরবঙ্গের জাগের গান

জাগের গান , জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং বাংলাদেশের দিনাজপুর ও রংপুর জেলায় এই গান শোনা যায়। চৈত্রমাসে মদনচতুর্দশী উপলক্ষে জাগের গান প্রচলিত। জাগের গান মূলত দুই প্রকার – কৃষ্ণলীলা বিষয়ক কানাই-ধামালী ও অশ্লীল আদিরসাত্মক মোটাজাগের গান। এছাড়াও বীররসাত্মক গানও কখনও কখনও গাওয়া হয়ে থাকে।
জাগের গান উৎসব অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের মদন চতুর্দশী উপলক্ষে। কোনো কোনো অঞ্চলে এই উৎসব চৈত্র মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতেও উদযাপিত হয়ে থাকে। মাসাধিক কাল ধরে চলে এই উৎসব। ছেলেরা বাড়ি বাড়ি ঘুরে মাগন করে ও গান গেয়ে অর্থ সংগ্রহ করে থাকে।
চৈত্র শুক্ল ত্রয়োদশী তিথিতে পুষ্পিত অশোকবৃক্ষের মূলে কামদেবের পূজা ও চামর ব্যজন করার শাস্ত্রীয় বিধান রয়েছে। উত্তরবঙ্গের অনেক ভদ্র পরিবারে এই কামপূজা অনুষ্ঠিত হয়। বাড়ির বাইরে দুই-তিনটি বাঁশের টুকরো মাটিতে পুতে, দুই-তিনটি দীর্ঘ কাপড়ে জড়ানো বাঁশের টুকরোর আগায় চামর দিয়ে সেই পোতা বাঁশের সঙ্গে বেঁধে কামপূজা করা হয়। রাজবংশীরাও এই কামপূজায় অংশ নেন। তবে তাঁরা লোকালয় থেকে একটু দূরে কোনো মাঠে গিয়ে এই পূজা করেন। পূজা উপলক্ষে গীত হয় জাগের গান।
জাগের গান
জাগের গান গাওয়ার সময় মূল গায়ক হাতে চামর ধরে গান করেন এবং দোতাররা মন্দিরা বাজিয়ে ধুয়ো ধরেন। এই গানের দ্বারা কামকে জাগরিত করা হয় বলে এর নাম জাগের গান। জাগের গান মূলত দুই প্রকার। যথা –(১) মোটাজাগ ও (২) কানাই ধামালী বা লীলা জাগ। এছাড়াও কখনও কখনও বীররসাত্মক জাগের গানও শুনতে পাওয়া যায়। সুশীলকুমার ভট্টাচার্য এক জমিদারের পৌরুষবর্ণনাত্মক একটি বীররসাত্মক গান সংগ্রহ করেছেন। গানটি এইরূপ
মাঠের মতন, কেমন ওসার পাঠার মতন বুক
সে কঠিন বুক দেখিয়া, শত্রুর শুকায় মুখ।
মোটাজাগ, গবেষক মধ্যবিত্তের ভাষায় অশ্লীল আদিরসাত্মক গান। এই গান বাড়িতে গীত হয়না। হয় মাঠে ঘাটে। সাধারণতঃ জাগের গানে এই ধরনের আদিরসাত্মক গানের প্রাধান্য বিশেষভাবে লক্ষিত হয়।
কানাই ধামালী বা লীলা জাগ রাধা-কৃষ্ণের লীলা বিষয়ক গান। তবে এই লীলাগান সম্পূর্ণ লোককবিদের নিজস্ব কল্পনা। এর সঙ্গে পৌরাণিক রাধাকৃষ্ণ কাহিনির যোগ বড় একটা নেই। পালার আকারে এই গানগুলি রচিত হত। দুইজন বালককে রাধা ও কৃষ্ণ এবং একজন প্রৌঢ় ব্যক্তিকে বড়ায়ি সাজিয়ে এগুলি অভিনীতও হত। পণ্ডিতরাজ নামক জনৈক সংগ্রাহক তাঁর পালা সংকলনে এগুলিকে রতিরাম নামক জনৈক কবির রচনা বলে উল্লেখ করেছেন। তবে সুশীলকুমার ভট্টাচার্য এই পালাগুলির রচনাবৈষম্য পর্যবেক্ষণ করে এগুলি একাধিক কবির রচনা বলে মতপ্রকাশ করেছেন। এগুলির বিষয়বৈচিত্রেও স্বতন্ত্র। “রাধার শাক তোলা” বা “কৃষ্ণের ধোরে মাছ তোলা” প্রভৃতি অভিনব বিষয় এই সব পালায় দেখা যায়। অনেক শহুরে গবেষক এগুলিকে অশ্লীল বলেছেন। তবে মোটা জাগের তুলনায় অনেক সংযত ও মার্জিত।
তথ্যসূত্র - প্রবন্ধ উত্তরবঙ্গের জাগের গান : সুশীলকুমার ভট্টাচার্য ; এবং স্বদেশচর্চা লোক পত্রিকা ; আশ্বিন, ১৪১৫, (অক্টোবর, ২০০৮) ; বিষয় গ্রামীণ বিনোদন সেকাল ও একাল ; সম্পাদক : প্রণব সরকার, সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

Friday, November 5, 2010

জাগ গান


জাগ গান
উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মদনকাম পুজোর সময় জাগ গান অনুষ্ঠিত হয়। রাজবংশী অধ্যুষিত এলাকায় বসন্তকালে ব্যাপক ভাবে বাঁশ পুজো করা হত। এখনও এই পুজোর রেশ চলে আসছে। চৈত্র মাসের মদন চতুর্দশীর তিথিতে কামেরদেবতা মদনকামদেব পুজো হয়। এ উপলক্ষে লম্বা লম্বা বাঁশের মাথায় চামর বেঁধে বাঁশগুলোকে লাল শালু দিয়ে মুড়ে তুলসী তলায় দাঁড় করিয়ে রাখা হয়। বাঁশ হাতে নিয়ে চলে নৃত্যগীত। কামকে জাগানোর জন্য বা কামসংক্রান্ত কথা বা অঙ্গভঙ্গীর প্রচলন আছে বলেই এই গানের নাম জাগ গান। গানে ঘট সৃজন, কামদেব সৃজন, প্রভৃতি বর্ণনা আছে। বহু পূর্বসূরী গবেষক এ ধরনের গানকে অশ্লীল, আশ্রাব্য ইত্যাদি অভিধায় অভিহিত করেছেন - যারা এক কথায় বলা চলে ভিক্টোরিয় সংস্কৃতির প্রতিভূ – দেশজ সংস্কৃতির মূল বিষয় নিয়ে যাঁদের কোনো মাথা ব্যাথা নেই।
জাগ গানের দুটি রূপ – পালা গান আর মাঙনের গান বা ছুট গান। কামদেবের গান ও বাঁশ পুজার গানকে জাগ গানের দুই অঙ্গ হিসেবে বর্ণনা করা যায়। অনেকে বলেন পালাগানগুলির ছুটগান পরবর্তী কালে ভাওয়াইয়া-চটকা হিসেবে পরিচিতি লাভ করেছে। মনেরাখতে হবে তথাকথিত কলকাত্তাই বা শিষ্ট বাংলার সঙ্গে এ অঞ্চলের কামরূপী ভাষার একটি মৌল প্রভেদ রয়েছে। যে সব বাগরীতি সাধুভাযায় মেলে, সে বাগরীতি কামরূপীতে পাওয়া যায়। এখানে একটি তাত্বিক কথা স্পষ্ট করে পরিষ্কার করা দরকার - কলাবতী মুদ্রা এখানে কামরূপী ভাযাকে কলকাতার পণ্ডিত সমাজে প্রচলিত একটি শব্দবন্ধ - বাংলার অন্যতম কামরূপী উপভাষা বলার প্রবণতা থেকে আলাদা করছে।
এই ভাযায় রচিত কামদেবের কয়েকটি গান – কামদেবের জন্মগীত, বাঁশ সৃজন ও পুজোর গান, কামদেব বন্দনা প্রভৃতি। বহুকাল আগে রংপুর সাহিত্য পরিষদ পত্রিকায় যাদবেশ্বর তর্করত্নসহ কয়েকজন সংগ্রাহক জাগ গান প্রকাশ করেন। এই প্রবন্ধে রাধার শাক তোলা, কৃষ্ণের বঁড়শিতে মাছ ধরা, রাস, কুলটা রমনীক উপপতি বর্ণনা, কৃষ্ণের বংশী সৃজন প্রভৃতি প্রকাশ পায়। এগুলি লীলা ধেমালি নামে পরিচিত। মনেরাখতে হবে রংপুর সাহিত্য পরিষদ পত্রিকার সন্পাদক ছিলেন কোচবিহার জেলার রাজনৈতিক ও সামাজির ব্যক্তিত্ব ঠাকুর পঞ্চানন বর্মা। এই মানুযটি রাজবংশী ক্ষত্রিয় মহামিলন আন্দেলনের পুরোধা, সেই তত্বের উদ্গাতা ছিলেন রতিরাম দাস। ১৭৮১-৮২তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা লুঠের সময়ে গুডল্যান্ড সাহেবের ইজারাদার দেবী সিংএর অত্যাচারের বর্ণনা পাওয়া যায় রতিরামের জাগ গানে। জমিদার শিবচন্দ্র আর জয়দুর্গা দেবীচৌধুরানীর প্রতিবাদ আন্দেলনও সেই সাহিত্যে ঠাঁই পায় –
শিবচন্দ্রের হুকুমেতে সব প্রজা খেপে।
হাজার হাজার প্রজা যায় এর ক্ষ্যাপে।।
নাঠি নিল খল্তি নিল নিল কাচি দাও।
আপত্য করিতে আর থাকিলনা কাও।।
ঘাড়েতে বাকুয়া নিল হালের জোয়াল।
জাঙলা বলিয়া সব চলিল কাঙাল।।
এবং সবশেষে -
খিড়কি দুয়ার দিয়া পালাইল দেবী সিং।