Showing posts with label সিরাজ. Show all posts
Showing posts with label সিরাজ. Show all posts

Monday, October 21, 2019

মুর্শিদকুলির অসামান্য প্রশাসনিক দক্ষতা, সে সময়ের বাংলা সম্বন্ধে Pallab Majumdar অসামান্য মূল্যায়ণ করেছেন।

তাঁকে কুর্ণিশ। তাঁর সঙ্গে আরও কিছু বিষয় নিয়ে বাৎচিত হল, সেটা আপনাদের, আমাদের সক্কলের দৃষ্টি আকর্ষণ করুক।

---
পল্লব বললেন ওই বৈকুণ্ঠ দেখানো আর দর্পনারায়ণ কে শায়েস্তা করেছিলেন বলেই তিনি ভিলেন। খোদ বঙ্কিমচন্দ্র খিস্তি করতে ছাড়েননি।
অথচ ইতিহাস যথাযথ ভাবে অধ্যায়ন করলে দেখা যায়, তিনি ছিলেন সম্ভবত বঙ্গের ইতিহাসে সবচেয়ে দক্ষ প্রশাসক। মাত্র দু হাজার বরকন্দাজ দিয়ে পুরো বঙ্গের ল এন্ড অর্ডার ঠিক রেখেছিলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রিত ছিল, অরাজকতা হয়নি, সু শাসন ছিল, যুদ্ধ বিগ্রহ হয়নি, দিল্লিতে টাকা পাঠানো কখনো বন্ধ হয়নি, রাজস্ব ব্যবস্থার সংস্কার সহ অনেক ভাল কাজও হয়েছিল। অন্যায় যে একেবারে করেন নি তা নয়, শতভাগ নিষ্কলুষ লোক অসম্ভব জিনিষ।
আমিও মনে করি বঙ্গের ইতিহাসে ইনি একজন অতি গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব।

আওরঙ্গজেবের ক্ষেত্রেও এমন হয়েছে( যদুবাবুও বাদ যাননি ) । আওরঙ্গজেব কিন্তু নিজের নাতিকে সরিয়ে মুর্শিদকুলি জাফর খাঁ র ওপর ভরসা রেখেছিলেন। বর্ধমানের গন্ডগোলও মিটে গিয়েছিল। আমি ইতিহাসের ছাত্র নই, পাবলিক হেলথ নিয়ে কাজ করি, সময় জুটলে কিঞ্চিৎ অধ্যায়ন করি আগ্রহ আছে বলে।

পল্লব বললেন, উল্লিখিত ঘটনা রিয়াজুস সালাতিন নামক বঙ্গের ইতিহাস বিষয়ক পুস্তকে বর্ণিত আছে, স্টুয়ার্ট সাহেবের বঙ্গের ইতিহাস পুস্তকেও এসবের উল্লেখ আছে, তবে তিনি রিয়াজুস সালাতিন অনুসরণ করেই লিখেছেন। দুর্ভাগ্য এই যে, এর বাইরে শুধুমাত্র বঙ্গের ইতিহাস নিয়ে রচিত প্রামাণ্য পুস্তক নেই বললেই চলে। সিয়ার ই মুতাখারিন পুস্তকে অনেক ঘটনার উল্লেখ থাকলেও লেখক সম্ভবত নিরপেক্ষ থাকতে পারেন নি, মুর্শিদকুলি র আমলেই লেখকের পরিবারের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে সরকারের গন্ডগোল বাধে, তাই তিনি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি অনুরক্ত হন, উল্লিখিত পুস্তক তিনি উৎসর্গ করেছিলেন হেস্টিংস সাহেব কে। তদসত্বেও পুস্তকটি পঠিত হবার দাবি রাখে,আকারে বৃহৎ হলেও।
মুর্শিদকুলি খাঁ নাজিম এবং দিওযান ( এক পর্যায়ে উভয় পদ) হিসেবে দীর্ঘ সময় দ্বায়িত্ব পালন করেছেন, ওই সময়কালে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্থানপতন এর ঘটনা হিন্দুস্তানে ঘটেছে, তিনি দক্ষতার সঙ্গে বঙ্গের পরিস্থিতি সামলেছেন। শোভা সিং আর রহিম খাঁ র বিদ্রোহ বঙ্গদেশকে বেসামাল করে ফেলেছিল, বর্ধমান এর জমিদার খোদ সম্রাটের প্রিয়পাত্র ছিলেন, আওরঙ্গজেবের নিজ স্বাক্ষরিত ফরমান নিয়ে এরা জমিদারি চালাতেন। আজিমুসসান ব্যর্থ হলে মুর্শিদকুলি তার স্থলাভিষিক্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পূর্ববঙ্গের সীতারামের বিদ্রোহও তিনি দমন করেন। বঙ্কিমবাবু অবশ্য তার নভেলে সীতারাম কে গ্লোরীফাই করেছেন।
মুর্শিদকুলি রাজপরিবারের কেউ ছিলেন না, অতি সামান্য অবস্থা থেকে কঠোর পরিশ্রম করে নিজ যোগ্যতায় উচ্চপদস্থ হন। সম্রাট স্বজনপ্রীতি করেন নি।
মুর্শিদকুলি র প্রশাসনিক ব্যবস্থা এ যুগের প্রশাসকদের জন্যেও অনুকরণীয় হতে পারে। প্রশাসক হিসেবে তার অবস্থান শায়েস্তা খাঁ বা মীর জুমলার উর্দ্ধে।

আমরা লিখলাম, খুবই ব্যতিক্রমী ইতিহাসবোধ।
বাংলার তিন বিখ্যাত নবাবই তাদের হুনর দেখিয়ে গিয়েছে। মুর্শিদকুলি ভিত তৈরি করেছেন স্থিতিশীলতা এনেছেন। তার পরে বেশ বড় টালমাটাল লুঠেরা বর্গীদের হঠিয়েছেন তারপরে পাঁচ বছর বাংলা গড়ার কাজে হাত দিয়েছিলেন। বিপুল তাকাভি ঋণ দিয়েছিলেন কৃষিকে গড়তে। সেই ঐতিহ্য সিরাজ পেয়েছিলেন কিন্তু সময় পেলেন না, সুশীলবাবুর বক্তব্য সিংহাসনে ওঠার পরে সিরাজ অন্য মানুষ। ফরাসীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, দাদুর মত ইংরেজদের দেখতে পারতেন না। যে জন্যে ইংরেজরা পলাশীর আগে ফরাসডাঙ্গা দখল করে, যাতে ফরাসীদের কোমর ভেঙ্গে দেওয়া যায়, পলাশী জয়টা তুলনামূলকভাবে সহজ হয়। সিরাজ সিংহাসন রাখতে পারলে বিশ্ব ইতিহাসের মোড় ঘোরাটা খুব সহজ হত না।

উত্তরে পল্লব বললেন, অনেকে এদের বাঙালি বিরোধী বলেন, কিন্তু আমার তা মনে হয় না, এরা তো বলতে গেলে বাঙালিতেই পরিণত হয়েছিলেন। সিরাজ সফল হলে হয়ত বঙ্গের ইতিহাস অন্যরকম হত। অন্তত পশ্চিমবঙ্গের লোকদের আজকের দিন দেখতে হত না।
ওদিকে টিপু সুলতান অনেক চেষ্টা করেও পারলেন না, বিশ্বাসঘাতকতা সর্বত্রই

আমরা বললাম, কে কী বললেন তাতে বাংলার অন্তত কিছুই আসে যায় না। এরা যে সময়ে রাজত্ব করেছেন সে সময় চাষী কারিগর হকার তোল্লাই পেয়েছে বাংলা তোল্লাই পেয়েছে। এবং সেটাই শেষ স্বচ্ছলতার সময় - তারপরে পতন।
সিরাজ সফল হলে বক্সার হত না, বক্সার না হলে দাক্ষিণাত্য জয় হত না এবং শ্রীরঙ্গপত্তনমের টিপুর সঙ্গে যুদ্ধ অবদিই ঘটনা গড়াত না। বাংলার লুঠ আর উদ্বৃত্তে ইওরোপিয় শিল্পায়নের ভর্তুকি যেত না। শুধু দাস ব্যবসার ইয়দ্বৃত্ত দিয়ে শিল্পায়ন হত না।
পল্লব শেষ করলেন, শায়েস্তা খাঁর সময় থেকে মুর্শিদকুলীর টাইম পর্যন্ত ইনফ্লেশন হয়নি বলে চলে।

Wednesday, December 27, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৯ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - সিদ্ধান্ত

অষ্টাদশ শতকের প্রথম দিকে গোটা মুঘল সাম্রাজ্য জুড়ে পতনের, ক্ষয়, অব্যবস্থা এবং অস্থিরতার পরিবেশের মধ্যে বাংলার নবাবি প্রশাসন একমাত্র ব্যতিক্রমিক ভৌগোলিক এলাকা। শুধুমাত্র করদ-রাজ্য হিসেবে বাংলার দিল্লির সঙ্গে একটা প্রায়-ছিঁড়ে যাওয়ার মত সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকা হলেও বাস্তবিকভাবে দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত বাংলার নবাবেরা বাংলাকে স্বাধীন ভৌগোলিক এলাকায় পরিণত করে। নবাবের ব্যক্তিগত কৃপাদৃষ্টির পথে পড়ে শুধু কিছু জমিদার, ব্যাঙ্কার এবং অভিজাত সামরিক ব্যবসায়ীরা ক্ষমতার কাছাকাছি এসে একটা যৌথ জোটবন্ধন তৈরি করে। এটা কোনভাবেই শ্রেণীবদ্ধতা(class alliance) নয়, বরং সময়ের প্রয়োজনে জোটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের ব্যক্তিগতস্তরের স্বার্থ রক্ষা। এই অবস্থা বাংলাদেশে একটি স্থায়ী রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে এবং একটি জোরালো নিজামতের ভিত্তি তৈরি হয়। এর ফলে আর্থিক ব্যবস্থায়, উৎপাদনে এবং লাভের পরিবেশ তৈরিতে নতুন উদ্যম গৃহীত হয়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি আর বাজারের বিস্তার ঘটে। বাংলায় অষ্টাদশ শতকের প্রথম পাদে ব্যবসার সমৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলার স্থায়িত্ব এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের বণিককে টেনে আনে।
ইওরোপিয়দের মধ্যে ডাচ আর ব্রিটিশ ইওরোপিয় কোম্পানি বাংলার ব্যবসা জগতে বেশ সক্রিয় ছিল। একসময় কোম্পানিগুলো ইওরোপ আর মশলাদ্বীপপুঞ্জের মধ্যে যে দ্বিপাক্ষিক ব্যবসা শুরু করেছিল, সেটি বদলে গেল ত্রিপাক্ষিকতায় এই ব্যবসায় ভারত নামক একটি ভূখণ্ড তার দেশের নানান এলাকায় প্রস্তুত নানান ধরণের শস্তা উৎপাদন নিয়ে ঢুকে পড়ায় – যে ভূখণ্ডের বস্ত্র নিয়ে ইওরোপিয় কোম্পানিগুলি মশলা কিনে ইওরোপে চালান দিত। পরের দিকে এটি ইওরোপ এবং বাংলার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায় রূপান্তরিত হয়, যেখানে ১৬৮০র পর থেকে বাংলা এই কোমপানিগুলির এশিয় ব্যবসার অক্ষদণ্ড এবং উত্তমর্ণ রূপে উঠে আসে অষ্টাদশ শতকের প্রথম পাদ পর্যন্ত। অষ্টাদশ শতকে ডাচেরা যদিও বাংলার মোট ব্যবসায় ইওরোপিয় কোম্পানিগুলির থেকে অনেকটা এগিয়েছিল, ১৭৩০ এবং ১৭৪০এ ব্রিটিশেরা এশিয় ব্যবসায় তাদের কাছাকাছি পৌঁছে যেতে থাকে, মনে রাখতে হবে বাংলার ঘাঁটি ডাচ ব্যবসা পরিকল্পনায় আন্তঃএশিয় খুব বড় ভূমিকা পালন করেছে। এখানে গুরুত্বপূর্ণ যে বাংলায় ব্যবসা করতে গেলে দামি ধাতু বয়ে নিয়ে আসতে হত। ইওরোপিয় কোম্পানিগুলি বাংলার পণ্য কিনতে যে সব পণ্য আমদানি করত তার মধ্যে ৭৪ থেকে ৯৪ শতাংশ পণ্যই ছিল দামি ধাতু।

এই উদ্বৃত্ত ব্যবসাটা বাংলার সব থেকে বড় জোর ছিল। এবং এই জন্য বাংলার দখল ইওরোপিয়দের কাছে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিপন্ন হয়েছে। বহুকাল ধরে একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পলাশীপূর্ব বাংলার রাজনৈতিক টালমাটাল অবস্থার জন্যে বাংলা দখলে ব্রিটিশেরা নাক গলাতে পেরতেছিল। কিন্তু এই তত্ত্ব মেনে নেওয়া যায় না। এটাও বলার চেষ্টা হয়েছে সাম্প্রতিক বেশ কিছু গবেষণায়, পলাশীর অব্যবহিত পূর্বে নতুন নবাব সিরাজের নানান কাজে বাংলার অভিজাতদের শ্রেণীদের যুথবদ্ধ শ্রেণীগোষ্ঠীস্বার্থে আঘাত লাগে ফলে তারা ব্রিটিশদের সাহায্যে প্রত্যাঘাত করে। বলা দরকার অখণ্ড শ্রেণী স্বার্থ বলে কোনদিন বাংলায় কিছু ছিল না, সে অখণ্ড মঞ্চও বাংলায় গড়ে ওঠেনি, যাছিল তা হল ক্ষমতায় থাকা সর্বোচ্চ মানুষটির প্রতি একজন বা কয়েকজনের ব্যক্তিস্বার্থপূরণের প্রতিযোগিতা। মধ্যঅষ্টাদশ শতকে রাজনৈতিক পটভূমিতে কোন কিছুই ঘটা অস্বাভাবিক ছিল না। মুর্শিদকুলিখাঁর মৃত্যুর পরে প্রত্যেকটি সিংহাসন আরোহনের প্রশ্নে দেশের ক্ষমতার কাছাকাছি থাকা অভিজাতরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ত, এই ঘটনাটা পলাশীর সময়েও ঘটেছিল। পলাশীতে ব্রিটিশদের পাশে নিয়ে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী সিরাজের ক্ষমতা আরোহনের বিরোধিতা করে। আবার অন্যদিকে বহু জমিদার, ব্যবসায়ী এবং সামরিক অভিজাত সিরাজেরপাশে ছিল। মুর্শিদকুলির মৃত্যুর (১৭২৮/২৯) সময়েও একই বয়ান ছিল আবার সিরাজের সিংহাসনে ওঠার সময়েও একই বয়ান লক্ষ্য করা যায়। ফলে পলাশীকে কোনভাবেই বাংলার অভ্যন্তরীণ গোলযোগের কারণ হিসেবে দাগিয়ে দেওয়া যাবে না। 

Saturday, December 2, 2017

পলাশী আর সিরাজের দায়িত্ব - সুশীলবাবুর বক্তব্য আমাদের কথা

১৮ মে ১৯৯১য় দেশে ‘পলাশী কার চক্রান্ত?’ শিরোনামে এক প্রবন্ধে শ্রী সুশীল চৌধুরী লিখেছেন : স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে শুধু নয়, লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিকদের গবেষণা সম্বন্ধে কতগুলো বক্তব্য স্বতঃসিদ্ধ হিসেবে বহুদিন ধরে চলে আসছে। সাধারণভাবে এ বক্তব্য হলো সিরাজউদ্দৌলা এতই দুর্বিনীত, দুশ্চরিত্র এবং নিষ্ঠুর ছিল যে তাতে রাজ্যের অমাত্যবর্গ শুধু নয়, সাধারণ মানুূষ পর্যন্ত কোম্পানির সঙ্গে যে সংঘর্ষের পরিণতি হিসেবে সিরাজ বাংলার মসনদ পর্যন্ত হারাল, তার জন্য দায়ী সে নিজেই; মীর জাফরই পলাশী চক্রান্তের নায়ক এবং তার বিশ্বাসঘাতকতার জন্যই পতন হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবীর। কোনো কোনো ঐতিহাসিক আবার এতেই ক্ষান্ত নন, ইংরেজদের বাংলা বিজয়ের যতার্থ প্রমাণে ব্যস্ত এসব ঐতিহাসিক প্রাক পলাশী বাঙালি সমাজের একটি দ্বিধাবিভক্ত চিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টায় খুবই সচেষ্ট। এদের বক্তব্য পলাশী যুদ্ধের প্রাক্কালে বাংলার সমাজ সাম্প্রদায়িকতার ভিত্তিতে সম্পূর্ণ বিভক্ত ছিল। মুসলমান শাসনের নিপীড়নে নির্যাতিত সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় মুসলমান নবাবের হাত থেকে অব্যাহতির জন্য কোনো ত্রাণকর্তার প্রত্যাশ্যায় অধীর হয়ে পড়েছিল এবং ইংরেজদের জালিয়েছিল সাদর অভ্যর্থনা। অতিসম্প্রতি আবার কিছু ঐতিহাসিকের বক্তব্য, ইংরেজদের বাংলা বিজয় একটি আকস্মিক ঘটনা, এর পেছনে ইংরেজদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। পলাশী বিপ্লবের ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে, সিরাজউদ্দৌলা নবাব হয়ে প্রভাবশালী শাসকগোষ্ঠীর তার প্রতি বিরূপ করে তোলার ফলে বাংলায় যে অভ্যন্তরীণ সঙ্কট দেখা দেয়, তার শেষ পরিণতিই পলাশী বিপ্লব।
উপরোক্ত বক্তব্যগুলো কতোটা সঠিক এবং তথ্য ও যুক্তিনির্ভর তার সূক্ষ্ম এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। সম্প্রতি ইউরোপের বিভিন্ন মহাফেজখানায় যেসব নতুন তথ্যের সুন্ধান পেয়েছি, তার পাশাপাশি আগের জানা তথ্য ও সমসাময়িক ফার্সি ইতিহাস ও বাংলা সাহিত্যের পুনর্বিচার করে সমগ্র বিষয়টির পুনর্মূল্যায়ন সম্ভব। বর্তমান আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে দেখা যাবে উপরের অধিকাংশ বক্তব্যই সঠিক নয় এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে এই বক্তব্যগুলোকে খ-ন করা যায়। (পৃ. ৬৫)।
অতঃপর শ্রী চৌধুরী দেখিয়েছেন যে, নবাব হওয়ার আগে তার চরিত্র যেমনই থাক, নবাব হওয়ার পর সিরাজের চরিত্রদোষের কোনো প্রমাণ নেই। পনের মাসের স্বল্প রাজত্বকালে সিরাজ কোনো পাগলামি, অর্বাচীনতা বা নিষ্ঠুরতার পরিচয় যে দেয়নি, ঐতিহাসিক দলির-গস্তাবেজ থেকে তা নিঃসন্দেহে প্রমাণ করা যায়। (পৃ. ৬৬)।
কে বা কারা পলাশীর বিশ্বাসঘাতক এ সম্পর্কে শ্রী চৌধুরীর সিদ্ধান্তমূলক তন্তব্য হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতার দায় শুধু মীর জাফরের নয় জগৎশেঠদের দায় মীর জাফরের চাইতে বেশি বৈ কম নয়। আসলে ইতিহাস পরিক্রমায় একটু পিছিয়ে গেলেই দেখা যাবে যে অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলার সব কটা রাজনৈতিক পালাবদলে জগৎশেঠরাই মুখ্য অংশ নিয়েছে। এ সময়কার রাজনীতিতে পটপরিবর্তনের চাবিকাঠি ছিল জগৎশেঠদের হাতে। .. রবার্ট ক্লাইভের লেখা চিঠিপত্র দেখার পর সন্দেহের অবকাশ থাকে না যে, পলাশী চক্রান্তের পেছনে ইংরেজরা সবচেয়ে বেশি মদদ পেয়েছিল জগৎশেঠদের কাছ থেকে।
প্রাক-পলাশী বাংলার সমাজ দ্বিধাবিভক্ত ছিল কি না এবং সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় নির্যাতিত ছিল কি না এ সম্পর্কে প্রবন্ধকারের তথ্যভিত্তিক সিদ্ধান্ত হলো- সিরাজউদ্দৌলার পতন হয়েছিল শাসক শ্রেণীর এক চক্রীদল ও ইংরেজদের মিলিত ষড়যন্ত্রে, সম্প্রদায়ভিত্তিক দ্বিধাবিভক্ত বাঙালি সমাজের জন্য নয়। ... লন্ডনের রাজকীয় মহাফেজখানায় ঠিক প্রাক-পলাশী বাংলার উচ্চপদস্থ রাজকর্মচারী ও জমিদারদের দুটি তালিকা আমি পেয়েছি। প্রথমটিতে (রবার্ট ওরমের তালিকা) দেখা যাচ্ছে আলিবর্দীর সময় (১৭৫৪ তে) দেওয়ান, তন দেওয়ান, সাব দেওয়ান, বকসী প্রভৃতি সাতটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ছয়টিই হিন্দুরা অলংকৃত করেছে একমাত্র মুসলমান বকসী হলো মীর জাফর। আবার ১৯ জন জমিদার ও রাজার মধ্যে ১৮ জনই হিন্দু। বাংলার ওলন্দাজ কোম্পানির প্রধান ইয়ান কারসেবুমের (Ian kerseboom)) তালিকাতেও (১৭৫৫ সালে) নায়েব দেওয়ান রায় রায়ান উমিদ রায়ের নেতৃত্বে হিন্দুদের একচ্ছত্র প্রাধান্য। ১৭৫৪/৫৫’র এই যে চিত্র নবাব সিরাজউদ্দৌলার সময় তার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং নিঃসন্দেহে বলা যায় মুসলমান রাজত্বে হিন্দুরা মুসলমানদের চাইতেও অনেক বেশি সুবিধাজনক অবস্থায় ছিল।... বাংলার সমাজ যদি সত্যিই দ্বিধাবিভক্ত হতো, তাহলে সমসাময়িক বাংলা সাহিত্য ও ফার্সি ইতিহাসে তার প্রতিফলন দেখতে পাওয়া যেত। কিন্তু সে রকম কোনো নির্দিষ্ট ইঙ্গিত আমরা তৎকালীন সাহিত্য বা ইতিহাসে পাই না।.. বাংলায় হিন্দু-মুসলমান, বিশেষ করে এ দুই সম্প্রদায়ের সাধারণ মানুষ, বহুদিন ধরে পাশাপাশি বাস করে এসেছে। (পৃ. ৬৯, ৭০)।
এবার ইংরেজদের সুবে বাংলার কর্তৃত্ব হস্তগত করার পূর্ব পরিকল্পনার কথা। বলা হচ্ছে, পলাশী সম্বন্ধে ইংরেজদের নাকি কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না; পলাশী চক্রান্তে ইংরেজদের কোনো ভূমিকাই ছিল না এবং নবাব দরবারের অন্তর্দ্বন্দ্বই নির্যাতিত মানুষদের মুক্তির লক্ষ্যে ইংরেজদের বাংলার রাজনীতিতে টেনে এনেছিল। এ সম্পর্কে শ্রী সুশীল চৌধুরী বলেন, কিন্তু পলাশী প্রাক্কালের যেসব ঘটনাবলী এবং আমাদের কাছে যেসব নতুন তথ্য-প্রমাণ আছে তার সূক্ষ্ম ও নিরপেক্ষ বিশ্লেষণ করে স্পষ্ট দেখা যাবে ইংরেজরাই পলাশীর মূল ষড়যন্ত্রকারী। সিরাজউদ্দৌলাকে সরিয়ে অন্য কাউকে মসনদে বসাবার ব্যাপারে তারাই সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছিল। শুধু তাই নয়, পলাশী যুদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত প্রধান প্রধান দেশীয় চক্রান্তকারীরা যাতে শেষ পর্যন্ত ষড়যন্ত্রে যুক্ত থাকে, তার জন্য ইংরেজরা বারবার চেষ্টা করে গেছে। (পৃ. ৭০)।
১৬৯০ সালের চুক্তিতে কোম্পানিকে দস্তক প্রদানের অধিকার অনুমোদনের কথা এখানে আমরা আবার স্মরণ করতে পারি। স্মরণ করতে পারি ১৭১৭ সালের চুক্তির কথা। কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত গোপন ব্যবসায়ে দস্তকের যথেচ্ছ ব্যবহারে বাধা আসছিল প্রথম থেকেই। নবাব মুর্শিদকুলী খাঁ, নবাব আলীওয়ার্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলা কোম্পানি কর্মচারীদের এই কাজে বাধা দিয়ে আসছিলেন। তাতে আঁতে ঘা লাগছিল কোম্পানি কর্মচারী-কর্মকর্তা সকলেরই। ইংরেজরা দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছিল যে, এই বিশাল ভারতবর্ষে মুসলিম মুঘল সাম্রাজ্যের অবসান নিশ্চিতভাবেই ঘনিয়ে আসছে। মারাঠা নায়ক শিবাজীর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার ব্যাপারটাও সন্দেহের ঊর্ধ্বে ছিল না। এমনি অবস্থায় ক্রমবর্ধমান শক্তির অধিকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি অদূর ভবিষ্যতে মস্ত বড় কোনো কিছুরই আশা করবে বা না কেন? বস্তুত কলকাতায় ইংরেজ কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার স্কট পঞ্চাশের দশকের প্রথম দিকে বাংলা বিজয়ের এক বিশদ পরিকল্পনা পর্যন্ত তৈরি করে ফেলেছিল। তাতে এ গৌরবময় ঘটনায় কোম্পানি কি পরিমাণ লাভবান হবে তার বিস্তারিত বর্ণনা ছিল। স্কট এটাও জোর দিয়ে বলেছিল যে, বাংলা জয় করতে পারলে immense gains would accrue to the English nation ... ... রাজ্য বিজয় সম্বন্ধে বাংলায় কোম্পানির কর্মচারীদের মধ্যে একটা স্পষ্ট মতলব ও সুনির্দিষ্ট পরিকল্পনা লক্ষ্য করা যায়। আসলে ১৭৪০ দশকের শেষ দিকে ও পঞ্চাশ দশকের প্রথম দিকে ইংরেজ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য চরম সঙ্কটের মুখোমুখি হয়, ফলে তাদের ব্যক্তিগত ব্যবসার স্বার্থে তারা বাংলা বিজয় চাইছিল। অবশ্য এই সময় কোম্পানির বাণিজ্য ও ব্যক্তিগত ব্যবসার মতোই সমস্যাসঙ্কুল পরিস্থিতিতে পড়েছিল। কোম্পানির কর্মচারীদের সঙ্কটাপন্ন ব্যক্তিগত বাণিজ্য স্বার্থকে পুনরুদ্ধার করার জন্য ফরাসীদের বিতাড়ন এবং রাজ্য জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রয়োজন ঘটেছিল তাতে শুধু যে আন্তঃএশীয় এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবসার স্বার্থ রক্ষার উন্নতি ঘটবে তা না, উৎপাদন ক্ষেত্র থেকে সরবরাহ, বাজারহাট, ব্যবসায়ী তাঁতী অন্যান্য কারিগরদের ওপর সার্বিক নিয়ন্ত্রণও নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এ কথা যে শুধু পশ্চাৎ সমীক্ষাতেই ধরা পড়ছে তা নয়, তৎকালীন কোম্পানির কর্মচারীদের বিবৃতি ও কাজকর্মের মধ্য দিয়েও প্রকাশ পেয়েছে। স্কটের বাংলা বিজয়ের পরিকল্পনা, ফ্যাম্বল্যান্ড ও ম্যানিংহামের ক্লাইভকে লেখা চিঠি (১ সেপ্টেম্বর ১৭৫৩) যাতে ইংরেজ বাণিজ্যের বিশেষ করে ব্যক্তিগত ব্যবসার ক্রমাবনতির কথা করুণভাবে প্রকাশ পেয়েছে। কোম্পানির বেচাকেনায় দাদনি থেকে গোমস্তা ব্যবস্থার পরিবর্তন, নবাবের প্রতিফোর্ট উইলিয়াম কাউন্সিল, গবর্নর ও গবর্নর ড্রেকের অনমনীয় এবং মারমুখো মনোভাব এ সবই ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা দখলের যে অভিপ্রায় তারই নির্দেশক। (পৃ. ৬৭)
‘কেন এই পলাশী চক্রান্ত? এ প্রসঙ্গে শ্রী সুশীল চৌধুরী বলেন, মুর্শিদাবাদের শাসকগোষ্ঠীর একটি অংশ এবং ইংরেজরা সিরাজউদ্দৌলার অপসারণ চেয়েছিল বলেই পলাশী চক্রান্তের উদ্ভব। উভয়ের কায়েমী স্বার্থের পক্ষে সিরাজ ছিল অত্যন্ত এটা স্পস্ট যে বাংলার সামরিক অভিজাত শ্রেণী, ব্যবসায়ী গোষ্ঠী ও জমিদারদের নিবিড় জোটবদ্ধতা বাংলার নবাবের পূর্ণ ক্ষমতার ওপর যে চাপ সৃষ্টি করেছিল, সিরাজউদ্দৌলা তা মেনে নিতে মোটেই রাজি ছিলেন না। নবাব হয়েই সিরাজউদ্দৌলা সামরিক ও বেসামরিক উভয় শাসন ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে শুরু করল। মোহন লাল, মীর মদন ও খাজা আব্দুল হাদি খানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এই নতুন ব্যবস্থার ইঙ্গিত বহন করে।... আসলে সিরাজউদ্দৌলার মতো বেপরোয়া তরুণ নবাব হওয়ায় শাসকশ্রেণীর একটি গোষ্ঠী ভীত ও সন্ত্রস্ত হয়ে ওঠে। আগের নবাবদের আমলে এই বিশেষ গোষ্ঠীই সম্পদ পুঞ্জীভবনে লিপ্ত ছিল। এখন তাদের ত্রাসের কারণ সিরাজউদ্দৌলা হয়তো তাদের সম্পদ পুঞ্জীভবনের পথগুলো বন্ধ করে দেবে। সৈন্যাধ্যাক্ষের পদ থেকে মীর জাফরের অপসারণ, রাজা মানিকচাঁদের কারাদ- এবং সর্বোপরি আলিবর্দীর একান্ত বিশ্বস্ত ও প্রভূত ক্ষমতাশালী হুকুম বেগের দেশ তেকে বিতাড়নের মধ্যে শাসক শ্রেণীর চক্রীদল বিপদ সঙ্কেত পেয়ে যায়। এসব সত্ত্বেও ইংরেজদের সক্রিয় সংযোগ ছাড়া পলাশী বিপ্লব সম্ভব হতো না। সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় ইংরেজদের কায়েমী স্বার্থও বিঘিœত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিল। সিরাজ নবাব হওয়ার পর ইংরেজ কোম্পানির কর্মচারিরা ভষিণভাবে শঙ্কিত হয়ে উঠল, পাছে নতুন নবাব তাদের দুই কল্পতরুকে নিজেদের ব্যক্তিগত ব্যবসা ও দস্তকের যথেচ্ছ অপব্যবহার সমূলে বিনাশ করে বসে (পৃ. ৭২)। তাই এই তরুণ নবাকে ধ্বংস করার জন্যই পলাশীর এই চক্রান্ত। এই চক্রান্তের প্রদান হোতা ইংরেজ এবং এ দেশীয়রা তাদের সহযোগী।
দস্তকের যথেচ্ছ অপব্যবহার করার সুযোগটাই ছিল কোম্পানিওলাদের স্বার্থের ক্ষেত্রে আসল ব্যাপার। ১৭৫৬ সালের ১লা জুন ইংরেজদের কাছে নবাবের বিশেষ দূত খাজা ওয়াজেদের কাছে লিখিত নির্দেশে অন্যাণ্য কারণের মধ্যে দস্তক সম্পর্কিত ব্যাপারটাও স্পষ্টভঅবে উল্লেখ করা হয়েছিল। নির্দেশে নবাব তার মনোভাব স্পষ্টভাবে ব্যক্ত করেন, ইংরেজদের আমার রাজ্য থেকে বহিষ্কৃত করার তিনটি প্রকৃত কারণ বিদ্যমান। প্রথমত, দেশের প্রচলিত নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করে রাজ্যের মধ্যে তারা সুদৃঢ় দুর্গ নির্মাণ ও পরিখা খনন করেছে। দ্বিতীয়ত, তারা দস্তকের সুযোগ-সুবিধার যথেচ্ছ অপব্যবহার করেছে এবং যারা কোনোভাবেই এই দস্তক ব্যবহারের অধিকারী নয়, তাদেরও বাণিজ্য শুল্ক বাবদ নবাবের রাজস্বের প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়। তৃতীয়ত, ইংরেজরা নবাবের এমন সব প্রজাকে আশ্রয় দেয় যারা বিভিন্ন প্রকার বিশ্বাসভঙ্গকারী কার্যকলাপ ও অন্যায় ব্যবহারের জন্য নবাবের নিকট কৈফিয়ত দিতে বাধ্য।
শ্রী চৌধুরীর সমাপ্তি মন্তব্যের সাথেও আমরা সম্পূর্ণ একমত। যেখানে তিনি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এ ব্যক্তিগত ব্যবসাই ছিল রাতারাতি বড়লোক হওয়ার সবচেয়ে সহজ পথ এটা যতো অন্যায়ই হোক না কেন, তারা ছাড়তে মোটেই রাজি ছিল না। গবর্নর ড্রেক থেকে শুরু করে সব ইংরেজ কর্মচারীই এই ব্যক্তিগত ব্যবসায়ে লিপ্ত ছিল এবং কেউই এটার মতো লোভীয় জিনিস ছাড়তে চায় না। সুতরাং ইংরেজরাও চাইছিলো সিরাজউদ্দৌলাকে হঠাতে। তাই শাসক শ্রেণীর চক্রীদলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে এলো ইংরেজরা।


এভাবে পলাশী চক্রান্ত সফল হলো। সফল হলো প্রধানত এদেশীয় বেঈমানদের বিশ্বাসঘাকতার জন্যই এবং আশ্চর্যই বলতে হবে দেশী-বিদেশী চক্রান্তকারীদের অনেকেরই জীবনের অবসান হয়েছিল খুই নির্মমভাবে।

Thursday, September 7, 2017

পলাশী এবং তার পরের ঘটনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গী

অরূপদা, নীলাঞ্জন সঈদের সিরাজের মৃত্যু বিষয়ক একটি লেখা পড়তে দিয়েছেন, সোমনাথো য়ামাদের মন্তব্য জানতে চেয়েছেন। নীলাঞ্জন যে ইওরোপিয় ঐতিহাসিকের প্রতিপাদ্য নিয়ে কাজ করেছেন সেটা হল পলাশী হয়ই নি, সিরাজকে খুন করে মীরজাফর, ইত্যদি ইত্যাদি। আমাদের কাছে সিরাজ কি করে মারা গেলেন ইতিহাস গৌণ তো বটেই কিন্তু সিরাজ যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সে তথ্যটা প্রাথমিক।
এবারে আমাদের কথা---
আমরা এই ধরণের ইতিহাস খুঁজি - ব্যতিক্রমী, কিন্তু জোরালো। সুশীল চৌধুরী স্পষ্ট ব্যতিক্রমী ইতিহাসবিদ যিনি উল্টো রাস্তায় হেঁটে সোজাসুজি বলেছিলেন সিংহাসনে বসার পরে সিরাজ অন্য মানুষ। এটা অনেকেই মেনে নিতে পারেন নি। সিরাজ নিয়ে আমরা আজও সুশীলবাবুর অনুগামী, যদি না কোন ব্যতিক্রমী ভাবনা সেটাকে পেড়ে ফেলতে পারে। এই বইটা পড়ার আগে কোন মন্তব্যে যাচ্ছি না। সিরাজ বিষয়ে আপাতত সুশীলবাবু পথ দেখাচ্ছেন। অন্য কিছুতে আমরা তাঁর অনুগামী নই - কেননা আমাদের খোঁজ ছোটলোকের ব্যবসা আর তাদের ব্যবসা কেড়ে নেওয়ার ইতিহাস খোঁজা। অন্য সব গৌণ। এই বিষয়টা নিয়ে কেউই প্রায় কাজ করেন নি বলতে গেলে। তাই আমাদের খোঁজা শুরু হয়েছে শূন্য থেকেই।
ইওরোপিয়রা ভারতে এসেছিল প্রাথমিকভাবে দুটি উদ্দেশ্য নিয়ে
১) বাণিজ্য
২) বাণিজ্যে যে অধমর্ণতা ছিল সেটিকে বদলানো ইওরোপের পক্ষে।
পর্তুগিজ থেকে ফরাসী থেকে ডাচ থেকে ব্রিটিশ সক্কলেই চেষ্টা করেছে সোনার দেশ ভারতউপমহাদেশ দখলের, সফল হয়েছে ব্রিটিশ। এবং ব্রিটিশেরা যুদ্ধে অজেয় পলাশীর আগে এ রকম তত্ত্ব ওঠেই নি। বহুবার মুঘলদের সঙ্গে লড়াইতে তারা গোহারাণ হেরেছে - স্বয়ং সিরাজের সঙ্গে হেরেছে। ১৮০০/১২০৭ সালেও টিপু সুলতানের সঙ্গেই পেরে উঠছিল না তার মারণ হাউয়ের বিরুদ্ধে। তারা সেই হাউই উলরিচে নিয়ে গিয়ে গবেষণা করে নতুন ধরণের হাউই উদ্ভাবন করে এবং তাতেও সফল হয় না - শেষে একজন বিশ্বাসঘাতকএর সাহায্যে টিপুকে বশ করে। এবং সেই হাউই নিয়ে তারা ফরাসীদের বিরুদ্ধে জেতে।
ভারতে ইওরোপিয় মারের ইতিহাসটা পলাশী থেকে শুরু নয় তার অনেক আগে থেকেই চলছে - সেটা পলাশীতে গিয়ে পূর্ণতা পেল।
কি করে?
কারণ দিন চার পাঁচেক আগে এক লেখায় আমরা দেখিয়েছি শুধু পলাশী থেকে ক্লাইভই আইনি ঘুষে রোজগার করেছিল ১১২২৮ কোটি টাকা আজকের মুদ্রায়। তার বাঙ্গালি ব্রিটিশ অনুগামীদের কথা হিসেবে আনি নি।

পলাশী ছিল বিশ্ব ইতিহাসের ব্যতিক্রমী বিন্দু - যেখানে ছলে বলে কৌশলে ইওরোপ তার ব্যালেন্স অব পেমেন্টের গতি পালটে ফেল্ল। এতদিন ওয়েস্ট ইন্ডিজ, লাতিন আমেরিকা, আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া কোথাও বাণিজ্যের নামে, কোথাও দাস ব্যবসায়, কোথাও শুধু দস্যুতা চালিয়ে, কোথাও বাজার থেকে(যেমন্ আমস্টারডামের দামি ধাতু বাজার থেকে রূপো আর সোনা কিনে) সোনা রূপো লুঠ করে এই উপমহাদেশ, চিন আর পারস্যে ব্যবসা করতে আসত - এই উপমহাদেশে ব্যবসার রীতিই ছিল মূলত দামি ধাতু আর দামি রত্ন বিনিময় - যে জন্য আজও বিনিময়ে রূপিয়া কথাটা থেকে গিয়েছে - এবং এই দামি ধাতু ছাড়া মদ্য, আর ঘোড়া ছিল উপমহাদেশের একমাত্র আমদানি। এই যে সম্পদ ইওরোপিয়রা উপমহাদেশে বাণিজ্যের জন্য যোগাড় করত সারা বিশ্বে সন্ত্রাস চালিয়ে, সেটা কোম্পানির ভাষায় ইনভেস্টমেন্ট। 
পলাশীর পরের লুঠে কোম্পানি এত আইনি রোজগার করল(বেআইনি রোজগারের কথা বলছিই না) যে তাকে আর ইওরোপ বা সারা বিশ্বজুড়ে আর এই ইনভেস্টমেন্ট জোগাড় করতে হল না, এক বছর আগেও ১৭৫৭/১১৬৪ সে জাহাজ ভরে সোনারূপো এনেছে ইওরোপ থেকে ১৭৫৮/১১৬৫ থেকে তারা জাহাজ ভরে নিয়ে যেতে শুরু করল দামি ধাতু বাংলা থেকে। বাংলার টাঁকশালের দখল নিল ব্রিটিশ যা সিরাজের সময় পায় নি। তাকে রূপো আরাই শতাংশ বাটা দিয়ে টাকায় ভাঙ্গাতে হত বাংলায়।
ফলে সারা বিশ্বের বাণিজ্য ইতিহাস পালটে গেল। 
কিন্তুয় ব্রিটিশেরা বাংলার খাজানায় তো হাত দিয়ে বিনিয়োগ তুলল, কিন্তু ন্য ইওরোপিয় কর্পোরেট কোম্পানির কি দশা হল? তারাও তো সারা বিশ্বজুড়ে বিনিয়োগ আনত বাংলায়।
এটা আরও গুরুত্বপূর্ণ, ব্রিটিশ ফ্রি মার্চেন্ট, ইন্টারলোপার্স আর কোম্পানির চাকুরেরা ব্যক্তিগত বাণিজ্য করে যা রোজগার করত, সেই লাভ আইনিভাবে লন্ডনে নিয়ে যাওয়া মুশকিল ছিল। তারা সেই বিপুল লাভ বিনিয়োগ করল ফরাসী, ডাচ ইত্যাদি কোম্পানিতে এবং সেই বিল আমস্টার্ডামে বা প্যারিসে গিয়ে তারা ভাঙ্গাত। ফলে ইওরোপিয় কোম্পানিগুলোকে আর বাংলায় ব্যবসা করতে অর্থ বিনিয়োগ করতে হল না, ব্রিটিশ ব্যক্তি ব্যবসায়ীদের বিনিয়োগেই বাংলায় ব্যবসা চালিয়েছে তারা। ফলে ইওরোপ এক বছরেই উত্তমর্ণ হয়ে উঠল।
বিশ্বের ইতিহাস পালটে গেল চিরতরে।
তারপরে শুরু হল ব্রিটিশদের বাংলার বিশিল্পায়ণ।
গোটা ইতিহাসটা আসলে আমরা এই দিক থেকে দেখি - শেষ পর্যন্ত সিরাজ একটা বাঁধ দেওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নি।
অন্য সব কিছু অনুগল্প।

Friday, April 29, 2016

পক্ষ আমাদের নিতেই হবে

কুমারবাবুর পোস্টটার উত্তর ধরল না। তার জন্য আলাদা প্রকাশনী খুলতে হল। মাফ চাইছি।
পক্ষ নিতেই হবে। আমরা প্রত্যেকের বিশেষ করে কুমারবাবুদের অবস্থান সম্মান, শ্রদ্ধা করি। ব্রিটিশ আমলের আগে বাংলার বাণিজ্য, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক যে পরিপূর্ণ বিকাশ ঘটেছিল শুদ্র জাগরণের মধ্যে দিয়ে তার একটা শ্রেয় যায় কুমারবাবুদের মত চিরস্থায়ী বন্দোবস্ত পূর্ব জমিদারদের কর্মকাণ্ডে। নবাবি আমলে বিশেষ করে মুর্শিদকুলি আর আলিবর্দীর আমলে জমিদারদের বৈকুণ্ঠ দেখানো হত খাজনা আদায় ঠিক মত না হলে - তা নিয়ে জমিদারদের উত্তরাধিকারীরা পক্ষ নিতেই পারেন - কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধিতায় সিরাজ যে একা হয়ে যান - পলাশির পর অধিকাংশ জমিদার ব্রিটিশ পক্ষ নেন, সেটা তো ঘোর বাস্তব - এবং তাঁরা ছিন্নভিন্ন হয়ে যান। সব থেকে বড় কথা সিরাজের সাম্রাজ্যের পরের বাংলা শতচ্ছিন্ন লুঠের জন্য পড়ে থাকা একটা ভৌগোলিক অবস্থান হয়ে দাঁড়ায়।
ফিরি প্রকাশনার উত্তরে-
এই সক্কলে ইংরেজিতে যে গাল পাড়লেন তার জন্য ধন্যবাদ। আমায় যে কুমারবাবু ইতিহাসবিদ ঠাওরালেন - তার জন্য মরমে মরে আছি - এত সম্মান বইতে পারলে হয়। হয়ত তিনি আমাদের সামনে দাঁড় করিয়ে নিজের সঙ্গে নিজেই কথা বলেছেন। হবেওবা।বাকিরা যারা তাঁর প্রকাশনার উত্তরদিয়েছেন পক্ষে বিপক্ষে তাদেরও আদাব, জোহার। তবু আপনারা শিক্ষিতরা আমাদের জবাবদিহি চেয়েছেন - দিতে বাধ্য। তাই পেন্নাম জানিয়ে বিজাতীয় পাতি বাংলায় আমাদের কথার কলমপাত করা গেল -
১। কুমারবাবু নিজের ইতিহাসবোধের কথা বলেছেন। শিরোধার্য। আমাদের প্রশ্ন হল আমরা সিরাজকে কিভাবে দেখব - অবশ্যই নিজেদের অবস্থান থেকে আমরা নড়ছি না - মহান কেন? তার সময়ে একমাত্র তিনিই তার দাদুর মত বুঝেছিলেন ব্রিটিশ চরিত্র। দাঁতে দাঁত চেপে শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছেন। সিরাজ খুন করিয়েছেন। ঠিকই, নানান রকম অভিচার ছিল তার, ঠিকইতো। কিন্তু তাঁর আগের কোন সাম্রাজ্য-পুত্র সিংহাসন পেতে খুন লড়াই করেন নি, ঘুষ দেননি, বাবার আমলের আমলাদের অপদস্থ করেন নি, রাজ্যের মেয়েদের হারেমে ঢোকাননি - তার ইতিহাস আর ঘাঁটতে ইচ্ছে করে না। আপনারা শিক্ষিত মানুষ জানেন। শুধু বেঁড়ে ব্যাটাকেই ধর। কেন? তিনি সাম্রাজ্য-উপনিবেশ বিরোধী বলে?
২। তিনি দাদুর আলাল পৌত্র, আতুপুতু করে বড় হয়ে অবাধ ক্ষমতার অধিকার পেলে কি হয় তা আমরা ভারতের ইতিহাসে চোখের সামনে ঘটতে দেখেছি কয়েক দশক আগেই - সিরাজ ছিলেন তাঁদের থেকেও ক্ষমতাধর আর একগুঁয়ে। কিন্তু সিরাজকে নিয়ে ভালবাসা একটাই এই একজন মানুষ তাঁর কিছু সাথী নিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন - ঠিক যেমন লড়েছিলেন ইন্দিরা - সাম্রাজ্যবাদের চক্রব্যুহে দাঁড়িয়ে বাংলাদেশের যুদ্ধে। কুমারবাবু যে ইতিহাসের পাতা উল্টেছেন তা হয়ত সবই ঠিক এবং এ নিয়ে আমার বা আমার দলের ব্যক্তিগতভাবে কিছু বলার নেই - এই নিয়ে শেষ কথা বলার যোগ্যতা আমার/আমাদের আছে বলে আমরা মনে করি না।
৩। কিন্তু ঐ যে, দাদুর থেকে পাওয়া ব্রিটিশ বিরোধিতায় ছিলেন খাঁটিতম। তাঁর ব্রিটিশ বিরোধিতায় অস্বস্তিতে পড়ে(আপনারা বলবেন তার বেলেল্লাপনায় - মাথা নামিয়ে মেনেও নিলাম) ভদ্রলোকেরা সরাসরি পলাশির চক্রান্তে সামিল হলেন। কিন্তু পলাশির পরে ভদ্রলোকেরা কি করলেন - ব্রিটিশদের সরিয়ে নিজেরা ক্ষমতায় এলেন? না তো! তাঁদের লুকোনো দাঁত, নখ ফোলাতে দেখা গেল ব্রিটিশ বাবাদের হয়ে দেশের মানুষের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে নয়। প্রথমে ক্লাইভ পরে হেস্টিংসের পায়ে গড়াগড়ি খেয়ে বাংলায় অবর্ণনীয় লুঠ, অত্যাচার, কয়েক হাজার বছর ধরে তিলে তিলে তৈরি উৎপাদন পরিকাঠামো ধ্বংসে হাত লাগালেন ব্রিটিশদের পঞ্চম বাহিনী হয়ে - সে ইতিহাসটা বোধয় -- না থাক।
৪। কিন্তু তিন সত্যি, ব্রিটিশ বিরোধিতায় বাংলার ভদ্রলোকেরা তাকে পাত, সাথ দিলেন না। বাংলার প্রত্যেক ক্ষমতাবান যেভাবে ব্রিটিশদের সঙ্গে হাত মেলালেন আর তার পরে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত শক্ত করার জন্য উঠেপড়ে লাগলেন, তার তুলনা তাঁরাই। যে তারাকে বাঁচাতে রাণী ভবানীর মত মহিয়সী সিরাজের বিরুদ্ধাচরণ করলেন কোমরে কাপড় বেঁধে - মা হিসেবে সেটা হয়ত ঠিকই ছিল - কিন্তু যে কুমির খাল কেটে আনলেন রাণী, সে কুমির কাকে খেল? কোম্পানি মির কাসেমের মুখোশ পরে ১৭৬১তে আবিষ্কার করল রাণী ভবানীর যতদূর সম্ভব হরবন্দ পরগণার বিভিন্ন জমিদারি এলাকার খাজনা কোথাও ১০ লাখ টাকা কোথাও কুড়ি লাখ টাকা বাড়ানো যেতে পারে। কোম্পানি রাণীর থেকে ৩১ লক্ষ টাকা বেশি খাজনা আদায় চাইল। রাণী অপারগ হওয়ার নবাবের রায়রায়াণ রাণীর জমিদারি চারভাগে ভাগ করে প্রত্যকভাগ একজন আমিলদারের হাতে তুলে দিলেন। রাণীর পুরোনো আমলাদের কয়েদ করা হল। মির কাশেমের সঙ্গে ইংরেজদের যুদ্ধে আবার মির জাফর নবাব হলেন, মন্ত্রী হলেন নন্দকুমার। তাকে ঘুষ দিয়ে হাত করলেন রাণী। কিন্তু জমিদারি বাঁচানো গেল না। টুকরো টুকরো হয়ে গেল রাণী ভবানীর জমিদারিটি। মেরেফেলা হল জগতের শেঠ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদেরকে। পলাশির লুঠের একটা টাকাও দেওয়া হল না।
৫। চক্রান্তে সামিল হওয়া প্রত্যেকটি ধনী ক্ষমতাশালী পরিবার, প্রত্যেকটি প্রখ্যাত মানুষকে খুন করে তাঁদের কোম্পানির পক্ষ নেওয়ার আর সিরাজ বিরোধিতার ধার সুদে আসলে উসুল করে নিল ব্রিটিশ সাম্রাজ্য - কোথায় গেল বাংলার গর্বিত জমিদারির ঐতিহ্য? জমিদারি আর সমাজ ধ্বংস করে পলাশির পর যে বিপুল পরিমান সম্পদ উদ্বৃত্ত হল, তাঁর পরে আর ইওরোপ থেকে একটা পাউন্ডও বাংলায় আনতে হয় নি ব্যবসা করার জন্য - বরং বাংলার দামি ধাতু, সম্পদ থরে থরে চালান হয়ে গিয়েছে ইওরোপে - চির অধমর্ণ ইওরোপ হয়ে পড়ল উত্তমর্ণ, বাংলা অধমর্ণ। পলাশির পর বাংলা শুধু নয় এশিয় উদ্বৃত্ত অর্থনীতি যে হেঁটমুণ্ড উর্ধ্বপদ হয়ে পড়ল - আজও সেই প্রবণতা পালটানো যায় নি - আমরা ভদ্রলোকেরা খেলে চলেছি ইওরোপিয় প্রসাদ সূত্রে আজও - অধমর্ণের অভিনয়ে।
৬। কারু ও বস্ত্র শিল্পীদের হয়ে কাজ করেছেন বাংলার জমিদারেরা আর রাজপরিবারেরা। সত্যিই সিরাজ অর্থে আলিবর্দি পড়া ভাল - সিরাজ আর কতটা সময় পেলেন - ইংরেজের বিরুদ্ধে লড়াই করতেই তাঁর সময় কেটেগেল! সিরাজের পরে বাংলার গ্রামীন উৎপাদনের কি হাল হল সে মায়ের কথা আর মাসিদের কাছে কেন বলি - হয়ত ছোট মুখে বড় কথা হবে - চন্ডীচরণ সেনের নন্দকুমার... তথ্য উপন্যাসটি তার জ্বলন্ত উদাহরণ।
৭। আর আমরা যদি এই সময়ের সঙ্গে সেই সময়ের মিল পাই তাহলে কি খুব ভুল হবে?