প্রাণপ্রিয় তাত্ত্বিক
Arupsankar Maitra নিচের লেখাটি লিখেছেন প্রাসঙ্গিকভাবে এবং জরুরি মনে করেই। আমরা মনে করি উনি সঠিক যায়গায় ভুল মনোব্যথা পেশ করছেন।
সেই ব্রিটিশ আমল থেকে বাংলার যাত্রা এবং গ্রামীন প্রকাশভঙ্গী উভয় সম্প্রদায়ের শিক্ষিত সমাজের কাছে স্রেফ দুয়োরাণী। অরূপদা তাঁর নাটকে নিজেই লিখেছেন কিভাবে গ্রাম কলকাতার দেশিয় বিনোদনকে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ঘোষণা করে প্রখ্যাত বাবু বুদ্ধিজীবি মহল আর পালক ব্রিটিশ সাম্রাজ্য।
গত আড়াইশ বছর ধরে শিক্ষিত বাঙালি এমন একটা প্রজন্ম যে বাউল জানে কিন্তু লেটো জানে না, পট জানে কিন্তু খন জানে না, জং জারি মোর্শিয়া, দং, ধুয়া, ব খেলা কিস্যু জানে না এবং এই তালিকা লিখে শেষ করা যাবে না। এমনি কৃষ্টিগত অশিক্ষিত শহুরে অভিজাতরা।
তার কৃষ্টি পৃষ্ঠপোষণার তালিকাতে যাত্রা হল নেসেসারি এভিল। লোকোসংস্কৃতি বিশেষজ্ঞরা আদতে ব্যর্থ সাহিত্যিক, তারা যাত্রাকে ইওরোপিয় ফোকিয় সূত্র অনুসারে বিন্দুমাত্র কল্কে দেন নি। ফলে বাউল ছোএর মত কিছু লোকোসংস্কৃতিচর্চা ভদ্রবিত্তের পাতে পড়লেও যাত্রা ব্রাত্য থেকে গিয়েছে বাবু সমাজের চেতনায় - যাত্রা দেখে ফাত্রা লোকে।
যে ব্যাটা-বেটি গত কাল ইংরেজিশিক্ষিত মায়ের পেট থেকে পড়ে কান্নাটুকুও দেওয়ার সময় পায় নি, সেও ইওরোপমুখ্য আঁতেল সিনেমা আর থিয়েটার বানাবার চক্করে জুড়ে যেতে কেউ এনসডি না হয় পুণে, নাহলে এসারএফটিয়াই না হলে অন্তত যাদবপুরের ফিল্ম স্টাডিজে ভর্তি হতে তদ্বির লাগায় বা অমুকবাবুকে ধরে অমুকজনের শাখা খোলার জন্যে বসু-মুখোপাধ্যায়-সেনগুপ্তদের চ্যালাদেরকে তেল লাগায় যাতে কেন্দ্রিয় সরকারের লাখি গ্রান্টটা তার সংগঠনে আসে এবং সে ওগুলো নিজের ভোগেই লাগায়।
অরূপদা, আমরা কষ্ট পাই না। বড় পুঁজির সেবাদাস ভদ্রবিত্ত বাঙ্গালির চিত্তরূচি আমরা জেনে গিয়েছি। বাঙালি বড় পুঁজি আদতে তার ভদ্রবিত্ত চাকরদের মতই শেকড় হীন। সে কেন শেকড়ের কথা বলবে অরূপদা? আমরা ঠিক জানি ঠিক যে রকম ঝাঁকসু, হরকুমার গুপ্ত, করুণাকান্ত হাজরা, মাধাইদাস মহান্ত, সুবলদাস বৈরাগ্য, নেপাল সূত্রধর, কামেশ্বর দেশি, আলতা সরকার, শাল্কু টুডু, ওয়াহাব আলি... বড় পুঁজির সংবাদমাধ্যমকে গুরুত্ব দিতেন না, দেন না, দেবেননা। মুখ দেখাবার জন্যে হত্যে দিয়ে পড়ে থাকেন না আজও।
তেমনি শ্যামলবাবু জানতেন পুঁজির স্বস্তির বন্ধু ভদ্রবিত্তেরা যাত্রাকে পাত্তা দেয় না।কারণ একটাই। তিনি জানেন রোজ কলকাতার যতমানুষ আনন্দবাজার পড়ে তার থেকে বেশি মানুষ তাঁর যাত্রা দেখে। প্যাণ্ডেলে লাখের কাছাকাছি, কোথাও আরও বেশি মানুষ হয়! নয়ের দশকে দেখেছি মালাবতী বা পোস্তবালার বা সালাবত মাহাতর ঝুমুইর অনুষ্ঠানে লাখো কালো মাথা - শুনলে গল্পকথা মনে হয়।
শেকড়ের শিল্পীর কি বয়ে গেছে এই শেকড় হীন, নির্জীব, দাসানুদাস, বাবুভজা, বড়পুঁজির সরাসরি দালাল দাসদের হাতে থাকা সংবাদমাধ্যমকে রেয়াত করতে। তার একটা ডাকে লাখো মানুষ কাঁদেহাসেগানগায়।
আমরা দুঃখ করি না। কারণ আমরাই যাত্রা আমরাই পালা আমরাই মানুষ। বড়পুঁজির সংবাদমাধ্যম মায়ের ভোগেযাক।
আমরাই বাংলা!