Showing posts with label পটুয়া. Show all posts
Showing posts with label পটুয়া. Show all posts

Friday, December 7, 2018

বাংলা অশিক্ষিত এবং হরপ্রসাদ শাস্ত্রী

হরপ্রসাদ শাস্ত্রী আমাদের মত বাংলা-অশক্ষিতদের কতগুলো বাংলা দৃষ্টি দিয়েছিলেন। সময়ের পলিতে কিছু কিছু দৃষ্টিভঙ্গী হয়ত পাল্টেছে কিন্তু তিনি যে ঠ্যালা দিয়ে বাংলা অক্ষে ঢুকিয়ে দিয়েছিলেন, তার ভূমিকা আজ স্বীকার না করলে মহাপাতকী হতে হবে। এটা বলা যায় একলব্যি
১) ১০০০ বছর আগে বাগদী ইত্যাদিরা রাজা ছিল যেখান থেকে সাধারণ জীবনবৃত্তের খোঁজের যাত্রা, হকার-কারিগরদের আশ্রয় গ্রহন
২) পটুয়ারা বৌদ্ধদের সময়ের পেশা, তাদের তখন নাম ছিল মষ্করী
৩) হাতি পোষমানাবার শাস্ত্র এবং মুণি পালকাপ্য বাংলাতেই আবির্ভূত হন (আসামে আউনিয়াঁটি সত্রতে হস্তীবিদ্যার্ণব পুথি হাতির দাঁত থেকে তৈরি পূর্ণাবয়ব ৫x৭ পাটি দেখে এসেছি)
৪) ধর্মের প্রতীক কুর্ম, বৌদ্ধ চৈত্যের ইঙ্গিতিক রূপ - যা পরে ভুল প্রমানিত হয়েছে কিন্তু ধর্ম যে রাঢ বাংলার কৃষ্টিতে বিপুল বিশাল ভূমিকা পালন করেছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন
৫) কোন পরিবেশে বৌদ্ধ শ্রমণেরা ইস্লামে আশ্রয় নিলেন তার ভূমিকা - যা নিয়ে পরে বিনয় ঘোষ বিশদে কাজ করবেন কর্তাভজা বা সতীমা আলোচনায় বাংলার গণআচারে ইসলামের প্রভাব।
৬) গাজন বাংলার সার্বজনীন উৎসব
৭) বেনের মেয়ে পড়ে প্রথম বুঝলাম বাঙালি এক সময় বিপুল আন্তর্জাতিক বাণিজ্যও করত
8) দীপঙ্কর তিব্বতে চলে গেলে বাংলা আঁধার হয়ে যাবে - দীপঙ্করের গুরু নাঢ়পাদের জবানে মন্তব্যটি প্রকাশ করে বৌদ্ধ মঠে পঠন প্রক্রিয়ার অন্তর্নিহিত ভালনারেবিলিটি প্রকাশ করেছেন। সেই রাস্তা ধরে বুঝতে চেষ্টা করি আক্রমনকারীর লুঠ বা খুন অত্যাচার সইতে পারল না কেন বৌদ্ধ পঠন ব্যবস্থা। হরপ্রসাদের মত স্টেটিস্ট জ্ঞানী দীপঙ্করের সঙ্গে রত্নাকর শান্তি নাঢ় পাদ, বা নাঢ়ী ইত্যাদির জ্ঞানচর্চা আলোচনাটি করেছিলেন বলেই বুঝলাম কেন্দ্রিভূত যে কোন ব্যবস্থাই ভঙ্গুর, তাকে রাষ্ট্রীয় ঠ্যাকনা দিয়ে দাঁড় করিয়ে রাখতে হয়। রাজারা সরে গেলে ঠ্যাকনা সরে যায় আর ব্যবস্থার ভূমিশয্যানিশ্চিত করে।
আরও অনেক কিছু যা এক্ষুণি মনে পড়ছে না।

Thursday, March 1, 2018

উপনিবেশ বিরোধী জ্ঞানচর্চা - ক্ষমতা হারানোর ব্যথা

অসুর আর সাঁওতাল দুটি সম্পূর্ণ আলাদা সমাজ। সাঁওতাল সমাজে হুদুরদুর্গার গল্প আছে সেটি অনেকেই জানি, নেট খুঁজলে পাওয়া যেতেও পারে - সেটি ক্ষমতা হারানোর গল্প - বেশ জোরালোও বটে - দাঁসাই নাচ এর একটি সাংস্কৃতিক প্রকাশ। তথাকথিতভাবে মধ্যবিত্ত বাঙ্গালী যাঁদের জনজাতি বা উপজাতি বলে(কেন?), তাদের এক করে দেখার প্রবণতা আছে - প্রত্যেকের আচার, সমাজ বন্ধন, কৃষ্টি, সমাজ গড়ে ওঠার গল্প, কিন্তু আলাদা আলাদা। কিন্তু অনআদিবাসী সমাজ এদের নানান বিষয়কে এক করে দেখতে পছন্দ করি। ঠিক যেমন আম মধ্যভদ্রবিত্ত বাঙালী, পাশের ঘরের নেপালী, জাপানী, চিনা বা অন্যান্য দক্ষিণপূর্ব এশিয়ার মানুষকে এক নজরে খুব বেশি আলাদা করতে পারে না। এঁরা খুব পুরোনো ধাতুবিদ - গোন্দ এলাকার বাস্তারর অবুঝমাড় ইত্যাদি খনি অঞ্চলে এ ধরণের প্রচুর সমাজ আছে - দাক্ষিণাত্যে ছিল উত্তরপূর্বে ছিল। পূর্ব ভারতে সাঁওতাল আর অসুর দুটো সম্প্রদায়ই কিন্তু লোহার কাজে মাহির ছিল। সাঁওতালেরা এখন ভুলে গিয়েছেন, কিন্তু বাংলা জুড়ে থাকা অসুরেরা আজও যে লোহা তৈরি করেন তাতে জং পড়ে না।
হীতেশ রঞ্জন সান্যাল এবং আরও অনেক ব্রিটিশ জ্ঞানচোর লিখে গিয়েছেন সাঁওতাল সমাজের লোহা গলানোর দক্ষতার কথা। কিন্তু তাঁরা অস্ত্র বা তৈজস তৈরি করতেন না। এই কাজটি করতেন কামারেরা। তাঁদের গ্রামের বাইরে এনে বসাতেন সাঁওতাল সমাজ। যে লোহা গলিয়ে তাঁরা বাট তৈরি করতেন তা নিয়ে কামারেরা নানান ধরণের দ্রব্য তৈরি করতেন। তাঁর একটা বড় হিসেব দিয়েছেন সান্যাল মশাই। ১৯০৯ সালে এডূইন রায় ওয়াটসন বাংলার লোহা শিল্প নিয়ে একটা ছোট্ট বই লেখেন - যার গড়ন মোনোগ্রাফএর। সূত্র https://archive.org/details/monographonirons00watsrich।
তো আমার ধারণা এই বিতর্কে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষমতা হারানোর ব্যথা। বাংলায় শুধু নয়, অসুর, ঘোষ, বিশ্বাস, পোদ, হাড়ি, বাগদি, সাঁওতাল, পটুয়া(যাদের নাম ছিল মষ্করী - যারা দক্ষিণ পূর্ব এশিয়ায় মহাযানী গুম্ফায় চিত্রগুলি তৈরি করেছেন, আজও করেন উত্তরবঙ্গের পেদঙ্গের গুম্ফায় কয়েক বছর আগে করেছেন), ব্যবসায়ী, নাথ বৈদ্যক সহ হাজারো সমাজ একসময় পূর্ব ভারতের উৎপাদন-বিতরণ, স্বাস্থ্য, জীবনযাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সূত্র ছিলেন - পালেদের সময় লড়াই করেছেন ভীম-দিব্যোক কৈবর্তরা - সেই পালেরা আজকের মাটি ছানা পাল নয় অন্য কিছু ছিলেন(তাই সেই সময়কে মধ্যবিত্ত ঐতিহাসিকরা দাগিয়ে দিলাম মাতস্যন্যায় বলে) - বৌদ্ধ রাজা রূপা বাগদীর নাম নিয়েছেন বেনের মেয়ে উপন্যাসে হরপ্রসাদ শাস্ত্রী - ধর্মমঙ্গলে ডোম কন্যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন - আগডুম বাগডুম ঘোড়া ডুম তো ডোমেদের নিয়ে স্পর্ধাগীতি।
এঁরা সক্কলে মিলে এই পূর্ব ভারতের কৃষি আর শিল্প ভিত্তিক সভ্যতাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন নিজেদের মত করে - তাই দ্বারভাঙ্গা ছিল বঙ্গএর দ্বার - তার পর ম্লেচ্ছদের যায়গা, যোনিস্থান - আর ছিল প্রযুক্তির জ্ঞানচর্চা তন্ত্রবিদ্যা - তার সঙ্গে বাংলার উৎপাদন ব্যবস্থা ধাতুবিদ্যা রসায়ন বিদ্যার বিশেষ যোগ ছিল - যা পাই ভগভট্টের রসরত্নসমুচ্চয় সহ প্রচুর জ্ঞানচর্চায় - আমরা এদের এলকেমিস্ট বলে দেগে দিয়েছি।
তাই শুধু বাংলা নয় পূর্ব ভারত ছিল শূদ্র ভারত। পাটনা মানে চম্পার আর্যভট - পৈতে পরা ভট্ট নয় - তাহলেই ব্রাহ্মণ হবেন, ভট হলে দাস বা নিচু শ্রেণীর সেনানী - তিনি অসাধারন কাজ করে গিয়েছেন -তাঁর কাজের রেশ বছর গড়িয়ে ভারত জুড়ে ক্ষুদ্রতম-বৃহততম অঙ্কের জ্ঞানচর্চা গড়ে উঠেছে, অন্ধ্র কেরলে লিমিট ছাড়া কলনবিদ্যার বিকাশ ঘটেছে পুতুমানা সোমাইয়া ইত্যাদি মানুষের কাজে - এই কয়েকশ বছর আগেও তা চার্লস উইশের লেখায় প্রকাশ পেয়েছে - তাঁর মত অন্যান্য শুদ্ররা যে সভ্যতা তৈরি করেছেন জ্ঞানে প্রযুক্তিতে দক্ষতায় - তার বলে ১৮০০ সালের আগে পর্যন্ত পূর্ব ভারত বিপুল ব্যবসা করত সারা বিশ্বে - এ নিয়ে আমাদের দীনেশ সেন বা হরপ্রসাদ শাস্ত্রী প্রচুর কাজ করে গিয়েছেন - নতুন করে বলা বাহুল্যমাত্র - যেমন এই লোহা আর ক্রুসিবল ইস্পাত যেত দামাস্কাসে।
সমস্যা হল এই মানুষেরা ক্ষমতা হারালেন, উৎপাদন ব্যবস্থা হারালেন, নিজেদের সমাজ ধ্বংস হওয়া দেখলেন চোখের সামনে - সমাজের জমি সম্পদ জ্ঞানচর্চার পরিবেশ কেড়ে নিয়ে বিশিল্পিয়ায়ন করল ব্রিটিশ আর কর্পোরেট মধ্যবিত্ত যৌথ উদ্যম - লড়াই করলেন - পারলেন না - আর তার রেশ তাদের সংস্কৃতিতে পড়ল।
এক পক্ষের সব হারানো বা অন্য পক্ষের ধারের সভ্যতা গড়ার রূপ হয়ত দুর্গা পুজো। এ নিয়ে আমাদের কথা বলা সাজে না। গুণীরা বলুন।

Sunday, January 7, 2018

বাংলা গ্রাম শিল্প পরম্পরা - অপৌরুষীয় জ্ঞান-দক্ষতা চর্চা









টেপা পুতুল
দয়া করে এই ছবিগুলি একটু নজর দিয়ে দেখুন... কি অসাধারণ মেধা, কি অসাধারণ দক্ষতা, কি অসাধারণ ঐতিহ্যের প্রতি মমত্ববোধ, কি সাধারণ শৈল্পিক দক্ষতার রেণু আর রেশ ছিটকে পড়ছে ছবিগুলো থেকে! এ গুলো বাংলার পটুয়া কন্যাদের শিল্প সৃষ্টি। না শিল্প বোদ্ধারা আপনারা কোনদিন এগুলিকে এক তিনিশ পরিমানও শিল্পের মর্যাদা দেন নি। তাতে তার বয়েই গিয়েছে। সে অন্তত কয়েক হাজার বছরের শেকড়ের পরম্পরার নিজেকে জারিত রেখেছে আপনাদের দূর সাগরপারের মুগ্ধ দৃষ্টির উল্টো পথে দাঁড়িয়ে।

বাংলায় পটুয়াদের পরম্পরা অন্তত বুদ্ধ পূর্ব সময়ের - হয়ত আরও বহু পুরনো সে পরম্পরা। জাতকে পটুয়াদের উল্লেখ পাওয়া যায় - নাম মস্করী। হরপ্রসাদ শাস্ত্রী 'বেনের মেয়ে' উপন্যাসে বিশদে মষ্করীদের কর্মকাণ্ড লিখেছেন। দীনেশ চন্দ্র সেন 'বৃহতবঙ্গ'তে বলছেন দক্ষিণপূর্ব এশিয়ায় যত মহাযান গুম্ফা রয়েছে তার দেওয়ালগুলোতে যে ছবি আঁকা রয়েছে তা সব আজকের পটুয়াদের পূর্বজদের রচনা। বৃহতবঙ্গে বিশদে বলেছেন। সে কথার প্রমান পাই কালিম্পঙের পেদং গুম্ফায় - বছর সাতেক আগে সেটি নবকলেবর ধারিত হচ্ছিল। তখন দেওয়ালে নতুন করে যে সব ছবি আঁকা হচ্ছিল, তার ভিত্তিভূমি তৈরির পদ্ধতি হল পটুয়ারা যেমন করে পট তৈরি করেন, সেই ভাবে।

ফিরি বাংলায় টেপা পুতুলের কথায়। নান্দনিক বাংলার ততোধিক নান্দনিক পুতুলগুলোর মধ্যে অন্যতম পটুয়া মায়েদের পুতুল। তাঁরা ন্যুনতম আঁচড়ে, অনিন্দ্য শিল্পবোধে, প্রকাশ করেন বস্তুর ভাব। বাঙ্গালীর সৌভাগ্য, বাংলায় যে কজন গ্রাম শিল্পী/উতপাদক কয়েক হাজার বছরের পরম্পরা আজও তাঁরা ধারণ করে রয়েছেন, তাঁদের মধ্যে পটুয়া/মষ্করী মায়েরা অন্যতম।

পটুয়া কন্যারা, তাঁদের সন্তান-সন্ততিদের জন্য উনুন নিকোবার পরে সেই বাড়তি মাটি ছেনে গড়ে তোলেন এক আশ্চর্যময় উজ্জ্বলতম সব শিল্পকর্ম। সেই ছোট ছোট সব পুতুলকে তাঁরা ফেলে দিতেন নেভা উনুনে। পরেরদিন সকালে টকটকে লাল রঙে হয়ে প্রায় ঝামা হয়ে উঠে আসত পুতুলগুলো, বাচ্চাদের খেলার জন্য। এ এক আশ্চর্য অসম্ভব কাব্যিক ভাগ্যবান বাংলার শিশুবেলা। এক আমাদের অন্যতম প্রধান জ্ঞানচর্চার ইতিহাস - যেখানে পুর্বজদের শিল্পভাবনা চারিয়ে যেত পরবর্তী প্রজন্মএর বোধে - খেলতে খেলতে। পরের দিকে এটি বাংলার পটুয়াদের নিজস্বতার ঘরানা হয়ে উঠেছে। তারাপদ সাঁতরা একে টেপা পুতুল বলেছেন।

এই টেপা পুতুল বাংলার মহিলাদের অন্যতম শিল্পকর্ম ছিল - বোধহয় আজও আছে। আমার মনে আছে ছোট বেলায় আমার বিধবা, ছোট করে চুল ছাঁটা, সাদা কাপড় পরা, নিরামিশ খাওয়া দিদিমা রাতে উনোন নিকোনোর পর উদ্বৃত্ত মাটি নিয়ে ছোট ছোট করে পুতুল গড়তেন। সঙ্গে ট্যাঁকে গুঁজে অবধারিত নিতেন আমায়। আমার মা-বাবা থাকতেন দূর দেশে। আমি থাকতার দিদিমার সঙ্গে গ্রামে। আমার নান্দনিক দিদিমা বাংলার পরম্পরার শিল্পবোধ চারিয়ে দিয়েছিলেন এই অকালকুষ্মাণ্ড আমার মধ্যে। সেই পরম্পরার বিন্দুমাত্র আমি পাই নি। কিন্তু আজও চোখে লেগে রয়েছে সেই শিল্পকর্ম। আমার প্রথমদিকে কাজ ছিল সেই কাদামাটিগুলি গোল্লা গোলা করে পাকিয়ে উনুনে ছুঁড়ে দেওয়া, সেই গোল্লাগুলি নিয়ে বন্ধজুরা খেলতামও আবার মালাও তৈরি হত। আমার ধারণা শুধু আমার দিদিমা নয়, কোটি কোটি গ্রামীন মহিলা তাঁদের উত্তরপ্রজন্মকে এই উপহার দিতেন।

আহা আহা আহা!

আজও গায়ে কাঁটা দেয়। কোন ঐতিহ্য আমরা ধারণ করে রয়েছি।