Showing posts with label কৈবর্ত বিদ্রোহ. Show all posts
Showing posts with label কৈবর্ত বিদ্রোহ. Show all posts

Friday, September 22, 2017

কৈবর্ত বিদ্রোহ৩ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

বাঙ্গালার ইতিহাস- প্রথম

... রামপাল ও তাঁহার সামন্তগণ নৌকামেলক দিয়ে ভাগীরথী পার হয়েছিলেন(তার প্রায় কয়েকশ বছর পরে এইভাবে আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা আর সুজা এইভাবেই গঙ্গা বা অন্যান্য নদী পার হয়েছেন)। রামচরিতের টীকা হইতে কোন স্থানে রামপালের সহিত কৈবর্ত্ত-রাজের যুদ্ধ হইয়াছিল, তাহা বুঝিতে পারা যায় না; তবে ইহা স্থির যে, বরেন্দ্রভূমির দক্ষিণ-পশ্চিমাংশে কোনও স্থানে যুদ্ধ হইয়াছিল। কৈবর্ত্ত রাজ ভীম যুদ্ধকালে জীবিতবস্থায় ধৃত হইয়াছিলেন। অন্য একস্থানে লিখিত আছে যে ভীম হস্তি পৃষ্ঠে ধৃত হইয়াছিলেন। কৈবর্ত্তরাজ ধৃত হইয়াছে শুনিয়া রামপালের সেনাগণ উৎসাহিত হইয়াছিল। ভীম ধৃত হইলে কৈবর্ত্ত-সেনা পরাজিত হইয়া পলায়ন করিয়াছিল। রামপাল যুদ্ধারম্ভে ভীমের রাজধানী ডমরনগর ধ্বংস করিয়াছিলেন। সন্ধ্যাকরনন্দী ডমরকে শত্রুপক্ষের রাজধানী বলিয়া উপপুর আখ্যায় অভিহত করিয়াছেন। যুদ্ধান্তে ভীম বিত্তপাল নামক জনৈক কর্ম্মচারীর তত্ত্বাবধানে অবরুদ্ধ হইয়াছিলেন। পরাজিত কৈবর্ত্ত-সেনা হরি নামধেয় জনৈক নায়ক কর্তৃক একত্র হইয়াছিল। হরির সহিত যুদ্ধে রামপালের পুত্র(সম্ভবত রাজ্যপাল) বীরত্ব প্রকাশ করিয়া তাঁহাকে পরাজিত করিয়াছিলেন। যুদ্ধান্তে হরি ধৃত হইয়া ভীমের সহিত নিহত হইয়াছিলেন। ইহার পরেই বোধহয় সমগ্র বরেন্দ্রভূমি রামপালের অধিকৃত হইয়াছিল। রামপাল ভীমের সেনাগণকে নিজের সেনাবাহিনীতে নিযুক্ত করিয়াছিলেন। বিদ্রোহদমনান্তে রামপাল গঙ্গা ও করতোয়ার মধ্যে রামাবতী নাম্নী একটি নূতন নগরী নির্ম্মাণ করিয়াছিলেন। শ্রীহেতুর চণ্ডেশ্বর ও ক্ষেমেশ্বর এই নূতন নগরীর উপযুক্ত স্থান নির্দ্দেশ করিয়াছিলেন। রামপালদেব এই নগরে জগদ্দলবিহার নামে একটি বিহার নির্ম্মান করাইয়াছিলেন। রামাবতী পাল-রাজবংশের শেষ রাজধানী এবং রামপালের কনিষ্ঠ পুত্র মদনপালের রাজ্যকালেও রামাবতী গৌড় রাজ্যের রাজধানী ছিল, খৃষ্টিয় ষোড়শ শতাব্দীতেও রামাবতী নগরী বিদ্যমান ছিল, কারণ আবুল ফজল প্রণীত আইনিআকবরীতে রামৌতি নগরের উল্লেখ আছে(আমাতি নামে দক্ষিণ দিনাজপুরে ঐ গ্রামটির নাম হয়েছে)।


স্থান নামের টীকাঃ পীঠী দক্ষিণ মগধের(গয়া) প্রাচীন নাম। দেশাবলীতে পীঠীঘট্টা নাম পাওয়া যায়, হয়ত এটা গঙ্গা বা অন্য কোন নদীর তীরে অবস্থিত বোঝা যায়। সামন্তচক্রের নামমালায় প্রথমে পীঠীর নাম উল্লেখ হয়েছে। মূল শ্লোকে পীঠীপতি বন্দ্যো উপাধিতে অভিহিত হয়েছেন। গৌড়েশ্বরের সামন্তচক্রের প্রধান ছিলেন ভীমযশঃ। নগেন্দ্রনাথ বসুর মতে কোটাটবী ওডিসার জঙ্গলময় স্থান, আইনিআকবরীতে কটকের অন্তর্গর কোটদেশ বলা হয়েছে। দণ্ডভূক্তি মেদিনীপুর জেলার দক্ষিণে অবস্থিত। বালবলভী মহামহোপাধ্যায় হরপ্রসাদের বক্তব্য বালবলভী বগড়ী, কিন্তু এ বিষয়টি প্রমাণিত হয় নি। দেবগ্রাম যে নদীয়ায় অবস্থিত ছিল তা বলা মুশকিল এই নামে প্রচুর গ্রাম আছে। অপারমন্দারের নাম মন্দারণ বলছেন নগেন্দ্রনাথ বসু, কিন্তু লেখক নিঃসন্দেহ নন। কুজবটীর অবস্থানও পাওয়া যায় নি। তৈলকম্প অর্থাৎ পুরুলিয়ার তৈলকুপি। উচ্ছালের অবস্থান আজও পাওয়া যায় নি। ঢেক্করী হল উত্তররাঢের ঢেকুরী। কৌশাম্বী হল রাজসাহীর কুসুম্বা। হুসেন শাহের পুত্র নসরত শাহের একটা মসজিদ আছে।

কৈবর্ত বিদ্রোহ২ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

বাঙ্গালার ইতিহাস- প্রথম খণ্ড

...দ্বিতীয় শূরপালদেব কোন সময়ে সিংহাসন লাভ করিয়াছিলেন, কত দিন রাজ্য করিয়াছিলেন এবং কিরূপে তাঁহার রাজ্যের অবসান হইয়াছিল, তাহা জানিবার কোন উপায় নাই। সন্ধ্যাকরনন্দী এই বিষয়ে নীরব। ‘রামচরিত’এ শূরপালের সিংহাসন-লাভের, তাঁহার রাজ্যকালীন ঘটনার এবং তাঁহার মৃত্যুর বিবরণের অভাব দেখিয়া অনুমান হয় যে, রামপাল কোনও উপায়ে শূরপালকে সংহার করিয়া পৈত্রিক রাজ্যাধিকার প্রাপ্ত হইয়াছিল। শূরপালের পরে রামপাল গৌড়-রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। রামপালের অভিষেককালে পাল-রাজগণের অধিকার বোধ হয় ভাগীরথীর ও পদ্মার মধ্যস্থিত ব’দ্বীপে সীমাবদ্ধ হইয়াছিল; কারণ রামপালকে দিব্বোকের রাজ্য উত্তরবঙ্গ অধিকারের জন্য ভাগীরথীর উপরে নৌমেলক বা নৌসেতু বন্ধন করিতে হইয়াছিল(মেমরিজ অব এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, ভল ৩, পৃ১৪)। রামপাল, শূরপালের মৃত্যুর পরে যখন গৌড়-সিংহাসন-লাভ করিলেন, তখন দিব্ব্যোকের ভ্রাতুষ্পুত্র ভীম গৌড়-সিংহাসনে অধিষ্ঠিত। দিব্বোকের পরে বোধ হয়, তাঁহার ভ্রাতা রূদোক গৌড়-রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। রূদোকের পুত্র ভীম উত্তরাধিকারসূত্রে উত্তরবঙ্গের সিংহাসনে আরোহন করিয়াছিলেন(সা ভূমি অভিখ্যয়া নাম্না বরেন্দ্রী ত্রস্তা অস্য দিব্বোকস্য যো অনুজো রূদোকঃ তদীয়তনয়স্য ভীমনাম্নঃ রন্ধ্র প্রহরিণঃ ক্রিয়াক্ষমস্য অলংকর্ম্মীণস্য যথোক্তক্রমেণ রক্ষণীয়া ভূৎ। স তত্র ভূপতিঃ বর্তমানঃ।। - কৈবর্তনায়ক দিব্বোক সম্ভবঃ প্রথমে পাল-রাজগণের ভৃত্য ছিলেন। ‘অতএব কান্তা-কমনীয়া দিব্যোহ্বয়েন দিব্যনাম্না দিব্বকেন মাংসভূজা লক্ষ্যা অংশং তুঞ্জানেন ভৃত্যেনোর্চ্চৈদেশকেন উচ্চৈমহতী দশা অবস্থা যস্য অত্যুচ্ছ্রিতেনেত্যর্থ্যঃ দস্যুনা শত্রুণা তদ্ভাবোপন্নত্বাৎ অবশ্যকর্তব্যতয়া আরব্ধং কর্ম্ম ব্রতং ছদ্মনি ব্রতী – রামচরিত, ১.৩৮ টীকা)। সেই সময়ে রামপাল অত্যন্ত হতাশ হইয়া পড়িয়াছিলেন।(অতিশয়েন বিনাশী বিনাশিতমঃ স্বারির্যাভ্যাং যযোবা তৌ সমূচ্চয়ে ভুজৌ বিপক্ষাক্ষিপ্তভুজ্যমানভূমিত্বাৎ বিফলৌ দবৎ। উপগতা ইষ্টতমা মিত্রাণি মাতৃবান্ধবো যস্য সসুতঃ, ধাম শৌর্য্যং স্বং শূন্যং মিথ্যা কলিতমান – রামচরিত, ১।৪০)। তাঁহার পুত্র রাজ্যপাল ও অমাত্যগণ সর্ব্বদা কর্ত্তব্যাকর্ত্তব্য সম্বন্ধে তাঁহার সহিত পরামর্শ করিতেন(সধ্যা অমাত্যেন সুনুনা সুতেন চ সহ কৃতৌ পরমৌ মহান্তৌ উহাপৌহোয় ইদং কর্তব্যম ইদং ন কর্তব্য ইত্যাদিকৌ যেন স্থিরতত স্থিরসম্বিতঃ কৃতনিশ্চয়ঃ উত্থানং উদ্যমং লব্ধবান।। রামচরিত, ১.৪২ টীকা)। তদনন্তর রামপাল সাম্রাজ্যের প্রধান সামন্তগণের সহিত সাক্ষাৎ করিবার জন্য কিয়দ্দিন পর্য্যটন করিয়াছিলেন এবং আটবিক, অর্থাৎ - বনময় প্রদেশসমূহের সামন্তগণের সহিত মিত্রতা স্থাপন করিয়াছিলেন(রামপালেন সাম্নতচক্রং প্রণিনীষুণা পৃথ্ব পর্য্যটিতা তত্র ব্যালা আগ্রহারকা বৈষয়কা আটবীয়সামন্তাঃ উর্বীভৃদ্রাজা। ইষ্টার্থোহভিলষিতার্থঃ। - রামচরিত, ১।৪৩)। পর্যটনান্তে রামপাল বুঝিতে পারিলেন যে, সাম্নতগণ তাঁহার ব্যবহারে সন্তুষ্ট হইয়াছেন(সহ সম্বধার্থং সামন্তব্রজং বক্ষমানায়কং অন্বয়াস্যাভুদয়স্য ভবনং অবিতনয়ং গূঢানীতিং মিত্রকোটিপ্রবিষ্টং স রামপালোহনুমেনে। - রামচরিত, ১।৪৪)। তদনন্তর তিনি পদাতিক, অশ্ব ও গজারোহী সেনা সংগ্রহ করিলেন। এই সময়ে তাঁহার নদীতীরস্থিত বহু ভূমি ও বিপুল অর্থ দান করিতে হইয়াছিল(দেবেনভুবো বিপুলদ্রবিণস্য চ দান্তঃ-সুখাচক্রে।/ অমূনা হরিনাগপদাতিলব্ধবহলত্রভাবোহসৌ।।/ অন্যত্র অমুনা দেবেন রাজ্ঞাহসৌ সামন্তব্রজঃ হরয়োহশ্বা নাগা হস্তনঃ পদাতয়ঃ এভির্লব্ধো বহলঃ প্রভাবো যেন তাটকভুবো ভূমের্বিপুলস্য ধনস্য চ দান্তস্ত্যাগাৎ অনুকূলিতঃ। - রামচরিত, ১।৪৫)।


ত্রিবিধ সেনা সংগৃহীত হইলে রামপালদেবের মাতুলপুত্র রাষ্ট্রকূটবংশীয় শিবরাজদেব সেনা লইয়া রামপালের আদেশে গঙ্গা পার হইয়াছিলেন(তরসাবলেন শিবরাজনাম্না মহাপ্রতীহারেণ রাষ্ট্রকূট্মাণিক্যেন অস্য রামপালেস্য ভর্ত্তুরাষ্ণয়া হিতৈষিণা আশু শীঘ্রং গজেন বলবতা সৈন্যবতা তুরঙ্গপুঙ্গবৈ খ্যাতং শৌর্য্যং যস্য। খরগু তীক্ষ্ণরশ্মিস্তস্যেব রুগ দীপ্তীর্যস্য সূর্য্যবত্তে জস্বিনেত্যার্থঃ।। রণো যুদ্ধং তত্রত্যবিক্রমেণ দীর্ণঃ ভীত ইন্দ্রো উস্মাৎ কেশরিকিশোরসদৃশেন শোভাম্বীতেন পঞ্চাঙ্গ-প্রসাদালঙ্কারেণ মহাতটিনী গঙ্গা লংঘিতা। - রামচরিত, ১।৪৭)। মহাপ্রতীহার শিবরাজদেব কৈবর্ত্তরাজ্যে অবস্থিত বিষয় ও গ্রামগুলি ভীমবেগে আক্রমণ করায় ভীমের প্রজাগণ বিপন্ন হইয়া পড়িয়াছিল। দেবব্রাহ্মণাদির ভূমি রক্ষা করিবার জন্য শিবরাজ ‘ইহা কোন বিষয়, ইহা কোন গ্রাম’ ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করিতে আরম্ভ করিয়াছিলেন। শিবরাজ বরেন্দ্রী হইতে ভীম কর্তৃক নিযুক্ত রক্ষকগণকে দূর করিয়া দিয়াছিলেন এবং রাজসমীপে প্রত্যাগমন করিয়া রামপালকে জানাইয়াছিলেন যে, তাঁহার পিতৃভূমি শত্রুমুক্ত হইয়াছে। শিবরাজ কর্তৃক বরেন্দ্রী অধিকার বোধ হয় দীর্ঘকাল স্থায়ী হয় নাই, কারণ, ইহার অব্যবহিত পরেই রামপালকে বহু সেনা সমবিব্যহারে পুনরায় বরেন্দ্রী আক্রমন করিতে হইয়াছিল। বারেন্দ্র-অভিযানে নিম্নলিখিত সামন্তগণ রামপালের অধীনে যুদ্ধার্থে গমন করিয়াছিলেন; মগধ এবং পীঠীর অধিপতি ভীমযশঃ, কোটাটবীর বীরগুণ, দণ্ডভুক্তিরাজ জয়সিংহ, দেবগ্রামপ্রতিবদ্ধ বালবলভীর বিক্রমরাজ, অপরমন্দারের অধিপতি এবং আটবিক সামন্তচক্রের প্রধান লক্ষ্মীশূর, কূজবটীর শূরপাল, তৈলকম্পের রুদ্রশিখর, উচ্ছলের অধিপতি ময়গলসিংহ, ঢেক্কীয়রাজ প্রতাপসিংহ, কয়ঙ্গমঙ্গলের অধিপতি নরসিংহার্জ্জুন, শঙ্কট গ্রামের চণ্ডার্জুন, নিদ্রাবলের বিজয়রাজ, কৌশম্বীপতি দ্বারপরবদ্ধন, পাদুম্বার সোম। এতদ্বীত রাজ্যপালাদি রামপালগণের পুত্রগণ পিতার সহিত যুদ্ধযাত্রা করিয়াছিলেন। রামপালের মাতুল রাষ্ট্রকূটবংশীয় মথনদেব বা মহনদেব, মহামাণ্ডলিক কাহ্নুরদেব ও সুবর্ণদেব নামক পুত্রদ্বয় এবং ভ্রাতুষ্পুত্র মহাপ্রতীহার শিবরাজদেবের সহিত রামপালের যুদ্ধাভিযানে যোগদান করিয়াছিলেন।

কৈবর্ত বিদ্রোহ১ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

বাঙ্গালার ইতিহাস- প্রথম খণ্ড

(মাস কয়েক আগে মাছ খাওয়া বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে এই আশঙ্কা লিখতে গিয়ে পাল আমলে কৈবর্তদের লড়াই নিয়ে কিছু সংগৃহীত তথ্য দিয়েছিলাম। এবারে খোদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়এর বাঙ্গালার ইতিহাস- প্রথম খণ্ড থেকে কৈবর্ত বিদ্রোহের অংশটা তুলে দেওয়া গেল।)

তৃতীয় বিগ্রহপালদেবের জীবিতকালে অথবা তাঁহার মৃত্যুর অব্যবহিত পরে উত্তরবঙ্গে কৈবর্ত্তগণ বিদ্রোহী হইয়াছিলেন। সন্ধ্যাকরনন্দী-বিরচিত ‘রামচরিত’ কাব্যে কৈবর্ত্ত-বিদ্রোহ এবং বিদ্রোহ দমনার্থ রামপালের যুদ্ধাভিযান বর্ণিত হইয়াছে। তৃতীয় বিগ্রহপালিদেবের মৃত্যুর পরে তাঁহার জৈষ্ঠ পুত্র দ্বিতীয় মহীপাল পাল সাম্রাজ্যের অবশিষ্টাংশের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন (তম্নন্দনশ্চন্দন-বারি-হারি/কীর্ত্তিপ্রভানন্দিত-বিশ্বগীতঃ।/ শ্রীমান মহীপাল ইতি দ্বিতীয়ো/ দ্বিজেশ্মৌলী শিববদ্বভুব।১৩(গৌড়লেখলামা, পৃ ১৫১)। মহীপাল রাজ্যাধিকার পাইয়া মন্ত্রিগণের পরামর্শের বিরুদ্ধে অনীতিক আচরণ আরম্ভ করিয়াছিলেন এবং রামপালকে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিয়াছিলেন(প্রথমমিত্যাদি। প্রথমং পিতরি বিগ্রহপাল উপরতে সাত মহীপালে ভ্রাতরি ক্ষমাভারং ভূভারং বিভ্রতি সতি অনাতিকারম্ভরতে অনাতিকে নীতিবিরুদ্ধে আরম্ভে উদ্যমে রতে সতি মহীপালঃ ষাডগুণ্যশল্যস্য মন্ত্রিনো গুণিতমবগুণয়ন উপষ্টম্ভার ভটীমাত্রাদীযৎগ্রহণেন...। – রামচরিত, ১।৪৩ টীকা)। রামপালের দ্বিতীয় ভ্রাতা শূরপালও রামপালের সহিত কারাগারে আবদ্ধ হইয়াছিলেন(অন্যত্র। অপরেণ ভ্রাত্রা সুরপালেন সহ কষ্টাগারং মহদমবনং রক্ষণং যত্র দুর্দ্দৈবাধীনে নবা নূতনায়সী লোহসম্বন্ধিনী কুশী নিগড়রূপা সা লতেব জঙ্ঘাতরু বিদূরবেষ্টনাৎ তয়া ভেদিনী বিদীর্ণে অকুচে অংসকোটনী জানুনী অষ্টীবতী যস্য। রামচরিত ঐ টীকা)। মহীপাল ভ্রাতৃদ্বয় কর্ত্তৃক সিংহাসনচ্যুত হইবার ভয়ে তাহাদিগকে কারারুদ্ধ করিয়াছিলেন(অন্যত্র। বিজনে স্থানমবস্থানং তেন ব্যহো বিগত উহো যস্য তস্মিন যস্য মায়া লক্ষ্ম্যী মৃগতৃষ্ণয়া মমায়ং গ্রহীশ্যতীতি মুগ্ধতয়া অন্তরীতে তিরোহিতে ভূনীগৃহাদিগুপ্তক্ষিপ্তে রামপালে সতি। - রামচরিত, ১.৩৬ টীকা।)। খলস্বভাব ব্যক্তিগণ মহীপালকে কহিয়াছিলেন যে রামপাল কৃতী এবং ক্ষমতাশালী, সুতরাং বলপূর্ব্বক তাঁহার রাজ্য গ্রহণ করিবেন অথবা তাঁহাকে হত্যা করিবেন(অন্যত্র। মায়িনাং খলানাং ধ্বনিনা অয়ং ক্ষমোহধিকারী সর্ব্ব সম্মত দেবস্য রাজ্যং গ্রহীষ্যতীতি সূচনয়া শঙ্কিতবিপদঃ মামসৌ হনিষ্যতীতি শঙ্কিতাবিপদ্যেন তস্য ভূবোর্তুর্তূর্ম্মহীপালস্য প্রভূতীয়া বহুতরায়া নিরাকৃতিপ্রযুক্তিতঃ শাঠ্যপ্রয়োগাৎ উপায়বধচেষ্টয়া তথা ত্বনাকারেনাপন্নে দুর্গতে কনিষ্ঠে ভ্রাতরি রামপালে রক্ষিতরি ভাব্যার্থে। - রামচরিত, ১.৩৯ টীকা)। এই জন্য মহীপাল রামপালকে শাঠ্যপ্রয়োগে বধ করিবার চেষ্টা করিয়াছিলেন এবং অবশেষে তাঁহাকে কারারুদ্ধ করিয়াছিলেন। রামপালদেব যে সময়ে কারারুদ্ধ সেই সময়ে মহীপাল সামান্য সেনা লইয়া বিদ্যোহীগণের সম্মিলিত সেনাসমূহের সহিত যুদ্ধে পরাজিত হইয়া নিহত হইয়াছিলেন (...মিলিতানন্তসাম্নতচক্রচতুরচতুরঙ্গবলবলয়িতবহলমদকলরিতুরগতরণিচারণচারুভটচমুসভারসংরম্ভনির্ভরভয়ভীতরিক্ত-মুক্ত-কুন্তলপলায়মানবিকলসকল সৈন্যেন স্বতঃ ক্ষয়াতিশয়মাসেদুষা সহ সহসৈব বলদ্বিপর্য্যয়কোটিকষ্টতরসমরমারভ্য নিরমজ্জত। রামাধিকারিতাং রামপালস্য তস্মিন সময়ে নিগড়বদ্ধস্য আধির্মানসী ব্যথা তৎকরণশীতলতাং দধতি এতদগ্রে স্ফূটয়িষ্যতি – রামচরিত ১।৩১, ১।২৯ টীকা)। দ্বিতীয় মহীপালদেবের পরে দ্বিতীয় শূরপালদেব পাল সাম্রাজ্যের অধীশ্বররূপে ঘোষিত হইয়াছিলেন। তখন রাজ্যচ্যুত, রাজধানী হইতে তাড়িত ভ্রাতৃগণ এক স্থান হইতে অন্যস্থানে পলায়নপর বলিয়া বোধহয় সন্ধ্যাকরনন্দী শূরপালের রাজ্যপ্রাপ্তির বিশেষ উল্লেখকরেন নাই। মনহলিতে আবিষ্কৃত তাম্রসাসনে দ্বিতীয় শূরপালদেব সম্বন্ধে কথিত হইয়াছে যে, ‘মহেন্দ্রতুল্য মহিমান্বিত, স্কন্দতুল্য প্রতাপশ্রীসম্বলিত, সাহসসারথী, নীতিগুণসম্পন্ন শ্রীশূরপাল নামক নরপাল তাঁহার(দ্বিতীয় মহীপালের) এক অনুজ ছিলেন(তস্যাভূদনুজো মহেন্দ্রমহিমাক(স্ক)ন্দঃ প্রতাপশ্রিয়া/ মেকঃ সাহস-সারথির্গুণনয়ঃ শ্রীশূরপালো নৃপঃ।/ যঃ স্বচ্ছন্দ-নিসর্গগ-বিভ্রমভরা(ন) বিভ্রৎ(সু) সর্বায়ুধ/ প্রাগলভ্যেন মনঃসু বিস্ম-ভয়ং সদ্যস্ততান দ্বিষাং।। ১৫ – গৌড়লেখলামা)।’ শূরপাল অন্ততঃ কয়েক দিনের জন্যেও গৌড়েশ্বর ঘোষিত না হইলে মদনপালের প্রশস্তিকার কখনই তাঁহাকে নরপতি বলিয়া উল্লেখ করিতেন না।