Showing posts with label ওয়াটাগ. Show all posts
Showing posts with label ওয়াটাগ. Show all posts

Sunday, July 23, 2017

ওয়াপাগ সংবাদ

প্রথম বছর ।। দ্বিতীয় সংখ্যা ।। শ্রাবণ ১৪২৪ ।। জুলাই-আগস্ট ২০১৭
সম্মেলনের পরিকল্পনা
বঙ্গবাসী কলেজের সঙ্গে উইভার্স আর্টিজান এন্ড পার্ফর্মিং আর্টিস্টস গিল্ড-এর ১২, ১৩, ১৪ শ্রাবণ, ১৪২৪, ২৯, ৩০, ৩১ জুলাই ২০১৭য় অনুষ্ঠিতব্য বঙ্গবাসী কলেজে সম্মেলনের প্রেক্ষিতে কিছু তাত্ত্বিক ভাবনা তোলা গেল।
সম্মেলনটি অনুষ্ঠিত হবে রবিবার ১৩ শ্রাবণ, ৩০ জুলাই ২০১৭। ২৯ তারিখ বিকেল ২.৩০ থেকে বাংলার গ্রামশিল্প এবং প্রযুক্তির প্রদর্শনী। এটি চলবে ৩১ তারিখ সন্ধ্যে বেলা পর্যন্ত।
৩০ তারিখ সম্মেলন। সকাল ৯টায় পঞ্জীকরণ। ১০টায় নগর পরিভ্রমণ। ১১টা থেকে সম্মেলন। ১.৩০এ দুপুরের খাবার। ২.৩০এ সংবাদবাধ্যম আর ওয়াপাগের বন্ধুদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা। ৪টে থেকে বাংলার পরম্পরার কৃষ্টি প্রদর্শনী
১) জিয়ৌ বীরবাহা জুদাঔসি আখড়া – সাঁওতালি নৃত্য - শাল্কু টুডু
২) আদি লোক মঞ্চ – মুখা খেইল - কামেশ্বর দেশি – দক্ষিণ দিনাজপুর
৩) কনকটি বোড়ো কৃষ্টি আফাৎ - মেচ নৃত্য – রাজীব ঠাকুর – আলিপুর দুয়ার
৪) আদিবাসী ছো নৃত্য দল – ছো নাচ – ধর্মেন্দ্র সূত্রধর – পুরুলিয়া
৫) গণাৎ রাভা এবং সম্প্রদায় – রাভা নৃত্য দল - গণাৎ রাভা – জলপাইগুড়ি
৬) দিনাজপুর নাট্য সমাজ – ঢাক ঢোল ক্যাওড়া সানাই – রঘুনাথ দাস – উত্তর দিনাজপুর
৭) গণেশ রবিদাস এবং সম্প্রদায় – খন/নটুয়া – গণেশ রবিদাস – উত্তর দিনাজপুর
৮) দয়াল আধিকারী, বাউল, দক্ষিণ দিনাজপুর
৯) সুবল দাস বৈরাগ্য, বহুরূপী, বীরভূম
১০) মমতা বৈশ্য, দিনাজপুর

সম্মেলন তত্ত্ব
বাঙলা তথা ভারতের পরম্পরার অভিকর শিল্পী এবং গ্রাম উতপাদক-বিতরকেরা মূলত শূদ্র-বৈশ্য সম্প্রদায়ের। সমগ্র ভারতের শুদ্র-বৈশ্যরা কয়েক হাজার বছর ধরে ভারতের উতপাদন-বিতরণ এবং বিনোদন ব্যবস্থা ধরে রেখেছিল, যতক্ষণনা, মির জাফরের আমলের দ্বৈত শাসন ব্যবস্থার সময় থেকে বাঙালি ভদ্রশ্রেণীকে কাজে লাগিয়ে এই সামগ্রিক উতপাদন-বিতরণ এবং বিনোদন ব্যবস্থা উদ্দেশ্যপূর্ণভাবে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস করার চেষ্টা করে নি। ১৮০০ সালের বিশিল্পায়ন না হওয়া পর্যন্ত বাঙলা ছিল উদ্বৃত্ত অর্থনীতি, তার সামগ্রিক শ্রেয় যায় এই ছোটলোকেদের জ্ঞান, প্রজ্ঞা, প্রযুক্তি, দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা আর বাজারের পকড়ের জন্য। অন্তত উইলিয়াম এডামের শিক্ষা সমীক্ষায় পাচ্ছি, বাঙলা-বিহারের বিদ্যা চর্চার জগতে ব্রাহ্মণ আর কায়স্থ নয়, ১ লক্ষ ৫৫ হাজার গ্রামে যে ১ লক্ষ পাঠশালা ছিল, সেগুলিতে শূদ্র-বৈশ্য বটুরা ছিল সংখ্যাগরিষ্ঠ । বৈশ্য-শূদ্র-মুসলমান কারিগরদের উদ্যমের জন্যই লুঠেরা শিল্প বিপ্লব পূর্ব সময়ে ভারত-পারস্য-চিন উতপাদক অঞ্চলে বাঙলা ছিল ব্যবসায়ে উদ্বৃত্ত এলাকা তার জডিপি সংখ্যা ছিল ৬। 
ভারতের ঔপনিবেশিক শহুরে অর্থনীতি কর্পোরেটিয়, পশ্চিমি অর্থনৈতিক, তাত্ত্বিক, তাথ্যিক পক্ষপাতিত্ত্বের নানান ঢক্কা নিনাদ-নিদান সত্ত্বেও, যে সরাসরি গ্রাম বাঙলার অর্থনীতির ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, এ তথ্য আর নতুন করে বলার অপেক্ষা রাখে না – গ্রামীন উৎপাদন বা কৃষিতে পরিবেশ বিরূপ হলে তার ধাক্কা গিয়ে পড়ে কর্পোরেট উৎপাদন ব্যবস্থায়। বিপুল চলমান গ্রামীন অর্থনীতির নিরাপত্তার মোড়কে দাঁড়িয়ে থাকে কর্পোরেট অর্থনীতি। যারা এ বিষয়ে চর্চা করেন না, তাদের কাছেও এই বাস্তব অবস্থাটি হয়ত প্রকট। অজ্ঞ, মুর্খ, অশিক্ষিত, গাঁইয়া দাগিয়ে দেওয়া গ্রামীন অর্থনীতি তার থেকেও কলেবরে বড়, এই ভাবনাটা তার অস্তিত্বের সামনে প্রশ্ন চিহ্ন এঁকে দেয়, অহংএ প্রবল ধাক্কা দেয়। তাই বড় পুঁজির উতপাদন ব্যবস্থা গাঁয়ের মায়ের আঁচলে বাঁধা একটাকাও দখল করতে চায়। গ্রামে স্বাভাবিক বাজার বিকাশে বহু সময় লাগলে, হোস্টাইল টেকওভারের ধারাবাহিক রণনীতি হয়ে ওঠে তার বাজার জয়ের হাতিয়ার।
তাহলে প্রশ্নটা হল গ্রামের বাজারটা কত বড় – এই প্রশ্নটি। অন্তত আমাদের সংগঠনের করা আভ্যন্তরীণ সমীক্ষা সূত্রে বলতে পারি ৯ কোটি মানুষের বাংলায় যদি ৬০ লক্ষ পরম্পরার শূদ্র-বৈশ্য উদ্যমী, তাঁতি আর অভিকর শিল্পী থাকেন এবং প্রত্যেককে যদি দৈনিক ৫৫ টাকা করে বছরে অন্তত ২০ হাজার টাকা রোজগার করতে হয়, তাহলে তাকে বছরে অন্তত ১ লক্ষ টাকার ব্যবসা করতে হয়(অনেকে হয়ত এর বেশিই করেন)। এই অঙ্কে বাজারটার ন্যুনতম পরিমানটা গিয়ে দাঁড়াচ্ছে খুব কম করে ৬০ হাজার কোটি টাকা। বাংলা বাজারে শুধু ৫% পরম্পরার উদ্যমীদের তৈরি ব্যবস্থা। এদের সম্বল পুঁজি নয়, সামাজিক পরম্পরার জ্ঞান, অর্জিত সামাজিক দক্ষতা, নিজস্ব বাজারের প্রজ্ঞা আর গ্রামের শ্রম সম্পদ। তার বাইরে চাষ, অপরম্পরার আরও বিপুল অর্থনীতির পদচিহ্ন রয়েছে – সেই অঙ্ক এই সমীক্ষায় ধরা নেই। এই বাজারকে সাম্রাজ্যবাদী বড় পুঁজি ছেড়ে দেবেই বা কেন? বামফ্রন্টকে দিয়ে তারা যেমন কলকাতার হাঁটার পথের বাজারটা, মধ্যবিত্তকে ম্যালেরিয়ার ঝুটা ভয় দেখিয়ে খাটাল উচ্ছেদ করে বহুজাতিকের রাসায়নিক দুধের বাজারটা দখল এবং ধ্বংস করতে চেয়েছিল, ঠিক তেমনিই করে গ্রামীন উতপাদকেদের বাজারটা দখল করার চেষ্টা চালাচ্ছে নানান পরিকল্পনায়। তারই শেষতম ভারত সরকারের টাকা বাতিলের পরিকল্পনা। টাকা বাতিলের ভারত সরকারের নীতিতে বাঙলার গ্রামের ছোট পরম্পরার উদ্যমী, ব্যবসায়ী আর কৃষিতে অবশ্যম্ভাবী প্রভাব পড়েছে এ অভিজ্ঞতা মধ্যবিত্ত ভদ্রমানুষেরা নিজেদের আশেপাশের ঘটনায় চাক্ষুষ দেখছেন।
শিল্প বিপ্লবীয় লুঠেরা, খুনি, অত্যাচারী, অমানবিক বড় পুঁজির তৈরি করে দেওয়া জ্ঞানচর্চা ভিত্তি করে আমাদের বিশ্বাস জন্মেছে যে বাজার একটা তার চরিত্রও একটা। অথচ বাংলায় গ্রামীন বাজার বললে এককেন্দ্রিক বাজার ব্যবস্থা বোঝায় না। প্রত্যেকটি বাজার তার নিজস্বতায়, তার ব্যবস্থা বৈচিত্রে, উতপাদন-বিতরণ বৈচিত্রে একে অপরের থেকে আলাদা। বৈচিত্র তার মূল শক্তি, বিকেন্দ্রিভবন তার ভিত্তিভূমি। কেন্দ্রিভূত বড় পুঁজি বৈচিত্রে, বিকেন্দ্রিভবনে বিশ্বাস করে না। দুটোই তার অস্তিত্বের চরমতম শত্রু। সে চায় তাঁর তৈরি করা এককেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সারা বিশ্বকে টেনে নিয়ে আসা। সে ছোট অর্থনীতির অসাধারণ জীবনীময় বৈচিত্র্য আর বিকেন্দ্রিকতা অস্বীকার করে তাদের জ্ঞানচর্চায়।
গত আড়াইশ বছরের ঔপনিবেশিক অত্যাচার, লুঠ, গণহত্যা, প্রযুক্তি, জ্ঞান, বাজারকে ধ্বংস করেও সে এই গ্রামের অর্থনীতিতে পকড় বাড়ানোর কাজটি করে উঠতে পারে নি। যদিও তার জন্য সে কখনো গণহত্যার পরিবেশ তৈরি করেছে(ছিয়াত্তর/পঞ্চাশ), কখনো সরাসরি গ্রামের বিরুদ্ধে যুদ্ধ করেছে(ফকির-সন্ন্যাসী স্বাধীনতা সংগ্রাম, ঘড়ুই স্বাধীনতা সংগ্রাম, খয়রা মাঝি স্বাধীনতা সংগ্রাম, চাকমা স্বাধীনতা সংগ্রাম, নীল ও আফিম চাষী স্বাধীনতা সংগ্রাম, মালঙ্গী স্বাধীনতা সংগ্রাম, পাহাড়িয়া স্বাধীনতা সংগ্রাম, সুবান্দিয়া স্বাধীনতা সংগ্রাম, নায়েক স্বাধীনতা সংগ্রাম, গারো স্বাধীনতা সংগ্রাম, ওয়াহবী স্বাধীনতা সংগ্রাম, ফরাজী স্বাধীনতা সংগ্রাম, সাঁওতাল-মুণ্ডা স্বাধীনতা সংগ্রাম, সিপাহি স্বাধীনতা সংগ্রাম ইত্যাদির বিরুদ্ধে ভদ্রলোকেদের সামনে রেখে নিয়ে যুদ্ধ), কখনো পরোক্ষ-প্রত্যক্ষ উচ্ছেদ করেছে(স্বাধীনতার পরে নেহরুর আমল থেকে মোদির আমল পর্যন্ত, হকার, খাটাল, রাজারহাট, সিঙ্গুর নন্দীগ্রাম...), কখনো কর্পোরেটদের লুঠের ক্ষেত্র তৈরির জন্য বড় পুঁজির বাহক ব্যাঙ্ক গ্রামে ঢুকতে না পারলে তাকে রাষ্ট্রীয়করণ করে গরীব মানুষের ওপর কর চাপিয়ে গ্রামে ঢোকানোর ব্যবস্থা করেছে, এবং সম্প্রতি কৌশল খাটিয়ে মানুষের গচ্ছিত সঞ্চয়কে কালো টাকা হিসেবে দেগে, নোট বাতিল করে, সেগুলিকে রাষ্ট্রের কবলে নিয়ে এসে তা দিয়ে কর্পোরেট সিন্দুক ভরাবার পরিকল্পনা সফল করেছে।
শেষতম ধ্বংসাত্মক ক্রিয়াটির আগে সে যে গ্রামের অর্থনীতি বানচাল করতে খুব একটা সফল হয়েছে তা বলা যাবে না, নইলে সে মাথা খাটিয়ে সেনা শাসিত রাষ্ট্রের নীতি অবলম্বন করে, সর্বব্যপ্ত টাকা বাতিলের নীতি প্রয়োগ করে গ্রামীন অর্থনীতিকে বড় পুঁজির অর্থিনীতিতে জোড়ার আপ্রাণ চেষ্টা করত না। এই রণনীতি নানান ধরণের হতে পারে – তার জনমুখী মুখোশও থাকে বহু সময়। যেমন পরম্পরার গ্রাম উতপাদন কেটেছেঁটে শহুরে বাজারে বিক্রি করতে দিল্লিতে একটি আস্ত মন্ত্রক বরাদ্দ হয়েছে স্বাধীনতার পর থেকে। সেই সরকারি প্রকল্পে গ্রাম বাজার বিমুখ অ-পণ্য তৈরি হচ্ছে। গ্রামকে মেনস্ট্রিমের আর্থ-সামাজিক ব্যবস্থায় যোগ্য করে তুলতে বহু প্রকল্পে প্রচুর অর্থ খরচ হচ্ছে। কাজের কাজ খুব একটা কিছু হচ্ছে কীনা বোঝা যাচ্ছে না। গ্রামীণদের অংশগ্রহণও খুব কম। স্বাধীনতার পর ভারতে শুরু হয়েছিল টেকনলজি ট্রান্সফার প্রকল্প। ইওরোপ-আমেরিকা-জাপান প্রযুক্তির ঋণ নিয়ে দাঁড়াল রাজনেতা, আমলা, ব্যবসায়ী, স্বেচ্ছাব্রতীদের সামনে। উদ্দেশ্য তিনটে পাখি মারা - এক, পশ্চিমি প্রযুক্তি সর্বশক্তিমান, আধুনিক এবং সর্বরোগহর, এই দর্শন গাঁয়ে পৌঁছে দেওয়া গেল। দুই, যতটুকু দেশিয় প্রযুক্তি, স্বাস্থ্য ব্যবস্থা টিকে ছিল, তাকে প্রাচীণ, গ্রামীণ, পারম্পরিক, প্রিমিটিভ দেগে, উচ্ছেদ করে সসম্মানে জাদুঘরে সাজানোর প্রকল্প জুটল। শিক্ষিত শহুরেদের জন্য গ্রাম সংস্কৃতি, প্রযুক্তি, অর্থনীতি মারার জন্য লোকসংস্কৃতি গবেষণার, জাদুঘর ব্যবস্থাপনার, নানান এনজিও কর্মের, নানান বিদ্যালয়ে শহুরে শিল্পবিপ্লবীয় তত্ত্বে গ্রাম ব্যবস্থা বিশ্লেষণের সমাজতত্ত্ব, অর্থনীতির, নৃতাত্ত্বিক ইত্যাদি চাকরি, গবেষণা, মাঠ কর্মীর পদ তৈরি হল। তিন, পশ্চিমি যন্ত্রপাতির বাজার শহর ছাড়িয়ে গ্রামে তৈরি হল। শাঁখের করাত। প্রাচীণ যন্ত্রটি প্রায় কাজ হারিয়েছে। এসেছে বিদ্যুতে চলা কাটাই যন্ত্র। বহু ছোট শাঁখারি উচ্ছেদ হচ্ছেন। ড্রিল মেশিনে সূক্ষ্ম কাজ অসম্ভব। নষ্ট হচ্ছে বাজার। বিদেশি বাতিল যন্ত্রে দেশি প্রযুক্তির সর্বনাশ।
আমরা যে সংগঠনের সঙ্গে যুক্ত, যে নামেই এই লেখাটা তৈরি করা হচ্ছে, সেটি মূলত বাঙলার পরম্পরার বৈশ্য-শূদ্র উদ্যমীদের তৈরি – যাদের ঔপনিবেশিক ভদ্রলোক বাঙালি ভালবেসে মৃতপ্রায় লুপ্রপ্রায় হস্তশিল্পী ডেকে থাকে। এই উতপাদন এবং বিতরণ ব্যবস্থার মূল চরিত্র হল সেটির কোন কেন্দ্র নেই, হাজারো উতপাদক হাজারো বিক্রেতা। বিপুল পরিমান আর্থব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থা জাত লাভ কিছু মানুষের হাতে জড়ো হওয়ার বিন্দুমাত্র সুযোগ থাকে না। এই ব্যবস্থার প্রযুক্তি উতপাদক এবং বিতরকেদের নিজস্ব, তার জন্য অন্তত এদের অজানা অচেনা কাউকে যন্ত্রের দামের বাড়তি(যার একটা পেটেন্টের জন্য ব্যয় হয়) গ্যাঁটের কড়ি গুণতে হয় না। যন্ত্র খারাপ বা পরিবর্তনের প্রয়োজন হলে, হয় নিজেরা বা এলাকার প্রযুক্তিবিদেরা সারিয়ে নিতে পারেন। যন্ত্র চালাতে তার যে শক্তি প্রয়োজন হয়, সেটি হয় সে নিজের বা সামাজিকভাবে তার এলাকাতেই পাওয়া যায়। যন্ত্র আর শক্তি দিয়ে এই উতপাদন ব্যবস্থাকে কর্পোরেট অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। কাঁচামালেও নয়। কাঁচামাল মূলত মেলে তার নিজস্ব এলাকায়, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। বাজার মূলত তার নিজস্ব। জানা। বাজার তাকে নিয়ন্ত্রণ করে না, সে বাজারের অংশিদার। যদি কিছু উদ্বৃত্ত তৈরি হয়, তা সে বিক্রি করে বিদেশি(তার এলাকার বাইরের) বাজারের জন্য। রয়েছে গ্রামে থাকার সামাজিক নিরাপত্তা বোধ। পূর্বজদের থেকে পাওয়া যে জ্ঞান, সেই জ্ঞান তার পরবর্তী প্রজন্মকে কিনতে হয় না। স্থানীয় জ্ঞান, বংশপরম্পরার বয়ে যায় তার মত করে। সে জ্ঞান বিক্রি করে না, বইয়ে দেয় – হয় তার পরিবার না হয় তার সমাজে। পরিবারে থাকলেও সেটি তার সমাজেই থাকে। আর যেহেতু বিনিয়োগ উতপাদন-বিতরণ ব্যবস্থার অন্যতম খুঁটি নয়, বড় পুঁজির হয়ে বিনিয়োগ নিয়ন্ত্রক, ব্যাঙ্ক তাকে নিয়ন্ত্রণ করে না। উল্টো দিকে এমএসএমই উতপাদকেরা মূলত বড় পুঁজির অনুসারী শিল্প। তার ছোটখাট যারা নিজের কোমরের জোরে বাজার করেন, তাদের উতপাদনের জন্য নির্ভর করতে হয় বড় পুঁজির সরবরাহ করা শক্তি, কাঁচামাল, প্রযুক্তি আর ‘শিক্ষিত’ শ্রমশক্তির ওপর, বাজার মূলত বড় পুঁজির নিয়ন্ত্রণে, ছোটখাট ব্যতিক্রম বাদ দিলে। পুঁজি প্রযুক্তি/কাঁচামাল/পণ্যের প্রকৃতি পাল্টালে উদ্যমীর মাথায় হাত। তাকে আবার ব্যাঙ্কে গিয়ে নিজের উতপাদন ব্যবস্থা বা সম্পদ বাঁধা দিয়ে টাকা ধার করে প্রযুক্তি, প্রশিক্ষিত শ্রমশক্তি কিনতে হয়, না হলে তার উতপাদন বন্ধ করে দিয়ে চুপচাপ বসে যেতে হয়। এমএসএমইর নিয়ন্ত্রক বড় পুঁজিই। তার উতপাদন-বিতরণের অন্যতম যোগ্যতা সে ব্যাঙ্কেবল কি না, অর্থাৎ বড় পুঁজির ব্যবস্থাপকেরা তাকে ঋণ দেওয়ার উপযুক্ত ভাবছে কি না। সেই দায় পরম্পরার অর্থনীতির নেই।
অথচ শিল্পবিপ্লবপরবর্তী সময়ে যে সব শিল্পপরিচালন ব্যবস্থার আগ্রাসী দখলদারি নীতিমালা ধীরে ধীরে তৈরি হয় সারা বিশ্ব জুড়ে, সেগুলি এশিয় উতপাদন ব্যবস্থায় ছিল না। একজন উতপাদক অন্য উতপাদক/দের উতপাদন তার/তাদের অনিচ্ছেয় কিনে নিতে পারবে(হোস্টাইল টেকওভার), এই গায়ের জোয়ারি, সাম্রাজ্যপ্রভুসুলভ ব্যবস্থাপনার অস্তিত্ব ছিলই না এশিয়-ভারতীয়-বাংলার উতপাদন জগতে। অথচ বাঙলা জুড়ে ছিল উতপাদকেদের ছিল বিপুল আড়ং, যেখানে উতপাদকেরা প্রায় সমবায় প্রথায় নিজের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখে উতপাদন করতে পারতেন।
স্বাভাবিকভাবেই শুদ্র-বৈশ্য-মুসলমানদের তৈরি উতপাদন-বিতরণ ব্যবস্থা কর্পোরেট উতপাদন ব্যবস্থার তত্ত্বের বিপরীতে দাঁড়িয়ে। এদের কোন কেন্দ্র নেই। সেই আর্থব্যবস্থা স্থানীয় অর্থনীতিকে জোরদার করে, স্থানীয় শ্রম বাজারকে চাঙ্গা করে। প্রত্যেক বাজার অন্য বাজারের চরিত্র থেকে আলাদা। প্রত্যেক বাজারের উতপাদন, বিনিময় চরিত্র, লেনদেনের চরিত্র আলাদা। চাইলেই বড় পুঁজি ইকনমিক হিটম্যান সেজে দূর বাজারের চরিত্রের ছোট অদলবদল ঘটিয়ে গোটা গ্রাম বাজার মেরে ফেলতে পারে না।  একটা বাজারে জেনেশুনে কোন দুষ্কর্ম ঘটিয়ে দিলে অন্য বাজারে তার খুব বেশি প্রভাব পড়ে না। আর যদি কিছু প্রভাবও পড়ে তা সে তার বিকেন্দ্রিকৃত, উতপাদন-বিতরণের চরিত্রের জন্য সমস্ত অতিচার সহ্য করে নিয়ে গা ঝেড়ে উঠে দাঁড়াতে পারে নতুন করে। বড় পুঁজি সেটা জানে। সেই ১৭৫৭র পর থেকে সে তার প্রধান শত্রু গ্রামীন ছোট উদ্যোগকে আঘাত করে তার বাজার এবং উতপাদন-বিতরণ ব্যবস্থাকে ধ্বংস, না হলে আত্তীকরণ করে নেওয়ার চেষ্টা করেছে, নিজের অস্তিত্ব রক্ষার, বাজার বাড়াবার জন্য।
নোট বাতিল গ্রাম উতপাদন বিরোধী যুদ্ধের শেষতম কর্পোরেটিয় উদ্যম। গ্রামের উতপাদন ব্যবস্থার যতটুকু স্বাতন্ত্র্য রয়েছে তাকে কেড়ে, তাকে অস্থির লুঠেরা অর্থনীতির অংশ করে এবং জুয়াড়ি পুঁজিবাদের অংশ করে নেওয়ার চেষ্টা, যাতে যে কোন সময়ে মুহূর্তের ইঙ্গিতে তাকে ধ্বংস করে দেওয়া যায়। সোজা গ্রামীন শিরদাঁড়াকে বেঁকিয়ে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যায় গলবন্ধপরা বড় পুঁজির ব্যবস্থাপকেদের সামনে, গ্রামের শেষ উদ্বৃত্তটুকু চেঁছে পুঁছে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় অনিশ্চিত ভবিষ্যতে।
তাতে আনেকগুলো কাজ একসঙ্গে সমাধা হয় – ১) স্থানীয় বাজার আর বিশ্ব বাজারের ধাক্কা থেকে আলাদা থাকে না। ফলে মায়ের আঁচলের একটাকা দখলের মতই সেই ছোট ছোট বাজারগুলোর ওপর দখলদারি বজায় রাখতে পারে। ২) স্থানীয় কাঁচামালের এবং বিক্রির বাজার একদা মীর জাফরের সময় ব্রিটিশ বড় পুঁজি গায়ের জোরে দখল নিয়েছিল, ঠিক তেমনি করেই, গাঁয়ের এজমালি এলাকার সম্পদ, জঙ্গল জাতি রাষ্ট্রের ভূমিসংস্কারের ধাক্কার পরে যতটুকু বেঁচে রয়েছে, তাও দখল হবে যদি বাজারটাকে উথালপাথাল করে দেওয়া যায়। ছোট উতপাদকের কাঁচামাল কেনা আর উতপাদন বিক্রি কাজ বড় পুঁজিকে ছাড়া আর চলবে না। ৩) তার ঘাম ঝরানো সম্পত্তি যদি ব্যাঙ্কের হাতে চলে যায় প্লাস্টিক টাকার ব্যবহার জোর করে করানোর মাধ্যমে, তাহলে আর কোন ঝামেলা নেই, মুহূর্তেই ব্যাঙ্ক ফেল করতে পারে, ফাটকার শেয়ার বাজার ধ্বসে যেতে পারে, ব্যাঙ্কের একাউন্ট হ্যাক হয়ে সেই টাকা ফাঁকা হতেই পারে। বড় পুঁজির ইচ্ছে, তার কারিকুরিতে গ্রামের একটাও স্বেদবিন্দুর কামাই গ্রামে থাকবে না, চলে যাবে দিল্লির দালাল হয়ে বেজিং বা নিউ ইয়র্ক।
দিল্লিতে তৈরি হয়েছে ক্রাফটস রিভাইভ্যাল কাউন্সিল। তাদের উদ্যমে গ্রামে ছোট উত্পাদকের সংখ্যা কমিয়ে আনার প্রকল্প শুরু হয়েছে অল ইন্ডিয়া আর্টিজান এন্ড ক্রাফ্টওয়র্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন তৈরি করে। পেছনে ফ্যাব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান উইলিয়ম বিসল, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রতি বিনয় ঝা, দস্তকরের প্রধান লয়লা তয়বজী প্রমুখ। সংঘজুড়ে আছেন বিদেশে পড়াশোনা, কর্পোরেটে চাকরি করে আসা যুবা, কর্পোরেটিয় কেষ্টুবিষ্টু আর ভারতের ব্যবসায়ী দালালেরা। বিপুল সাহায্য আসছে ফোর্ড ফাউন্ডেশন, ইওরোপিয়ান ইউনিয়ন, ইবে ফাউন্ডেশন, ফ্যাবইন্ডিয়া, দোরাবজী টাটা ট্রাস্ট, দুর্ণীতিতে ডুবে থাকা রয়েল ব্যাঙ্ক অব স্কটল্যান্ডএরমত কর্পোরেট দাতাদের থেকে। শুরু হয়েছে ক্রাফ্টমার্ক প্রকল্প। এরা শংসাপত্র দেবে দেশের কোনটা পরম্পরার উতপাদন আর কোনটা নয়, মুদ্রারাক্ষসের বিনিময়ে। কর্পোরেট স্বেচ্ছাব্রতীরা বড় পুঁজির স্বার্থ দেখে। টাকার বিনিময়ে সংঘের স্বাক্ষরে গ্রামশিল্পীদের ভবিষ্যত তৈরি হচ্ছে। এটি সরকারি প্রকল্প নয়। সামাজিক দায়বদ্ধতাও নেই। অর্থবলে আর ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করা এই সংঘটি প্রভাবিত করার চেষ্টা করছে সরকারগুলোকে।
শুধু টাকা বাতিল নয়, ভেতরে ভেতরে ক্রাফটমার্ক প্রকল্পের মত নিরব উচ্ছেদের কর্মসূচী নিয়ে কর্পোরেট ইন্ডিয়া চেষ্টা চলছে এই অর্থনীতির পাঁজর ভেঙ্গে দেওয়ার। তবুও এই রক্তবীজের বংশধরেরা বড় পুঁজির বিরুদ্ধে দাঁত কামড়ে লড়াই দিয়ে যাচ্ছেন, তাদের মত করে। আমরা যেন মনে রাখি সারা বিশ্বে অসম লড়াইতে কিন্তু কর্পোরেট লুঠ, অত্যাচার, খুন শেষ পর্যন্ত জেতেনি – ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরাকে বা সিঙ্গুর নন্দীগ্রামে, নিকারাগুয়ায়, কিউবায় তাদের মাথা নামিয়ে আবার বোর্ডরুমে ফেরত যেতে হয়েছে, নতুন করে অস্ত্র শানাতে। সংবাদমাধ্যমে কাজ করা অনুগত মধ্যবিত্ত চেষ্টা করে বোঝাতে যে, কর্পোরেটরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তাদের রোখার ক্ষমতা কারোর নেই। মধ্যবিত্ত জগতে এমন একটা তাত্ত্বিক পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাস্তব অন্য কথা বলে – ভারতে এশিয় উন্নয়ন ব্যাঙ্কের ৪৬০টা প্রকল্পের মধ্যে ৪০০ বেশি প্রকল্প, বা চিনের নতুন রেশমপথ প্রকল্পের বিশাল দীর্ঘ মেয়াদি ব্যবস্থা তৈরির বিনিয়োগ বিশ্বের প্রায় সব দেশে দাঁড়িয়ে পড়েছে গ্রামীনদের বিরোধিতায়।
এই বঙ্গবাসী সম্মেলনে ওয়াপাগ মনে করছে টাকা বাতিল ঘটনায় হয়ত গ্রামীন উতপাদন-বিতরণ ব্যবস্থার দুটো পা ভেঙ্গেছে, কিন্তু তাকে মেরে ফেলতে পারে নি। তারা আবার সেরে উঠে দাঁড়াবে, লড়াই দেবে। বড় পুঁজির বিজয় এত তাড়াতাড়ি হবে না – হয়ত হবেই না শেষ পর্যন্ত। কোথাও একটা গ্রামীন পরম্পরার বিশ্বাস কাজ করে। হাজারটা গাছ উপড়ে ফেললে একটা জঙ্গল উজাড় হয়ে যায়, কিন্তু লক্ষ-হাজারটা ঘাস উপড়োলেও তৃণভূমি শুকিয়ে যায় না। এটাই  ইতিহাসের শিক্ষা। শেকড়ের প্রত্যয়। তাকে মেরে ফেলা কঠিন।
প্রথম বছর ।। দ্বিতীয় সংখ্যা ।। শ্রাবণ ১৪২৪ ।। জুলাই-আগস্ট ২০১৭
সম্পাদক মণ্ডলী ।। বিশ্বেন্দু নন্দ, উদ্দীপন নাথ, ড ললিতা ঘোষ, সায়নী বাগ, তনুশ্রী দত্ত, মধুমঙ্গল মালাকার, নারায়ণ মাহাত, নুরুল ইসলাম এবং দীপঙ্কর দে, কামেশ্বর দেশি, রঘুনাথ দাস, ফুলমণি বেসরা, শাল্কু টডু, খগেন মন্ডল, নমল মুর্মু, বিমল মুর্মু, রাজীব ঠাকুর, প্রতাপ কার্জী, মালনবালা সরকার, দয়াল অধিকারী, উষা অধিকারী, গণেশ রবিদাস, শ্যামা সরকার, অফিজুল, শ্যামল দেবশর্মা, ছামি কিস্কু
আদি লোক মঞ্চ।।  দিনাজপুর নাট্য সমাজ।। প্রয়াস।। আদিবাসী সমাজ সুসার লোক সংস্কৃতি ঝুমুর নাট্য দল ।। বীরবাহা জিয়ো জাদৌসি আখড়া ।। গঙ্গারাম্পুর লোকচৈতন্য গীতি নাট্য সংস্থা ।। কাতলামারী আদিবাসী নাট্যদল ।।  সাঁওতা চিরদৈল আখড়া ।। কনকটি বোড়ো কৃষ্টি আফাত ।। চৌদুয়ার মহিলা নাট্য দল ।। শ্রীকৃষ্ণ চৈতন্য শিশু কল্যাণ আশ্রম ।। মনমোহিনী কলা মুদ্রা ।। বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ ।। বঙ্গীয় পারম্পরিক অভিকর শিল্পী সঙ্ঘ ।। কলাবতী মুদ্রা ।। ফ্রেন্ডস অব ওয়াটাগ ।। জং জারি মোর্শিয়া ।। সাওরিয়া ঘোড়া নৃত্য সংস্থা Top of Form

।। 

Tuesday, June 20, 2017

ওয়াটাগ সংবাদ - আষাঢ

উইভার্স আর্টিজান এন্ড ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ড ক্রমে ক্রমে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে এগোচ্ছে। এ বাংলার কথা বলতে পারি, বৈশ্য-শূদ্র-মুসলমান এবং অন্যান্য পরম্পরার সমাজের গ্রাম উদ্যমীদের কোন সঙ্গঠন নেই। উদ্যোগী হন প্রথমে কারিগর অর্থনীতির তাত্ত্বিক অধ্যাপক Dipankar দে। কিন্তু আমরা বিশ্বাস করি দুই বাংলার কারিগরদের অস্তিত্ব হাজার হাজার বছর ধরে এক সুতোয় বাঁধা। বাঁচতে গেলে আমাদের এক পথ এক সাথ হতেই হবে। আহ্বান রইল।
কাতরী দেবশর্মা, মধুমঙ্গল মালাকার, হরিপদ বসাক, শীতল ফৌজদার, শাল্কু টুডু এবং জেলার আরও কারিগর এবং অধ্যাপক উদ্দীপন নাথের উদ্যোগে বহুবার আলোচনা করে তৈরি হয় একটি ব্যতিক্রমী সংঘ উইভার্স আর্টিজান এন্ড ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ড। এটির চরিত্র মূলত চেম্বার অব কমার্সধর্মী। আপাতত বাংলার কারিগরদের স্বার্থ রক্ষা ওয়াটাগের মূল কাজ - কারিগর অর্থনীতির অক্ষবিন্দু রক্ষা ওয়াটাগের চরমতম লক্ষ্য। এটি মধ্যবিত্তদের প্রেরিত স্বেচ্ছাসেবী সঙ্গঠন নয় - বরং এই সঙ্গঠনে ভদ্রলোকেরা সংখ্যা লঘিষ্ঠ - মাত্র ২০% সংরক্ষণ দেওয়া হয়েছে।
গত প্রায় দেড় বছরে ওয়াটাগ বেশ কিছু কাজ করেছে, তার একটা হল দিনাজপুরে এক দিনের একটা বিশাল গ্রাম-সংস্কৃতি মেলা। এছাড়াও আইএসাইএর ঘিলু ল্যাবের সহযোগিতায় একটা পরম বাংলা প্রাকৃত চিকিৎসা ব্যবস্থার বিকাশে জ্ঞানচর্চা বিষয়েও কাজ করে চলেছে ওয়াটাগ নারায়ণ মাহাতর নেতৃত্বে।
আগামী দিনে আরও অনেক পথ যাওয়ার আছে। এত দিন ধরে দীপঙ্করদা তাড়া দিতে দিতে ওয়াটাগ সংবাদ প্রকাশ করতে পারলেন। এটা অনুবাদ করেছেন তনুশ্রী Tanushree Dutta। তনুশ্রী অসাধারণ গবেষণা করছেন বাংলার স্বদেশি যুগের ব্যবসা কতটা বাংলার পরম্পরার সঙ্গে যুক্ত ছিল তা খুঁজে বার করার।
আপনাদের সক্কলে এই আন্দোলনের অংশ। বাংলার অর্থনীতির শিরদাঁড়া বাংলার কারিগরেরা। আজও তারা কর্পোরেট অর্থনীতির বাইরে দাঁড়িয়ে তাদের নিজেদের পরম্পরা বজায় রেখে চলেছে। ভদ্রদের নিজেদের বাঁচার জন্য শেকড়ে থাকার জন্য বাংলার কারগর অর্থনীতর পাশে থাকা জরুরি।
ওয়াটাগ সংবাদ প্রতি বাংলা মাসের প্রথমে বেরোবে।
এই সংবাদটা বাংলায় লেখা
https://drive.google.com/…/0B3GDj-26hLYKV2ROUUpkbF82X1k/view
আর এটা ইংরেজিতে
https://drive.google.com/…/0B3GDj-26hLYKcFdaS0Z0bldJMHc/view

Monday, June 5, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য পরম্পরার সমাজের উৎপাদন এবং বাণিজ্যচর্চা

***কারোর কি মনে আছে যে মাসতিনেক আগে ব্রিটিশপূর্ব বাংলার উৎপাদন এবং ব্যবসা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল এবং ওয়াটাগের পক্ষে আমরা প্রস্তাবও পেশ করেছিলাম।
Dipankarদা আর Souvikএর জন্য এই প্রস্তাবটা তুলে দেওয়া গেল। অন্য  বন্ধুরা যদি মনে করেন  এই বিষয়ে কিছু বলার আছে, যোগ করার আছে স্বচ্ছন্দে যোগ দিতে পারেন।
একটা ছোট্ট ব্যখ্যা ছোট পুঁজি বলতে পুঁজি নিরপেক্ষ গ্রামীন উতয়াদন-বিতরণ ব্যবস্থা বুঝিয়েছি। সব যায়গায় সম্পাদনা করা সম্ভব হয় নি ***
---
বাংলা লুঠ বিষয়ে গবেষণার আগে বাংলার উৎপাদন ব্যবসা নিয়ে সার্বিক নথিকরণকর্ম জরুরি
প্রস্তাবকঃ উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ড(ওয়াটাগ)
তাত্ত্বিক অবস্থান
গ্রামীন বাংলার শূদ্র-বৈশ্য উতপাদন-বিতরণ ব্যবস্থার একটা সামগ্রিক ছবি দরকার বলে মনে করছে ওয়াটাগ। এই শিক্ষিত বিতর্কে অশিক্ষিত, অজ্ঞ, মুর্খ, কুসংকারাচ্ছন্ন, সভ্যতার ষড়ৈশ্বর্য না দেখে গ্রামের মধ্যে বাস করা কুপমণ্ডুক শূদ্র-বৈশ্যদের সংগঠনের পক্ষ থেকে কিছু কথা - গুছিয়ে বলতে পারব কি না জানি না চেষ্টা করছি। আমাদের মত করে মুখবন্ধ রচনা করা গেল। পছন্দ হলে এগোনো যাবে – তবে সতর্কতা, লেখাটা বড় হবে।
উৎপাদন ব্যবস্থার চরিত্র
বড় পুঁজি-নিরপেক্ষ উৎপাদন ব্যবস্থা খুব বেশি মানুষ/গোষ্ঠীর হাতে লাভ জমতে দেয় না – বিপুল সংখ্যক ছোট উৎপাদক বিক্রেতা থাকলে সেই উতপাদন-বিতরণ ব্যবস্থায় লাভ ছড়িয়ে যায় সমাজের প্রত্যেকের মধ্যে – কারোর একটু বেশি কারোর কম। ঐতিহাসিকভাবে ইওরোপিয় আগ্রাসনের পূর্বে ভারত/এশিয়া/লাতিন আমেরিকা/আফ্রিকা মূলত বড় পুঁজি-নিরপেক্ষ অঞ্চল ছিল – সামাজিক সম্পদ তৈরি করতে সেই উৎপাদন ব্যবস্থা মাহির ছিল – তাঁর জন্য বড় পুঁজির আগ্রাসী চরিত্রের প্রয়োজন হয় নি। বড় পুঁজি কি ছিল না? ছিল। চাঁদ বা শ্রীমন্ত বা ধনপতির মত সওদাগরেরা সপ্তডিঙ্গা মধুকর সাজিয়ে বিদেশে ব্যবসা করতে যেতেন, তাঁরা তো আদতে বড় পুঁজির প্রতিভূ – তাঁরা কিন্তু কর্পোরেট লুঠেরা পুঁজি হয়ে ওঠেন নি – বাণিজ্য করতে বিদেশে গিয়ে বকলমে বা সরাসরি সে দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নি – সে হয়ত সওদাগর ছিল কিন্তু চরিত্রগতভাবে কর্পোরেট ছিল না। তাঁদের কর্মকাণ্ডের ওপর সামাজিক নিয়ন্ত্রণ প্রবল ছিল। তাকে ঘাড় ধরে সিএসআর করাতে হত না – বাংলাজুড়ে রাস্তা, পুকুর, চিকিতসাব্যবস্থা, সেচ ব্যবস্থা, জ্ঞানচর্চার পরিবেশ, উৎপাদন-বিতরণ ব্যবস্থা, কারিগরদের দক্ষতা, সামাজিক সম্পদ, কারিগরদের হাতে থাকা প্রযুক্তি, সামাজিক নিরাপত্তাবোধ, স্থানীয় বাজার নির্ভর উতপাদন-বিতরণের যে ব্যপ্ত সামাজিক পরিকাঠামো গড়ে উঠেছিল, তা তাঁরা সামাজিক উদ্যমের অংশ হয়েই করতেন, গ্রামীন পরম্পরার উৎপাদন আর বড় পুঁজি যৌথভাবে। বড় পুঁজি ছিল মূলত শহর ভিত্তিক। সে ব্যবসা বাড়াবার জন্য গ্রামের ব্যাপ্ত উপাদন ব্যবস্থার ওপর, বেশিতম উৎপাদনের অনাবশ্যক চাপ দেওয়ার সুযোগ পেত না।
পলাশি চক্রান্তের আগেও বাংলার সমাজে(ভৌগোলিকভাবে বৃহত্তর বাংলা বলতে পূর্বে বার্মা সীমান্ত, উত্তরে অসম, দক্ষিণে ওডিশা, পশ্চিমে দ্বারবঙ্গ=দ্বারভাঙ্গা) বড় পুঁজি সমাজ-রাষ্ট্রের সার্বিক নীতি নির্ধারণ করার অবস্থায় ছিল না। তার চলাচলে কিছু সামাজিক বিধিনিষেধ ছিল। এক উৎপাদক অন্য উতপাদকের উৎপাদন পরিকাঠামো কিনে নিতে পারত না - শিল্পবিপ্লবীয় উৎপাদন ব্যবস্থায় যেমন কোন উৎপাদক না চাইলেও তার ব্যবসা অন্য উৎপাদক কিনে নিতে পারেন হোস্টাইল টেকওভারএর মাধ্যমে - বড় পুঁজি আরও বড়দের আশীর্বাদ নিয়ে তার থেকে পাঁচগুণ বড় কোম্পানি কিনে নিয়ে তা সামলাতে না পেরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় - এ তত্ত্ব-তথ্য খুব সম্প্রতির ইতিহাসে প্রমানিত। কৃষককে, গ্রামের বংশ পরম্পরার ছোট উতপাদকেদের যদি পুঁজি-নিরপেক্ষ উতপাদন ব্যবস্থার অংশ ধরি, রাষ্ট্রের মদতে সেই লাভের (কৃষিকে শুধু লাভজনক উতপাদন ব্যবস্থা হিসেবে দেখতে গিয়ে কৃষির কর্পোরেটাইজেশন ঘটছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে) উতপাদন-ব্যবসাকে জোর করে সারা বিশ্বজুড়ে দখল করা হচ্ছে, নিশ্চিহ্ন করা হচ্ছে বুকে বন্দুকের নল ঠেকিয়ে। সেটা পুঁজি-নিরপেক্ষ উৎপাদন ব্যবস্থার নীতি ছিল না, আজও নেই। কোন আর্থিক সঙ্গতিসম্পন্ন ফেরিওয়ালা তার পাশের কয়েকটা দোকান, বা ছোট উৎপাদক তার গ্রামের অন্যান্যদের উৎপাদন পরিকাঠামো অবলীলায় আজও কিনে নিয়ে বড় পুঁজি, কর্পোরেট পুঁজি হয়ে উঠতে পারেন না।
উৎপাদন, বিতরণ আর সাংস্কৃতিক বৈচিত্র বড় পুঁজির চিরন্তন শত্রু – তাই তাঁর উদ্যম বিশাল বৈচিত্রময় স্থানীয় উতপাদন-বিতরণ ব্যবস্থা ধ্বংস করে কেন্দ্রীভূত উতপাদন-বিতরণ ব্যবস্থা তৈরি করা। এই বৈচিত্রময় উতপাদন-বিবরণ পুঁজি-নিরপেক্ষ উৎপাদন ব্যবস্থার জোরের জায়গা। সে যথাসম্ভব স্থানীয় সম্পদ, শ্রম, জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি, বাজার নির্ভর করে উতপাদন-বিতরণ ব্যবস্থা তৈরি করে। তাঁর জোর নিজ সমাজ বিকশিত জ্ঞান, দক্ষতা আর বংশপরম্পরায় তৈরি করা পরিকাঠামো। তার জোর ধারের জ্ঞান, প্রযুক্তি বা দক্ষতার নয়, নিজস্বতার।
ভারত বহুকাল ধরে বহু কৃষি ও শিল্প উৎপাদন সারা বিশ্বে একচেটিয়া ব্যবসা করে এসেছে - নীল থেকে ইস্পাতের মণ্ড পর্যন্ত - তখন জ্ঞানচর্চা, প্রযুক্তি তার নিজস্ব ছিল। তার জোরে ১৮০০ পর্যন্ত সে ছিল ব্যবসায় উতবৃত্ত দেশ। বড় পুঁজির(এমন কি ছোট্ট পুঁজিও খুব বড় করে – ফেরিওয়ালার প্রথম লিখিত বিবরণ পাই জাতকে সেরিবা-সেরিবান গল্পে – সে অন্তত ২০০০ বছরের ইতিহাস) বিতরণ ব্যবস্থা সে উৎপাদনগুলি নিয়ে বিদেশে গিয়েছে, কিন্তু সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় দাঁত ফোটাতে পারে নি। প্রসন্নন পার্থসারথি বা ওম প্রকাশজী বা পেড্রো মাচাডো তাঁতি আর তাঁত বস্ত্র বিষয় গবেষণা বলছে, পলাশীর আগে পর্যন্ত তাঁতিরা ব্যবসায়ীদের দাদন ফিরিয়ে দিতে পারতেন - তাঁদের রোজগার ছিল ইওরোপের তাঁতিদের তুলনায় অনেক বেশি – তাঁরা সারাবিশ্বজুড়েই ব্যবসা করতেন। নীল উতপাদন-বিতরণ ব্যবস্থাই ধরা যাক, ২০০০ বছর আগে রোমে ভারতীয় নীল যেত - নাম ইন্ডিগো – উৎপাদনের ভৌগোলিকতার সূত্র ধরে - নীল লাতিন আমেরিকা থেকেও সে সময়ের ইওরোপে আসত - তারও নাম ছিল কিন্তু ইন্ডিগো – এই প্রায় একচেটিয়াসম ব্যবসাকে ১৮০০ সালের পর রাষ্ট্রের মদতে, বড় কর্পোরেট পুঁজি, উতপাদ-বিতরকদের বুকে বন্দুক ঠেকিয়ে দখল - ধ্বংস করল। অথচ অন্তত ২০০০ বছর ধরে নানান ধরণের কৃষি বা শিল্প উতপাদনের একচেটিয়া ব্যবসা করেও কেন্দ্রিয় দখলদারির, চাষীদের নিংড়ে লাভের শেষ কপর্দক তুলে নেওয়ার নীলকর তৈরি হয় নি। ম্যাঞ্চেষ্টারের অতিরিক্ত উতপাদনের কাপড় মিলগুলি লাভ করতে ততদিন পারে নি, যতদিন না বন্দুকের মুখে দাঁড় করিয়ে ভারতের আড়ংগুলি ধ্বংস করা হয় নি, নীল চাষ-ব্যবসা দখল করা হয় নি, ইওরোপে বাংলার কাপড়ের ওপর ১০০% শুল্ক বসে নি, ইওরোপে ইস্পাতের (ধাতুর) কারখানা চলে নি যতদিননা ভারত ব্যপ্ত ৩০০০০ চলন্তিকা ছোট্ট গলনচুল্লির ধারক-বাহক, দেশের ছোট সামাজিক উৎপাদন ব্যবস্থার অংশ ডোকরা উতপাদকেদের ধ্বংস করা হয় নি - এই ইস্পাত মণ্ড দিয়ে এক সময় বিশ্ববিখ্যাত দামাস্কাস তরোয়াল তৈরি হত বা বাংলার ব্রিটিশপূর্ব সময়ে বানানো প্রচুর লোহা/ধাতু সামগ্রী আজও আকাশের তলায় পড়ে থাকে মরচে বিহীন হয়েই।
আর্যভটের হাত ধরে আরও হাজারো গুনীর চেষ্টায় যে নিয়ন্ত্রণমুক্ত কলন বিদ্যার জ্ঞানচর্চা তাঁতিদের, নাবিকদের, চাষীদের হাতে প্রতিকূলতা জয় করার করার সুযোগ করে দিয়েছি্ল, বাংলা তথা ভারতের বিশিল্পিয়ায়নের ব্রিটিশ উদ্যমে সেই ব্যপ্ত কেন্দ্রবিহীন ভারতজোড়া বিদ্যাচর্চাকে উদ্দেশ্যপূর্ণভাবে ধ্বংস করা হল, ইওরোপে গিয়ে সেই মুক্ত প্রাথমিক জ্ঞানচর্চা হয়ে উঠল উচ্চতম শিক্ষাব্যবস্থার অংশ – যারা সেই জ্ঞানচর্চাকে দখল করলেন তাঁরা তখন সেটির ওপরে পেটেন্টের ঘোমটা পরাতে ব্যস্ত ছিলেন। বাংলা তথা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ধারক বসন্তের টিকাকারদের নিষিদ্ধ করে জেনারের উদ্ভাবিত টিকা ব্যবস্থাকেই চালাতে হয়েছে।
দেশজ প্রযুক্তির চরিত্র
ছোট্ট উৎপাদন ব্যবস্থায় উতপাদকের নিয়ন্ত্রণে থাকে প্রযুক্তির প্রয়োগ। বাংলার বাণিজ্য প্রচেষ্টা জানার ক্ষেত্রে প্রযুক্তি একটা বড় উপাদান। প্রযুক্তি কার নিয়ন্ত্রণে, এই তত্ত্ব-তথ্য আলোচনা ব্যতিরেকে, ব্রিটিশপূর্ব বাংলার বাণিজ্য প্রচেষ্টার আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাণিজ্য আলোচনায় প্রথমে বোঝা প্রয়োজন প্রযুক্তির নিয়ন্ত্রণ আদৌ উতপাদকের হাতে রয়েছে কি না। অর্থাৎ যে প্রযুক্তি প্রয়োগ করে সে উৎপাদন করছে, তা বড় পুঁজির কেন্দ্রিয় নিয়ন্ত্রণ মুক্ত কি না – মোটা ভাষায় বলা যায়, কাজ করতে করতে প্রযুক্তির হাতিয়ারগুলি বিকল হলে সে নিজে বা স্থনীয়ভাবেই সেটা সারিয়ে নিতে পারে কিনা, না তাঁকে সমাজের বাইরের ওপর নির্ভর করতে হয়। একটা ছোট উদাহরণ দেওয়া যাক – বাংলার শাঁখারিদের শাঁখের করাত উপহার দিয়েছিলেন বর্ধমানের কামারেরা। তাঁরা এমনভাবে সেই করাত তৈরি করেছিলেন যাতে সেটি বংশপরম্পরায় ব্যবহার করা যায়, নিজেরাই সেই করাত ধার করে নিতে পারেন – কামারদের ওপর যাতে নির্ভর না করতে হয়। অশ্লীল সাম্রাজ্যবাদী লুঠেরা দখলদারি পেটেন্ট নেওয়ার কথা তুলছিই না।
শিল্পবিপ্লবের আগে থেকেই কেন্দ্রিয় নিয়ন্ত্রণযুক্ত বড় পুঁজি চেষ্টা করেই যাচ্ছে প্রযুক্তি, জ্ঞানচর্চা পেটেন্ট, কপিরাইট ইত্যাদি ব্যবস্থা প্রয়োগ করে দখলে নিয়ে আসতে।উদ্দেশ্য সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় দখলদারি নিশ্চিত করা। উৎপাদন ব্যবস্থার চরিত্র বিচারে আমাদের প্রাথমিক প্রশ্ন প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে, পুঁজির চরিত্র কি - সে অন্য উৎপাদন ব্যবস্থাকে কন্সোলিডেশনের নাম করে, উন্নয়নের নাম করে সমাজের সম্পদ দখল করার ছাড়পত্র পায় কি না।
অন্য সভ্যতার কথা জানি না, ভারত মূলত শূদ্র বৈশ্য মুসলমান এবং অন্যান্য পরম্পরার সমাজের তৈরি সভ্যতা - জ্ঞানচর্চা, উতপাদন বিতরণ ব্যবস্থায় তাদের নিয়ন্ত্রণহীন পকড় নতুন ভাবে ভারতকে বসিয়েছিল বিশ্ব উতপাদন ব্যবস্থায়। ইতর, ছোটলোকেদের হাতে ছিল দেশের মূল উতপাদন বিতরণ ব্যবস্থা - তাঁরাই তৈরি করেছিলেন এই ব্যবস্থার দর্শন। কয়েক হাজার বছর ধরে শূদ্ররা, বৈশ্যরা, মুসলমানেরা নিজেদের বিকেন্দ্রিভূত উৎপাদন দর্শন তৈরি করেছিলেন - যে দর্শনকে ধ্বংস করার চেষ্টা করে গিয়েছে ইওরোপ ৫০০ বছর ধরে। পলাশির পর রাষ্ট্র ক্ষমতা দখল করে বিশিল্পিয়ায়ন, জ্ঞানচর্চা ধ্বংস, লুঠ, খুন ব্যবস্থা নামিয়ে এনে সেই দর্শন ধ্বংস বাস্তবে রূপ পায়, তা চরম রূপ ধারণ করেছে স্বাধীনতার পর - তার জন্য কয়েক কোটি গ্রামীন শূদ্র বৈশ্য মুসলমানকে উচ্ছেদ করতে হয়েছে - সে লড়াই চলছে আজও। তবুও রক্তবীজের বংশধরেরা তাদের মত করে দেশের গ্রাম উতপাদন ব্যবস্থা ধারণ করে রয়েছেন বলেই বিশ্ব মন্দা ভারতে প্রভাব ফেলে না, নোট বন্দীর মত গ্রামীণ উৎপাদন ব্যবস্থা্ধ্বংসমূলক পরিকল্পনাও শেষ অবধি ধ্বংস হয়ে যায়।
তাই আজকের বাংলার ব্রিটিশপূর্ব বাণিজ্য চর্চা আলোচনার কাজে প্রাথমিকতা হওয়া দরকার পুঁজির চরিত্র আর প্রযুক্তির চরিত্র বিশ্লেষণ করা। শিল্পবিপ্লবীয়(যে উদ্যম আদতে নব্য দাস ব্যবস্থা তৈরি করেছে - যার সঙ্গে বিপ্লবনামক বহুব্যাপ্ত ব্যঞ্জনাযুক্ত শব্দটির কোন সম্পর্ক নেই) সময়ে যে প্রযুক্তির বিকাশ ঘটল, চরিত্রের দিক থেকে সেগুলি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রযুক্তির চরিত্র এমন, শুধু প্রযুক্তির জ্ঞানচর্চা বিক্রি করে অনন্ত লাভ করা যায়। পশ্চিমে বিকশিত প্রযুক্তির বড় প্রযোগবাদিতা ছিল সামরিক বিদ্যা বিকাশে - আর্কিমিদিস থেকে গ্যালিলিও থেকে নিউটন থেকে ওপেনহাইমার, বোর পর্যন্ত পশ্চিমি প্রযুক্তি বিকাশের ইতিহাস তাই বলে। জনগনের অর্থে নির্দিষ্ট উদ্দেশ্যে গবেষণাগারে বিকশিত সামরিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মূলত বিশ্বজোড়া সম্পদ লুঠের কাজে, মানুষের মন নিয়ন্ত্রণের কাজে। কেন্দ্রিভূতভাবে নিয়ন্ত্রণযোগ্য পশ্চিমি প্রযুক্তির মূল চরিত্র লুঠেরার। শ্রমের যাতায়াত কোথায় উন্মুক্ত হল? ইওরোপ/আমেরিকার অভিবাসন আইন দেখলেই বোঝা যাবে। বিশ্বায়নের যুগে বড় পুঁজির বাজার উন্মুক্ত হয়েছে রাষ্ট্রের হস্তক্ষেপে - যেখানে সে পারে নি, সেখানে অস্ত্রের ব্যবহার করেছে।
তাত্ত্বিক, ব্যবহারিক প্রতিজ্ঞা
ক। তত্ত্ব - প্রাথমিকভাবে বাংলা তথা ভারত তথা এশিয়ার উৎপাদন ব্যবস্থা শিল্পবিপ্লবীয় উৎপাদন দর্শনের থেকে আলাদা ছিল। এই উৎপাদন ব্যবস্থা মূলত বড় পুঁজির প্রতিস্পর্ধী অবস্থান। সামাজিক সাম্যের দিকে অনেক বেশি নজর দেওয়া। একে সামাজিক ব্যবসাও বলা যায়। আজকে লুঠেরা কর্পোরেট পুঁজিকে ঠেলেঠুলে যে কাজ করানো যাচ্ছে না – সেই আদ্যিকালের যুগে - যে যুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে দাগিয়ে দিতে পশ্চিমি জ্ঞানচর্চকদের বিন্দুমাত্র দ্বিধা হয় না - বণিকেরা বাংলায় সব থেকে বেশি জনপূর্তির পরিকাঠামো তৈরির জন্য বিনিয়োগ করেছিলেন। তাঁরা হয়ত জানতেন সেই বিনিয়োগ উতপাদন-ব্যবসার কাজে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।
অ। প্রাথমিকভাবে ছোট পুঁজি, পুঁজি নিরপেক্ষ উতপাদন-বিতরণ ব্যবস্থার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। বড় এবং কর্পোরেট পুঁজি থেকে পুঁজি নিরপেক্ষ ন্যন্সথা কেন আলাদা, সেই তাত্ত্বিক অবস্থান নির্ণয় করতে হবে।
খ। ব্রিটিশপূর্ব বাংলার শিল্প-ব্যবসার বিষয়ে খুব বেশি কাজ হয়েছে কি না বলা যাবে না। আন্তভারতীয় বা আন্তএশিয়া ব্যবসা নিয়ে কিছু কিছু কাজ হয়েছে – কিছুটা গিল্ড নিয়ে হয়েছে - কিন্তু সে প্রচুর পুরনো সময়ের - সেখানে বাংলা ভিত্তিক আলাদা করে কোন কাজ হয়েছে বলে জানা নেই – নরেন্দ্র কৃষ্ণ সিংহ বা তপনবাবুর আকবরের সময়ের কাজ বা অঞ্জলী চ্যাটার্জীর ঔরঙ্গজেবের সময়ের বাংলা বইতে বিদেশিদের চোখে বাংলার ব্যবসার কিছু ওপর ওপর কাজ ছাড়া বিশেষ কিছু কাজ হয় নি। যা হয়েছে ইওরোপিয়দের সঙ্গে বাংলা/ভারতের যোগাযোগের দিন নিয়ে – প্রচুর ঐতিহাসিক কাজ করেছেন। সমস্যা হল, যারা ঔপনিবেশিক ইতিহাস লিখলেন তাঁরা যেমন উপনিবেশের, তার অর্থনীতি্র গুণ গাইতে তার মাহাত্ম্য তৈরি করলেন, আবার বিরোধীরা – যেমন ঔপনিবেশিক তত্ত্বের বিরোধীরা - নরেন্দ্রকৃষ্ণ সিংহ বা দাদাভাই নৌরজী বা রমেশ দত্ত (সঠিকভাবেই) লুঠের তত্ত্ব খাড়া করতে ঔপনিবেশিক সময়কেই ধরলেন - আজকের বাংলার বাইরে পটানা - বৃহত্তর বাংলা নিয়ে কাজ করেছেন কুমকুম চ্যাটার্জী তাঁর মার্চেন্টস পলিটিক্স অ্যান্ড সোসাইটি ইন আর্লি মডার্ন ইন্ডিয়ায়। যদিও ইওরোপের সঙ্গে ভারত/বাংলার ব্যবসার পরিমান ছিল মাত্র ১০% - বাকি ৯০% এশিয় এবং দেশিয়। আর ইওরোপ বলতে ব্রিটিশ বুঝলাম। পর্তুগিজেরা যে ভারতে মুঘলদের আগে এসেছিল সেই হার্মাদদের ব্যবসা ব্রাত্য হয়ে গেল - তাদের সঙ্গে ব্যবসার ইতিহাস ধরতে পারলে কিন্তু ১৪০০ সালের শেষের দিকের বাংলা্র ব্যবসার একটা দিক পাওয়া যেত। ব্রিটিশবাবাদের নিয়ে কাজের বাইরে দারুণ গবেষণা করেছেন ওম প্রকাশজী - ডাচেদের ব্যবসা নিয়ে। ভারতে যেহেতু প্রাথমিকভাবে তারা বাংলাতেই ঘাঁটি গেড়েছিলেন, তাই ব্রিটিশ ছাড়া ডাচেদের ব্যবসার কথা পাই - বিশেষ করে পলাশীর আগে তাঁরা কিভাবে কাজ করতেন, কিভাবে স্বাধীনভাবে তাঁতিরা কাজ করতে পারতেন, দাদন ফিরিয়ে দিতে পারতেন তা অসম্ভব নতুনত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। বা শ্রীলা ত্রিপাঠি বলছেন হিপ্পালাসের মৌসুমী বায়ু 'আবিষ্কার'এর আগে থেকেই বাংলার নাবিকেরা দক্ষিণপূর্ব এশিয়ায় যেত - যার রেশ আজও থেকে গিয়েছে ওডিশার বালি যাত্রা উতসবে, বাংলার নানান ব্রতে, উতসব মেলায় - গুজরাটের নাবিকেরা লোহিত সাগর এবং আফ্রিকায় - প্রসন্নন পার্থসারথি, জর্জিও রিয়েলো বা পেড্রো মাচাডোরা দেখিয়েছেন গুজরাটি ৩০০০ বছরের পুরনো বস্ত্র ব্যবসার কুড়।
আ। ব্রিটিশপূর্ব পূর্ব ভারতের অভ্যন্তরের বা ভারত এশিয়ার মধ্যে ব্যবসা কি ছিল তা নজর খুব একটা পড়ে না – ইওরোপ-ভারত ব্যবসার পরিমান ছিল মূল উৎপাদনের ১০% মাত্র, বাকি এশিয় আর দেশজ বাণিজ্য– আফ্রিক বিশেষ করে গ্রিস আর মিশরের সঙ্গে বিপুল বাণিজ্য হত – তা নিয়ে আলোচনা কোথায়? ইওরোপিয় গবেষণা নিবদ্ধ হয়েছে মূলত জামাকাপড় আর মশলা ব্যবসায়। এমন এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে, এই বাণিজ্যের বাইরে আর কিছু খুব একটা লাভজনক পণ্য ছিল না। কিন্তু সোরা থেকে নুন থেকে তামাক থেকে সুপুরি থেকে লোহা থেকে চাল, আরও কি না কি ছিল বিশাল রপ্তানির পণ্য – একদা বাংলা থেকে গুজরাটের বন্দর হয়ে যে এত সুপুরি আরব দেশ বা লেভন্ট এলাকায় যেত যে সেই পণ্যের নাম থেকে বন্দরের নামই হয়ে গেল সোপারা। হেস্টিংস সে তিনিটি পণ্য প্রথম একচেটিয়া ব্যবসার অধীনে আনেন সেগুলি হল তামাক, সুপুরি আর নুন – বস্ত্র বা আফিম বা মশলা নয়।
গবেষকেদের সমস্যা বুঝি। তাঁরা যে জ্ঞানচর্চায় বেড়ে উঠেছেন, সেই জ্ঞানচর্চা মূলত লেখ্য জ্ঞানচর্চার ধারা, ইওরোপমুখ্যতাভিত্তিক, তার বাইরে কিছুই চোখে পড়ে না, পড়লে মনে ধরে না, মনে ধরলে কাজের সুযোগ হয় না। ফলে এই শ্রুতির দেশে, যেখানে খুব সহজে মনে রাখা্র ক্ষমতা তৈরি করা হয় ছোটবেলা থেকেই নানান সহজতম জ্ঞানচর্চার প্রক্রিয়ায়, বা এই গরম, জলীয়বাষ্প-মধুর দেশে, যেখানে খুব কঠিন কাগজ বা কোনোকিছু লেখ্য তথ্য সংরক্ষণ করা, সেখানে কি করে পূর্বজদের কাজ মূল্যায়ণ করা যাবে, তথ্য নিষ্কাশন করা যাবে তার তাত্বিকতা ভেবে বার করতে হবে। নইলে সামগ্রিক উদ্যম নষ্ট হয়ে যেতে পারে – কেননা, তাহলে আবার সেই অন্য দর্শনের জ্ঞানচর্চার ওপর নির্ভর করতে হবে।
এ নিয়ে যোগ্য আলোচনা দরকার। সমস্যা হল পদ্ধতি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তেলেভাজার অর্থনীতি নিয়ে বলে জোর গাল খাচ্ছেন অথচ এই বাংলার অর্থনীতিটা ছিল ছোট উৎপাদন ব্যবস্থাভিত্তিক। গবেষকেরা, অধ্যাপকেরা মনে করেন বড় কারখানা না হলে তা অর্থনীতি নয়, যেমন বাংলাদেশে আমাদের এক অধ্যাপক বন্ধু মাটির বাড়ি,মাটির মসজিদ নিয়ে কাজ করতে গিয়ে শুনেছেন মাটির বাড়ি/মসজিদকে কবে থেকে স্থাপত্য ধরা হল? সেই শিক্ষা তাঁরা পেয়েছেন ইওরোপের শিল্পবিপ্লবীয় উৎপাদন ব্যবস্থা থেকে। অথচ যতদিন নিজেদের অর্থনীতি, নিজেদের প্রযুক্তি, নিজেদের শিক্ষা ব্যবস্থা ছিল ততদিন বাংলা ছিল বাণিজ্যে উদবৃত্তের দেশ। সেটা যেন মনে রাখি।

Wednesday, May 24, 2017

Let their be a formal schooling (board) and higher education system (university) dedicated to the knowledge creation and dissemination by the people hailing from "শূদ্র-বৈশ্য-মুসলমান ও অন্যান্য পরম্পরা".

উদ্দীপন নাথ, WATWeavers Artisans & Traditional Artists' Guild - WATAG, WATAGএর সম্মানিত অছি সদস্য - ভাবনা চিন্তায় অন্য মানুষদের থেকে আলাদা - WATAG Dipankarদার কাছে কৃতজ্ঞ যে তাঁর মত গুণী মানুষ এই মানুষদের সঙ্গঠনে জুড়েছেন।
উদ্দীপন একটি দারুণ প্রস্তাব দিয়েছেন - সেটি নিচে তুলে দেওয়া গেল।
এই শিক্ষা প্রস্তাবটির সঙ্গে জুড়ুক গ্রামীন পরম বাঙলা প্রাকৃত চিকিতসা ব্যবস্থা নিয়ে একটা শিক্ষাক্রম।
নতুন করে চিন্তা করা দরকার কিভাবে আমরা আমদের নিজেদের ব্যবস্থাগুলোকে দেখতে চাইছি।
মেকলে বা ট্রেভলিয়ন বা বিদ্যাসাগর দেশিয় শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছেন বলে কান্নাকাটির সময় গিয়েছে।
নতুন উদ্যমে জেগে উঠক নতুন জ্ঞানচর্চার পরিবেশ।
ধন্যবাদ উদ্দীপন। বুদ্ধিজ্ঞাপক প্রকাশনার জন্য।
what we need is a completely fresh approach to how we are educated. Let Macaulay remain where it has prospered, but let people from the "শূদ্র-বৈশ্য-মুসলমান ও অন্যান্য পরম্পরা" have a chance at reviving their way of education and training. Let their be a formal schooling (board) and higher education system (university) dedicated to the knowledge creation and dissemination by the people hailing from "শূদ্র-বৈশ্য-মুসলমান ও অন্যান্য পরম্পরা". Like we have a CBSE or ICSE, we could have a higher education board on 'Traditional and Indigenous Knowledge' systems - Board of Secondary & Higher Secondary Education on Traditional and Indigenous Knowledge. Let the State of the day recognize this board as a formal way of educating the South Asians. Let the State subsidize the education to be pursued in this system. Let people from the "শূদ্র-বৈশ্য-মুসলমান ও অন্যান্য পরম্পরা" not be forced to pursue education in only CBSE/ICSE/Traditional State Boards based on Macaulay. Let them proudly and formally pursue education in their chosen system - that could be either through a education board dedicated to 'Traditional and Indigenous Knowledge' systems or the usual CBSE/ICSE/Traditional State Boards. But at least let us give a fair chance to 'Traditional and Indigenous Knowledge' systems to thrive. We can't keep on crying over the spilt milk, nor can we expect the Brits and Macaulay to return and erase all the wrong doings. It's now up to us to ensure our people's survival. And our people's survival cannot be sustainable on borrowed European & western technologies. Its time to fall back on 'Traditional and Indigenous Knowledge' systems.

Tuesday, March 21, 2017

প্রাকৃত বাংলা স্বাস্থ্য ব্যবস্থা - বাংলার পরম্পরাগত চিকিৎসা ব্যবস্থা

সহায়তায় ইন্ডিয়ান স্ট্যাস্টিটিক্যাল ইনস্টিটিউটের ঘিলু ল্যাব
এটা আবার কি? আয়ুর্বেদ? নয় কেন? কেন প্রাকৃত বাংলা স্বাস্থ্য ব্যবস্থা?
সত্যি তো,আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা ছেড়ে কেন গ্রাম্য প্রাকৃত চিকিৎসা ব্যবস্থা নিয়ে মাথা ঘামাল ওয়াটাগ, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ, কলাবতী মুদ্রা, কনকটি বোড়ো কৃষ্টি আফাত এবং আরও বেশ কিছু সংগঠন?
সঙ্গঠনগুলো থেকে তাত্ত্বিকভাবে আমরা মনে করি রোগ আঞ্চলিক - নির্ভর করে জীবনযাত্রা, দেহতন্ত্র, পরিবেশ, পেশা এবং ভূপ্রকৃতির ওপর। দূর দেশে কোন ওষুধ তৈরি হলে, সেটি যে বিশ্বজনীন প্রতিক্রিয়া সৃষ্টি করবে এই তথ্য আমরা বড় পুঁজির সঙ্গবাদমাধ্যমের প্রচারে মেনে নিতে বাধ্য হয়েছি। এলোপ্যাথির মতই আয়ুর্বেদ কেন্দ্রিয় শাস্ত্র নিদান নির্ভর। কিন্তু প্রাকৃত চিকিৎসা ব্যবস্থা প্রায়োগিকভাবে ভীষণভাবে আঞ্চলি জ্ঞান-প্রযুক্তি-সম্পদ-পরিবেশ নির্ভর, রোগী/অসুস্থতা কেন্দ্রিক এবং সংহত।
ঠিকই আয়ুর্বেদ নিয়ে কাজ করাটা খুব সোজা ছিল। তার একটা দেশজ-আন্তর্জাতিক ব্রান্ডিং আছে। বড় পুঁজির স্নেহধন্য। মানুষকে বোঝাতেই হত না কেন আয়ুর্বেদ? এবং আমাদের মত চাঁদা নির্ভর সংগঠনে এটা আশীর্বাদ হত, খাটনি কম হত, চরক শুশ্রুত বা বাঙালি ভগভট্টের সংস্কৃত নিদান তুলে দিলেই কেল্লা ফতে - দুবার প্রশ্ন করার সুযোগই থাকত না।
তাহলে? পরম্পরার প্রাকৃত চিকিৎসাটি বাংলার, ভীষণই রোগীকেন্দ্রিক। রোগ যদি আঞ্চলিক হয়, তা হলে সেই অঞ্চলেই তাঁর প্রতিষোধক প্রকৃতি দিয়ে রেখেছে। চিকিতসাকর্মীর দায় সেই অঞ্চলের নির্দিষ্ট ভেষজ, খণিজ বা প্রাণীজ উপাদানটি ব্যবহার করা। তাত্ত্বিকভাবে প্রাকৃত চিকিৎসা যদিও আয়ুর্বেদের ত্রিদোষ তত্ত্ব বা পঞ্চতত্ত্বের কাছাকাছি কিন্তু প্রায়োগিকভাবে অনেক স্বাধীনিতা পান প্রাকৃত চিকিৎসায়। চিকিৎসক/সেবকের দায় থাকে রোগীর বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার। আমরা জেনেছি, প্রাকৃত চিকিৎসক চেষ্টা করেন প্রাথমিকভাবে খাদ্য, তাঁর পরিবেশ/জীবনযাত্রা পরিবর্তন করে নিরাময়ের। সর্বশেষে ওষুধ প্রয়োগ। সব থেকে বড় জোরের যায়গা হল তাঁর জ্ঞানের বৈচিত্র্য - সমাজে সমাজে, সমাজের মধ্যে পরিবারে পরিবারে যা আদতে বড় পুঁজির আতঙ্ক - বেঁচে থাকাটাই হুমকির সম্মুখীন।
এই জ্ঞান আর প্রজ্ঞা সারা বাংলার বিভিন্ন সমাজে ছড়িয়ে রয়েছে। মেচ, রাভা, গারো, টোটো, রাজবংশী, সাঁওতাল, মুসলমান, কুর্মী সহ আরও বেশ কিছু সমাজের হাজার হাজার বছরের পরম্পরার প্রাকৃত চিকিৎসা ব্যবস্থা নিয়ে নথি করার কাজ করেছেন নারায়ণ মাহাত কয়েক বছর ধরে। পরম পত্রিকার গ্রাম্য চিকিৎসা ব্যবস্থা সংখ্যার আমন্ত্রিত সম্পাদক ছিলেন নারায়ণ। পারিবারিকভাবে এবং পেশাগতভাবে প্রাকৃতিক চিকিৎসা শিখেছেন তিনি। বহু প্রবন্ধ ছাড়াও তাঁর একটা বই দেশজ ভেষজতে তিনি গাছ-গাছড়া এবং রোগ-অসুখ নিয়ে বিশদে আলোচনা করেছেন তিনি।
এই বৈচিত্র্যময় জ্ঞানকে সঙ্গঠনগুলি এবারে তাদের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে প্রায়োগিকতার স্তরে নিয়ে যাচ্ছে। বলা দরকার এই জ্ঞান সমাজগুলিতে বহুকাল ধরে রয়েছে। শুধু শস্তা নয়, তাঁর এফিকেসির জোরে - যদি আপনারা গাঁইয়াদের অজ্ঞ, মুর্খ, অশিক্ষির না ভাবেন।
গত দুবছর ধরে, বাংলার পরম্পরার প্রাকৃত চিকিৎসা ব্যবস্থা নথি করণ করতে নারায়ণ মাহাতর নেতৃত্ব দিয়ে এসেছেন। সেই চেষ্টাটা রূপ পাচ্ছে আগামী ৮,৯,১০,১১ এই চারদিন কলকাতায় নারায়ণের নেতৃত্বে গ্রামীন স্বাস্থ্য বিধায়কদের(গ্রামীন পরম্পরার চিকিতসকেদের এই নাম দিয়েছেন তিনি) প্রথম বৈঠক। সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই চারদিনের বৈঠকে। কথা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাস্টিটিক্যাল ইনস্টিটিউটের গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলা ঘিলু ল্যাব এই প্রক্রিয়ায় সামিল হবে।
ইতোমধ্যে শহরে এই চিকিতসাব্যবস্থা নারায়ণ আর বঙ্গীয় পারম্পরিকের সম্পাদক মধুমঙ্গল মালাকারের নেতৃত্বে পা রেখেছে - প্রাথমিকভাবে কয়েকজন বন্ধু আর তাদের বাড়িতে এই তত্ত্ব প্রয়োগ করে চিকিৎসার কাজ চলছে।
তো এর পরের কাজ বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়া। শুধু ওষুধ দেওয়া নয়, যদি প্রত্যোজন হয় তা হলে খাদ্যাভ্যাস, জীবনধারণের প্রক্রিয়া বদলে দিয়েও রোগারোগ্য হতে পারে। আদতে শুধু রোগ নিরাময় নয় সার্বিকভাবে স্বাস্থ্য ফেরানো প্রাথমিক কাজ - ঠিক যে জন্য গ্রাম বাংলা এলোপ্যাথি ছাড়াই বহাল তবিয়তে বেঁচে রয়েছে।
কলকাতায় এই চারদিনের শেষ দিন বন্ধুদের সঙ্গে আলোচনা আর কিছুটা চিকিৎসার পরামর্শ দান শুরু।
আরও অনেক কথা বলার রইল। আমরা কি করতে চলেছি, তাঁর বিশদ আগামী দিনে পরের কোন প্রকাশনায়।
সঙ্গের ছবিগুলি আজ, ৬ চৈত্র ১৪২৩ সালে দীপঙ্করদার বাড়িতে।
অরূপদা এই বিষয়টা নিয়ে ছবিও করছেন।