Saturday, February 16, 2013

বাকল, হরপ্রসাদ শাস্ত্রী

প্রাচীন বাংলার গৌরব থেকে আরও একটি লেখা, বাকল. এই প্রবন্ধে শাস্ত্রীমশাই মসলিনের কথা বিশদে উল্লেখ করেছেন. এই দুটি বিষয় প্রাচীন বাঙলার অন্যতম গৌরপেয়েছেব. সেই বিষয়গুলি এই প্রবন্ধে প্রকাশ  পেয়েছে. বিশ্বেন্দু



প্রথম অবস্থায় লোকে পাতা পরিত। কটকের জঙ্গলমহলে এখনও দু-এক যায়গায় লোকে পাতা পরিয়া থাকে। তাহার পর লোকে বাকল পরিত। গাছের ছাল পিটিয়া পিটিয়া কাপড়ের মত নরম করিয়া লইত, তাহাই জড়াইয়া লজ্জা নিবারণ করিত এবং কাঁধের উপর একখানি ফেলিয়া উত্তরীয় করিত। সাঁচী পাহাড়ের উপর এক প্রকাণ্ডস্তুপ আছে, উহার চারিদেকে পাথরের রেলিং আছে, রেলিংএর চারিদিকে বড় বড় ফটক আছে। দুই থামের উপর এক একটি ফটক। এই থামের গায়ে অনেক চিত্র আছে। এই চিত্রের মধ্যে বাকল-পরা অনেক মুনি-ঋষি আছেন। তাঁহাদের কাপড় পরার ধরন দেখিয়া আমরা বুঝিতে পারি, কেমন করিয়া সেখানে লোকে বাকল পরিয়া থাকিত। তাহার পর লোকে আর বাকল পরিত না, বাকল হইতে সুতা বাহির করিয়া কাপড় বুনিয়া লইত। শণ, পাট, ধঞ্চে এমন কি আতসী গাছের ছাল হইতেও সুতা বাহির করিত।  এখন এই সকল সুতায় দড়ি ও থলে হয়। সেকালে উহা হইতে খুব ভাল কাপড় তৈয়ার হইত এবং অনেক কাপড় খুব ভাল হইত। বাকল হইতে যে কাপড় হইত তাহার নাম ক্ষৌম, উত্কৃষ্ট ক্ষৌমের নাম দুকূল। ক্ষৌম পবিত্র বলিয়া লোকে বড় আদর করিয়া পরিত।
কৌটিল্যের অর্থশাস্ত্রের মতে বাংলাতেই এই বাকলের কাপড় বুনা হইত। বঙ্গে দুকূল হইত, উহা শ্বেত ও স্নগ্ধ, দেখিলেই চক্ষু জুড়াইয়া যাইত। পৌণ্ড্রেও দুকূল হইত, উহা শ্যামবর্ণ ও মণিরমত উজ্জ্বল। সুবর্ণকুড্যে যে দুকূল হইত তাহার বর্ণ সূর্যেরমত এবং মণির মত উজ্জ্বল। এই অংশের শেষে কৌটিল্য বলিতেছেন, ইহাতে কাশীর ও পৌণ্ড্র দেশের ক্ষৌমের কথা ব্যাখ্যা করা হইল। ইহাতে বুঝাযায়, বাংলাতেই বাকলের কাপড় সকলের চেয়ে ভাল হইত এবং দুকূল একমাত্র বাংলাতেই হইত।
...এখানে আমরা কাপাসের কথা বলিলাম না। কারণ চাণক্যের মতে কাপাসের কাপড় যে শুধু বাংলাতেই ভাল হইত, এমন নয়, মথুরার কাপড়, অপরান্তর কাপড়, কলিঙ্গের কাপড়, কাশীর কাপড়, বত্সদেশের কাপড়, ও মহিষদেশের কাপড়ও বেশ হইত। মথুরা পাণ্ড্যদেশ, মহিষদেশ নর্মদার দক্ষিণ, অপরান্ত বোম্বাই অঞ্চলে। কিন্তু চাণক্যের অনেক পরে কাপাসের কাপড়ও বাংলার একটা প্রধান গৌরবের জিনিস হইয়াছিল। ঢাকাই মসলিন ঘাসের উপর পড়িয়া রাখিলে ও রাত্রিতে তাহার উপর শিশির পড়িলে, কাপড় দেখাই যাইত না। একটা আংটির ভিতর দিয়া এক থান মসলিন অনায়াসেই টানিয়া বাহির করিয়া লওয়া যাইত। তাঁতীরা অতি প্রত্যুষে উঠিয়া একটি বাখারির কাটি লইয়া কাপাসের খেতে ঢুকিত। ফট করিয়া যেমন একটি কাপাসের মুখ খুলিয়া যাইত, অমনি বাখারিতে জড়াইয়া তাহার মুখের তুলাটি সংগ্রহ করিত। সেই তুলা হইতে অতি সূক্ষ্ম সূতা পাকাইত, তাহাতে মসলিন তৈয়ার হইত। আকবর যখন বাংলা দখল করিয়া সুবাদার নিযুক্ত করেন, তখন সুবাদারের সহিত তাঁহার  বন্দোবস্ত হয় যে, তিনি বাংলার রাজস্ব-স্বরূপ বত্সরে মাত্র পাঁচ লক্ষ টাকা লইবেন, কিন্তু দিল্লীর রাজবাড়িতে যত মালদহের রেশমী কাপড় ও ঢাকার মসলিন দরকার হইবে, সমস্ত সুবাদারকে জোগাইতে হইবে।

রেশম, হরপ্রসাদ শাস্ত্রী


প্রাচীন বাংলার গৌরব পুস্তক থেকে. হরপ্রসাদ এই পুস্তকে বাঙলার দশটি গৌরবের বিষয় আলোচনা করেন. সেই প্রবন্ধগুলো থেকে রেশমটির অংশ লোকফোক উদ্ধার করেছে. পরে আরও কয়েকটি গর্ব বিষয়ক লেখা প্রকাশ করবে লোকফোক.
বিশ্বেন্দু 

...ইওরোপীয়েরা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বত্সর চেষ্টা করিয়া তাঁহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। ..ইওরোপে খ্রীস্টের প্রথম ও দ্বিতীয় শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন, এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশী করিয়া সোনার টাকা চালান। ইওরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে।
কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই, বাংলা দেশে খ্রীস্টের তিন চারি শত বত্সর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভাল কাপড়ের নাম পত্রোর্ণ অর্থাত পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের নাম পত্রোর্ণ। সেই পত্রোর্ণ তিন জায়গায় হইত – মগধে, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড্যে। নাগবৃক্ষ, লিকুচ বকুল আর বটগাছে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুচের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রঙ গমের মত, বকুলের রেশমের রঙ সাদা, বট ও আর আর গাছের রেশমের রঙ ননীর মত। এই সকলের মধ্যে সবর্ণকুড্যের পত্রোর্ণ সকলের চেয়ে ভাল। ইহা হইতেই কৌষেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যখ্যা হইল।
উপরে যে টুকু লেখা হইল, তাহা প্রায়ই অর্থশাস্ত্রের তর্জমা। অর্থশাস্ত্রে যে অধ্যায়ে কোন কোন ভাল জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ঐ সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষপ্রবেশ্যরত্নপরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরা জহবরত নয়, যে পদার্থের যাহা উত্কৃষ্ট সেটির নাম রত্ন। এই রত্লের মধ্যে অগুরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। যে অংশ তর্জমা হইল, তাহাতে মগধ আ পৌণ্ড্রদেশের নাম আছে, এই দুইটি দেশ সকলেই জানেন। মগধ – দক্ষিণ-বেহার। আর পৌণ্ড্র - বারেন্দ্রভূমি। সুবর্ণকুড্য কোথায়! প্রাচীন টীকাকার বলেন, সুবর্ণকুড্য কামরূপের নিকট। কিন্তু কামরূপের নিকট যে রেশম এখন হয় তা ভেরেন্ডাপাতায় হয়। আমি বলি সুর্ণকুড্যের নাম শেষে কর্ণসুবর্ণ হয়। কর্ণসুবর্ণও মুর্শিদাবাদ ও রাজমহল লইয়া। এখানকার মাটি সোনার মত রাঙা বলিয়া এ দেশকে কর্ণসুবর্ণ, কিরণসুবর্ণ বা সুবর্ণকুড্য বলিত। এখানে এখনও রেশমের চাষ হয় এবং এখানকার রেশম খুব ভাল। নাগবৃক্ষ এখানে খুব জন্মায়। নাগবৃক্ষ শব্দের অর্থ নাগকেশরের গাছ। নাগকেশর বাংলার আর কোনওখানে দেখাযায় না কিন্তু এখানে অনেক দেখা যায়। লিকুচ মাদারগাছ। মাদারগাছেও রেশমের পোকা বসিতে পারে। বকুল ও বটগাছ প্রসিদ্ধই আছে। কৌটিল্য যে ভাবে চীনদেশের পট্টবস্ত্রের উল্লেখ করিলেন, তাহাতে বোধ হয়, তিনি চীনদেশের কাপড় অপেক্ষা বাংলার রেশমী কাপড় ভাল বলিয়া মনে করিতেন। রেশমী কাপড় যে চীন হইতে বাংলায় আসিয়াছিল, তাহার কোনও প্রমাণই অর্থশাস্ত্রে পাওয়া যায় না। চীনের রেশম তুঁতগাছ হইতে হয়। বাংলার রেশমের তুঁতগাছের সহিত কোনও সম্পর্ক নাই। সুতরাং বাঙালী যে রেশমের চাষ চীন হইতে পাইয়াছে, এ কথা বলিবার জো নাই। এখন পরিষ্কার করিয়া বলিতে হইবে যে, রেশমের চাষ বাংলাতেও ছিল, চীনেও ছিল। তবে তুঁতগাছ দিয়া রেশমের চাষ সর্বত্র ছাড়াইয়া পড়িয়াছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল, এ কথা চাণক্য বলেন না। তিনি বলেন, বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। কারণ, পৌণ্ড্রও বাংলায়, সুবর্ণকুড্যও বাংলায়। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানান স্থানে রেশমের চাষ হইত।
...অর্থশাস্ত্রে আমরা যে সংবাদ পাইলাম, সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালীরা সকলের আগে রেশমের চাষ করিয়া থাকেন, তাহা হইলে ত তাঁহাদের গৌরবের সীমা নাই। যদি চীনেই সর্বপ্রথম উহার আরম্ভ হয়, তথাপি বাঙালীরা চীন হইতে কিছু না শিখিয়াই সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে যে রেশমের কাজ আরম্ভ করেন, সে বিষয়ে আর সন্দেহ নাই। কারণ, তাঁহারা ত আর তুঁতপাতা হইতে আর রেশম বাহির করিতেন না, এ কথা পূর্বেই বলিয়াছি। যে সকল গাছ বিনা চাষে তাঁহাদের দেশে প্রচুর জন্মায়, সে সকল গাছের পোকা হইতেই তাঁহারা নানা রঙের রেশম বাহির করিতেন। চীনের রেশম সবই সাদা, তাহা রঙ করিতে হয়। বাংলার রেশম রঙ করিতে হইত না, গাছবিশেষের পাতার জন্যই ভিন্ন ভিন্ন রঙের সুতা হইত। আর এ বিদ্যা বাংলার নিজস্ব, ইহা কম গৌরবের কথা নয়।

ঢাকাই বস্ত্র২, রাজেন্দ্রলাল মিত্র

ঢাকাই বস্ত্র


ঢাকা প্রদেশে যে সকল স্থানে বস্ত্র প্রস্তুত হয় তন্মধ্যে মলমলখাস, সরকার আলি, ঝুনা, রঙ্গ, আব-রওয়াঁ, খাসা, শবনম, আলাবলী, তাঞ্জেব, তরন্দম, সরবন্দ, সরবতি কমিয, ডোরিয়া, চারখানা এবং জামদানী, এই কএক প্রকার বস্ত্র সর্ব্বপ্রসিদ্ধ।
মলমল খাস মুসলমান রাজাদিগের আধিপত্য সময়ে রাজপরিবারেরা ব্যবহার করিত, তত্প্রযুক্ত ইহা খাস উপাধি প্রাপ্ত হইয়াছে। ইহার টানায় ১৮০০ সূত্র থাকে, এবং এক অর্দ্ধ(আধি) থানের পরিমান ৮ তোলা – আনা মাত্র!!! ঐ থান আনায়াসে এক অঙ্গুরীর মধ্যদিয়া চালিত হইতে পারে। ইহা বপনে ছয় মাস কাল ব্যয় হয়, এবং ইহার মূল্য ১৫০ টাকা।
সরকার আলি পূর্ব্বাপেক্ষা মধ্যম। রাজপ্রতিনিধিরা উহা ব্যবহার করিত, এবং ইহা টানায় ১৯০০ সূত্র থাকে।
ঝুনা বস্ত্র এমত অত্যন্ত সূক্ষ্ম যে ইহা পরিধান করিলে শরীরোপি বস্ত্র আছে এমত বোধ হয় না। ইহার তুলনায় গাজ নামে প্রসিদ্ধ বস্ত্রও অতি স্থূল জ্ঞান হয়। ইহার দুই হস্ত প্রশস্ত বস্ত্রে ২০০০ টানার সূত্র থাকে। মুসলমান রাজমহিষীরা ও নর্ত্তকীরা এই বস্ত্র ব্যবহার করেন, অন্যত্র ইহার ব্যবহার নাই। প্রাচীন বৌদ্ধ-গ্রন্থে এই বস্ত্রের ব্যবহার স্ত্রীলোক-পক্ষে নিষেধ আছে। তাবার্ণিয়ার সাহেব লেখেন যে মুসলমান রাজাদিগের আজ্ঞাক্রমে কোন বণিক এই বস্ত্র ক্রয় করিয়া স্থানান্তর করিতে পারিত না।
রঙ্গ বস্ত্র পূর্ব্ববত্, কেবল বপনের প্রথায় স্বতন্ত্র, ও ইহার টানায় ১২০০সূত্র থাকে।
আব রওয়াঁ অতি প্রসিদ্ধ বস্ত্র। ইহার তুল্য স্বচ্ছ বস্ত্র আর কুত্রাপি নাই। ইহার টানায় ৭০০ সূত্রমাত্র থাকে। যবনেরা ইহার স্বচ্ছতা স্রোতো-জলের তুল্যজ্ঞান করিয়া ইহাকে আব(বারি) রওয়াঁ(গতি বিশিষ্ট) উপাধি দিয়াছেন। এই বস্ত্রেদ্দেশ্য কথিত আছে যে কোন সময়ে আওরঙ্গজেব পাদশাহ স্বতনয়ার বর্ণ তাহার বস্ত্র ভেদ করিয়া প্রকাশ হইয়া ছিল দেখিয়া তাহাকে তিরস্কার করাতে সে কহিয়াছিল, পিতঃ সপ্তস্তর বস্ত্র পরিধান করিয়াছি, তথাপি আমাকে কেন তিরস্কার করেন।
খাসা বা জঙ্গল খাসা পূর্ব্বে সোনারগাঁয়প্রস্তুত হইত। ইহা অন্যান্য মলমল অপেক্ষা ঘন, এবং অধিক প্রশস্ত। ৩ হস্ত প্রশস্ত খাসা অপ্রাপ্য নহে।
শবনম। এই মলমল অতি মনোহর। ইহা রজনী-যোগে তৃণময় ক্ষেত্রে বিস্তৃত করিয়া রাখিলে শিশিরদ্বারা সিক্ত হইয়া পরদিবস প্রাতে অদৃশ্য হয়, ক্রমশঃ যত দিবা বৃদ্ধি হইতে থাকে তত শিশির শুষ্ক হইলে তাহা পুণরায় দৃষ্টিগোচর হয়। সর্ব্বোত্তম শবনমের টানায় ৭৮০ সূত্র থাকে।
স্থানাভাব প্রযুক্ত আলাবলি তাঞ্জব ইত্যাদি বস্ত্রের  বিবরণ অধুনা বিবৃত হইল না। অবকাশমতে এ বিষয়ের পরিশেষ ও ঢাকাই বস্ত্র ধৌত করণ প্রণালীর রীতি সম্বন্ধে পুনরায় যতকিঞ্চিত্ প্রকটিত হইতে পারে।

ঢাকাই বস্ত্র১, রাজেন্দ্রলাল মিত্র

এই প্রথম লোকফোক মসলিন তৈরির পদ্ধতির একটি অংশ উদ্ধার করল রাজেন্দ্রলাল মিত্রের লেখা থেকে. সেই লেখাটি দুটি অংশে প্রকাশ হবে, প্রথমটি মসলিন তৈরি বিষয়ক, অন্যটি মসলিনের বিভাগ বিষয়ক।
১৮৫৮ সালে নানান শিল্পদ্রব্যের প্রস্তুতি বর্ণনা করতে রাজেন্দ্রলাল মিত্র শিল্পীক দর্শন নামক এক পুস্তক প্রকাশ করেন. এই বইতে নানান ধরণের শিল্পবস্তুর প্রস্তুতি পদ্ধতির বর্ণনা রয়েছে। এর অনেকগুলোই ভারতীয় প্রযুক্তি নয়। তার সঙ্গে কিছু ঐতিহাসিক তথ্যও লেখক জুড়ে দিয়েছেন। অধিকাংশ কিন্তু পাশ্চাত্য শিল্প পদ্ধতিতে তৈরির বর্ণনা। শুধু কয়েকটি দেশি বস্তু(প্রযুক্তি) রয়েছে, সেগুলির মধ্যে ঢাকাই বস্ত্র নামে এক প্রবন্ধে মসলিন তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। এর আগে বহু লেখায় মসলিন কাপড়গুলোর নানান বর্ণনা পাওয়া গেলেও এই কাপড় তৈরির বর্ননা এই প্রথম পাওয়া গেল। সেই জন্য এই লেখাটির মূল্য অসীম।  
লোকফোকের পক্ষে বিশ্বেন্দু
ঢাকাই বস্ত্র
ঢাকাই বস্ত্র সকলেরই প্রিয়, সকলেই ঐ মনোহর পরিচ্ছেদের প্রশংসায় ব্যগ্রচিত্ত হন, অতএব ক্ষণৈক তদ্বিষয়ের আলোচনায় বোধ হয়, কেহই বিরক্ত হইবেন না। অপিচ হিন্দুদিগের শিল্পকর্ম্মে নৈপুণ্য-বিষয়ে এই অনুপম বস্ত্র এক মহতী ধ্বজ। পৃথিবীর – সকল পারদক্ষ তন্ত্রবায়ের ইহার তুল্য বস্ত্র বপনে বহুকালাবধি যত্নশীল আছে, কিন্তু অম্মদেশীয় ঐ জয়পতাকার গর্ব্ব খর্ব্ব করিতে অদ্যপি কেহই সক্ষম হয় নাই। ঢাকাই বস্ত্র যত্পরোনাস্তি সামান্য যন্ত্রে প্রস্তুত হয়, কিন্তু সেই সামান্য যন্ত্র ও তদ্ব্যবহারকর্ত্তৃদিগের কি আশ্চর্য্য ক্ষমতা, যে বিলাতের অদ্বিতীয় শিল্পকুশল ব্যক্তিরা বহুমূল্য বাষ্পীয়যন্ত্র সহকারেও তাহার সদৃশ সূক্ষ্মপরিচ্ছদ প্রস্তুত করণে পরাস্ত হইয়াছে। দুই সহস্র বত্সর পূর্ব্বে এই অনুপম বস্ত্র প্রাচীন রোমরাজ্যে প্রসিদ্ধ হইয়া হিন্দুদিগের শিল্প-সাফল্যের অনির্ব্বচনীয় প্রমাণ স্বরূপে গণ্য ছিল।
...ঢাকাই বস্ত্র বয়নের প্রথম ক্রিয়া সুতা প্রস্তুত করণ। এই কর্ম্ম তদীয় পল্লীগ্রামের স্ত্রীলোকদ্বারা সম্পন্ন হয়। এই স্ত্রীলোকদিগকে সামান্যলোকে কাটনী বা সূতাকাটনী বলিয়া থাকে। এই কাটনীদিগের ত্বগিন্দ্রীয় তীক্ষ্ন, এবং তদ্বারা ইহারা সূত্রের সূক্ষ্মতা-তারতম্য যে প্রকার উত্তমরূপে অনুভব করতে পারে, পৃথিবী মধ্যে এমত আর কুত্রাপি কোন জাতীয়েরা পারে না। অল্পবয়স্কা স্ত্রীরা সর্ব্বোত্কৃষ্ট সূত্র প্রস্তুত করিয়া থাকে, বয়ঃক্রম ত্রিংশত্ বত্সর অতীত হইলে, তাহাদিগের নয়ন ও ত্বগিন্দ্রিয়তত্কর্মে অপটু হয়, সুতরাম তাহারা আর তত উত্তম সূত্র প্রস্তুত করণে সক্ষম থাকে না। পূর্ব্বহ্নে বেলা ১০ ঘটিকা পর্য্যন্ত ও উপরাহ্নে ৪ ঘটিকার পর সূত্র কাটিবার সময়। এতদ্ব্যতীত অন্য সময়ে রৌদ্র প্রখর থাকিলে, উত্তম সূত্র প্রস্তুত হয় না। নলনল খাস নামক সর্বোত্কৃষ্ট বস্ত্র বুনিবার সূত্র অতি প্রত্যুষে কাটিতে হয়, এবং যদ্যপি কাটনীর চতুর্বর্ত্তিত স্থানে শিশির না থাকে, তবে এক পাত্রে কিঞ্চিত জল রাখিয়া তদুপরি সূত্র কাটিবার প্রযোজন হয়, নচেত্ সূত্র ছিন্ন ভিন্ন হইয়া যায়।   ...ইহার ১৭৫ হস্ত সূত্রের পরিমান এক রতি মাত্র। ফলতঃ ইহার এক সের পরিমাণে সূত্র বিস্তার করিলে প্রায়ঃ ৪০০ জ্যোতিষীয় ক্রোশ স্থানে ব্যপ্ত হয়!!! এই অদ্ভুত সূত্র যাদৃশ সূক্ষ্ম, ইহা প্রস্তুত করণের শ্রমও তত্পরিমাণে বহুল। দুই মাস কাল নিয়মিত পরিশ্রম করিলে এক তোলক পরিমাণ সূত্র প্রস্তুত হয়, সুতরাং উহার মূল্যও অত্যন্ত অধিক। এক সের সর্বেবোত্কৃষ্ট সূত্র ৬৪০ টাকার ন্যুনে প্রাপ্ত হওয়া যায় না।
সূত্র প্রস্তুত হইলে ফেটী অথবা লুটীর আকারে রাখিতে হয়। পরে তন্ত্রবায়েরা ঐ ফেটী বা লুটী জলে ভিজাইয়া বংশ নির্ম্মিত এক চরকিতে বেষ্টন করিয়া ঐ সূত্রকে দুই অংশে পৃথক করে। যাহা উত্তম তাহা টানার নিমিত্তে ব্যবহার হয়, এবং অবশিষ্টাংশ পড়েনের উপযোগ্য। সূত্র এই প্রকারে পৃথক২ হইলে টানার সূত্র তিন দিবস নির্ম্মল জলে ভিজাইয়া রাখিতে হয়।  চতুর্থ দিবসে উহাহইতে জল নিষ্পীড়ন করত ঐ সূত্র এক চরকিতে বেষ্টন করিয়া রৌদ্রে শুষ্ক করিতে হয়। অনন্তর তাহা অঙ্গার-চূর্ণ-মিশ্রিত জলে পুনরায় ভিজাইতে হয়। দুই দিবস এইরূপে থাকিলে পর ঐ সূত্রকে পরিষ্কার  জলে ধৌত করিয়া ছায়ায় শুষ্ক করা যায়। অতঃপর ঐ সূত্র পুনরায় এক রাত্রি কাল পরিষ্কার জলে ভিজান থাকিলে মাড় দিবার উপযুক্ত হয়। ঢাকা প্রদেশে খৈয়ের মণ্ড ব্যবহার আছে, এবং উহা সূত্রোপরি লিপ্ত করিবার পূর্ব্বে তাহার সহিত কিঞ্চিত ধুনা মিশ্রিত করিয়া থাকে। এই প্রকার টানার সূত্র প্রস্তুত হইলে তাহাকে উত্তম, মধ্যম ও অধম এই তিন শ্রেণীতে বিভাগ করিয়া উত্তম সূত্র বস্ত্রের দক্ষিণপার্শ্বে, মধ্যমসূত্র বাম পার্শ্বে ও অধম সূত্র মধ্যমভাগে, ব্যবহার করিয়া থাকে। সর্ব্বোত্কৃষ্ট বস্ত্র-বপন কালেও এই নিয়মের অন্যথা করে না। পড়েন প্রস্তুত করণে পূর্ব্ববত্ পরিশ্রম নাই। তাহাকে এক-রাত্রি-কাল জলে ভিজাইয়া তত্পর দিবস প্রাতে মণ্ডে লিপ্ত করিতে হয়, পরন্তু টানার সূত্র এককালে প্রস্তুত হয়, পড়েনের সূত্র প্রত্যহ প্রস্তুত করিতে হয়, এককালে এক থানের ব্যবহারোপযোগি সূত্র প্রস্তুত করিলে তাহা নষ্ট হইয়া যায়।
পূর্ব্ব প্রকারের সূত্র প্রস্তুত হইলে যথা নিয়মে বপন কর্ম্ম আরম্ভ হয়, কিন্তু স্থানসঙ্কীর্ণতা প্রযুক্ত তাহার বিস্তার বিবরণে অধুনা নিরস্ত থাকিতে হইল। মলমলখাস নামক বস্ত্র বপনের উত্তম সময় আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাস। এতদ্ভিন্ন অন্য সময়ে তত্কর্ম্ম করিতে হইলে তাঁইতের নীচে কিঞ্চিত জল রাখিয়া কেবল প্রাতঃকালেপরিশ্রম করত তাহা সম্পন্ন করিতে হয়।
ঢাকা প্রদেশে যে সকল স্থানে বস্ত্র প্রস্তুত হয় তন্মধ্যে মলমলখাস, সরকার আলি, ঝুনা, রঙ্গ, আব-রওয়াঁ, খাসা, শবনম, আলাবলী, তাঞ্জেব, তরন্দম, সরবন্দ, সরবতি কমিয, ডোরিয়া, চারখানা এবং জামদানী, এই কএক প্রকার বস্ত্র সর্ব্বপ্রসিদ্ধ।

শোরা-প্রস্তুত-করণের কথা

সম্প্রতি লোকফোকএ পুরোনো বাঙলার কিছু রচনা প্রকাশ করছি. 
প্রফুল্ল রায়, দীনেশ সেন, হরপ্রসাদ শাস্ত্রীরা আমাদের যে পথ দেখিয়ে গিয়েছেন তাঁদের নানান কাজের মধ্যে, এই লেখাগুলি পুনঃ প্রকাশ করে এই দেশপ্রেমিক মানুষদের প্রনাম জানাচ্ছি. 
নতুন করে জানছি তাঁদের কাজ কর্ম, তাঁদের দর্শন, তাঁদের ভালবাসা. 
আরও বেশি মানুষকে জানাতে পারছি, এটাও কম কথা নয়.
লোকফোকের পক্ষে, বিশ্বেন্দু

শিল্পীক দর্শন পুস্তক থেকে, লেখক রাজেন্দ্রলাল মিত্রমহাশয়

ভারতবর্ষে যে সকল বাণিজ্য দ্রব্য প্রস্তত হয়, তন্মধ্যে নীল আফিম চীনী এবং শোরাই প্রধান, ইহার এক২ পদার্থের ব্যবসায়ে লক্ষ লক্ষ টাকা এতদ্দেশে উপার্জ্জিত হইয়া থাকে। ...প্রাচীন অট্টালিকায় লোণা ধরিতে পাঠকবর্গ সকলেই দেখিয়াছেন, কিন্তু তাহা কি প্রকারে ঘটে তাহার অনুসন্ধান অতি অল্প লোকে করিয়া থাকিবেন। অনেকে বিশ্বাস করেন যে তাহার আদিকারণ লবণ – লবণ বিশিষ্ট জল পৃথিবী হইতে ভিত্তিতে উঠিয়া প্রাচীরের ইষ্টকাদি জীর্ণ করিয়া ফেলে, এবং ঐ ঘটনার নাম লোণাধরা। কিন্তু লোণাধরিবার কারন কেবল লবণ নহে। ক্ষার হইতে যত লোণা ধরিয়া থাকে লবণ হইতে তত লোণা কদাপি ধরে না। অক্সিজেন ও নাইট্রোজেন নামক দুই বিশেষ বায়ু মিশ্রিত হইয়া এক সামান্য বায়ু উত্পন্ন হয়, ঐ বায়ুদ্বয় বিশেষ পরিমাণে মিশ্রিত হইলে এক প্রকার অম্ল দ্রাবক জন্মে। ক্ষারের সহিত ঐ দ্রাবক মিশ্রিত হইয়া শোরা উত্পন্ন করে, তাহা চূর্ণের সহিত একত্র হইলে নাইট্রেট অফ লাইম নামক লবণবিশেষ জন্মে, এবং লবণের সহিত সিক্ত থাকিলে নাইট্রেট অফ সোডা উত্পন্ন হয়। ক্ষার এবং চূর্ণ আর্দ্র থাকিলে প্রস্তাবিত পদার্থ অতি সত্ত্বরে উত্পন্ন হইয়া থাকে। এই সকল ক্ষারজ চূর্ণজ পদার্থ  দেখিতে লবণের তুল্য, এবং তাহাহইতেই প্রাচীরে লোণা ধরিয়া থাকে। সমভূমির মৃত্তিকায় খার বা চূর্ণ থাকিলে তথায় লোণা ধরে, সুতরাং যে সকল স্থানের মৃত্তিকায় লোণা ধরিয়া থাকে তদ্বারা অনায়াসে শোরা প্রস্তুত হিতে পারে। তিব্বত-প্রদেশে লোকে মৃত্তিকার সহিত মেষ ও ছাগলের মল ও গো-ময় মিশ্রিত করিয়া অনেকে শোরা প্রস্তুত করিয়া থাকে। ত্রিহুত-প্রদেশের  মৃত্তিকায় এই প্রকারে শোরা প্রভৃতি পদার্থ প্রচুর পরিমাণে জন্মিয়া থাকে, এবং তত্প্রযুক্ত ঐ প্রদেশ শোরার আকর বলিয়া প্রসিদ্ধ হইয়াছে।
শেষোক্ত স্থানে শোরার মৃত্তিকা-সংঙ্গ্রহ-করকরা লুনিয়া নামে প্রসিদ্ধ। অগ্রহায়ণ মাসে তাহারা আপন ব্যবসায়ে প্রবৃত্ত হইয়া প্রাচীণ মাটির ঢিপি, ভগ্ন-প্রাচীর, পড়া ভুঁই প্রভৃতির যে যে স্থান লোণা মৃত্তিকা পাওয়া যাইতে পারে, সেই২ স্থান চাঁচিয়া শোরার মৃত্তিকা সংঙ্গ্রহ করে। ঐ মৃত্তিকা-সঙ্গ্রহ-করণ-ক্রিয়া লবণের মৃত্তিকা-সঙ্গ্রহে সোরার মৃত্তিকা জন্মে। এই মৃত্তিকা সঙ্গৃহীত হইয়া শোরার কুঠীতে আনীত হইলে প্রথমতঃ তাহা ধৌত করিতে হয়। তদর্থে কুঠিতে ৪।৫ হস্ত পরিসর একটা মৃত্কুণ্ড থাকে। তাহার তলায় বাখারি ও শুষ্ক তৃণ দিয়া একপ্রকার ছাঁকনী প্রস্তুত করিতে হয়। ঐ ছাঁকনীর উপর এক প্রস্ত নীলবৃক্ষের ভস্ম ও তদুপরি ২০ মন লোণা মৃত্তিকা স্থাপন-পূর্ব্বক ঐ মৃত্তিকা পা দিয়া দাবিত হইলে তদুপরি এমত পরিমাণে ক্রমশঃ জল দেওয়া আবশ্যিক যাহাতে ঐ জল মৃত্তিকার উপর ৬ অঙ্গুলি পুরু হইয়া থাকে। ২৪ ঘন্টা কাল মধ্যে কুণ্ডের জল সমস্ত-লবণ-পদার্থকে দ্রব করিয়া ছাঁকনী ভেদ করত তাহার নিম্নে পড়িয়া যায়। বৃহত২ পাত্রে ঐ জল কিয়ত্কাল স্থির থাকিলে তাহা অনেক নির্ম্মল হয়, কিন্তু তাহার সহিত লৌহ ও বনজ পদার্থ অনেক মিশ্রিত থাকে। তাহা পৃথক করিবার নিমিত্ত ঐ জল পাক করা আবশ্যক। সদর্থে লুনিয়ারা পয়ঃপ্রণালীবত্ দীর্ঘ চুল্লী নির্ম্মিত করত তদুপরি শোরার জলপূর্ণ একসারি হাঁড়ি রাখিয়া চুল্লীর এক পার্শ্বে আম্রপত্রের জ্বাল দিতে থাকে। তাহাতে সকল পাত্রের জল ক্রমশঃ শুষ্ক হইয়া যায় দুই ঘন্টা কালমধ্যে পাত্রের দশআনা(সংকেত - বিশ্বেন্দু) অংশ জল শুষ্ক হইলে অবশিষ্টাংশ অগভীর মৃতপাত্রে শীতল করা কর্তব্য। ঐ শীতল-করণ-সময়ে জলহইতে সমস্ত শোরা দানা বান্ধিয়া পাত্রের নিম্নে জমিয়া থাকে। এই শোরার নাম ধোয়া শোরা। ইহাতে অনেক লবণ মৃত্তিকাদি মলা বর্ত্তমান থাকে। তাহা পৃথক করিতে হইলে ধোয়া শোরাকে পুনরায় জলে গুলিয়া পাক করত গাদ কাটিয়া দানা বান্ধিতে হয়, তাহা হইলেই কলমী শোরা প্রস্তুত হয়।
শোরার মৃত্তিকা ধৌত করলে পর ছাঁকনীর উপর যে পদার্থ অবশিষ্ট থাকে ও শোরা দানা বান্ধিলে পর যে জল অবশিষ্ট থাকে তাহা শোরা-প্রস্তুত করিতে বিশেষ প্রয়োজনীয়, শোরার ক্ষেত্রে তাহা নিক্ষেপ করিলে পরবত্সর ঐ ক্ষেত্রে প্রচুর পরিমানে শোরা উত্পন্ন হয়।
কলমীশোরা পরিশুদ্ধ পদার্থ নহে, তাহাতে বালুকা, জল, লবণ, গ্লবার শাল্ট প্রভৃতি পদার্থ মিশ্রিত থাকে। বণিকেরা ঐ পদার্থের পরিমাণ নিরূপিত করিতে না পারিলে শোরার বাণিজ্য লাভ করিতে পারে না। অতএব তাহারা অনেক শোরা ক্রয় করবার পূর্ব্বে অর্থ-ব্যয় করত ক্রেতব্য শোরার কিয়দংশ রসায়ন-বিজ্ঞব্যক্তিদ্বারা পরীক্ষিত করিয়া লয়।

Monday, February 4, 2013

বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘকে বাংলাদেশে ডাক

সম্প্রতি বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ দক্ষিণ এশিয়ার ছোট উত্পাদকদের মিলিত জোট, সাউথ এশিয়ান গ্রাসরুট ডেভেলাপমেন্ট ফোরামএ যোগ দিয়েছে.  
সেই উপলক্ষ্যে খুলনায় সে তার সাথীদের নিয়ে মেলায় যোগ দেওয়ার আহ্বান পেয়েছে. 
হোক না বাঙলা, তবুও বিদেশের ডাক. 
প্রথম এই ডাকে সে শিহরিত.
ধন্যবাদ বন্ধু
বিশ্বেন্দু মধুমঙ্গল

চিঠিটি

South Asian Grassroots Development Forum (SAGOF)

Ref No: Invitation/9/2013                                                                                     Date: 01-02-2013
To,
            Biswendu Nanda
Madhumangal Malakar
Bongiyou Paramparik Kaaru-o-
Bastro Shilpi Sangha
24/18, Nabila Para Road
Kolkata-700008

Sub: Invitation.

Dear Sir,
            With due respect I would like to inform you that 1st International Grassroots Entrepreneurs "Exhibition cum sale" will be held on 31st March' 2013 to 4th April' 2013 at Khulna Zia hall, Khulna, Bangladesh.
You are hearty request to attend the Fair along with the product produce by your members.
Hope you will attend the programme in due time and thus oblige much.
With greeting
Himanshu Mitra
International Co-ordinator
South Asian Grassroots Development Forum (SAGOF)
Central committee, Bangladesh.

Friday, February 1, 2013

পারম্পরিক সংস্কৃতিময় ভ্রমণের ঝাঁপিঃ চড়িদা


মধ্যরাতে ছৌ-নাচ, মানুষের ভগ্ন দেহে দেবতার মুখোশ পেখম
কাড়া-নাকড়ার শব্দে কেঁপে ওঠে দশদিক, চতুর্থ প্রহর
মন্দিরে মন্ত্রের মতো ধ্বনি জাগে, যাগযজ্ঞে আছি মনে হয়
ঝর্ণা নামে রক্তস্রোতে, অব্যক্ত ও অব্যাহতিহীন কলরোল শুধু কলরোল।
- পুর্ণেন্দু পত্রী

পুর্ণেন্দু পত্রীও ছৌ শব্দটি ব্যবহার করলেন। আদতে ছো। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলে আজও দৈনন্দিনের নানান অনুষঙ্গে ছো শব্দটি অবলীলায় ব্যবহার করেন গ্রামীণেরা। যে গ্রামটি জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া শব্দকে জুড়েদেন নিজেদের সাংস্কৃতিক ক্ষুত্পিপাসা প্রদর্শণের আঙ্গিকের সঙ্গে, সেই গ্রামটার নাম বাঙলার সাংস্কৃতিক মানচিত্রে অক্ষয় হয়ে রয়েছে তীর্থক্ষেত্রের গরীমাময় মর্যাদায়। স্থানীয় ভাষায় চোড়দা, শহুরে পালিশ-ভাষায় চড়িদা, জেলা পুরুলিয়া।
পারম্পরিক সংস্কৃতিময় বাঙলায় ছো মুখোশ নৃত্যের সঙ্গে চড়িদা শব্দটি একই নিশ্বাসে উচ্চারিত হয় আজও। গ্রামের সুত্রধরেরা অদম্য উত্সাহে ছোএর মুখোশ তৈরি করেন। আসামান্য তার কারিগরী দক্ষতা। অসাধারণ তার শিল্পমূল্য। বাঙলার পারম্পরিক শিল্পকলার প্রযুক্তি নথিকরণ করতে থাকার সংগঠণ, কলাবতী মুদ্রা, শেষতম দুর্গা উত্সবটিতে চোড়দা গ্রাম থেকেই অসামান্য কিছু ছোএর মুখোশ পাঠাতে পেরেছিল মুম্বাইএর এক দুর্গাপুজোয় মন্ডপ সাজানোর কাজে। শিল্পীরা দাম পেয়েছিলেন ভালই। চোড়দা এমন একটি গ্রাম যেখানে বাঙলার অন্যতম নৃত্য আঙ্গিক, ছো নাচে পারম্পরিক পদসঞ্চার আর লালিত্যের মিশেল ঘটেছে গ্রামীণ শিল্প- প্রজ্ঞায়। বাঙলার হাজার হাজার গ্রামের মধ্যে চড়িদা সাধারণ কোনো একটি গ্রামের নাম নয়, শুধু একটি প্রশাসনিক পঞ্চায়েতও নয়, প্রত্যন্ত বাঙলার সংস্কৃতিময় জঙ্গল মহলে শুধুমাত্র একটি নাচগানের টোলাও নয়, চোড়দা এমন এক গরিমাপূর্ণ গ্রাম, যে গ্রামের অসামান্য মানুষজন অসম্ভব অহংপূর্ণ দায়িত্বে, বাঙলার হাজার হাজার বছরের শিল্প নৈপুণ্য আর সেই সংক্রান্ত প্রযুক্তিকে বুকে ধরে অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন নিজস্ব গরিমায়।
চড়িদা ভ্রমণ তাই শুধুমাত্র হপ্তাশেষের আপিসবাবুর পকেট বাঁচিয়ে পরিবারের মন ভোলানো ডিজনিল্যান্ড ভ্রমণ নয়, শস্তাতম ছো দেখানো গাইড বই হাতে করে চোখে ঠুলি কানে ইয়ারপ্লাগিয় ধরতক্তা-মারপেরেক-গোছের পুরুলিয়ার পানে বেরিয়ে পড়া নয়, কলম হাতে যেনতেনপ্রকারেন ভ্রমণ কথা লেখা নয়, চড়িদা গ্রাম বাঙালি ভ্রমণার্থীদের সাংস্কৃতিক তীর্থ। কে না জানে তীর্থে মাঝেমধ্যেই মাথা ঠেকাতে যেতে হয়।
হাওড়া থেকে রাতে হাওড়া-চক্রধরপুর ধরে বরাভূম অথবা হাওড়া থেকে রুপসী বাংলায় পুরুলিয়া শহর। অথবা পুরুলিয়া থেকে বাগমুন্ডি পাহাড়গামী গাড়িতে সত্তর কিলোমিটারের কাছাকাছি অযোধ্যা মোড়। আড়াই ঘন্টারমত। গ্রামে আসতে আসতে চোখ চলে যায় দু’পাশের শূন্য প্রান্তরের বন্য সৌন্দর্যে। গ্রামে ঢোকার পথে অযোধ্যার মোড়ে ছোট বসতি। দু’পা দূরে চড়িদা গ্রাম। পারম্পরিক শিল্পীদের সংগঠণ বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘর অন্যতম সম্পাদক, কলামণি পুরস্কার বিজয়ী মুখোশ শিল্পী, গায়ক, নর্তক, শিল্পগুরু নেপাল সূত্রধরের বাড়ি চড়িদায়। তিন প্রজন্ম সুমধুরভাবে জড়িয়ে রয়েছেন এই কলায়। চড়িদায় খুব কম ঘরই আছে যেখান থেকে এক জনও ছো শিল্পী ইউরোপ-আমেরিকায় অনুষ্ঠান করতে যাননি। নেপাল বহুবার বিদেশে গিয়েছেন মূর্তি তৈরি করতে, কর্মশালা পরিচালন করতে। মূর্তি তৈরিতেও তার নামডাক। বিশ্বে বহু জাদুঘরে তাঁর তৈরি প্রতিমা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে।
প্রায় ৮০টি পরিবার নিয়ে এই গ্রাম। গুরুপ্রতীম নেপাল সূত্রধরেরমতই প্রতি বাড়িতে একই দৃশ্য। বাড়ির দালানে বসে পরিবারের বড় থেকে ছোট, প্রায় সব সদস্যই ছো নাচের মুখোশ তৈরিতে ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও ঘুরতে আসা ভ্রমণার্থীর নানান চালাকিময় প্রশ্নের উত্তর দেন ধৈর্য ধরে হাসিমুখে। শিল্পীর ব্যক্তিত্বপূর্ণ হাসিটা ধরাথাকে ঠোঁটে। গ্রামীণ সলজ্জতা আর বিনম্রতা কথায় চলকে ওঠে। ঘরে দুর্গা, গণেশ, শিব, অসুরের মুখোশ নিয়ে বাস। আকার বিভিন্ন ধরনের। কিনেও ফেলা যায়। নাচ দেখতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হয়।
পদ্মশ্রী গম্ভীর সিংহ মুড়ার নাম জুড়ে আছে চড়িদার সঙ্গে, নেপাল সূত্ধরও গম্ভীর সিংএর দলের শিল্পী ছিলেন। যে গুরুর হাত ধরে ছো নাচ এ গ্রামকে বিদেশে নিয়ে গিয়েছে, কথায় কথায় সেই পূর্বজর প্রতি প্রণাম জানান নেপাল। শিল্পীদের মহড়া দেওয়ার জন্য গ্রামের মাঝখানে একটি ছোটখাটো হল আর গ্রামে ঢোকার মুখেই আছে গম্ভীর সিংহের মূর্তি।
বরাভূম স্টেশনে নেমে চড়িদা আসার পুরো রাস্তা জুড়ে প্রচুর খেজুর গাছ। শীতের সকালে মন খেজুর রসের বায়না করলে এই মুখোশময় চড়িদাতেও তা মিলবে। শীতের সকলে খেজুর গুড় বানানোর বিরল দৃশ্যও এ গ্রামে দেখাযাবে। চাইলে গুড় কেনা যায়। জঙ্গল মহলের গুড়ের স্বাদই আলাদা। সুবোধ ঘোষ বোধহয় এই রসেরই ভিয়েন চড়িয়েছেন গল্পে।
পিছন পাহাড়ের পাদদেশে জঙ্গলে হদহদি ঝরনা। শীতকালে জল নেই কিন্তু বর্ষায় দেখনদারি। শাল, বয়ড়া, আমলকীর ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গায়ে ঝরনাটি বেশ মনোরম। হদহদিতে গিয়ে জল দেখতে না পেলেও চুপ করে বসে থাকলেও নানা পাখির ডাক মন ভরিয়ে দেবে। সমতল থেকে ৭০০ মিটার উচ্চতায় অযোধ্যা পাহাড়ে জঙ্গলের রাস্তা বেয়ে থুর্গা লেক। বৃষ্টির জলই এই লেকটিকে বাঁচিয়ে রেখেছে। বর্ষায় এর রূপ অনন্য। কিছু দূরে বাঘমুন্ডি গ্রাম। অযোধ্যা ও বাঘমুন্ডির জলের একমাত্র উৎস থুর্গা লেক। বিশাল লেকের ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। থুর্গা যাওয়ার পথে রাস্তায় পড়বে মানভূম ট্যুরিস্ট লজ। একদম নির্জন প্রকৃতির মধ্যে যাঁরা থাকতে চান, তাঁদের জন্য মানভূম ট্যুরিস্ট লজ আদর্শ। এখানকার কেয়ারটেকারকে বললে খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে।

চড়িদা ইকো ইন্ডেক্স
গ্রামঃ চড়িদা, পুরুলিয়া
শিল্পঃ ছো নাচ, ছো মুখোশ
আলাপ করবেন যে জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীর সঙ্গেঃ নেপাল সূত্রধর
রাতে থাকার স্থানঃ ভাবিষ্যতে গ্রমেই থাকার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে, বর্তমানে দুধের স্বাদ ঘোলে মেটামোরজন্য দু কিমি দূরে লজে অথবা গ্রামে ঘুরে রাতে পুরুলিয়ায় ফিরে আসা
রাস্তাঃ পাকা, গাড়ি যাবে বর্ষায়ও
কাছের রেলস্টেশন আর পরিযানঃ বরাভূম(থেকে ট্রেকারে), পুরুলিয়া(থেকে ভাড়া গাড়ি অথবা বাসে)
গ্রামে সম্ভাব্য মাথাপিছু খরচঃ দৈনিক ৫০০ টাকা(শুধু বাগমুন্ডিতে থাকা আর তিনবেলা খাওয়া)
আবহাওয়াঃ গরমে অসম্ভব গরম আর শীতে বেশ শীত, তবে শীত আর বর্ষাকালের মজাই আলাদা
নিরাপত্তাঃ অসম্ভব ভাল
গ্রামের জনসুবিধাঃ তিন তারা(রাতে গ্রামে থাকার ব্যবস্থা হলে জয়গুরু রাঙ্কিং অর্জন করবে)
(এক তারাঃ চলনসই, দুই তারাঃ ভাল, তিন তারাঃ বেড়ে, চার তারাঃ চমতকার, পাঁচ তারাঃ জয়গুরু)