Monday, August 26, 2019

উপনিবেশ বিরোধী চর্চা - ভাষ, ভাষা, কেন্দ্রিভবন এবং পলাশীপূর্ব সময়

কিছু উপলব্ধি। লেখাটা বড়, এড়াতে পারেন
//হিন্দি, ইংরেজি এবং উপনিবেশপূর্ব যোগাযোগের ভাষা চাটগাঁয়ের ভাষা যশোরেরর মানুষ বোঝে না চৈতন্য, শঙ্করদেব কি করে ধর্মমত প্রচার করলেন?// শীর্ষকের আলোচনায় Simool ভাই মন্তব্য করেছিলেন // আমিও আসলে এই বিষয়ে খুঁজছি। মধ্যযুগে বাংলা ভাষার সামাজিক ভিত্তিগুলো জানতে পারলে খুব ভাল হয়। বৈশ্য, কারিগর, অন্ত্যজ, প্রাকৃত পরিমণ্ডলে কোন ভাষার ব্যবহার ছিল? অথবা, রাজদরবারে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হত? শিক্ষায় বাংলার কি কোনও গুরুত্বই ছিল না? এই সব।// তার উত্তরে যে লেখাটা লিখতে চেয়েছিলাম যেটা তৃতীয় দফায় এসে সম্পূর্ণ হল প্রথামিকভাবে যে কাঠামো আর গতি ছিল সেটা সম্পূর্ণ পালটে গেছে। তবুও লিখলাম।
গত কালও কম্পিউটার ভুগিয়েছে।
বাংলা ভাষা বিষয়ে আমার কতগুলো ধারণা হয়েছে, সেটা একে একে বলি। এটা কিছুটা পড়াশোনা, কিছুটা অনুভব আর একটা বড় অংশ দেশ ব্যাপী হকার এবং বাংলা ব্যাপী কারিগরদের দেখার, বোঝার এবং তাদের থেকে শিক্ষা নেওয়ার ফল বলতে পারেন। এটা মূলত অনির্বাণ নন্দীদা বা Simool Sen ভাইএর সঙ্গে আলোচনা জাত কিন্তু এর অনেক অংশে তারা এবং পাঠকেরা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, সেটাই স্বাভাবিক, কিন্তু নিচের যে বিষয়টা লিখব সেটা আমার একান্ত অনুভূতিজাত। উপনিবেশপূর্ব শিক্ষায় সংস্কৃত নির্ভরতার যে মিথ্যে টিকা লাগানো হয়েছে বঙ্গভাগপরবর্তী সময়ে নব্য নবজাগরনীয় বাংলায় কর্পোরেট শিক্ষা, ইংরেজি আর প্রমিত বাংলা চাপিয়ে দেওয়ার জন্যে সেটা অনেকটা ঠিকই ছিল না – তার কারন নিচে বলব যে বাংলায় প্রমিতভাষা বলে কিছুই ছিল না – যদিও কলকাতা ভিত্তিক ইতিহাস চর্চা গৌড়িয় বা নবদ্বীপিয় বাংলাকে প্রমিত বলে দাবি করেছেন, পলাশীপূর্ব সময় বাংলার ভাষা কৃষ্টির কোনও তথাকথিত কেন্দ্র ছিল না – সেন রাজারা নদীয়া থেকে পালিয়ে আরও এক শতক পূর্ববঙ্গে রাজত্ব করেন, আমরা চন্দ্র বংশের ইতিহাস জানিই না - সেই কেন্দ্রগুলোর কৃষ্টি ইতিহাস জানিনা। আপনারা ১৮১৮র ওয়ার্ডের কলকাতার টোলের সমীক্ষা পড়লে দেখবেন একমাত্র টোলে উচ্চশিক্ষায় যারা গুরুগিরি করবেন তাদের জন্যে সংস্কৃত বরাদ্দ ছিল তার আগের স্তরে নয়। কারণ অর্থনীতি স্থানিক ছিল – যারা বিদেশে যেত তারা সেই মত তৈরি হত – তাঁরা হাজারে হয়ত গুটিক ছিলেন। যদিও বামপন্থীরা পলাশীপূর্ব শিক্ষা ব্যবস্থাকে সামন্তের করণিক তৈরি করার কারখানা বলছেন, কিন্তু এঙ্গাস ম্যাডিসনের প্রবল খিস্তি খেয়েও(যা বিন্দুমাত্র সঠিক ছিল না) যে বাণিজ্য উদ্বৃত্ত বাংলা যার জিডিপি ছিল ৬, সেই বাংলায় এই মানুষদের স্থানীয় অর্থনীতি চালাবার জন্যে প্রয়োজন ছিল। এবং আমার অনুভূতি পলাশীপূর্ব প্রশাসনিক কাঠামো বর্তমানে শিক্ষিতদের যে খিস্তি খায় সেটা তার বিন্দুমাত্র প্রাপ্য ছিল না। অমিয় বাগচী কথিত ২০০ বছরের ঔপনিবেশিক স্ট্রাকচারাল এডজাস্টমেন্ট পলিসি পূর্ব সময়ে বাংলাকে রবার্ট ওর্মে কথিত বাংলায় বাণিজ্যের জন্যে বিপুল পরিমান রূপো বা কিছু সোনা ঢুকত সারা বিশ্ব থেকে তার এককণাও বাংলা থেকে বেরোত না - সোনার বাংলা তৈরি করার জন্যে দায়ি যে মানুষেরা তার মধ্যে সে সময়ের প্রশাসনকে আর বিকেন্দ্রিত শিক্ষা ব্যবস্থাও পড়ে - এদের খিস্তি দেওয়াটা মনে হয় ভেবেচিন্তে দেওয়া দরকার।
১) আজকে যে প্রমিত বাংলার কাঠামোটা আমরা দেখছি সেটি প্রবলভাবে ঔপনিবেশিক - ফোর্ট উইলিয়াম কলেজ ইত্যাদিতে গোড়া পত্তন, লুঠের, রাজনীতির জন্যে উচ্চবর্ণ এবং অভিজাতদের জীবনে যে কেন্দ্রিভবনের চাপ নেমে এল সেটাই আদতে আজকের কলকাতিয়া বা ঢাকাইয়া বাংলা। এটার সঙ্গে ঠিক ঔপনিবেশিক সময়ের আশেপাশের দশকগুলিতে বিদ্যাসুন্দর(স্রষ্টা মারা যান ১১৬৭/১৭৬০) বা রামপ্রসাদের(মৃ ১১৮২/১৭৭৫) বাংলার সঙ্গে কোনও মিল নেই। অথচ পশ্চিম দিকের বাংলার কবির কবির গান গীত হচ্ছে তার সময়েই চট্টগ্রামে। তো এরা দুজনই কিন্তু শহুরে মানুষ ছিলেন – তাই প্রমিততা দুজনের মধ্যেই ছিল - কিন্তু প্রমিততার গ্রহীতা ছিল কম।
২) আবার সে সময় বাংলা ছিল এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যবসা কেন্দ্র। হুসেনশাহের সময়ও চিনা বণিকেরা ৬০টার বেশি বাংলার পণ্য(তার মধ্যে কিছু অন্য এলাকার পণ্যও ছিল বাংলা হয়ে যেত) নিয়ে যেতে গিয়ে ৬০০ টি বাংলা বণিজ্য শব্দ চিনা ভাষায় রূপান্তরিত করেন। সেখানেও প্রমিততা ছিল। বা শ্রীলঙ্কার দুই সমাজকর্মী আমায় বলেছিলেন বাংলার সঙ্গে তাদের দেশের ভাষায় অদ্ভুত সাদৃশ্য। সেখানেও স্বাভাবিকভাবে প্রপমিততার সূত্রই দেখি।
৩)কিন্তু যাদের ছড়িয়ে যাবার বা ক্ষমতাকে খুশি করার কোনও দরকার ছিল না – তাদের ভাষা ছিল অপ্রমিত আঞ্চলিক। আজও দুজন এক অঞ্চলের কারিগর চাষি তাদের অঞ্চলের ভাষাতেই ভাব বিনিময় করেন। সেইদিনও করতেন। বা ধরুণ খন পালা দল বা ভাওয়াইয়া গায়ক বা ঝুমুর গায়ক, বা ডোমনি গায়ক বা সত্যপীর গায়ক/দল তাদের প্রাথমিক কর্তব্য স্থানীয় মানুষের কৃষ্টি জ্ঞান আর তথ্য পিপাসা মেটানো। তার জন্যে তাদেরকে প্রমিত বাংলার আশ্রয় নিতে হয় নি। আজও হয় না। যে বর্ধমানের লোহার কারিগর বাংলার ঢাকা আর বিষ্ণুপুরের শাঁখের কারিগরদের জন্যে শাঁখের করাত বানয়ে দেন, তারা কি ভাষায় কথা বলতেন, ভাব প্রকাশ করতেন জানি না।
৪) এবারে শিক্ষার উদাহরণ দেব – এডামের সমীক্ষা – ১৮৩৫-৩৮তে রিপোর্ট জমা –পাঠশালার কাঠামোটা কিন্তু উপনিবেশিকপূর্ব। তিনি জেলা ধরে ধরে সমীক্ষা করেছেন এবং ১,৫৬,০০০ বাংলা বিহারের গ্রামে অর্থাৎ ত্রিহুত থেকে নাটোর অবদি তিনি যে ১ লক্ষ পাঠশালা দেখেছেন সেগুলি স্থানীয় চাহিদা মেটানোর জন্যে তৈরি হয়েছে এবং অকেন্দ্রিভূত, রাষ্ট্রের সাহায্যহীন, কেন্দ্রিয় মান্য পাঠতালিকা মুক্ত। ফলে মেদিনীপুরে যা বা যে ভাষায় পড়ানো হত, ত্রিহুতে বা নাটোরে বা বর্ধমানে সেই বিষয় বা সেই ভাষায় পড়ানো হত না, এবং এই বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রের মধ্যে উচ্চবর্ণ ছিল ১৫%। অথচ এডাম যখন নিদান দিচ্ছেন পাঠ্যের ভাষা মাধ্যম কি হবে তিনি স্থানীয় ভাষাগুলিকেকে পাত্তা না দিয়ে মেকলের ইংরেজির মতই বাংলাকে চাপিয়ে দেওয়ার কথা বললেন। তবুও ভারতের এই একমাত্র শিক্ষা সমীক্ষা যেটি বাংলা ভাষায় শিক্ষা দানের কথা বলল, তার পরে এতগুলি শিক্ষা কমিশন হয়েছে, তারা এ কথা বলার সাহসই পেল না কর্পোরেট আর মধ্যবিত্তের চাপে। তাতে হয়ত ভালই হয়েছে তাতে বিদ্যালয় ছুট বেড়েছে, গ্রামাঞ্চলে যতটা হারে কর্পোরেটাইজেশন হওয়ার কথা ছিল তা হয় নি। ২৫ লক্ষ প্রাথমিকে ভর্তি হলে স্নাতকে বসে ৮০ হাজার, পাস বা কর্পোরেট রাষ্ট্রকে সেবা করার ভদ্রলোক উতপন্ন হয় আরও কম।
৫) এবারে আসি প্রযুক্তি শিক্ষায় – দুটো উদাহরণ দেব – কৃষি আর ধাতু – একটি পরাশরের কৃষিবিদ্যা যাকে কৃষি পরাশর বলে জানি আর ভগভট্টের রসরত্নসমুচ্চয়ে এটা পারদ আর লোহার পরিস্রবণ ব্যবহার প্রকৃতি ইত্যাদি বিষয়ে। আপনারা যদি এই দুটি পড়েন, আমি পড়েছি অষ্টম শ্রেণীর তথাকথিত ঐচ্ছিক সংস্কৃত ভাষার জ্ঞান অনুসারে, আমি বুঝেছি কিন্তু। অনেকটা বাংলা ঘেঁসা সংস্কৃত বলেই মনে হয়েছে। আপনি যদি সে সময় প্রভূত তান্ত্রিক বইও পড়েন তাহলে এই সংস্কৃতকে পৈশাচীকি বলে মহামহোপাধ্যায়েরা দাগিয়ে দিচ্ছেন – অর্থাৎ আবরণটা সংস্কৃত গন্ধী কিন্তু চলনটা বাংলার।
৬) আদতে পলাশীপূর্ব বাংলা ইতিহাস কি বলে জানি না, কিন্তু ইতিহাস পড়ে আমার মনে হয়েছে সেটা এককেন্দ্রিক ছিল না, ঢাকাই হোক বা মুর্শিদাবাদই হোক বা দেবকোটই হোক বা নদিয়াই হোক – কেন্দ্রিভূত কোনও রাজবংশ রাজত্ব করলেও প্রত্যেক অঞ্চল তার চরিত্র নিয়ে বেড়ে উঠত – রাজধানী বা বড় শহরে কতজনইবা থাকতেন – ঔপনিবেশিক সময়ের মত সব রক্ত এসে কলকাতায় জড়ো হয় নি – সারা বাংলা জুড়েই রাজ প্রাসাদগুলি ছড়িয়ে থাকা প্রমান করে যে বাংলা বহুকেন্দ্রিক ছিল – কলকাতা এবং তাকে ঘিরে অমুক তমুক তসুক রাজবাড়ির ছয়লাপ হল ছিয়াত্তরের এবং চিরস্থায়ী বন্দোবস্তের পরেই। ফলে যে কৃষ্টি বাণিজ্য ভাষার মুক্তি অনৌপনিবেশিক সময়ে ছিল সেটা ঔপনিবেশিক সময়ে অন্তর্হিত হয়ে গেল। নবাবি আমলও রাজা জমিদারদের ঘটা করে রাজস্ব দিতে আসতে হত মুর্শিদাবাদে পুণ্যাহের সময় এবং তাদের নবাব খেলাত দিতেন। রাজকার্য শেষে আবার তারা নিজ নিজ এলাকায় ফিরে যেতেন। এই প্রভাব পড়ে নি স্থানিকতায়? কারণ নবাব্রের রাজস্ব দপ্তর থাকলেও কোনও ভাষা বা শিক্ষা দপ্তর ছিল না প্রমিততা অগ্রগতি ইত্যাদির বাহানায় ভাষা শিক্ষা কৃষ্টি চাপিয়ে দেওয়ার জন্যে।
আর শেষে বলি ব্যক্তি আমি উপভাষা ডায়ালেক্ট নামক ঔপনিবেশিক শব্দকে ঘেন্না করি – এটি আদতে কেন্দ্রিভবনের একটা উপায়।
(লেখাটি হয়েছে দায়ে পড়ে - এটা লেখার কোনও যোগ্যতা নেই ।)

বিজ্ঞান, প্রযুক্তি আর কারিগর ব্যবস্থা

Rudrin Dasএর মন্তব্য ছিল
//বিশ্বেন্দুদা [বিজ্ঞানের/প্রযুক্তির] ক্ষতিকারক দিকটা আমি অস্বীকার করি নি কখনো। খালি পদ্ধতিগত ত্রুটির দিকটি দেখালাম। আপনি যে দেশজ শিক্ষার কথা বলছেন তার মধ্যে সর্বোত্তম যে শাস্ত্রীয় শিক্ষা তা কিন্তু বরাবর একটি শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। বৃটিশ আমলেই সবাই সেগুলো পড়বার সুযোগ পায়।
শিল্পীসংঘ বা কারিগরেরা অসাধারণ প্রকৌশলী হলেও সমাজে তাদের আর্থিক অবস্থা বা সোশ্যায় স্টেটাস বিশেষ উন্নত ছিল না। ভারতের আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় তারা ধনী ছিল না কিন্তু সুখী ছিল। তখন সমাজে শ্রেণীবৈষম্য, ধনবৈষম্য আগেও ছিল এখন আরো আছে।
পোস্ট কলোনিয়াল চর্চা করতে গেলে ইউরোপীয় সভ্যতার লুঠেরা দিকটা ঠিকই চোখে পড়ে কিন্তু তাই বলে তো আর ইতিহাসের অভিমুখ পরিবর্তন করা যায় না। উন্নত কারিগরি প্রকৌশলের অনেকটাই হারিয়ে গেছে। সেও আর পাওয়া যাবে না। তবে যতটুকু আছে ততটুকু প্রিসার্ভ করে রাখা উচিত।
আমার মতে বিজ্ঞানের ক্ষতিকারক দিকটি বুঝে তাকে কল্যাণকামী কার্যে ব্যবহার করতে হবে। ট্র‍্যাডিশনাল নলেজকে আমি অবহেলা করি না। অতীত আর বর্তমানকে নিয়ে একসঙ্গে পথ চললে তবেই সুন্দর ভবিষ্যৎকে পাওয়া সম্ভব।//

সেটা আঁটল না সেখানে - সকলকে ট্যাগ করে তাই এটা আলাদা করে দিলাম। তার প্রাথমিক বক্তব্য ছিল পশ্চিম জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে পদ্ধতিগতভাবে - কিন্তু আমাদের বক্তব্য অন্য
বিজ্ঞানকে প্রযুক্তিকে লুঠের কাজে, দখলদারির কাজে ব্যবহার এই দায় গোটাটা পশ্চিমি কেন্দ্রিভূত সমাজের যে সমাজ মূলত সামরিক, যে জন্য তাদের জ্ঞানচর্চায় সিভিল উপসর্গ বানাতে হয়। আজও উপনিবেশের চাপিয়ে দেওয়া সামরিক সমাজ থেকে উত্তরণের জন্যে সমাজকে নিরন্তর লড়াই করে যেতে হচ্ছে। গ্যালিলিও থেকে প্রত্যেক বিজ্ঞানীই যুদ্ধবাজ ছিলেন। বেকনের লেখাগুলো পড়লের এই দৃষ্টিভঙ্গী পরিষ্কার হয় এবং নবজাগরনীয় অক্ষয় দত্ত বাংলায় বেকনিয় মনোভাবের মানুষ চাইছেন এবং ঐতিহাসিকভাবে সমর্থন করছেন ঘোরতর বামপন্থী বামাচারী বিনয় ঘোষ!
আর মরালিটি গ্রাম্য সাধারণ মানুষের অনেকটা হৃদয়ের ব্যাপার, তাই সে কেন্দ্রিভূত সমাজ, কৃষ্টি ভাষা ইত্যাদি তৈরি করে না, যেটা উপনিবেশের একচেটিয়া। তাই সে লুঠতে যায় না, মেঘনাদ সাহার মত বাঁধ তৈরি করে না। থাক লিখতে গেলে বেতর হয়ে যাব ভাই।

//সমাজে তাদের আর্থিক অবস্থা বা সোশ্যায় স্টেটাস বিশেষ উন্নত ছিল না// মুঘল বা নবাবি আমল সে কথা বলে না। একজন কারিগর দাদন/অগ্রিম ফিরিয়ে দিতে পারত, এবং যতক্ষণনা সে তার পণ্য হাত বদল করছে, সে সেই পণ্যের মালিক, যেটা ইওরোপে পুটিং আউট পদ্ধতিতে ছিল না - সেখানে তাকে কাঁচামাল সরবরাহ করত দাদনি বানিকেরা - এশিয়ায় এই উতপাদন ব্যবস্থার কেন্দ্রে ছিল কারিগরেরা, তাই ইওরোপ আমেরিকায় কারিগরেরা দলে দলে শ্রমিক হয়ে গিয়েছে, কিন্তু এশিয়ায় রাষ্ট্র বা সমাজ তাকে বাধ্য করতে পারত না তার উতপাদন দাদনদারকে দিতে বাধ্য করাতে - তাই আজও বহালতবিয়তে তারা টিকে আছে,অথচ সে চেষ্টা হয়েছিল পলাশীর পরের সময়ে; এর থেকে সামাজিক, পেশাদারি আর আর্থিক স্বাচ্ছন্দে স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা গুরুত্ব একজন পেশাদার উতপাদকের আর কি বা থাকতে পারে?
২) এবারে স্বচ্ছলতার প্রশ্ন - ২০১২য় আমরা ঠাকুরপুকুরে একটি মেলা করি - সে বিপুল সমাবেশ - ৩০০র কাছাকাছি কারিগর অভিকর শিল্পী এসেছিলেন, সেখানে আমাদের অন্যতম সম্পাদক নেপাল সূত্রধর বলেছিলেন, বাবা বিশ্বকর্মা আমাদের ধনী করবেন না, এটা তাঁর অভিশাপ। এইভাবে বিপুল সংখ্যক মানুষ অচাহিদার একটা ব্যবস্থা তৈরি করেন - যাকে এখন ইওরোপ বলছে অফ দ্য গ্রিড(দুই অর্থেই - বিদ্যুৎ এবং লালসা) বাঁচা, এটাই একমাত্র ভবিষ্যত - কর্পোরেট বুঝতে পাএ না শহরের মানুষের যেভাবে চাহিদা তৈরি করা যাচ্ছে গ্রামীন অধিকাংশ মানুষের চাহিদা তৈরি করা যাচ্ছে না - এই অবস্থাটা তারা বুঝতেই পারছে না - তাই তারা তাদের গরীব দাগিয়ে দিচ্ছে । আজও ভারতের হাজারো মানুষ এই অচাহিদার সাম্যাবস্থায় থাকতে ভালবাসেন, অর্থাৎ যে উতপাদন ব্যবস্থা তৈরি হয়েছে সেটা মূলত সাম্যাশ্রয়ী, অর্থাৎ প্রচুর উতপাদক প্রচুর বিক্রেতা - ফলে উদ্বৃত্ত বেঁটে যায় সমাজের মধ্যে কিছু মানুষের হাতে গিয়ে জড়ো হয় না, যা ইওরোপিয় শিল্পায়নের পরে চেষ্টা করছে এটাকে বিশ্বজনীন করে তোলার।
৩) //তাই বলে তো আর ইতিহাসের অভিমুখ পরিবর্তন করা যায় না। // ইতিহাসের গতিমুখ যে লুঠেরা খুনি গণহত্যাকারী দাস ব্যবসা পরের ধন শ্রম দীর্ঘ সময় ধরে লুণ্ঠন করে পুঁজি জোগাড় করা সময়ের, সেটা কে বলে দিল? পূর্বের সমাজ পশ্চিমের মত একরৈখিকভাবে যাত্রাপথে বিশ্বাস করে না, সে চক্রবত চলে, ফলে যে ২০০৫এ মনে হয়েছিল আরও ১০০ বছরের জন্যে সিপিএম নিশ্চিত করল শাসন, তার এক টার্মেই সে ভ্যানিশ হয়ে গেল - সময়/যুগ ঘুরে ফিরে আসে - এই সরলরৈখিকতা ইওরোপকে করতে হয়েছে কারণ তার বেশিদূর তারা ফিরতে পারবে না - আমরা যত সহজে আজও নিশ্চিতভাবে হাজার হাজার বছর ফিরে যেতে পারি - আজও বাজারে মৃচ্ছকটিক পাওয়া যায় -অর্থাত আমরা ২০০০ বছর চোখ বুজে ফিরে যাই - সেটা তারা পারে না - তাই ঐতিহ্যের সঙ্গে তাদের বিরোধ - তাকে খুনি লুঠেরা আধুনিকতার ধুয়া ধরতে হয়। লুঠের সম্পদে জ্ঞানে শিল্পয়ায়নের ভিত তৈরি করা পশ্চম আজ এই বিশ্বকে ধ্বংসের মুখোমুখি এনে ফেলেছে; যারা লুঠতে শুরু করেছিল প্রথম, সেই ইওরোপে আজ ভারি শিল্প স্থাপন করা সব থেকে কঠিনতম কাজ, কারণ তারা বুঝে গিয়েছে এই উতপাদন ব্যবস্থা প্রচুর এবং প্রায় একই রকম মাঝারিগোছের পণ্য আর বর্জ্য উতপাদন করে, এর থেকে বেরিয়ে আসা দরকার।
আমরা কারিগরেরা মনে করি এই ১৭৮০র পরের যে সময়, সেটা বিশ্ব ইতিহাসে অভিচারমাত্র, কয়েক সহস্র বছর ধরে বিশ্ব যে ধরণের অপুঁজিবাদী, বিকেন্দ্রিভূত বিকাশের ধারণা তৈরি করেছিল, সেটা তাকে ব্যত্যয় করেছে, তার ধ্বংস সময়ের অপেক্ষা; ধ্বংস লুঠ আর অত্যাচার চিরকাল চলে না।
৫) //যতটুকু আছে ততটুকু প্রিসার্ভ করে রাখা উচিত।// এটা পুঁজি-কর্পোরেটবাদের গল্প। কে কাকে প্রিজার্ভ করে? আমরা যারা ভদ্রবিত্ত, তাদের জীবনের সকালে টুথপেস্ট থেকে রাতে ঘুমোতে যাওয়ার সময় ঘুমের বড়ি বা জোলাপটাও কর্পোরেট সরবরাহ করে, আমাদের জীবিকা দেয়, জীবিকার জন্যে তৈরি করে দেয় রাষ্ট্র-বা কর্পোরেট - তার জীবনে কর্পোরেটই শেষ কথা - তাই বাইরে বিপুলাকার বিশ্ব আছে সেটাই চোখে পড়ে না; অথচ কর্পোরেটের বাজার বহুল্ভাবে সীমাবদ্ধ কারণ আজও কারিগর চাষি এবং হকারদের কর্পোরেট নিরপেক্ষ জীবনযাত্রা। বাংলায় শুধু কারিগর - তাঁতি আর অভিকর শিল্পী আছেন ৬০ লক্ষ - এরা কেউ হস্ত শিল্পী নন - গ্রামীন ছোট উতপাদক - এদের যদি মাত্র মাসে ১৫০০টাকা বাড়ি আনতে হয় তাহলে বছরে অন্তত ১ লক্ষ টাকার ব্যবসা করতে হবে - যদিও অনেকে অনেক অনেক বেশি করেন - তাহলে ৬০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকার ব্যবসা করেন এরা সম্বৎসর। যে বাজারটা কর্পোরেট নিয়ন্ত্রণ করে না। তাই ডিমনিটাইজেশন ইত্যাদি। ফলে এই যে বিশ্ব মন্দায় ঢুকল, বা ২০০৮এ ঢুকেছিল, তাতে এই দেশকে বাঁচিয়েছিল এবং বাঁচাবে ব্যাঙ্ক ব্যবস্থার বাইরে থাকা, কর্পোরেট সাপ্লাই চেনের বাইরে থাকা, দখলদারি পুঁজি ব্যবস্থার বাইরে থাকাষকার-কারিগরেরাই। আজও বর্ষা না হলে জিডিপি গোঁত খেয়ে পড়ে। কর্পোরেট অর্থনীতি প্রযুক্তি তার দর্শন কিসের প্রাধান্য দাবি করে? সাধে কি সে হকার কৃষক বা কারিগরদের উতপাদন ব্যবস্থা দখল করতে চাইছে? ইওরোপ আমেরিকায় যে কর্পোরেটাইজেশন সম্ভব হয়েছিল, সেটা এশিয়া আফ্রিকা বা লাতিন আমেরিকায় নানান অভিচার অত্যাচার সত্ত্বেও করে উঠতে পারছে না।
৬) যে প্রযুক্তি বিদ্যুৎ ছাড়া অচল, সেটা কিসের বিশ্ব প্রযুক্তি জানি না।
আরো হাজারো কথা বলা যায়। এখানেই থামলাম।