Saturday, August 23, 2014

বাংলার গ্রামশিল্প, জেলাওয়ারি সমীক্ষা৩৯, Handicrafts of Bengal - District Wise Survey39

বর্ধমান
শোলা – বনকাপাসি
বাংলায় মালাকারেরাই বংশ পরম্পরায় শোলার কাজ করে থাকেন। শোলার কাজ সাধারণতঃ তিন ধরণের হয়ে থাকে, ১) বিভিন্ন দেব দেবী এবং তাদের মেঢ় সাজাতে এক ধরণের শোলার কাজ হয়, সেগুলি মূলত জ্যামিতিক আকার, বাংলার আলপনা বা মন্দির গাত্রের নানান কারুকাজ ভিত্তিক, ২) টোপোর সহ নানান ফুল, মালা, বিভিন্ন আচার আনুষ্ঠানে প্রয়োজনীয় নানান জিনিস যেমন বলা হয়েছে দিনাজপুরের মধুমঙ্গল মালাকারের লেখায়, ৩) বিভিন্ন মডেলের কাজ যেমন করেন খাগড়া, বা আমাদের আলোচ্য বনকাপাশির কারিগররা যারা নানান ধরণের মুর্তি বা মুখাবয়ব বানান বা একই সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী নানান ধরণের ফরমায়েসি জিনিস বানান।
বর্ধমান কাটোয়া রেলরাস্তায় পড়ে বনকাপাসি। বাংলার যে সব এলাকা শোলা শিল্পের জন্য বিখ্যাত, বনকাপাশি তাদের মধ্যে অন্যতম। এখানে প্রখ্যাত আন্তর্জাতিক শিল্পী আশিস মালাকারের বাস। তিনই তাঁর বাবার পথ ধরে নানান ধরণের কাজ করেন। আশিস কয়েকবারই বিদেশ গিয়েছে।

কাঞ্চননগরের ছুরি কাঁচি
বর্ধমানের ছুরি-কাঁচি শিল্প এক সময় ছিল জগৎ বিখ্যাত। ঊনবিংশ শতাব্দীর একটি লেখায় বলা হয়েছিল, ‘সম্প্রতি কাঞ্চননগরের জনৈক প্রেমচাঁদ মিস্ত্রি ভাল ছুরি ও অন্যান্য জিনিস তৈরিতে সফল হয়েছে।’ অন্য একটি লেখায়, ‘কাঞ্চননগরের জনৈক প্রেমচাঁদ মিস্ত্রি সম্প্রতি ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুরি-কাঁচি তৈরি করছেন।
প্রেমচাঁদ মিস্ত্রির পুত্র গদাধর এখানে ছুরি-কাঁচি শিল্পের আরও উন্নতি করেন। তাঁর কারখানায় ২০-২৫ জন কারিগর কাজ করতেন। সে সব জিনিস উত্তরপ্রদেশ, দিল্লি, ঢাকা, ইংল্যান্ড ও জার্মানিতে রপ্তানি হত। সে সময় কাঞ্চননগর একটি অন্যতম কুটির শিল্পাঞ্চল হিসেবে খ্যাতি লাভ করেছিল। পরে এই কারখানার শ্রমিকরা আলাদা আলাদা কারখানা খোলেন। আর কারিগরের অভাবে বন্ধ হয়ে যায় গদাই কারিগরের কারখানা। 

সাধুরবাগান/দরিয়াপুর
বর্ধমান- বোলপুর রেল রাস্তায় গুশকরা স্টেশন থেকে যেতে হয়। বাংলায় যে কটি ডোকরা গ্রাম রয়েছে তাদের মধ্যে গুসকরার কাছে সাধুর বাগান অন্যতম। এখানে প্রায় ৪০টি পরিবার রয়েছে, তাঁরা অন্যান্য ডোকরা পরিবারের মতই লস্ট ওয়াক্স পদ্ধতিতে কাজ করেন। মুশকিল দাঁড়ায় বিশেষজ্ঞদের ফতোয়ায়।

সম্প্রতি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায়  এক বিশেষজ্ঞর এই কাজকে বেল মেটালের কাজ বলে নিরন্তর উল্লেখ করে গিয়েছেন। সেই লেখায় কোথাও এই কাজটি যে লস্ট ওয়াক্স পদ্ধতিতে করা হয় সারা বিশ্বে সে বিষয়টি নিয়ে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সেই লেখায় তিনি আক্ষেপ করেছেন যে এই কাজে কেন কোনও যন্ত্র ব্যবহার হয় না। আর সেই এলাকার পুরুষেরা সারাদিন মদ খেয়ে কাটায়, আর মেয়েরাই কাজ করে। আমাদের ধারণা তিনি ডোকরা কামারদের ঐতিহ্য না জেনেই এই কথাগুলো বলেছেন। বাংলায় পিতল-কাঁসা নিয়ে কাজ করার পদ্ধতি আলাদা আর ধাতু নিয়ে লস্ট ওয়াক্স পদ্ধতিতে কাজ করার আঙ্গিকও আলাদা। তাঁর কাজ ছিল গ্রামে তাঁদের জীবন আর কাজের অবস্থা দেখার। তিনি বললেন না এই সম্প্রদায় ছিল যাযাবর। এদের স্বাধীনতার পর বসিয়ে দেওয়া হয়েছে। ফলে যে মানুষটির সম্প্রদায় কয়েক হাজার বছর ঘুরে বেড়িয়েছে, কোনও কিছু জমিয়ে না রাখার স্বাধীনতা ছিল যার, সে এখন গৃহী হয়ে নিজেকে বেঁধে রাখতে পারছেন। জীবন সম্বন্ধে সেই গোষ্ঠীর সমস্ত ধারণাই পাল্টে গিয়েছে। আদতে যিনি গবেষণা করছেন, বা যিনি শুধুই ঘুরতে গিয়েছেন, তাদের সকলকে সেই মানুষদের একটু নতুন দৃষ্টিতে দেখা দরকার। 

বাংলার গ্রামশিল্প, জেলাওয়ারি সমীক্ষা৩৮, Handicrafts of Bengal - District Wise Survey38

শাসনের পোড়ামাটির কাজ
শাসনে নতুন ধরণের নতুন ধরণের ঘর সাজানোর পোড়ামাটির কাজ হচ্ছে। মাটির চেয়ার থেকে বইএর তাক, টেব্‌ল, ড্রেসিং টেবল, নাম নেম প্লেটসুহ আরো কত কি। গ্রামের প্রায় ৬০ জন কুমোর এই কাজ করছেন। কোনও জিনিসই পড়ে থাকে না। নতুন ধরণের বাজার পাবার কাজে তাঁরা যে দক্ষ হয়ে উঠেছেন।

দত্তপুকুরের মাটির কাজ
কলকাতা-বনগাঁ রাস্তায় দত্তপুকুর। পরম্পরার মাটির কাজ বলতে এখন টিকে রয়েছে শুধুই সরার কাজ। এ ছাড়া বাড়ির মেঝেতে লাগানোর জন্য পোড়ামাটির টালি থেকে পাইকারিহারে তৈরি ঘরে ঝোলানো মুখোশ সবই তৈরি হয় দত্তপুকুর অঞ্চলে। এলাকার মানুষজন এই শিল্পকে পাইকারি ব্যবসায় রূপান্তরিত করে ফেলেছেন। গবেষকের মুখে বাঁকা হাসি। কিন্তু যাঁরা এই কাজ করেন তাদের মুখেও হাসি, কিন্তু সে তৃপ্তির। দত্তপুকুর-বিড়া-হাবড়া অঞ্চল জুড়ে এখন মাটির কাজের রমরমা। কলকাতার বিভিন্ন রেস্তোঁরায় যে বাহারি মাটির থালা বা জলের পাত্র দেখা যার তাঁর নিরানব্বই শতাংশ আসে এই পোড়ামাটির অক্ষ থেকে।
দেশভাগের ফলে ছিন্নমূল কিছু মানুষ সীমান্তবর্তী এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। পারম্পরিকভাবে এই অঞ্চলে ছিল বেশ কিছু কুমোর পরিবার। সব বিপর্যয়ে যা হয়, স্থানীয় মানুষ হাত বাড়িয়ে দেন সেই আতান্তরে পড়া মানুষদের দিকে। ক্রমশ তাঁরা গুছিয়ে ওঠেন। আজ তাঁরা এমন ভারত জোড়া ব্যবসা ফেঁদেছেন যে ছোট শিল্পের পাশে না দাঁড়ানো ব্যাঙ্কও তাদের ঋণ দিতে এগিয়ে এসেছে।
কলকাতা-বনগাঁ রাস্তায় বিড়া। বিড়ার চৌমাথার অদূরে শ্বেতপুর গ্রাম – ট্রেকার যায়। স্থানীয় অঞ্চলের চাহিদা আনুযায়ী তাঁরা হাঁড়ি, ঠেঁকি, ইত্যাদি তৈরি করতেন সম্বৎসর। তাদের নতুন প্রজন্ম সেই মানুষদের দেখাদেখি নতুন করে নিজেদের আবিষ্কার করতে শুরু করে দিলেন। তাঁদের আনেকে এখনও পুরোনো কাজের সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন ধরণের কাজ করছেন।

টোকা
কলকাতা-টাকি রাস্তায় পড়ে মেটিয়াহাট, ধান্যকুড়িয়ার পরের থামা। এই অঞ্চলের বিভিন্ন হাটে ওঠে টোকা। চাষীরা মাথায় দিয়ে মাঠে চাষ করেন। হোচিমিনের মাথায় ইয়েন ২৪ পরগণার টোকা। সেটি শহুরে কেউ কেউ – প্রাক্তন আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের মত কিছু মানুষ, নতুন করে পরিধান করে আবার নিজস্ব নতুন আঙ্গিক সৃষ্টি করে নিয়েছেন।

হোগলা পাটির মাদুর
উত্তর ২৪ পরগণার বারাসাত, বসিরহাট, দেগঙ্গা, বাদুড়িয়া, বনগ্রামে রামনগরের ধাঁচে একহারা বুনন পদ্ধতি অনুসৃত হয়। তবে এ অঞ্চলে পাতি বা হোগলা বেশি তৈরি হয়।
অসম্ভব নরম, অসম্ভব কম দামি এই মাদুর ওঠে মেটিয়াহাটে। কাঠিটা যদিও হোগলা নয়, কিন্তু অনেকটা হোগলার মত দেখতে। স্থানীয় মানুষ বলেন পাটি। আপনার পকেট খুশি, মাদুরের আরামে দেহ মহাশয়ও আরও খুশ।

দক্ষিণ ২৪ পরগণায় আলিদায় রূপোর ফিলিগ্রি
এখানে যাওয়া যায় ঠাকুরপুকুর হয়ে নেপালগঞ্জ হয়ে বা বারুইপুর থেকে। এখানে রূপোর নানান দ্রব্য তৈরি হয় যেমন বালা, বাউটি, নেকলেস, গলার মালা, পালকি, রথ, আগরবাতি স্ট্যান্ড, মুকুট, সিংহাসন ইত্যাদি। মোটামুটি দেড় হাজার শিল্পী রয়েছেন।


বাংলার গ্রামশিল্প, জেলাওয়ারি সমীক্ষা৩৭, Handicrafts of Bengal - District Wise Survey37

জয়নগরের  শোলা
শোলা শিল্পের ভবিষ্যৎ আছে – অন্তত ২৪ পরগণার জয়নগর প্রান্তে। এই ব্যবসা ক্রমশই গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। এই অল্পপুঁজির শিল্পের ইতিবাচক বিশেষ দিকটি হল এই শিল্পে দূষণ নেই। এটি একটি কৃষি ভিত্তিক শিল্প। শুধু শিল্প নয়, শোলার চাষও দক্ষিণ ২৪ পরগণার কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ছে। শোলা গাছ জলা জায়গায় বেশি হয়।
বাংলাদেশ বা ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে বনগাঁ, হাবড়া, বসিরহাট, কল্যানীর দিকে জলা জায়গায় যে শোলা হয় সেগুলি মোটা, বড়ো, নরম ও তাজা হয়। ওইগুলিই সেরা জাতের শোলা। চাষ হত ওই সব অঞ্চলে, তবে বাজার বসত হাওড়ায়। শিল্পীরা আগেই হাওড়া থেকে শোলা গাছ কিনে আনতেন। দক্ষিণ ২৪ পরগণার এই অঞ্চলে মন্দিরবাজার থানার মহেশপুর গ্রামেই প্রথম শোলার কাজ আরম্ভ হয়। আনুমানিক দু'শ বছর আগে। 
আনুমানিক ১০০ বছর আগে মোকিমপুরে ও ৪০-৫০ বছর আগে পুকুরিয়ায় শুরু হয়। মহেশপুরের ১০০ শতাংশ ও পুকুরিয়ার ৯৯ শতাংশ পরিবার এই শোলার কাজ করে। এছাড়াও হাটতলা, গোকুলনগর, সুঁদির হাট, কালিতলা, গোপালনগর প্রভৃতি গ্রামে কাজ হচ্ছে। শোলার শিল্পদ্রব্য মাদ্রাজের তুতিকোরিন বন্দর দিয়ে জাহাজে কন্টেনারে ভরে বিদেশে রপ্তানি হয়। আগে শোলা শিল্পীরা টোপর, কল্কা, ঠাকুরের গহনা, কদমফুল, চাঁদমালা ইত্যাদি তৈরি করত।  
ফুলের কাজ প্রথম শুরু করেন মোকিমপুরের মন্টু গায়েন ও মহেশপুরের ভীষ্ম কয়াল। তারপর অন্যরাও করতে থাকে। শোলার দর্শনীয় গোলাপ বা চন্দ্রমল্লিকা এই মন্দিরবাজার থানার কিছু গ্রাম ছাড়া কোথাও হয়না। যদিও দক্ষিণ ২৪ পরগণারই শিরাকোল, আমতলা, বারুইপুর প্রভৃতি অঞ্চলেও শোলার কাজ হচ্ছে। আর এখন এই পুকুরিয়া হাটে প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে ৮/৯ টা অবধি শোলার শিল্প সামগ্রি কেনা বেচা হয়। জয়নগর ও মগরাহাট থানার বাঁকার দাঁড়, ঈশ্বরীপুর প্রভৃতি গ্রাম থেকে হিন্দু ও মুসলিম চাষিরা শোলা গাছ আনে এখানে বিক্রি করতে। 
শোলা গাছের বান্ডিলকে আঞ্চলিক ভাষায় 'তারি' বলে। এক তারি-তে আট-দশ বা পনেরো পিস শোলা গাছ থাকতে পারে। এক তারি সরু শোলা গাছের দাম ৪ টাকা হতে পারে, আবার ভালো শোলা হলে তার দাম ২০ টাকাও হতে পারে। শোলা শিল্প সামগ্রী তৈরিতে লাগে সাদা সূতো, ফেভিকল, আঠা, হলুদ, লাল, সবুজ, ব্রাউন ইত্যাদি আট দশ রকমের রাসায়নিক রঙ। সরঞ্জাম বা হাতিয়ার হিসেবে লাগে ১) কাতি -- দুরকমের শোলা পাতা কাটার জন্য। ২) ডিজাইন ছুরি ছয় সাত রকমের। ৩) বাটালি (ছোটো) তিন রকমের। এছাড়াও লাগে কাগজ কাটার জন্য কাঁচি।  
এই অঞ্চলের শোলার কাজ প্রথম শুরু হয় মহেশপুর গ্রামের মালি পাড়ায়। প্রকৃতপক্ষে এটি হালদারপাড়া, সবার পদবী হালদার। কিন্তু যেহেতু প্রতিমার শোলার চাঁদমালা ইত্যাদি তৈরি করেন সেই অর্থে তারা মালাকার বা মালি। তাঁরা শোলার মুকুট, টোপর, ঠাকুরের গয়না করেন। তাঁদের মালা যায় কুমোরটুলি, বড়োবাজার প্রভৃতি অঞ্চলে। যায় কাকদ্বীপ, ডায়মন্ড হারবারেও। কুমোরটুলি থেকে বোম্বে দিল্লী যায় তাদের তৈরি শোলার দ্রব্য। আনেকের হাতের কাজ আমেরিকা পর্যন্ত যায়। এই শিল্পের চাহিদা ক্রমশ বাড়ছে। আগের থেকে অনেক বেশি লোক যুক্ত হয়েছে এই শিল্পে। বাঁশবেড়িয়া, মৌখালি, হাটতলা, রাঙাবেড়িয়া, চৈতন্যপুর, মূলদিয়া ইত্যাদি গ্রামেও হচ্ছে এই কাজ।  আমেরিকা, হংকং, সিঙ্গাপুরে মাদ্রাজ দিয়ে রপ্তানি হয়। প্রায় ২০-২৫ টি গ্রামের আনুমানিক হাজার কুড়ি মানুষ এই শোলা শিল্পে নিযুক্ত আছেন। এবং মাসে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার কেনাবেচা হয় এই গ্রামগুলিতে। 
সিনেমায় ডেকরেশন, গৃহ বা আঙিনা সজ্জার কাজে শোলার সামগ্রীর দারুন চাহিদা এমনকি বিদেশেও। ১৫-১৬ বছর ধরে এই শোলার সামগ্রীর রমরমা চলছে। তবে বর্তমানে নকল প্লাস্টিকের তৈরি ফুল কিছুটা বাজার দখল করেছে। কিছুটা খেজুরপাতা, তালপাতা থেকে প্রস্তুত ঘর সাজাবার জিনিসও বাজারে জায়গা নিয়েছে। মহেশপুর গ্রাম তথা মন্দিরবাজার থানায় ৫ শতাংশ বাজার এসবের দখলে। দক্ষিণ বারাসাত অঞ্চলের গোঁড়ের হাট এলাকায় খেজুর পাতা ইত্যাদির প্রাকৃতিক জিনিস ভালো তৈরি হচ্ছে, জানালেন সুব্রত হালদার।

রাসযাত্রার সময়, এটা জয়নগর মজিলপুরে বোঝা যায় রাসযাত্রার দু-তিনদিন আগে থেকে। যখন মজিলপুর দত্তবাজারে শোলার কদমফুল পাখি নিয়ে শোলাশিল্পীরা বিক্রি করতে আসে। আর বাজারের ভর্তি তলির সাথে ফুল, পাখি হাতে লোকেদের বাড়ি ফিরতে দেখা যায়। রাসের সঙ্গে শোলার কদমফুল, কাকাতুয়া, টিয়ার সম্পর্ক কতদিনের সে কথা বলে গিয়েছেন সুধাংশু কুমার রায় ১৯৫১ সালে দ্য আর্টিজান কাস্ট অব ওয়েস্টবেঙ্গল এন্ড দেয়ার ক্রাফট গবেষণায়।(বেশ কিছু তথ্য মন্থন সাময়িকী থেকে নেওয়া)

বাংলার গ্রামশিল্প, জেলাওয়ারি সমীক্ষা৩৬, Handicrafts of Bengal - District Wise Survey36

অবিভক্ত ২৪ পরগণা
জয়নগর
প্রায় পাঁচশো বছর আগে আদি গঙ্গা এই শহর দিয়ে বয়ে গিয়েছিল। চৈতন্যদেব নীলাচলে গমনকালে জয়নগরে থেমেছিলেন। গঙ্গা ক্রমে ক্রমে মজে মজে জয়নগরের সঙ্গে মজিলপুর শব্দটি উপসর্গ হিসেবে জুড়ে গিয়েছে। প্রাচীন জনপদ গড়িয়া হরিনাভি দক্ষিণ বারাসাত হয়ে যদি জয়নগরে যান তাহলে রাস্তার ডান পাশে দেখবেন ছোট ছোট খাত জলে ডোবা। আদতে এই রাস্তায় একসময় চলন ছিল গঙ্গার। বিশাল বিসাল সওদাগরী জাহাজ এই রাস্তায় যেত সমুদ্রে। জয়নগরে এই মজে ইয়াওয়া গঙ্গা বেঁচে আআছেন ঘোষের গঙ্গা, মিত্র গঙ্গা হয়ে – অর্থাৎ ঘোষেদের বা মিত্রদের এলাকা দিয়ে প্রবাহিত ছিলেন যে গঙ্গা। আর সেই সময়েই সেখানকার মন্দির আর সংগ্রহশালা দেখে নেওয়া যেতে পারে।
এই শহরে আদি বাংলার প্রাচীন শিক্ষাব্রতীদের বাস ছিল – যারা ব্রিটিশ পূর্ব সময়ে বাংলার এই অঞ্চলে জ্বালিয়ে রেখেছিলেন জ্ঞানের প্রদীপ শিখা। প্রখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এই শহরে বাসিন্দা। তাঁর পরিবারকে এখনও এলাকায় সিদ্ধান্ত পরিবার হিসেবে ডাকা হয়।
জয়নগর বললেই বাঙালির আর কিছু না মনে পড়ুক, এই শীতে অবশ্যই মনেপড়বে মোয়ার কথা। বাংলার প্রায় সব মিষ্টিই এলাকা ভিত্তিক। কিন্তু আর কোনও মিষ্টির সঙ্গে সেই এলাকার নাম বোধহয় জুড়ে নেই। আমরা যখন মিষ্টির কথা বলি সেই এলাকার কথা জুড়ে নিইমাত্র ইয়েমন মালদার কানসাট, বর্ধমানে সীতাভোগ মিহিদানা ইত্যাদি। কিন্তু মোয়া মানেই জয়নগরের মোয়া। শীতকালে সারা বাংলা তথা ভারতজুড়ে মোয়া ব্যবসার যে স্বতষ্ফুর্ত জনগণব্রান্ডিং হয় তা যে কোনও মার্কেটিং পেশাদারের স্বপ্ন। ছোট ব্যবসায়ীরা জানেন কোন সময়ে কী ব্যবসা হয়। তাঁদের মত বাজার বোঝা মানুষ খুবই কম আছে। রাস্তার পাশে যে যেখানে পারে একটা দোকান খুলে বসে যায়। সারা বছর হয়ত এটা ওটা সেটা বিক্কিরি করছে, কিন্তু শীতকাল এলেই লালা শালুতে দোকান মুড়ে, দোকানে বিশাল বিশাল অক্ষরে জয়নগরের আসল মোয়া শব্দবন্ধটি লিখে তিন টাকা পিস থেকে পনেরো টাকা পিস পর্যন্ত মোয়া বিক্রি করে। মোয়া থাকে চিত্রিত মাটির হাঁড়িতে। একসময় বাংলাদেশে যা শখের হাঁড়ি নামে পরিচিত ছিল। রকমারি মোয়ার সঙ্গে খাজা আর মাটির নাগরীতে নলেন গুড় আর সরায় মোড়া পাটালি। সে এক অপরূপ আয়োজন।
স্থানীয় মানুষেরা বলেন নৃত্যগোপাল সরকার আর পূর্ণচন্দ্র ঘোষ প্রথম জয়নগরের মোয়ার স্রষ্টা। আদত জয়নগরের মোয়া বানাতে প্রয়োজন কণকচূড় ধানের খই। উতকৃষ্ট ঘি, নলেনগুড় আর নানান মশলা সঙ্গে চূড়ায় একটা কাজুবাদামের অর্ধেক কোয়া বা অর্ধেক কিসমিস।

জয়নগরের পুতুল শিল্প
গণেশজননী, নারায়ণী, কৃষ্ণ-বলরাম, দক্ষিণরায়, বনবিবি— পর পর সাজানো অসংখ্য পোড়া মাটির পুতুল। দেখতে প্রচলিত মাটির পুতুলের চেয়ে অনেকটাই আলাদা। টানা টানা চোখ, গোলগাল গড়নের সাবেক বাংলার এই পুতুলের কদর গোটা পৃথিবী জুড়ে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরে তৈরি এই শিল্পসামগ্রী স্থান পেয়েছে ব্রিটিশ মিউজিয়াম থেকে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট কিংবা ভারতীয় সংগ্রহালয় থেকে দিল্লির জাতীয় সংগ্রহালয়ে। শুধু সংগ্রহালয় নয়, লোকশিল্পের ইতিহাস, এমনকী, লোকশিল্পের বইয়েও স্থান পেয়েছে বাংলার প্রাচীন এই পুতুল শিল্প। 
বর্তমানে শম্ভু দাস বাবা পাঁচুগোপাল দাসের ঐতিহ্য ধরে রেখেছেন। তিনিও ছিলেন নাম করা শিল্পী। নানা প্রতিকূলতা সত্ত্বেও শম্ভু আঁকড়ে ধরে রেখেছেন এই শিল্পকে। কিন্তু কত দিন আর পারা যাবে তা নিয়ে সংশয়ে জয়নগর-মজিলপুর।
জয়নগর মজিলপুরের পুতুল দু’প্রকার। হাতে তৈরি এবং ছাঁচের। প্রচলিত দেবদেবীর পাশাপাশি তৈরি হয় নানা লৌকিক দেবদেবীর মূর্তি। হাতে তৈরি পুতুলের মধ্যে নারায়ণী, শীতলা, বনবিবি, দক্ষিণরায়, পঞ্চানন, মানিকপীর, আটেশ্বর, দক্ষিণেশ্বর উল্লেখযোগ্য।আর ছাঁচের পুতুলের মধ্যে রয়েছে গণেশজননী, জগদ্ধাত্রী, রাধাকৃষ্ণ, কালিয়দমন, ষড়ভূজচৈতন্য, কলকাতার বাবু, গয়লা-বৌ, কৃষক ইত্যাদি। এ ছাড়াও রথের সময় জগন্নাথ, ঝুলন-জন্মাষ্টমীর সময় রাধা-কৃষ্ণ, গোপাল, নববর্ষে লক্ষ্মী-গণেশের মূর্তির ভাল চাহিদা থাকে। এমনও হয়  সময়ে সময়ে শম্ভু চাহিদামত সরবরাহ করতে পারেন না। 

বাংলার গ্রামশিল্প, জেলাওয়ারি সমীক্ষা৩৫, Handicrafts of Bengal - District Wise Survey35

পুরুলিয়া
পুরুলিয়ার গ্রাম শিল্প বললেই মনে পড়ে ছো (ছৌ নয় ছো - মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলে আজও দৈনন্দিনের নানান অনুষঙ্গে ছো শব্দটি অবলীলায় ব্যবহার করেন গ্রামীণেরা) মুখোশ আর ছো নাচ। সেই শিল্পকর্মের একমাত্র গ্রাম চড়িদা স্থানীয় ভাষায় চোড়দা, শহুরে পালিশ-ভাষায় চড়িদা। তাই এই গ্রামে ভ্রমণ শুধুমাত্র হপ্তাশেষে আপিসবাবুর পকেট বাঁচিয়ে পরিবারের মন ভোলানো ডিজনিল্যান্ড ভ্রমণ নয়, শস্তাতম ছো দেখানো গাইড বই হাতে করে চোখে ঠুলি কানে ইয়ারপ্লাগিয় ধরতক্তা-মারপেরেক-গোছের পুরুলিয়ার পানে বেরিয়ে পড়া নয়, কলম হাতে যেনতেনপ্রকারেন ভ্রমণ কথা লেখা নয়, চড়িদা গ্রাম বাঙালি ভ্রমণার্থীদের সাংস্কৃতিক তীর্থ। কে না জানে তীর্থে মাঝেমধ্যেই মাথা ঠেকাতে যেতে হয়।
হাওড়া থেকে রাতে হাওড়া-চক্রধরপুর ধরে বরাভূম অথবা হাওড়া থেকে রূপসী বাংলায় পুরুলিয়া শহর। অথবা পুরুলিয়া থেকে বাগমুন্ডি পাহাড়গামী গাড়িতে সত্তর কিলোমিটারের কাছাকাছি অযোধ্যা মোড়। আড়াই ঘন্টারমত। গ্রামে আসতে  আসতে চোখ চলে যায় দু’পাশের শূন্য প্রান্তরের বন্য সৌন্দর্যে। গ্রামে ঢোকার পথে অযোধ্যার মোড়ে ছোট বসতি। দু’পা দূরে চড়িদা গ্রাম।পারম্পরিক শিল্পীদের সংগঠণ বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘর অন্যতম সম্পাদক, কলামণি পুরস্কার বিজয়ী মুখোশ শিল্পী, গায়ক, নর্তক, শিল্পগুরু নেপাল সূত্রধরের বাড়ি চড়িদায়। তিন প্রজন্ম সুমধুরভাবে জড়িয়ে রয়েছেন এই কলায়। পটিদারদের মতই চড়িদায় খুব কম ঘরই আছে যেখান থেকে এক জনও ছো শিল্পী ইউরোপ-আমেরিকায় অনুষ্ঠান করতে যাননি। নেপাল বহুবার বিদেশে গিয়েছেন মূর্তি তৈরি করতে, কর্মশালা পরিচালন করতে। মূর্তি তৈরিতেও তার নামডাক। বিশ্বে বহু জাদুঘরে তাঁর তৈরি প্রতিমা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে।
প্রায় ৮০টি পরিবার নিয়ে এই গ্রাম। গুরুপ্রতীম নেপাল সূত্রধরেরমতই প্রতি বাড়িতে একই দৃশ্য। বাড়ির দালানে বসে পরিবারের বড় থেকে ছোট, প্রায় সব সদস্যই ছো নাচের মুখোশ তৈরিতে ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও ঘুরতে আসা ভ্রমণার্থীর নানান চালাকিময় প্রশ্নের উত্তর দেন ধৈর্য ধরে হাসিমুখে।  শিল্পীর ব্যক্তিত্বপূর্ণ হাসিটা ধরাথাকে ঠোঁটে। গ্রামীণ সলজ্জতা আর বিনম্রতা কথায় চলকে ওঠে।
পরম্পরার সঙ্গে সঙ্গে নতুন ধারায় কাজ করছে নেপাল সূত্রধরের ভাইপো ধর্মেন্দ্র। নিজের মত করে সৃষ্টির কাজ করে চলেছে সে। ঘরে দুর্গা,  গণেশ,  শিব, অসুরের মুখোশ নিয়ে বাস। আকার বিভিন্ন ধরনের। কিনেও  ফেলাযায়। নাচ দেখতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হয়।
পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার নাম জুড়ে আছে চড়িদার সঙ্গে, নেপাল সূত্রধরও গম্ভীর সিংএর দলের শিল্পী ছিলেন। যে গুরুর হাত ধরে ছো নাচ এ গ্রামকে বিদেশে নিয়ে গিয়েছে, কথায় কথায় সেই পূর্বজর প্রতি প্রণাম জানান নেপাল। শিল্পীদের মহড়া দেওয়ার জন্য গ্রামের মাঝখানে একটি ছোটখাটো হল  আর  গ্রামে ঢোকার মুখেই আছে গম্ভীর সিংহের মূর্তি।
বরাভূম স্টেশনে নেমে চড়িদা আসার পুরো রাস্তা জুড়ে প্রচুর খেজুর গাছ। শীতের সকালে মন খেজুর রসের বায়না করলে এই মুখোশময় চড়িদাতেও তা মিলবে। শীতের সকলে খেজুর গুড় বানানোর বিরল দৃশ্যও এ গ্রামে দেখাযাবে। চাইলে গুড় কেনা  যায়।  জঙ্গল মহলের গুড়ের স্বাদই আলাদা। সুবোধ ঘোষ বোধহয় এই রসেরই ভিয়েন চড়িয়েছেন গল্পে।
পিছন পাহাড়ের পাদদেশে জঙ্গলে হদহদি ঝরনা। শীতকালে জল নেই কিন্তু বর্ষায় দেখনদারি। শাল, বয়ড়া, আমলকীর ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গায়ে ঝরনাটি বেশ মনোরম। হদহদিতে গিয়ে জল দেখতে না পেলেও চুপ করে বসে থাকলেও  নানা পাখির ডাক মন ভরিয়ে দেবে। সমতল থেকে ৭০০ মিটার উচ্চতায় অযোধ্যা পাহাড়ে জঙ্গলের রাস্তা বেয়ে থুর্গা লেক। বৃষ্টির জলই এই লেকটিকে বাঁচিয়ে রেখেছে। বর্ষায় এর রূপ অনন্য। কিছু দূরে বাঘমুন্ডি গ্রাম। অযোধ্যা ওবাঘমুন্ডির জলের একমাত্র উৎস থুর্গা লেক। বিশাল লেকের ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। 

গালা
পুরুলিয়া শহরে গালার গয়না তৈরি হয়। সাধারণত মুসলমান কারিগরেরা যা তৈরি করেন, তাঁর অধিকাংশ বিক্রি হয় বাংলার বাইরেই। শহরে সাহেব বাঁধ দেখা ছাড়া এই গালার শিল্পীদের পাড়ায় ঘোরা অন্যতম কাজ হবে।

রঘুনাথপুরের তসর
রঘুনাথপুরের তসর আপনার মন ভরাবেই কেননা এখানকার তসর সাধারণত কলকাতায় আসে না। এলেও এত কম সংখ্যায় আসে যে তাঁর হিসেব থাকে না প্রায়। ফলে আপনি যদি রঘুনাথপুরের তসর পরেন তা হলে মনে হবে এটি সব্বার থেকে এক্কেবারে আলাদা।

আর রঘুনাথপুরেই বিষ্ণুপুরের রাজ্য পুরষ্কার বিজয়ী নিতাই নন্দী বাস বসিয়েছেন। সেখানেই তিনি শাঁখের কাজ করছেন এবং তাঁর নবত্ম প্রকল্প, নারকেলের মালা দিয়ে জিনিসপত্র বানানোর কাজ করছেন। শীতের সকালে রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় ছাড়াও নিতাই নন্দীর শাঁখের আর নারকেল মালার কাজ আর মনোজের তসর কিন্তু অবশ্যই দ্রষ্টব্য।